এই শতাব্দীতে তো বটেই গত ১০০ বছরে এত ভয়ানক অর্থনৈতিক দুর্দশায় বিশ্বের জনগণ আর পড়েনি। বাজার দখল আর মুনাফা বৃদ্ধি নিয়ে গত শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ, মহামন্দা, শীতল যুদ্ধ মানুষ মোকাবিলা করেছে। সে সময়ে মানুষের মৃত্যু, মানবতার বিপর্যয় এবং দুর্ভিক্ষ এখনো জীবন্ত স্মৃতি। কিন্তু সেই দুঃসময়ে মৃত্যুর ভয়ে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েনি বরং আঁকড়ে ধরেছে প্রিয়জনকে। কভিড ১৯ মারণাস্ত্রবিহীন এমন এক যুদ্ধ যা মৃত্যুর আতংক যেমন ছড়িয়েছে, মানুষের দীর্ঘদিনের আবেগ প্রকাশের ধরনকেও দিয়েছে তেমনি পালটে। মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি যেমন দেখিয়েছে, তেমনি বৈষম্য, সংকট ও অসহায়ত্বকেও প্রকট করে তুলেছে। ডিসেম্বর থেকে জুন এই ৬ মাসে বিশ্বের অর্থনীতি এভাবে মুখ থুবড়ে পড়বে তা কারো ভাবনাতেই ছিল না। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার দুর্বলতা এতটা প্রকট হয়ে ধরা পড়েনি আগে।

করোনা স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে ঝাঁকুনি দিয়েছে অর্থনীতিকে। বিশ্বের সবচেয়ে বড় বাজেটের দেশ আমেরিকার ঋণ বাড়ছে ক্রমাগত। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বলতে পারছে না অনিশ্চয়তার জন্য তবে তাদের প্রবৃদ্ধি কমে যাবে এটা নিশ্চিত, ভারত আশংকা করছে প্রবৃদ্ধি হবে ঋণাত্মক। এশিয়ার স্থিতিশীল অর্থনীতির দেশ জাপান হিমশিম খাচ্ছে সংকটের রাশ টেনে ধরতে। ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি ধুঁকছে। ইংল্যান্ড, ফ্রান্স পড়েছে দুর্দশায়। এভাবে আর কতদিন ? এই উদ্বেগ এবং প্রশ্নের উত্তর খুঁজতে আর সমাধানের পথ বের করতে তাঁরা ব্যস্ত সময় পার করছে। সবার মুখে এক কথা, এখন টিকে থাকা আর টিকিয়ে রাখার সময়, প্রবৃদ্ধির হিসাব হবে পরে। 

বিশ্ব অর্থনীতি থেকে তো বাংলাদেশ বিচ্ছিন্ন নয়, আশঙ্কা ও অনিশ্চয়তার এই সময়ে বাজেট ২০২০-২১  উপস্থাপিত হয়েছে। এই বাজেট অনেকগুলো কারণে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। অর্থমন্ত্রী উপস্থাপিত এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট হলেও বাজেট বক্তৃতা কিন্তু বড় কিংবা দীর্ঘ ছিল না। বাজেট বক্তৃতায় যে বিষয়গুলো নজরে এসেছে তার মধ্যে প্রথমত এর বিশালত্ব, দ্বিতীয়ত সারা বিশ্বকে দেখিয়ে দেয়া যে এই করোনাকালেও প্রবৃদ্ধি ৮.২ রাখা যায়, তৃতীয়ত বিশেষ দুর্যোগকালীন সময়েও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে অবহেলা করা যায়, চতুর্থত অর্থনীতির চাইতে অদৃষ্টের উপর নির্ভর করা যায়। পঞ্চমত এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সে সব খাতে বরাদ্দ রাখা। ষষ্ঠত ব্যাংক থেকে সরকার বিপুল ঋণ নিয়ে সেই ব্যাংক গুলোকেই আবার ঋণ দেয়ার কথা বলা। এরকম আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে এই বাজেটে যা বর্তমানে আলোচনাকে উসকে দিয়েছে ও ভবিষ্যতেও আলোচনার খোরাক যোগাবে।

স্বাধীনতার ৫০ বছরে ৪৯তম বাজেট উপস্থাপন করা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে, স্বল্প সময়ে, আলোচনাও হবে কম সময় ধরে। করোনা পূর্বে অর্থনীতির বেসামাল দশা এবং করোনায় বেহাল দশা সামলে উঠা যাবে কি ভাবে তা নিয়ে আলোচনা চলছিল জোরেশোরে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে বাজেট ঘোষণা হয়েছে শঙ্কা দূর করার চাইতে আশংকা ও আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই করোনা দুর্যোগে  জনসহায়তামুলক, বেকার ও কর্মহীনদের কর্মসংস্থান, স্বাস্থ্য সেবার গুণগত মানোন্নয়ন, কৃষি সহায়তা, শ্রম বাজারে আসা ২২ লাখ শ্রম শক্তি এবং প্রায় ২০ লাখ ফিরে আসা প্রবাসীর কর্ম সংস্থান সৃষ্টি  সহ অর্থনৈতিক দুর্দশা মোকাবিলার বাজেট হবে এই প্রত্যাশা ছিল। বাজেটের অর্থ সংস্থানের জন্য প্রগতিশীল কর নীতি অর্থাৎ যাদের আয় বেশি তাদের কর বেশি এই নীতির বাস্তবায়ন হওয়া দরকার ছিল কিন্তু বাজেটে তার প্রতিফলন ঘটেনি। 

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে। গত অর্থবছরের তুলনায় এবার ৪৫ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘোষিত হলেও সে অনুযায়ী কৃষি, স্বাস্থ্য, জন সুরক্ষা, শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান খাতে উল্লেখ যোগ্য বরাদ্দ বাড়ে নি। বরং জনপ্রশাসন (১৯ দশমিক ৯), সুদ পরিশোধ (১১ দশমিক ২), সামরিক (৬ দশমিক ১ ), আইন শৃঙ্খলা ও নিরাপত্তা (৫ দশমিক ০) এই চার খাতে মোট বাজেটের ৪২ দশমিক ২ শতাংশ টাকা ব্যয় হবে আর শিক্ষা ও প্রযুক্তি ( ১৫ দশমিক ১), কৃষি ( ৫ দশমিক ৩), স্বাস্থ্য ( ৫ দশমিক ১), সামাজিক নিরাপত্তা (৫ দশমিক ৬ ) এই চারটি প্রধান খাতে ব্যয় হবে ৩১ দশমিক ১ শতাংশ টাকা। বাজেট বরাদ্দের পরিমাণ ও খাত দেখলেই বুঝতে অসুবিধা হয় না রাষ্ট্রের নজরটা কাদের দিকে।

দেশে একদল উচ্চবিত্ত ও ধনী মানুষের উত্থান ঘটেছে। তারা বিদ্যুৎ ব্যবহার করেন বেশি, পানিও তারা বেশি ব্যবহার করেন, রাস্তা ঘাটে তারাই গাড়ি চালান, অর্থাৎ জনগণের করের টাকায় এবং শ্রমে যা কিছু উৎপাদিত হয় তার বেশি ব্যবহারের সুবিধা তারাই পান। ফলে তারা কর বেশি দেবেন এটাই স্বাভাবিক এবং অর্থনৈতিক সংকটে তাদের দায় বেশি নিতে হবে এটা যৌক্তিক। কিন্তু তারা রেয়াত পেলেন অর্থাৎ তাদের আগের চেয়ে কম কর দিতে হবে। উচ্চ আয়ের ক্ষেত্রে গত বাজেটে ৩০ শতাংশ কর ধার্য করা ছিল এবার সেটা কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে অথচ মাসে ২৫ হাজার টাকার বেশি আয় করলে তাকে করের আওতায় আনা হয়েছে। মাসিক ৩০ হাজার টাকায় যারা সংসার চালান তাদের অবস্থা কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নেই। বেশি আয়ের মানুষ ট্যাক্স রেয়াত পেলেও স্বল্প আয়ের মানুষের রেহাই নাই। একটা সাধারণ হিসেবে দেখা গিয়েছে যে, একজন বড় কর দাতা কর ফাঁকি দিলে তা পূরণ করতে ৪৮ হাজার ন্যুনতম করদাতার কাছে কর আদায় করতে হয়।

দেশে ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে ক্রমাগত , করোনা দুর্যোগ ব্যবধান ও বৈষম্য আরও বাড়াবে। শ্রমজীবীদের আয়ের ৬২ শতাংশ টাকা খরচ হচ্ছে শুধু খাদ্য বাবদ। সাধারণ মানুষের আয় কমছে ব্যয় বাড়ছে, কৃষকের উৎপাদন ব্যয় বাড়লেও ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত হচ্ছে না, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না বরং প্রবাসীদের ফিরে আসার আশংকা তৈরি হয়েছে। দেশের বেকার এবং বিদেশ ফেরত কর্মহীনদের জন্য কি করা হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পুরনোদের কাজে ধরে রাখার কৌশল কি হবে এসব বিষয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করলেও বাজেটে এই সমস্যা সমাধানের পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

করোনায় মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এই দফায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এর ফলে গ্রাহক তার সিমে ১০০ টাকা রিচার্জ করলে ৩৩ টাকা ৫৭ পয়সা নেবে সরকার।  বাজেট ঘোষণার আগে প্রতি ১০০ টাকা রিচার্জে সরকার নিতো ২৭ টাকা ৫০ পয়সা। নতুন করহারে মোবাইল ফোন সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। বাজেট ৩০ জুন সংসদে পাশ হবে কিন্তু মোবাইল অপারেটররা বর্ধিত শুল্ক আদায় ঘোষণার পর থেকেই কার্যকর করা শুরু করেছেন।

স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু করোনা মহামারীর সময়েও স্বাস্থ্যখাতের বরাদ্দে গুনগত কোন পরিবর্তন আসে নি। গত অর্থবছরে বরাদ্দ ছিল ২৩ হাজার ৬৯২ কোটি টাকা, এবার এত সংকট এত আলোচনার পর বরাদ্দ হয়েছে ২৯ হাজার ২৪৫ কোটি টাকা। অনেকে রসিকতা করে বলছেন, বাজেট বক্তৃতায় স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা বেড়েছে ৫০ শতাংশ কিন্তু বরাদ্দ বেড়েছে ২৩.৪ শতাংশ। গত বাজেটে ৫.৫ পাতা জুড়ে আলোচনা ছিল এবার আলোচনা হয়েছে ৮.২৫ পাতা। এই বরাদ্দের বেশিরভাগ তো চলে যাবে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের বেতন ভাতায়। এসব বাদ দিলে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সামগ্রীর জন্য কত টাকা পাওয়া যাবে ? এই বরাদ্দ দিয়ে নড়বড়ে স্বাস্থ্য খাত মানুষকে ভরসা দিতে কি পারবে? চিকিৎসা ব্যয়ের ১০০ টাকার মধ্যে ৬৮ টাকাই আসে জনগণের পকেট থেকে। এই করোনা কালে চিকিৎসা এবং ওষুধের ব্যয় আরও বাড়বে। কিন্তু সরকারের সহযোগিতা তেমন বাড়ল না।

কৃষি নিয়ে কথা হয়েছে অনেক। কৃষক দেশকে বাঁচাচ্ছেন কিন্তু কৃষককে বাঁচানোর জন্য বরাদ্দ  তেমন বাড়ে নাই। কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা মিলে ২২ হাজার ৮৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। গত অর্থবছরে যা ছিল ২১ হাজার ৪৮৪ কোটি টাকা। কৃষি খাতে ভর্তুকি ৫০০ কোটি টাকা বেড়ে ৯৫০০ কোটি টাকা হয়েছে। ১৭ কোটি মানুষের খাদ্য সংস্থান আর পৌনে তিন কোটি মানুষের কর্মসংস্থানের খাত কৃষির জন্য এই বরাদ্দ কৃষিকে শক্ত ভিত্তি দেবে না বরং কৃষকের অর্থনৈতিক ভিত্তিতে আঘাত হানবে।

কৃষিকে শক্তিশালী ও বহুমুখীকরণের মাধ্যমে ধান, গম, পাট, আলু, সব্জি, ফল, ডিম ও মাংসের জন্য পোলট্রি, দুধ ও মাংসের জন্য ডেয়ারি, মৎস্য খামার ও নদী সমুদ্রের মৎস্য সম্পদ আহরন ও বিপণন, সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বরাদ্দ বাড়ালে তা অনাহার ও অপুষ্টির হাত থেকে দেশের মানুষকে যেমন বাঁচাতে পারবে তেমনি কর্মসংস্থানের এক বিশাল ক্ষেত্র সম্প্রসারিত করতে পারতো।

কালো টাকা সাদা করার সুযোগ না দিয়ে বরং বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেয়া হলে তা অর্থনৈতিক ক্ষেত্রে যেমন প্রভাব ফেলত তেমনি লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে  নৈতিক অবস্থান তৈরি সৃষ্টি করতো। অর্থনীতি সমিতির ধারণা দেশে কালো টাকার পরিমাণ ৭ লাখ কোটি টাকার বেশি। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রেখে এ টাকা উদ্ধারের ক্ষেত্রে নৈতিক অবস্থান গ্রহণ করা সম্ভব নয়। রাজনীতিতে দায়বদ্ধতা না থাকলে সব ক্ষেত্রেই যে তার প্রভাব পড়ে এবারের বাজেটেও তা প্রমাণিত হল।

এই বছরটাতে করোনা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মহীনদের সহায়তা, মন্ত্রী, এমপিদের ভাতা কমানো, সরকারী কর্মচারীদের অপ্রয়োজনীয় খরচ বাদ দেয়া, দুর্নীতির ছিদ্রপথ বন্ধ করা এবং সামজিক সুরক্ষা খাতে বেশি বরাদ্দ করা গেলে জনগণের উপর করের বোঝা, ব্যয়ের চাপ কমানো যেত। এ পথে হাঁটেন নি বাজেট প্রণেতারা। ফলে এ বাজেট জনগণের জীবনে অনিশ্চয়তা বাড়াবে এ কথা নিশ্চিতরুপেই বলা যায়।   

লেখক: রাজেকুজ্জামান রতন
কেন্দ্রীয় কমিটির সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট