কেন মসজিদ/উপসনালয়ে যাওয়া বন্ধ হলো? কেন আল্লাহর ঘর তওয়াফ করা থেকে আমরা বঞ্চিত? কেন হারাম শরিফে ইবাদতের জন্য হাজির হতে পারছি না? কেন নবীজির রওজা জিয়ারতের জন্য বন্ধ হয়ে গেল? কেন মসজিদ-এ নব্বী-তে আমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ? কেন আপনজনের বিদায়ে তাকে শেষ দেখা দেখতে পারছে না? কেন তার জানাজা নামাজে হাজির হতে পারছে না? কেন সন্তান তার মা-বাবাকে বা মা-বাবা তার সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে পারছে না?

উপরের একটি ঘটনাও যে ঘটতে পারে, আমরা কি তা কখনো চিন্তা করেছি? কিন্তু বাস্তবে তা-ই ঘটেছে। স্রষ্টা  তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ওপর কতখানি নাখোশ, তা তিনি জানিয়ে দিয়েছেন। সময় এসেছে বিষয়টি নিয়ে ভাবার। আমাদের কর্মের তালিকা মিলিয়ে দেখলে দেখব প্রতিনিয়ত আমরা কত অন্যায় করে চলেছি। যদি এ অন্যায় শুধরাতে না পারি, কী ভীষণ ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করছে আগামীতে, তা বলা মুশকিল।

নারীর প্রতি পুরুষের মনুষ্যহীন আচরণ

আমরা পুরুষরা নারীর সঙ্গে অশোভন আচরণের মুহূর্তে যদি একটু স্মরণ করি যে আমাদের মেয়ে, বোন বা স্ত্রী তারাও কি নিজ কর্মক্ষেত্রে একই অশোভন আচরণের শিকার হচ্ছেন? যদি তা-ই হয়, তবে আমাদের মেয়ে, বোন বা স্ত্রী তারা কি আমাদের সেই একই সারিতে ফেলছে না? তাহলে অন্যায়গুলো আমরা কার সঙ্গে করছি—আমাদের মেয়ে, বোন ও স্ত্রীর সঙ্গে। আমাদের যার যার নিজ পরিবারের নারী সদস্যদের বাঁচাতে হলে সবাই নিজেকে শুধরিয়ে নিতে হবে এবং কোনো অশোভন আচরণ নজরে এলে তার প্রতিবাদ করতে হবে এবং এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এগিয়ে আসতে হবে।

নারীর স্বাধীনতার সংজ্ঞা আরো বিস্তৃত হওয়া দরকার

মাননীয় প্রধানমন্ত্রী, নারীর স্বাধীনতার ব্যাপারে আপনার বলিষ্ঠ বক্তব্য বর্তমান পরিপ্রেক্ষিতে অত্যন্ত জরুরি। নারীর স্বাধীনতা কী—এক্ষেত্রে আপনি একজন মডেল। এ মডেল অনুসরণে কেন সব নারীকে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করা হয় না?

এক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা রয়েছে। সময় ফুরিয়ে যায়নি। আপনার নেয়া সব সিদ্ধান্ত যে সঠিক, তা দেরিতে হলেও প্রমাণিত। সামাজিক অস্থিরতা স্থিতিশীল রাখায় নারীর করণীয় ব্যাপারে আপনার কঠিন নেতৃত্ব ও দিকনির্দেশনা এ সময়ে বিশেষ প্রয়োজন।

অর্থনৈতিক সমতা

ক. দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ প্রায় দুই মাস। জীবন বাঁচানোর স্বার্থে আর কত দিন এভাবে চলবে বলা কঠিন। নিয়ম মেনে ঈদ আসবে কিন্তু বর্তমান অবস্থায় তা উদযাপিত হবে না।

খ. সরকারের আয় নেই। ব্যবসায়ী বা ব্যবসাপ্রতিষ্ঠানেরও আয় বন্ধ। এ পরিপ্রেক্ষিতে সমাজে অর্থনৈতিক সমতা আনার লক্ষ্যে মনে আসা কিছু বিষয় নিম্নে আলোচনা করছি:

গ. ধর্মীয় কারণে ঈদকে মেনে নিতে হবে কিন্তু উদযাপিত হবে না। তাই ঈদ বোনাস কেন? ঈদ বোনাস পরে দিন। বর্তমান অবস্থায় বোনাসের টাকা কী কাজে ব্যবহূত হবে? অর্থনীতিতে কি অবদান রাখবে?

ঘ. সময়-সুযোগ মতো সরকার নির্ধারিত একটি দিনে সবাই মিলে প্রার্থনালয়ে উৎসবের আমেজে উপস্থিত হয়ে আল্লাহর-সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব। যে ব্যবসা ঈদ মৌসুমে হয়ে থাকে, সেই ব্যবসা তখন হবে। অর্থনীতি ও সামাজিক বন্ধন তার হারানো গতি ফিরে পাবে।

ঙ. বেসরকারি খাতে ব্যবসায়ীর জন্য যেখানে মার্চের বেতনের ব্যাপারেও সরকারকে প্রণোদনা নিয়ে এগিয়ে আসতে হয়েছে, সেক্ষেত্রে বোনাস কেন, আগামীতে বেতন কতটুকু দিতে পারবে, তা বলা কঠিন।

চ. সমাজে অর্থনৈতিক সমতা আনতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সবাই বোনাসের ব্যাপারে একটি সমন্বিত সিদ্ধান্ত নিতে পারে। অব্যয়িত ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা প্রয়োজন। 

ছ. বেসরকারি খাতে বেতনে সমতা আনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। মূল বেতন ও বাড়িভাড়া ছাড়াও বিভিন্ন খাতে যেমন গাড়ি, আপ্যায়ন ও বিবিধ খরচ হয়। দুই মাসে যেসব খাতে খরচ  নেই, সেই খাতে অর্থ সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করতে পারে।

জ. বেসরকারি খাতে যারা এমপ্লয়ার, আপনার সঙ্গে যে জনবল আছে, সবাই আপনার বিশাল সম্পদ। আপনার আজকে এই পর্যায়ে আসার পেছনে ওই জনবলের অবদানের কথা চিন্তা করুন। আগামীতে ওরাই আপনাকে কোথায় নিয়ে যাবে একটু কল্পনা করুন। সত্যি কথা বলতে, ‘ওরা নাই তো আপনি নাই।’ দেশের মানুষ বাঁচলে দেশ বাঁচবে, আপনি, আমরা সবাই বাঁচব। যারা আপনার সঙ্গে কাজ করে, তাদের পেছনে এখন বিনিয়োগ করার সময়। রিজিক আল্লাহর হাতে। আপনার বিনিয়োগ বৃথা যাবে না। শুধু চিন্তা করবেন কোথায় ছিলেন, আর এখন কোথায় আছেন, মহান আল্লাহ আপনাকে আরো কোথায় নিয়ে যেতে পারে।

ঝ. সবার আয় সমান নয়। যাদের আয় প্রয়োজনের তুলনায় বেশি আছে, সেখানে কম দিয়ে সমতা আনার চেষ্টা করতে পারেন। এতে কর্মী ছাঁটাই বন্ধ করা যাবে। আমরা যারা এমপ্লয়ারকে সহযোগী হিসেবে সাহায্য করে যাচ্ছি, তাদেরকে সহিষ্ণু হতে হবে। বিপদে ধৈর্যশীলদের জয় হয়। সবচেয়ে বড় কথা, রিজিক সৃষ্টিকর্তার হাতে। কোনো অশুভ প্ররোচনায় জড়িত হবেন না।

সংকট সমাধানে কিছু প্রস্তাবনা

ক. কোনো ব্যবসাপ্রতিষ্ঠান যদি বিদেশ থেকে বৈধ পথে বৈদেশিক মুদ্রা ৩০ জুন ২০২০-এর মধ্যে দেশে আনে, তবে তা কোনো প্রশ্ন ব্যতিরেকে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে মূলধন বা ঋণ হিসেবে দেখানোর সুযোগ দেয়া যেতে পারে। সেই অর্থ যদি প্রতিষ্ঠানের মূলধন হিসেবে আনা হয়, তবে তার ওপর ক্যাশ ইনসেনটিভের সুবিধাও দেয়া যেতে পারে। যদি ঋণ হিসেবে আনা হয়, তবে ৩০ জুন ২০২৩-এর পরে সমপরিমাণ ঋণ বৈদেশিক মুদ্রায় ফেরত দেয়ার নিশ্চয়তা দিতে হবে। যদি তিন বছরের মধ্যে ওই ঋণ মূলধনে রূপান্তর করা হয়, তবে সেও ক্যাশ ইনসেনটিভের সুযোগ পাবে। এক্ষেত্রে আসা মূলধনের মালিকানা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা। শেয়ার মালিকের ব্যক্তি হিসেবে ওই মূলধন প্রাপ্তির উৎস সম্পর্কে দেশের প্রচলিত কোনো আইনে প্রশ্ন করা যাবে না। এ ব্যাপারে বৈদেশিক মুদ্রা আনয়নকারীকে বর্তমান ও ভবিষ্যতে যেকোনো হয়রানি থেকে রেহাই দেয়ার জন্য প্রয়োজনীয় আইনগত নিশ্চয়তা দিতে হবে।

খ. আমাদের দেশের যেসব নাগরিক দেশের বাইরে আছেন, সরকার ওইসব ব্যক্তির কাছ থেকে বৈদেশিক মুদ্রায় সাময়িক ঋণ গ্রহণের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে।

গ. ব্যাংক বা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট তারিখে ব্যক্তি হিসাবে জমা টাকা যদি ১০ লাখ বা তদূর্ধ্ব থাকে, তবে সেই জমা টাকার ১০ শতাংশ সরকার সুদবিহীন ঋণ হিসেবে দুই বা তিন বছরের জন্য গ্রহণ করতে পারে। এ ঋণ হবে ব্যক্তি থেকে সরকারের ঋণ, ব্যাংক খাত থেকে নয়।

ঘ. ইলেকট্রিসিটি, পানি ও গ্যাস বিলের দায় এখনই মেটানো প্রয়োজন। বিলগুলো পাঠানোর ব্যবস্থা করা জরুরি। বিলের দায় মেটানোর জন্য বাজেটকৃত টাকা পকেটে থেকে যাবে না; বরং অন্য খাতে খরচ হয়ে যাবে। পরে এ দায় নিয়ে বিপদে পড়ে যাবে স্বল্প আয়ের লোকজন সময়মতো পরিশোধ না করলে।

শেষ কথা

নিজ পরিবারের একে অন্যকে ভালোভাবে চেনা এবং জানার এত বড় সুযোগ কি এর আগে পেয়েছি? সবার একটি লক্ষ্য—ঘরকে সুন্দর করো, শান্তি প্রবাহিত হোক চিরন্তন। নিজ নিজ অবস্থান থেকে একে অন্যের জন্য এগিয়ে যাচ্ছে মন খুলে স্বতঃস্ফূর্তভাবে। এটাই তো মানবতা, মানুষের মূল্যবোধ?  বলেছেন, রিজিক নিয়ে তোমরা চিন্তা করো না। রিজিকের মালিক স্রষ্টা নিজেই। সারা বিশ্বের সব জীবের আহার তিনিই জোগান দেন। স্রষ্টার কাছে আজ শুধু একটি আর্জি—আমাদের ক্ষমা করে দিন। আমাদের অন্ধকারের দিনে ফিরিয়ে নেবেন না।

কামরুল আবেদীন: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট