বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের তীব্র প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে আজ যে হাহাকার নেমে এসেছে, গোটা বিশ্বে যে লাশের মিছিল ও শোকের ভয়াবহতা পরিলক্ষিত হচ্ছে, তার প্রভাব আমাদের দেশেও পড়েছে মারাত্মকভাবে। শুরুতে আংশিক হলেও এখন তা জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে। পত্রিকা খুললে বা মোবাইলের স্ক্রিন স্ক্রলডাউন করলে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দেশের বেসরকারি নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে যেসব নিউজ আসছে, তার কোনোটাই সুখকর নয়। নেটিজেনরা দেখছে সারা বিশ্বের ভয়াবহতার সার্বক্ষণিক আপডেট। পৃথিবীটাই যেন একটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। প্রতিদিনই করোনায় বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমি এখন আর ওয়ার্ল্ডুমিটার ব্রাউজ করি না। ভয়ে, উদ্বেগে, উৎকণ্ঠায় আমার ভিতটা অর্ধমৃত। চারদিকে এত মৃত্যু, এত মরদেহ, এত হাহাকার! না জানি কবে আমিও হয়ে যাই ওই সংখ্যার অন্তর্ভুক্তদের একজন। আমাদের প্রিয় স্বদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। আমাদের রাজধানী ঢাকাও বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম শহর। দিল্লি, করাচি ও মুম্বাইয়ের পরই ঢাকার অবস্থান। সারা বিশ্বের নবম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগরী। ঢাকার আয়তন প্রায় ১৩৪ বর্গমাইল। এখানে প্রতি বর্গমাইল এলাকায় প্রায় ১ লাখ ১৫ হাজার লোকের বসবাস। প্রায় ১৬ কোটি ৪৬ লাখ লোকের বসবাস আমাদের এই বাংলাদেশে (তথ্যসূত্র: উইকিপিডিয়া)। এত জনবহুল একটি দেশ ও এত ঘনবসতিপূর্ণ রাজধানী করোনার ডেড জোন হবে যদি আমরা সরকার নির্দেশিত আইন না মেনে জনসংযোগ ও জনসংস্রব করি। আমাদের জনবিচ্ছিন্নতাই পারে একটি জাতিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। যখন গিজগিজ করা জনগণের চলাফেরার রাস্তাঘাট, লোকে লোকারণ্য বাজার, ঠাসাঠাসি করে সমবেত সমাবেশ এড়িয়ে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব অন্তত আর কয়েকটা দিন, হয়তো তখন জাতির ভাগ্যাকাশে একটি ইতিবাচক আশার আলো জ্বলতে শুরু করবে। নইলে বাংলাদেশও হতে পারে ইতালি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের মতো ভয়াবহ ক্যাটাস্ট্রফির দেশ। যখন করোনায় বিশ্বের এত উন্নত ও সভ্য দেশগুলো মুুখ থুবড়ে পড়েছে, চিকিৎসা ব্যবস্থায় যাদের মানের স্কেল বিশ্বে সর্বাগ্রে, তারাই পারছে না নভেল করোনাভাইরাসকে প্রতিরোধ করতে। বলা হচ্ছে কভিড-১৯ হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। যেহেতু এটি সংক্রামক ব্যাধি এবং এখন পর্যন্ত পৃথিবীতে এর কোনো প্রতিষেধক তৈরি হয়নি, তাই সঙ্গনিরোধ ও সামাজিক দূরত্বই পারে তার সংক্রমণ রোধ করতে। সংক্রামক এই ব্যাধিটাকে জয় করতে হলে সামাজিক দূরত্বের কোনো বিকল্প নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বসেরা চিকিৎসাবিজ্ঞানী, চিকিৎসক ও গবেষকদের মতে, এ ভাইরাস খুব দ্রুত ছড়ায় মানুষের সংস্পর্শে। তাই সোস্যাল ডিসট্যান্সিং, সোস্যাল স্পেসিং, কমিউনিটি ডিসট্যান্সিংয়ের কথা বলা হচ্ছে আজ বিশ্বজুড়ে। কোয়ারেন্টিন, হোম কোয়ারেন্টিন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, আইসোলেশন—এ শব্দগুলো এখন সময়ের সবচেয়ে বেশি প্রচলিত ও উচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। এ সবগুলোরই মর্মার্থ হলো সামাজিক দূরত্ব। একমাত্র সামাজিক দূরত্বই পারে এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা করোনা মহাযুদ্ধে মানবতার জয় নিশ্চিত করতে।
শুধু ঢাকার ফার্মগেট, মগবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া, দনিয়া, খিলগাঁও রেলগেট, সিপাহীবাগ, সদরঘাট, গুলিস্তান, মিরপুর-১, ২, ১০, পল্লবী, ভাষানটেক, তেজগাঁও, নাখালপাড়া, কুড়িল, শ্যামলী, মোহাম্মদপুর টাউন হল, কারওয়ান বাজার, বাড্ডা, মালিবাগ মোড়, রাজধানী সুপার মার্কেট, গেন্ডারিয়া, মহাখালী, আবদুল্লাপুর, শান্তিনগর, কাকরাইল, বেইলি রোড, খিলক্ষেতের মোড়, বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড ও বাজারগুলোয় প্রতিদিন যে পরিমান জনস্রোত হয়, জনতার ঢেউয়ে ঢেউয়ে বয়ে যাবে নভেল করোনাভাইরাস জাতির রন্ধ্রে রন্ধ্রে। আমাদের পায়ে পায়ে বাজছে একটি জাতির মৃত্যুর প্রতিধ্বনি। এমন যদি হয়, তবে আর রক্ষা নেই। তখন ওই অবস্থা থেকে জাতিকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। আগে থেকে তা প্রতিরোধ বা প্রতিহত করা না গেলে ভয়ংকর বিপদ সামনে অপেক্ষা করছে। এজন্য সামাজিক যোগাযোগ বিচ্ছিন্নতার কোনো বিকল্প নেই। শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়ে চলছে লকডাউন। কোনো দেশে কারফিউ, কোনো দেশে লকডাউন চলছে। উদ্দেশ্য শুধু একটাই। মানুষের অবাধ মেলামেশা, মানুষের সংস্রব, মানুষে মানুষে আড্ডাবাজি, গণজমায়েত, মজলিশ মিটিং বন্ধ করে সঙ্গনিরোধ করা। কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধ করে নভেল করোনাভাইরাসের বহুল প্রসার নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা একযোগে স্বেচ্ছায়, স্বতঃপ্রণোদিত হয়ে রাষ্ট্রের আইন ও বিধিমালা মেনে চলি এবং সরকারকে সহযোগিতা করি। প্রতিষেধক হয়তো সাময়িক আরোগ্য বা স্বস্তি আনে কিন্তু প্রতিরোধের মাধ্যমে চিরস্থায়ী সমাধান হয়তোবা সম্ভবপর হবে। তাই আসুন আমরা রাষ্ট্রের আইন মেনে চলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রণীত বিধিমালা মোতাবেক জীবনাচরণের পরিচ্ছন্নতা ও সভ্যতার শুদ্ধাচার মেনে চলি। দীর্ঘস্থায়ী করে তুলি পরিচ্ছন্ন থাকা ও নিয়ম মেনে চলার এ মনস্তাত্ত্বিক অভ্যাসটাকে। আমাদের এ মনোদৈহিক আচরণের শুদ্ধাচারের পরিবর্তনটা হোক ধনাত্মক ও দীর্ঘস্থায়ী।
Patience is bitter but its fruit is sweet. ধৈর্যের ফল বিলম্বে হলেও মিষ্টি হয়। আমরা যেন এ দুর্যোগে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। নিয়ম মেনে চলি, ঘরে থাকি। যার যার গৃহে অবস্থান করি। জরুরি প্রয়োজন ব্যতীত অহেতুক বাইরে বের না হই। এ অভ্যাসটা গড়ে তুলি। একটু কষ্ট হলেও জাতির বৃহত্তর কল্যাণে তা পালন করি। বিশ্বের দিকে চোখ মেলে তাকান, তাকান ইতালি ও আমেরিকার দিকে। ওরা সভ্য দেশ, সভ্য জাতি। ওরা স্বেচ্ছায় রাষ্ট্রের কানুন ও আদেশ মানে। তার পরও তাদের এই অবস্থা! ইতালির জনসংখ্যাও আমাদের দেশের চেয়ে অনেক কম। আর আমাদের যদি ইতালির মতো Deadliest Condition হয়, তাহলে কেমন করে রুখবেন এ মহামারী?
ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এ রেভলুশনটা ঘটেছে গত এক বা দেড় দশকে। মানুষ এখন কাছে থেকেও দূরে। ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম যেমন করে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিয়েছে, গ্লোবাল কমিউনিকেশনকে করেছে ম্যাটার অব মিনিট, ডিজিটালাইজেশন ও বিশ্বায়নের এ প্রভাব বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে রূপান্তর করেছে যেমন, তেমনি মানুষকে করেছে বন্ধুহীন ও সঙ্গীহীন। মানুষ মূলত একা হয়ে গেছে। একটি স্মার্ট ডিভাইস ছাড়া মানুষের কোনো বন্ধু নেই। আজকাল প্রায় প্রত্যেক শিশুকে খাওয়াতে হয় মোবাইল দিয়ে, মোবাইল ব্যতীত শিশুদের আদর করার প্রাচীন সে প্রচলনগুলো যেন বিলীন হয়ে গেছে। ইউটিউব, কার্টুন অথবা গেমস ছাড়া আজকাল কোনো শিশু খায় না। আমার সন্তানকে একটু কোলে নিয়ে শুতে চাইলে তাকে আগে মোবাইলের গেমস চালু করে দিতে হয়। কয়েক দিন আগে দেখলাম আমার ভাগ্নেরা বেড়াতে এসেছে। পাঁচটা শিশু রাতে শুয়েছিল ঘুমানোর একটু আগে। প্রত্যেকের হাতে মোবাইল। কারো সঙ্গে কারোর কোনো কথা নেই। সবার মনোযোগ মোবাইলের গেমসের মধ্যে। প্রযুক্তি আমাদের সৌহার্দ, ভালোবাসা ও সম্প্রীতি কেড়ে নিয়েছে। হূদ্যতার বন্ধনকে ম্রিয়মাণ করে দিয়েছে। আজকাল অনেক দম্পতির মধ্যেই নীরব অমিল। কারণ শুধু সামাজিক যোগাযোগমাধ্যম। স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমায় অথচ কারো সঙ্গে কারোর কথা নেই। ঘণ্টার পর পর ঘণ্টা মোবাইল ব্রাউজ করে দুজনই। রাত থেকে ভোর অবধি ব্রাউজ করে পরম প্রিয়তমা স্ত্রী এবং পরম প্রিয়তম স্বামী, কোথায় ভালোবাসা, কোথায় আবেগ, কয়েকটি সিলিকন চিপের প্রকোষ্ঠে আবদ্ধ ভালোবাসা আর ডিভাইস ডিসপ্লের অতিবেগুনী রশ্মির মাঝেই পুঞ্জীভূত আবেগ। অত্যন্ত কাছে থেকেও মনের দিক থেকে যোজন যোজন দূরে। আর মানুষের সঙ্গে মানুষের এই শারীরিক দূরত্বকেই করোনা রোগের মহৌষধ ও একমাত্র প্রতিরোধক হিসেবে আখ্যা দিয়েছেন গবেষকরা।
আজ সারা বিশ্বে যে সামাজিক দূরত্বের আহ্বান সরব হয়ে উঠেছে, এই করোনা ঠেকানোর এটাই একমাত্র মাধ্যম। মানুষে মানুষে যে মনের দূরত্ব তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম, হূদয়হীন লৌকিক ভালোবাসার সমারোহে চারপাশ যখন ব্যস্ত, যখন মানুষে মানুষে ভার্চুয়াল নৈকট্য, অস্তিত্ববিহীন কাছে আসার গল্প, অলীক মিথ্যাচার আর মিথ্যা আশ্বাসে প্রহেলিকাপূর্ণ ঠকবাজির জীবন মানুষের নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, নভেল করোনাভাইরাস এসে মানুষে মানুষে বিদ্যমান দূরত্বকেই করে দিয়েছে মুক্তির একমাত্র পথ।
এবার আমাদের জেগে ওঠার সময় এসেছে। কবিতার ভাষায় বলতে হয়—‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনি, মানুষ করবে জয় এ ধরণী।’ পৃথিবীর ইতিহাসের কোনো জয় এমনি এমনি আসেনি। এসেছে রক্তক্ষয়ী যুদ্ধ অথবা নিরলস পরিশ্রমে। করোনাযুদ্ধ রক্তক্ষয়ী সংগ্রাম নয়। এটি একটি সংযমের যুদ্ধ। তবে এটি জীবননাশী এক ভয়াবহ মহামারীর বিরুদ্ধে যুদ্ধ। এ যুদ্ধেও জয় আমাদের হবে নিশ্চয়ই। তবে আমাদের যুদ্ধটা চালিয়ে যেতে হবে ধৈর্য সহকারে এবং অটল অবিচলভাবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গরোধ করুন, আপনার পরিচিতদেরও উৎসাহিত করুন সঙ্গরোধ করতে। আপনার পরিবারকে নিরাপদে রাখুন, সুরক্ষা দিন আপনার পরিবারের বয়স্ক ও শিশুদের, যারা বিনা অপরাধেই আক্রান্ত হয়ে যেতে পারে। এমনকি অপ্রত্যাশিত অকালমৃত্যুও ঘটতে পারে আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির, যাকে ছাড়া আপনি আজ এক মুহূর্তও ভাবতে পারছেন না। শুধু আপনার একটু অবহেলা, আইনের প্রতি শৈথিল্য মনোভাব, আরে ধুর কিচ্ছু হবে না—এসব হেঁয়ালিপনাই ঘটাতে পারে সর্বনাশা গণমৃত্যু। আমাদের এই ‘ধুর’ শব্দটিই আমাদের জীবনের বারোটা বাজিয়ে ছেড়েছে এবং আরো বাজাবে। আমাদের এই ডেসপারেট, ডেয়ারিং, কেয়ারলেসনেস, নন-কেয়ারিং অ্যাটিচিউডই আমদের জীবনকে সর্বনাশা এক আত্মবিধ্বংসী রণতরীতে উঠিয়ে বৈঠা কেড়ে নিয়ে দূর থেকে টা-টা দেবে।
তাই আসুন, আর এক মুহূর্তও দেরি নয়, একটি দিনও দেরি নয়, এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলি। দুর্গম প্রতিরোধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী আমাদের হতেই হবে। আমরা হার না মানা জাতি। আমরা করব জয় একদিন নিশ্চয়ই, বিজয়ের মাল্য শোভিত হবে আমাদের গলায়। আত্মসংযমী হয়ে আসুন দেশটাকে বাঁচাই, নিজে বাঁচি, দেশের মানুষগুলোকে বাঁচাই। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস, আমাদের সংযম একদিন আমাদের মুক্তির পথ দেখাবে।
আজকের সামাজিক দূরত্বই হোক দীর্ঘস্থায়ী ভালোবাসার সোপান। এ দূরত্বই তৈরি করুক সম্মিলিত জাতীয় ঐক্য ও দেশসেবার ঐকতান। আজকের দূরত্ব উদ্বুদ্ধ করুক সবাইকে দেশপ্রেমের মহতী চেতনায়। ঘরে থেকেই আমরা ভালোবাসার হাত বাড়িয়ে দিই অসহায় দিনমজুর ও ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের প্রতি। পুরো জাতিকে এই মহাদুর্যোগ থেকে বাঁচানোর শপথ নিই সামাজিক দূরত্ব বজায় রেখেই। আজকের সামাজিক দূরত্বই হোক দীর্ঘস্থায়ী ভালোবাসার সোপান, চিরস্থায়ী মানববন্ধন ও চিরস্থায়ী নৈকট্য। মানবতার জয়গান গাই আমরা সামাজিক দূরত্বের মাঝে মুঠোবদ্ধ প্রতিজ্ঞার শিকল ধরে। জয় হোক মানবতার, জয় হোক ভালোবাসার, জয় হোক দেশপ্রেমের; পরাভূত হোক সব হিংসা আর বৈষম্য। আমরা আবার মুক্তির গান গাইব, করোনা থেকে মুক্তির পথ চেয়ে বসে আছে বাংলার ১৬ কোটি মানুষ। একদিন নিশ্চয়ই বাতায়ন খুলে দেখব মানুষে মানুষে ভ্রাতৃত্ব জেগে উঠেছে, জেগে উঠেছে ভালোবাসার বন্ধন, মানুষে মানুষে হাস্যোজ্জ্বল করমর্দন করছে, বুকের সঙ্গে বুক মিশিয়ে কোলাকুলি করছে, মুখোশবিহীন মুখভরে মানুষ নিঃশ্বাস নিচ্ছে মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশের পানে তাকিয়ে। পরিবারের বাবাটি তার সদ্যোজাত নবজাতকের দন্তহীন মুখের অন্তহীন হাসির আর ভালোবাসার স্বাদ স্বাধীনভাবে নিতে পারবেন পিতৃত্বের পবিত্র চুমোয়, যা আজ পারছেন না। নবজাগরণে উত্থিত হোক দেশপ্রেমের মূলমন্ত্র। ভালোবাসার মুক্তমঞ্চে আমরা আবারো মেতে উঠব আগামীর বৈশাখে, প্রমাণ করব আমরা আবার মানবিক বাঙালিরূপে, আমরা ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পারি দূরত্ব যতই হোক।
মো. সাইফুল ইসলাম মাসুম: ব্যাংকার










