করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব। কভিড-১৯ সংক্রমণে বিশ্বব্যাপী মৃত্যুহার ক্রমেই বেড়ে চলেছে। এখন পর্যন্ত গোটাবিশ্বে সংক্রমিত হয়েছেন প্রায় ৭০ লাখ মানুষ, সেইসাথে মৃতের সংখ্যা প্রায় চার লাখেরও বেশি। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে যেখানে সংক্রমণের সর্বোচ্চ চূড়া পার হয়ে জনজীবন ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে, সেখানে মার্কিন যুক্তরাস্ট্রে শেতাঙ্গ পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ নাগরিককে ঘাড়ে হাঁটু চাপা দিয়ে শ্বাস রোধে হত্যায় বর্ণবাদী আন্দোলন ক্রমেই সহিংস দাঙ্গায় রূপান্তরিত হচ্ছে। ক্রমেই এই বর্ণবাদী আন্দোলন ইতালি, স্পেন, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবৈষম্য ও সহিংসতার ইতিহাস বেশ পুরোনো। দেশটির জন্মলগ্ন থেকেই বলা যায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবৈষম্য চলে আসছে। গত ২৫ মে আমেরিকার মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ডেরেক শোভিন নামের এক পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লোয়েড নামের ৪৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গকে যেরকম পাশবিক কায়দায় হত্যা করেছে, তা মার্কিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বর্ণবাদ যে জেকে বসেছে তার জ্বলন্ত প্রমাণ বহন করে। প্রতিবাদী মার্কিন জনতা ধর্ম-বর্ণ নির্বিশেষে লকডাউন ও কারফিউ উপেক্ষা করে ‘আই কা’ন্ট ব্রেথ’, ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখছে দেশটির প্রধান প্রধান রাজপথ। কোথাও কোথাও শান্তিপূর্ণ বিক্ষোপ কর্মসূচি ইতিমধ্যেই সহিংস দাঙ্গায় পরিণত হয়েছে। যদিও আমেরিকার বর্ণবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বর্ণবাদী আন্দোলনকে নিছক সন্ত্রাসী কর্মকান্ড আখ্যা দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন। আমি এই লেখায় সাম্প্রতিককালে আমেরিকার বর্ণবাদী আন্দোলনের সাথে চিরায়ত সামাজিক বৈষম্য ও পুলিশিং বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো।

আমেরিকায় পুলিশিংয়ের মধ্যে বর্ণবাদের চর্চা সম্পর্কে বুঝতে হলে সংক্ষিপ্তভাবে আমেরিকার পুলিশিংয়ের ইতিহাস সম্পর্কে বুঝতে হবে। আমেরিকায় পুলিশিং ব্যবস্থার সূত্রপাত বেশ পুরানো হলেও রবার্ট পিলের আধুনিক পুলিশিং এর ধারায় অনুপ্রাণিত হয়ে গঠিত প্রথম মিউনিসিপল পুলিশ ডিপার্টমেন্ট হল নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, যা প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালে। এরই সূত্র ধরে বোস্টন ও ফিলাডেলফিয়া পুলিশ ডিপার্টমেন্ট (১৮৫৪) শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তি ও কলাকৌশল, আধুনিক অস্ত্রসম্ভার, উন্নত নেটওয়ার্কিং ব্যবস্থা, উন্নত প্রশিক্ষণ ও চৌকস পুলিশ অফিসারদের সমন্বয়ে গঠিত আমেরিকান পুলিশ নিঃসন্দেহে আধুনিক পুলিশ ব্যবস্থায় একটি রুলমডেল বলেই একাডেমিকগণ মতামত দেন। আমেরিকান পুলিশের অঙ্গসংগঠন এফবিআই এর খ্যাতি বিশ্বজোড়া। এত সব সুখ্যাতি থাকা সত্বেও আমেরিকার পুলিশিংয়ের সাথে উতপ্রোতভাবে ভাবে জড়িয়ে রয়েছে বর্ণবাদের এক নির্মম ইতিহাস। গত ২৫ মে মিনিয়াপোলিসে ঘটে যাওয়া ঘটনাটি মোটেও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ৪০০ বছরের বর্ণবাদী পুলিশ ব্যবস্থার এক বাস্তব প্রতিফলন মাত্র।

ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শেলি হ্যাডেনের মতে, ষোড়শ শতকের গোঁড়ার দিকে আমেরিকায় এক ধরনের প্রহরী ব্যবস্থার প্রচলন ছিল, যেখানে শহরের নাগরিকরা তাদের কমিউনিটি পাহাড়া দিত । যাদের প্রধান কাজ ছিল চুরি-ডাকাতি, অগ্নিসংযোগ প্রতিহত করা এবং শহরে শৃঙ্খলা বজায় রাখা। ষোড়শ শতকে দাস প্রথার ব্যাপক বিস্তার ঘটায়, আমেরিকার দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে আফ্রিকান দাসদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সেই সময়ে স্লেভ পেট্রোল (Slave Patrol) নামক এক ধরনের পুলিশিং ব্যবস্থার প্রচলন করা হয় শেতাঙ্গ নাগরিকদের সমন্বয়ে । যারা মূলত কৃষ্ণাঙ্গদের কঠোর নজরদারি, দাসদের পলায়নে বাঁধাপ্রদান, বিদ্রোহ দমন করা এবং শেতাঙ্গ প্রভুদের স্বার্থ রক্ষায় কাজ করত। সাউথ কেরোলিনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সিথ সাউটনের মতে, স্লেভ পুলিশিং এর মূল লক্ষ্য কখনোই জননিরাপত্তা বিধান ছিল না, বরং তা ছিলো শেতাঙ্গদের সম্পদের নিরাপত্তা দেয়া। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৮৬৫ সালে দাসপ্রথা বিলুপ্তির মধ্য দিয়ে স্লেভ পেট্রোলিং বিলুপ্ত হলেও ব্লাক কোড (Black Code) আইনের মাধ্যমে আমেরিকার অধিকাংশ অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গদের কঠোর নজরদারীতে আনা হয় এবং ওই সময় থেকেই বর্ণবাদী কার্যক্রমগুলো চলতে থাকে।

সূচনালগ্ন থেকেই আমেরিকান পুলিশ ডিপার্টমেন্টগুলো ছিল চরম বর্ণবাদী। ১৯১১ সালে স্যামুয়েল ব্রেটন নামক একজন কৃষ্ণাঙ্গ নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তী সময়কালে সেই সংখ্যা ছিল অত্যন্ত নগন্য। পরবর্তীতে নাগরিক অধিকার আইন, ১৯৬৪ পাশের মাধ্যমে চাকুরি লাভের ক্ষেত্রে বর্ণবৈষম্য অনেকাংশে দূর করা গেলেও, কৃষ্ণাঙ্গরা সর্বক্ষেত্রে ছিল অবহেলিত। ১৯৭০ সালের পরবর্তীতে যেসব কৃষ্ণাঙ্গরা আমেরিকান পুলিশে সুযোগ পেয়েছিলেন, স্বয়ং তারাই কৃষ্ণাঙ্গ কমিউনিটিতে ব্যাপক আগ্রাসণ ও বর্বরতা চালিয়েছিল, কারণ তাদের প্রধান লক্ষ্যই ছিল ডিপার্টমেন্টে তাদের অবস্থান পাকাপোক্ত করা।

বর্তমান মার্কিন যুক্তরাস্ট্রের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ আফ্রিকান আমেরিকান হলেও তারা জন্মগতভাবে কখনোইআমেরিকান ছিলেন না । ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা দক্ষিণের অঙ্গরাজ্যের অনাবাদী জমি চাষ করানোর জন্য আটল্যান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকানদের আমেরিকান ভূমিতে নিয়ে আসে। বর্তমান আমেরিকান শেতাঙ্গ জনগোষ্ঠির প্রায় সকল সদস্যই ইউরোপীয়, যারা কিনা বহিরাগত। শুধুমাত্র রেড ইন্ডিয়ানরাই আমেরিকার প্রকৃত আদিবাসী।

আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ ও শেতাঙ্গ পুলিশের মধ্যকার দ্বন্দ্ব বেগবান হয় গ্রেট মাইগ্রেশন (Great migration) এর সময়কালে, যখন আফ্রিকান কৃষ্ণাঙ্গরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়গুলোতে দক্ষিণের গ্রামাঞ্চলগুলো হতে উত্তরের শহরাঞ্চলে পাড়ি জমায়। বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গদের উত্তরের অঙ্গরাজ্যগুলোতে আগমন শেতাঙ্গ কমিউনিটি ও শেতাঙ্গ পুলিশ ডিপার্টমেন্ট কখনোই ভাল চোখে নেয়নি। তাদের মধ্যে সর্বদা একটা ভ্রান্ত ধারণা কাজ করতো যে, কৃষ্ণাঙ্গরা স্বভাবতই অপরাধপ্রবণ, অধিক আগ্রাসী ও ভীতিসঞ্চারক! যার ফলশ্রুতিতে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নজরদারী অধিক করার পাশাপাশি তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পুলিশের প্রধান লক্ষ্য হয়ে উঠে কৃষ্ণাঙ্গ হতে শেতাঙ্গদের রক্ষা করা। শেতাঙ্গ আমেরিকানরা উন্নত জীবনযাত্রার প্রয়াসে দক্ষিণের গ্রামাঞ্চল হতে যখন আশেপাশের শহরগুলোতে পাড়ি জমাত, কৃষ্ণাঙ্গদের প্রতি তাদের নির্যাতনে পুলিশ সমর্থন ছিলো। তাছাড়া দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে আধিপত্যবাদী ও সন্ত্রাসী সংগঠন ‘ক্লু ক্লক্স ক্ল্যান’ ও সিটিজেন কাউন্সিল কর্তৃক কৃষ্ণাঙ্গদের প্রতি বর্বরতা ও হত্যাযজ্ঞে কখনো পুলিশি বাঁধা আসতো না।

যদিও কৃষ্ণাঙ্গদের প্রতি আমেরিকান পুলিশের বর্বরতা ক্রমান্বয়ে ভয়ানক আকার ধারণ করেছিল, কিন্তু ১৯৬০ সালের পূর্বে তা কখনোই জনসম্মুখে আসেনি। কারণ সেই সময়ে অধিকাংশ পত্রপত্রিকার পাঠক ছিল শেতাঙ্গ এবং তারা এসব ঘটনাকে কখনোই সংবাদ হিসেবে বিবেচনা করতে চাইতেন না! ১৯৬০ সাল হতে কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশি বর্বরতা আমেরিকায় একের পর এক দাঙ্গার সূত্রপাত ঘটায়। যাদের মধ্যে ওয়াটস দাঙ্গা (Watts Riot, 1965), ডেট্রোয়েট দাঙ্গা (Detroit Riot, 1967), লস এঞ্জেলস দাঙ্গা ( Los Angolos Riot, 1992) সবচেয়ে আলোচিত। ১৯৯২ সালে রডনি কিং নামক একজন কৃষ্ণাঙ্গকে লসএঞ্জেলস পুলিশ কর্তৃক বর্বরভাবে পিটানো এবং পরবর্তীতে পুলিশ অফিসারদের মুক্তির ঘটনায় যে দাঙ্গা হয়েছিল, তাতে প্রায় ৫০ জন নিহত, ২৩০০ জন আহত এবং এক বিলিয়ন ডলার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছিল। ওয়াশিংটন পোস্টের ২০১৮ সালের এক জরিপে দেখা যায়, ৯৯২ টি পুলিশি হত্যাকান্ডের মধ্যে ২২৯ জনই ছিলেন আফ্রিকান আমেরিকান, যা শতকরা হিসাবে ২৩ শতাংশ; যদিও আফ্রিকান আমেরিকানরা মোট জনসংখ্যার ১২ শতাংশ। ২০১৯ সালের সেন্টার সার্ভের প্রতিবেদনে দেখানো হয়েছে, কৃষ্ণাঙ্গরা শেতাঙ্গদের তুলনায় আমেরিকান পুলিশ কর্তৃক পাঁচগুণ বেশি বাঁধার সন্মুখীন হয়। সেই সাথে ৮৪ শতাংশ আফ্রিকান আমেরিকান ও ৬৩ শতাংশ শেতাঙ্গ নাগরিকরা মনে করেন, আমেরিকান পুলিশ কৃষ্ণাঙ্গদের প্রতি অসদাচরণ করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কৃষ্ণাঙ্গদের উপর শেতাঙ্গ পুলিশের বর্বরতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে । যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণতন্ত্রের জয় নিশ্চত হওয়ায়, কৃষ্ণাঙ্গরা স্বয়ং আমেরিকায় নিজেদের অধিকার ও স্বাধীনতার প্রশ্নে অনেক বেশি আত্নবিশ্বাসী ছিল । তাছাড়া ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে যে সমতা ও সমঅধিকারের কথা বলা হয়েছিল, কৃষ্ণাঙ্গদের প্রতি বর্বরতা ছিল তার চরম লঙ্ঘন । যেখানে খোদ কৃষ্ণাঙ্গরাই মার্কিন যুক্তরাস্ট্রের ভবিষ্যত বিনির্মাণে মূল ভূমিকা পালন করেছিল; আমেরিকার কৃষি উন্নয়ন, খনিজ সম্পদ উন্নয়ন, রেললাইন নির্মাণ থেকে শুরু করে ব্রিটিশ প্রভূদের চাপিয়ে ট্যাক্স ও সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে আমেরিকান জনগণের বিদ্রোহ এবং ১৭৭৫ সালে শুরু হওয়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্যাট্রিয়টিক বাহিনীতে কৃষ্ণাঙ্গদের সাহসিকতার বিষয়গুলো আমেরিকার ইতিহাসে যে তাদের চিরঋণী করে রাখবে সে বিষয়ে বিন্দুপরিমাণ সন্দেহ নেই। 

নাসিফ সাদিক
মাস্টার্স শিক্ষার্থী (থিসিস), ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়