নভেল করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর দিনরাত নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করার বিষয়টি পত্রপত্রিকা ও মিডিয়াতে বেশ জোরেশোরে আলোচনায় স্থান পাচ্ছে। দলের নেতাকর্মীরা অনেকেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে যাওয়ার খবর সংবাদের শিরোনাম হচ্ছে। অতিসম্প্রতি  প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন। তার মধ্যে অন্যতম হলো দলের নেতা কর্মীদের নিয়ে ত্রাণ সমন্বয় কমিটি গঠন করা। বিভিন্ন দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন, আবার ত্রাণ কার্যক্রমে নাগরিক সংগঠনের প্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি অর্ন্তভুক্তকরার প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমান সরকারের আমলে পাসকৃত দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ আইনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতিতে সরকারের বড় অংশীদার হিসাবে চিহ্নিত করা হয়েছে। নানা কারণে সরকারের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)দের কিছুটা সম্পর্কের ভাটা পড়ে। অনেকের মতে এনজিও সম্পর্কে সরকারের নীতি নির্ধারনী মহলে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনই এই সম্পর্ক অবনতির নেপথ্যে কারণ।

তাই সাদামাটাভাবে Non-Government Organization-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘এনজিও’। মুক্তিযুদ্ধের পূর্বে এ ভুখণ্ডে এনজিও নামের উপস্থিতি তেমন ছিল না। তবে সমাজহিতৈষী স্বেচ্ছাসেবী সংগঠন এ দেশ ও সমাজে সবসময় ছিল এবং এখনও আছে। এরা মূলতঃ অলাভজনকভাবে চ্যারিটিমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো, কিন্তু কখনই ধারাবাহিকভাবে আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পর এরূপ স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের ধরন ও চরিত্র প্রয়োজনের তাগিদেই বদলাতে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজের সঙ্গে যোগ হতে থাকে উন্নয়নের নতুন নতুন চ্যালেঞ্জ, বৈদেশিক সাহায্য, জন্মাতে থাকে পেশাদারিত্বের তাগিদ এবং উদ্যোগের ধারাবাহিকতা, নিশ্চয়তা এবং নিরাপত্তার বিধান। সাধারণ অর্থে এনজিও (অলাভজনক বেসরকারি উন্নয়ন সংগঠন) বলতে সেইসব সংগঠনকে বোঝায় যারা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সম্পৃক্ত। তবে দেশে এনজিওদের শীর্ষ সমন্বয়কারী সংস্থার এডাব এর মতে, তাদেরকেই এনজিও বলে বিবেচনা করে, যারা সংগঠন হিসেবে সরকার কর্তৃক নিবন্ধিত, নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত, যাদের নির্দিষ্ট অফিস আছে, পূর্ণকালীন কর্মী আছে, ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট কর্মসূচি, কর্মএলাকা ও উপকারভোগী বা অংশীজন আছে, ব্যবস্থাপনা নীতিমালা ও এর প্রয়োগ আছে, বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন আছে, বার্ষিক বাজেট ও আয়ের উৎস আছে, নিয়মিত বার্ষিক অডিট হয় এবং যাদের উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিকতা ও পেশাদারিত্বের ছাপ আছে, আছে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা। এসব বিবেচনায় সক্রিয় বেসরকারি উন্নয়ন সংগঠন বা এনজিওর সংখ্যা সারাদেশে দুই-আড়াই হাজারের বেশি নয়। অথচ বুঝে বা না বুঝে অনেকেই বলে থাকেন বাংলাদেশে লক্ষাধিক এনজিও কর্মরত আছে। অনেক সময় সমবায় সমিতি, মাল্টিপারপাস সোসাইটি কোঅপারেটিভ সোসাইটি, ক্লাবকেও এনজিও বলে থাকেন। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে প্রকৃত এনজিওদের ভাবমূর্তি।  

আবার দেশে এই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মাঝেও দুটি পৃথক ধারা চলমান রয়েছে। একটি অধিকার ভিত্তিক উন্নয়ন ধারা। অপরটি ব্যবসা বাণিজ্যভিত্তিক ধারা। অধিকার ভিত্তিক ধারায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার, সুশাসন চর্চা, উপানুষ্ঠানিক ও কারিগরী শিক্ষার বিস্তার ইত্যাদি বিষয়গুলো অধিক গুরুত্ব পায়। আর ব্যবসাভিত্তিক ধারায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম, বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। সেকারণে এনজিও বিষয়ক ব্যুরোর আওতায় ৩ হাজারেরও অধিক প্রতিষ্ঠান নিবন্ধিত হলেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার লাইসেন্সধারী এনজিওর সংখ্যা মাত্র ৭২৪। অথচ সরকারের নীতি নির্ধারণী মহলের কাছে ধারণা হলো এনজিও মানেই ক্ষুদ্র ঋণের ব্যবসায়ী। সেকারণে গ্রামীণ ব্যাংক বিতর্ক শুরুর পর থেকে সরকারের সঙ্গে এনজিও সেক্টরের শীতল সম্পর্ক বহমান রয়েছে। অথচ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, ৪ দলীয় জোটের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে অধিকারভিত্তিক বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর অবদান খাটো করে দেখার সুযোগ নেই। এছাড়াও ১৯৯১ সালের প্রলঙ্করী ঘূর্ণিঝড়, ১৯৯৮ সালের শতাব্দীর ভয়াবহ বন্যা মোকাবেলা, দক্ষিনাঞ্চলে সিডর-আইলা মোকাবেলা, চট্টগ্রামে ২০০৭ সালে ১১ জুন এর পাহাড় ধসের ঘটনায় এনজিওদের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব অত্যন্ত সফলভাবে তার প্রধান কার্যালয়ে জাতীয় দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সেল স্থাপন করে সরকার, দাতাসংস্থা ও এনজিওদের মাঝে সমন্বয় সাধন করেছিল। সর্বশেষ কক্সবাজার জেলায় রোহিঙ্গাদের মানবিক ত্রাণ কাজেও বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর সরকারের পাশে থেকে মানবিক আবেদনে সাড়া প্রদান করেছেন। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ওই সময়ে এনজিওদের অধিকারভিত্তিক ধারাকে রুদ্ধ করার জন্য তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী ও যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদকে দিয়ে অনেকগুলো কূটকৌশল অবলম্বন করেছিল। যার ফলশ্রুতিতে এনজিওদের শীর্ষ সমন্বয়কারী সংগঠন এডাবকে দ্বিখণ্ডিত করে এফএনবি নামক আর একটি প্রতিষ্ঠানের জন্ম দেন। আর এডাবের তৎকালীন চেয়ারপার্সন কাজী ফারুক আহমদের বিরুদ্ধে ৫০টিরও অধিক মামলা রুজ্জু করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এনজিওগুলোকে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে ঢালাওভাবে বাদ দেয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মামলাগুলো মিথ্যা প্রমাণিত হলে বাতিল হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি ইয়াজ উদ্দীনের আমলে গঠিত উপদেষ্টা পরিষদে কয়েকজন এনজিও নেতাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এ খাতে বিশেষজ্ঞদের মতে দেশে অধিকারভিত্তিক ধারার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান মানবিক সাহায্য সংস্থা (এসএসএস) অন্তর্ধানের পর অপর প্রতিষ্ঠান প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম স্থবির হওয়ার পর থেকে এ ধারাটি ক্রমশঃ দুর্বল হতে থাকে। আর সরকারি বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা পেতে ক্ষুদ্র ঋণের তহবিল থাকা অত্যাবশ্যকীয় শর্ত হিসাবে জুড়ে দেয়ায় ব্যবসা ভিত্তিক ধারাটি রাষ্ট্রীয় ও দাতাগোষ্ঠির আনুকূল্যে পুরোপুরি সফলভাবে প্রতিষ্ঠা লাভ করে। পক্ষান্তরে অধিকার ভিত্তিক ধারাটি দাতা সংস্থার অর্থায়ন সংকুচিত হওয়া ও সরকারি পৃষ্ঠাপোষকতার অভাবে অস্তিত্ব রক্ষার সংকটে পতিত। ফলে এনজিওদের মানবিক উন্নয়ন কার্যক্রম চোখে না পড়ে ক্ষুদ্র ঋণের বিষয়টি বারবার আলোচনায় আসে। আর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির জন্মের সময় চিন্তা করা হয়েছিল এই অথরিটি থেকে যারা লাইসেন্সপ্রাপ্ত হবেন তারা গ্রামাঞ্চলে ক্ষুদ্র ঋণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে। যা অনেকটাই বর্তমানে প্রচলিত এজেন্ট ব্যাংকিংয়ের আদলে। মানবিক উন্নয়ন কার্যক্রমটির সঙ্গে তাদের সম্পৃক্ততা হ্রাস করা হবে। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে একই এনজিও সমাজকল্যাণ অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করছে। আবার সেই এনজিওই মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্স নিয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম করছে, সরকারকে ট্যাক্স প্রদান করছে। বিষয়গুলো বৈপরিত্য হলেও সমাজকল্যাণের সঙ্গে সাংঘর্ষিক। 

কিন্তু এখন প্রশ্ন হলো রাষ্ট্রের নাগরিকদের করোনাভাইরাস মহামারীসহ যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য যা যা করা দরকার, তার সবই করার দায়িত্ব সরকারের। কারণ, রাষ্ট্রযন্ত্র পরিচালনার দায়িত্ব সরকারের হাতে এবং তার প্রশাসনিক-প্রাতিষ্ঠানিক সব কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ হয় জনগণের করের টাকায়। এই গুরুতর জাতীয় দুর্যোগে জনসাধারণ প্রধানত সরকারের ওপরেই ভরসা রাখতে চায়। ক্ষতিগ্রস্ত জনগণ প্রত্যাশা করে যে নাগরিকদের জীবন বাঁচাতে সরকার আন্তরিকভাবে সব বিষয়ে তৎপর হবে। 

রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনগুলো বারবার তাগাদা দিয়ে আসছে এত বড় জাতীয় দুর্যোগ কার্যকরভাবে সামাল দেয়া সরকারের একার পক্ষে অত্যন্ত দুরূহ কাজ। তবে সরকার নিজে এটা উপলব্ধি করেছে কিনা তা বলা কঠিন। কারণ, সমাজের অন্যান্য সকল শক্তিকে যুক্ত করার তেমন কোনো উদ্যোগ সরকারি তরফে আজ পর্যন্ত দেখা যায়নি। এর একটা কারণ হতে পারে এই যে রোগ সংক্রমণ, আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনা ও মৃত্যু সম্পর্কে তথ্যপ্রবাহের নিয়ন্ত্রণ সরকার নিজের হাতে রাখতে চায়। অথবা অন্য রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর শক্তি সামর্থ্য সম্পর্কেও সরকারের নীতি নির্ধারণী মহলের আস্থার অভাব। যদিও বেসরকারি উন্নয়ন সংগঠনসমূহের অন্যতম গণস্বাস্থ্য কেন্দ্র এরই মধ্যেই করোনা শনাক্তকরণ কিট মাঠ পর্যায়ে পরীক্ষার অনুমতি পেয়েছে। বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাক ১ লাখ লোকের খাবারের দায়িত্ব গ্রহণ, বিভিন্ন স্থানীয় এনজিওগুলোও করোনা আক্রান্ত কর্মহীন লোকের খাবার, স্যানিটাইজার কিট বিতরণসহ নানা উদ্যোগের তথ্য মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে। তবে সব ধরনের জাতীয় দুর্যোগ মোকাবিলায় স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক তথ্যপ্রবাহের অপরিসীম গুরুত্ব দেশে দেশে কালে কালে দুর্যোগ মোকাবেলায় অধিক গুরুত্ব পেয়ে এসেছে।

তবে সরকারকে একাই করোনার মতো বৈশ্বিক মহামারীর পরিস্থিতি সামাল দেয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের সকল পর্যায়ের অংশীজনকে সঙ্গে নিয়ে করোনাযুদ্ধে জয়ী হওয়ার প্রচেষ্টা নিতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) খাতের অবদান দেশে-বিদেশে বিপুল প্রশংসিত হয়েছে। বাংলাদেশের জাতীয় উন্নয়নে এনজিও খাতের অবদানের বহু আর্ন্তজাতিক স্বীকৃতিও মিলেছে। পৃথিবীর বৃহত্তম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে বাংলাদেশেই। এ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক, দুর্যোগ ঝুকি হ্রাসসহ নানা ক্ষেত্রে কাজ করছে ছোট-বড় অর্জন বেসরকারি উন্নয়ন সংস্থা। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় আমরা তাদের সেই সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ নিলে বিষয়টি অবশ্যই সহায়ক হবে। 

করোনাভাইরাস মোকাবেলায় অধিকারভিত্তিক এনজিওগুলোকে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হলে সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এ সরকারের অন্যতম সহযোগী হিসেবে এনজিওগুলোকে চিহ্নিত করা হয়েছে। আর তাই এখন প্রয়োজন সরকারের পক্ষ থেকে এনজিওগুলোকে আস্থায় নিয়ে আসা। সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এরই মধ্যেই ক্ষুদ্র ঋণদান কার্যক্রমে জড়িত এনজিওদের মাধ্যমে বিতরণের জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছেন। বিশেষজ্ঞ মহল এটাকে ইতিবাচক এবং তৃণমূল পর্যায়ে গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে বেশ সহায়ক হবে বলে মনে করছেন। ঠিক একইভাবে করোনায় ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা, মৎস্য, কৃষি, প্রাণিসম্পদ খাতকে সচল করতে এনজিওগুলোকে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। সরকারেরই উচিত এনজিওগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে কোন সংস্থা কোন ক্ষেত্রে সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারবে, তা নির্ধারণ করে তাদের যুক্ত করার উদ্যোগ নেয়া। জাতীয় পর্যায়ে এনজিওদের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব এর সহযোগিতা কাজে লাগাতে পারে। তাদের সদস্য সংগঠন ও সমমনা অনেকগুলো সংগঠন ও ইস্যুভিত্তিক সমন্বয়কারী সংস্থাগুলোর নেটওয়ার্ক পুরো দেশের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বিস্তৃত আছে। আর এ সমস্ত সংগঠনগুলো তৃনমূল পর্যন্ত করোনাভাইরাসের প্রতিরোধ ও সামাজিক/শারীরিক দূরত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কাজে সহায়তা করতে পারে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রতিরোধমূলক শিক্ষা এই মহামারী মোকাবিলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ভারত ও পাকিস্তানে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে ভ্রাম্যমাণ কেন্দ্র খোলার কাজে এনজিওদের সম্পৃক্ত করা হচ্ছে। স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে কাজ করে এমন সব এনজিও এই কাজে অবদান রাখতে পারে। বাংলাদেশেও এমন উদ্যোগ নেয়া যেতে পারে। ত্রাণ বিতরণে উপকারভোগী নির্বাচন, ত্রাণ সামগ্রী বিতরণ, সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রাখা ও জনসচেতনতামূলক/প্রতিরোধমূলক শিক্ষা কাজে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা কাজে লাগানো যেতে পারে। করোনাযুদ্ধের লড়াইয়ে আমাদের বেসরকারি সংস্থাগুলোকে সহযোদ্ধা হিসেবে পেতে হবে। যেরকম এনজিওরা ইপিআই এর টিকা প্রদান, দুর্গম এলাকায় জন্ম নিয়ন্ত্রণ, শিশু ও মাতৃস্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন সেবা, শিক্ষা কার্যক্রমে সহায়কের ভূমিকা পালন করেছিল। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, বেসরকারি সংস্থাগুলোকেও নিজ নিজ অভিজ্ঞতা ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে এগিয়ে আসতে হবে।

আশার কথা ডায়রিয়ার প্রতিরোধ, শিশু মাতৃমৃত্যুর হার কমানো, নারীর ক্ষমতায়ন, নারী ও নারী নির্যাতন প্রতিরোধ, ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্ধ প্রদান, কৃষি উপকরণ, বীজ সার বিতরণ, শিশুর বিদ্যালয় ঝরে পড়া রোধ, শিশু শিক্ষার হার বৃদ্ধিসহ অনেকগুলো সামাজিক অগ্রগতি ও সামাজিক সূচকের উন্নয়নে সরকারের পাশে বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো সহায়ক ভূমিকা পালন করেছেন। নিছক ক্ষুদ্রঋণের সঙ্গে এনজিওরা জড়িত এই ভ্রান্ত ধারণায় না থেকে মানবজাতির অস্তিত্ব ও জাতীয় ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার কঠিন সংগ্রামে করোনাভাইরাস মহামারী সংক্রমণ রোধ ও সামাজিক অগ্রগতি ধরে রাখতে সামাজিক উন্নয়ন ও তৃণমূলে সমাজ পরিবর্তনের হাতিয়ার অধিকারভিত্তিক ধারার এনজিওগুলোকে সরকারের করোনাভাইরাস মোকাবেলা কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জাতির উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও  প্রধানমন্ত্রীর মধ্য আয়ের দেশে উত্তরণের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ক্ষেত্র তৈরিতে সব মহল একযোগে এগিয়ে আসবেন। দুর্যোগ, সংকট ও ক্রান্তিকালে সকল মহল ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা। 

লেখক: এসএম নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ইমেইল: cabbd.nayer@gmail.com