গ্রাহকের আমানতে একদিকে যেমন সুদহার কমছে, অন্যদিকে জমা টাকার ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। বছরে ১০ লাখ টাকার বেশি লেনদেন হয় এমন ব্যাংক হিসাবের ওপর ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দেয়া হয়। এতে ব্যাংকিং খাতে বাড়তি চাপ ছাড়াও আর্থিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। একথা সত্য, করোনার কারণে সঞ্চয় তথা ব্যাংকে আমানতের প্রবাহ কমে গেছে ব্যাপক আকারে। মানুষ সঞ্চয় ভাঙছে। অনেকে কর্মচ্যুতও হচ্ছে। তার মধ্যে আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানো হলে তা হিতে বিপরীত হতে পারে বৈকি। এরই মধ্যে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বিএবি। আমানতের টাকার ওপর আবগারি শুল্ককর আরোপের বিষয়টি শুল্কনীতির মধ্যেই পড়ে না। এটা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ক্ষতিকর। বড় ধরনের সংস্কার না করে শর্টকার্ট পথে রাজস্ব সংগ্রহের উপায় যুক্তিসংগত করনীতির আওতায় পড়ে না। প্রসঙ্গত, আবগারি শুল্ককর একপ্রকার পরোক্ষ কর। দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য কারখানা থেকে খালাসের সময় এই কর আদায় করা হয়। দেশে ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হয়। পরে পর্যায়ক্রমে অধিকাংশ পণ্যের ওপর আবগারি শুল্ক রহিত করে ভ্যাট আরোপ করা হয়। কিন্তু সরকার ভ্যাট প্রবর্তন করলেও আবগারি শুল্ক রেখে দিয়েছে। এতে ভোক্তার ওপর চাপ বাড়ছে।

ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবটি দুর্ভাগ্যজনক। কয়েক বছর ধরেই দেশের ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি কমছে। নেতিবাচক প্রচার ও সব লেনদেনে শুল্ক আদায়ের কারণে মানুষ ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হচ্ছে। ব্যাংকে টাকা রেখে মুনাফা পাওয়া যাচ্ছে নামমাত্র। তার ওপর নানা ধরনের ফি ও ভ্যাট কেটে রাখছে ব্যাংক ও সরকার। দুই বছর আগে আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছে। এর পরও প্রস্তাবিত বাজেটে কেন আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তা বোধগম্য নয়। এর মাধ্যমে মানুষের কাছে ব্যাংকিং লেনদেন ও আমানত নিয়ে নেতিবাচক বার্তা যাবে। ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নেয়ার শঙ্কাও রয়েছে।

ঋণের সুদহার কমানোর জন্য দেশের সব ব্যাংকই আমানতের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনছে। এ অবস্থায় আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব যুক্তিসংগত নয়। এ অবস্থায় অপ্রাতিষ্ঠানিক চ্যানেলে লেনদেন বেড়ে গেলে সেটি দেশের অর্থনীতির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্যও খারাপ হবে। আবগারি শুল্ক আরোপের দর্শন হলো কোনো পণ্য বা সেবা বিক্রিকে নিরুৎসাহিত করা। কিন্তু বাংলাদেশে ব্যাংকে টাকা রাখা ও লেনদেনের ওপরই আবগারি শুল্ক কাটা হচ্ছে। ধারাবাহিকভাবে এ শুল্ক বাড়ানোও হচ্ছে। তার মানে ব্যাংকে টাকা রাখা এক ধরনের অপরাধ। এ অপরাধের জন্য আর্থিক শাস্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হচ্ছে। ব্যাংকে টাকা রেখে এখন যে হারে মুনাফা পাওয়া যাচ্ছে, তার চেয়ে মূল্যস্ফীতির হার বেশি। তার মানে ব্যাংকে টাকা রাখলে তার ক্ষয় হচ্ছে। এ সিদ্ধান্তে মানুষ ব্যাংকিং চ্যানেলে লেনদেনে নিরুৎসাহিত হবে। ব্যাংকে টাকা না রেখে মানুষ নিজেদের ঘরে জমা রাখবে। এতে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট আরো বহুগুণ বাড়বে।

আবগারি শুল্ক সাধারণত আরোপ করা হয় কোনো পণ্য বা সেবাকে নিরুৎসাহিত করার জন্য। তাহলে ব্যাংকিং সেবা কি নিরুৎসাহিত করা হচ্ছে? অবশ্যই নয়। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন আলাদা করে আর্থিক অন্তর্ভুক্তি নামে বিভাগ খুলল? আরো অধিক মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্যই এ আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ। আমরা আশা করি, সরকারের প্রতিটি পদক্ষেপই যেন একটি আরেকটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তা না হলে মানুষের মাঝে ভুল বার্তা যেতে পারে। ব্যাংক লেনদেনের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করে ব্যাংকিং অন্তর্ভুক্তির স্পিরিটকে এগিয়ে নিয়ে গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদে তা অধিক ফলপ্রসূ হবে। সার্বিক বিবেচনায় ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানোর মতো সর্বনাশা পথ থেকে সরে আসা হবে যৌক্তিক পদক্ষেপ। কভিড-১৯ পরিস্থিতিতে এ ধরনের প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করা হবে বলে আমাদের প্রত্যাশা।