চলমান মহামারীর আগে থেকেই লক্ষণ-সংকেত ছিল যে শিগগিরই বৈশ্বিক খাদ্যমূল্য বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনসৃষ্ট চরম আবহাওয়ার ঘটনাগুলো সাম্প্রতিক বছরগুলোয় আরো সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আফ্রিকান সোয়াইন জ্বর বিশ্বে শূকরের সংখ্যা এক-তৃতীয়াংশের ওপর নিশ্চিহ্ন করেছে, যা ২০২০ সালে চীনে বছর থেকে বছরে খাদ্যের দাম ১৫-২২ শতাংশ বাড়িয়ে দিয়েছে। আরো সাম্প্রতিককালে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে জঘন্য লুকাস্ট ব্লাইট রোগ পূর্ব আফ্রিকায় ফসল-শস্য বিপর্যয় ঘটিয়েছে। কেনিয়ায় দেশটির প্রধান খাদ্য ভুট্টার দাম ২০১৯ সাল থেকে ৬০ শতাংশের অধিক বেড়েছে।
কভিড-১৯ বিশ্বব্যাপী খাদ্যমূল্যের বৃদ্ধির ঝুঁকি বিস্তৃত করছে, যা অনেক উন্নয়নশীল দেশে গভীর সংকট সৃষ্টি করবে। এসব দরিদ্র দেশে মানুষের পুরো ভোগ ঝুড়ির মধ্যে খাদ্যই হলো ৪০-৬০ শতাংশ, উন্নত অর্থনীতিগুলোর চেয়ে এ অংশ প্রায় ৫-৬ গুণ বেশি।
এদিকে লকডাউন খাদ্যবহির্ভূত পণ্য (ডিউরেবল গুডস) এবং বিশেষ বিবেচনামূলক সেবার (ডিস্ক্রেশনারি সার্ভিস) চাহিদায় পতন ঘটালেও খাদ্যের ক্ষেত্রে কিন্তু বিপরীতটাই সত্য। মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে শহরগুলোয় আতঙ্কজনিত কেনাকাটা এবং খাদ্য মজুদ বেড়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে।
সরবরাহের দিক থেকে বৈশ্বিক খাদ্যশস্য মজুদ নিশ্চয়ই স্বাস্থ্যকর বিষয়, তবে নভেল করোনাভাইরাসের সংক্রমণ খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যাহত করায় তা দ্রুতই নিঃশেষিত হতে পারে। আবার প্রাণিখাদ্য, সার ও বালাইনাশকের ঘাটতি কৃষিকাজের ব্যয়-উৎপাদন ব্যয় (ফার্মিং কস্ট) এবং ফসল বিপর্যয়ের ঝুঁকি উভয়ই বাড়িয়েছে।
অধিকন্তু, ভারতে ফলমূল ও শাকসবজি আবাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে মাংস প্রক্রিয়াকরণ কারখানাগুলো পরিচালনার কর্মযজ্ঞে অব্যাহতভাবে শ্রমিক ঘাটতি স্পষ্ট হচ্ছে, কারণ বিশ্বের বেশির ভাগ দেশে ভ্রমণের ক্ষেত্রে আন্তঃসীমান্ত নিষেধাজ্ঞা মৌসুমি পরিযায়ী-অভিবাসী কৃষি শ্রমিকদের স্বাভাবিক গমনাগমন ব্যাহত করেছে। একই সঙ্গে পরিবহন সংকট যেকোনো পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য বাজারে পৌঁছানো আরো চ্যালেঞ্জিং করে তুলছে।
কৃষকদের এখন সরবরাহ নিগড় বড় পাইকার (বর্তমানে রেস্টুরেন্ট, হোটেল ও স্কুল বন্ধ থাকায়) থেকে মুদি দোকান, খুচরা দোকান ও হোম ডেলিভারির দিকে পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। কিন্তু তাতে একটু সময় লাগবে, কারণ বাণিজ্যিক ও ভোক্তা খাদ্যপণ্য ভিন্নভাবে প্রস্তুত ও প্যাকেজিং করতে হয়। এরই মধ্যে তাজা খাদ্যশস্য নষ্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে হয়েছেও তাই।
বলার অপেক্ষা রাখে না, প্রধান কিছু খাদ্য উৎপাদনকারী দেশ এরই মধ্যে মহামারী মোকাবেলার প্রতিক্রিয়ায় রফতানি নিষেধাজ্ঞা বা কোটা আরোপ করেছে, রাশিয়া ও কাজাখস্তান শস্যদানার ক্ষেত্রে যেমনটা করেছে এবং ভারত ও ভিয়েতনামে যেমনটা করেছে চালের ক্ষেত্রে। এদিকে অন্য দেশগুলো আমদানি বাড়ানোর মাধ্যমে খাদ্য মজুদের ভাণ্ডার সমৃদ্ধ করছে, যেমন ফিলিপাইন চাল মজুদ করছে এবং মিসর করছে গম মজুদ।
এ ধরনের খাদ্য সুরক্ষাবাদ (ফুড প্রটেকশনিজম) সুনির্দিষ্ট দেশের জনগোষ্ঠীর সবচেয়ে অরক্ষণীয় অংশের জন্য স্বস্তি জোগাতে একটি ভালো উপায় হতে পারে, তবে অনেক সরকারের একযোগে যুগপৎ আমদানিজনিত পদক্ষেপ বৈশ্বিক খাদ্য দামে বড় ধরনের উল্লম্ফন ঘটাতে পারে, যেমনটা ঘটেছিল ২০১০-১১ সালে। বিশ্বব্যাংক হিসাব করেছিল যে খাদ্য সুরক্ষাবাদ ওই সময়ে বৈশ্বিক গমের দাম প্রায় ৪০ শতাংশ এবং ভুট্টার দাম ২৫ শতাংশ বৃদ্ধির জন্য দায়ী।
এসব দেশের হতাশা-উদ্বিগ্নতা যে কেউ বুঝতে পারে। কভিড-১৯ মহামারী একদিকে উন্নত ও উদীয়মান অর্থনীতিগুলোয় প্রবৃদ্ধি পতন, কর্মসংস্থান বৃদ্ধি, রাজস্ব ঘাটতি বিস্তৃত করা এবং অভ্যন্তরীণ ঋণের স্ফীতি বাড়াতে নেতিবাচক প্রভাব রেখেছে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোয় নতুন নতুন সংক্রমণ হটস্পট আবির্ভূত হওয়ায় সেখানে জীবন বাঁচানো এবং জীবিকা সুরক্ষার মধ্যে একটি তীক্ষতর ট্রেড-অফের (আপস) সৃষ্টি করবে।
এদিকে উন্নয়নশীল দেশগুলো এরই মধ্যে মূলধন ও রেমিট্যান্সে আন্তঃপ্রবাহ এবং পর্যটনে হঠাৎ পতনের মুখোমুখি হচ্ছে। আবার তাদের মধ্যে বাণিজ্য ও মুদ্রার দিক থেকে অনেক তেল ও প্রাথমিক পণ্য রফতানিকারক দেশ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। কভিড-১৯ মহামারীর বেশ আগে থেকেই অনেক নিম্ন আয়ের দেশ ভয়াবহ ঋণ দুর্দশার ঝুঁকিতে ছিল। তদুপরি এসব অর্থনীতির অনেকেই এখন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ব্যাপকভাবে পর্যুদস্ত, নাজুক।
মাথাপিছু নামিক জিডিপি, পরিবারপ্রতি খাদ্যভোগের অংশ-পরিমাণ এবং মোট খাদ্য আমদানি বিবেচনায় নিয়ে খাদ্য দামে বড় ধরনের উল্লম্ফনে এক্সপোজারের ভিত্তিতে ১১০টি দেশের অবস্থানক্রম অনুযায়ী ‘নমুরা’স ফুড ভালনারেবিলিটি ইনডেক্স’ নামে প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সর্বসাম্প্রতিক তথ্যমতে, উল্লিখিত দেশের মধ্যে খাদ্য দামে একটি স্থিতিশীল বৃদ্ধির কারণে ৫০টি দেশ সবচেয়ে নাজুক, যেগুলোর প্রায় সবই উন্নয়নশীল অর্থনীতি এবং সেখানে প্রায় বিশ্ব জনসংখ্যার তিন-পঞ্চমাংশ মানুষ বাস করে।
প্রকৃতপক্ষে খাদ্য দামের প্লাবন একটি বৈশ্বিক সমস্যা হবে, কারণ সর্বত্রই তা ব্যাপকভাবে প্রত্যাবর্তনশীল (রিগ্রেসিভ)। এমনকি উন্নত দেশগুলোয়ও খাদ্য দামে উল্লম্ফন ধনী ও দরিদ্রের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি করবে। এরই মধ্যে ক্রমাবনতিশীল সম্পদবৈষম্য আরো তীব্রতর করবে। খাদ্য সংকট ও সামাজিক অস্থিরতার যুগ-প্রাচীন সংযোগ কারোরই উপেক্ষা করা উচিত নয়।
রেকর্ডসংখ্যক উন্নয়নশীল দেশকে চলতি সংকটে জরুরি ঋণ প্রদানে বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলো খুব দ্রুততার সঙ্গে এগিয়ে এসেছে। জি২০ সদস্যভুক্ত ঋণদাতারাও দরিদ্র দেশগুলো থেকে সাময়িক ডেট-সার্ভিস পেমেন্ট স্থগিত করতে সম্মত হয়েছে, যারা আপাত নিবৃত্তির অনুরোধ জানিয়েছে। তবে খাদ্য দামে প্লাবনসৃষ্ট ঝুঁকিগুলো যেহেতু কেবল সবচেয়ে নাজুক অর্থনীতিগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সেহেতু সাময়িক ঋণভারের বোঝা কমানো অন্য দেশগুলোয়ও বাড়ানো প্রয়োজন হতে পারে।
কভিড-১৯ মহামারী আরো ব্যাপকতর অর্থনৈতিক অভিঘাত সৃষ্টির শঙ্কা তৈরি করায় সরকারগুলোকে খাদ্য সরবরাহ নিগড় ব্যাহত হওয়ার ঝুঁকিগুলো মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। আরো বিস্তৃতভাবে বলা যায়, মহামারী-পরবর্তী নতুন স্বাভাবিক অবস্থা সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য সুরক্ষাবাদ প্রতিহত করতে বৈশ্বিক নীতি সমন্বয়ের সামান্য কিছু কাজ অব্যাহত রাখা অত্যাবশ্যক। বৈশ্বিক নেতৃত্বের এদিকে মনোযোগ দেয়াই এখন সময়ের দাবি।
[স্বত্ব:
প্রজেক্ট সিন্ডিকেট
]
কারমেন এম রেইনহার্ট: মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক এবং হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সিস্টেমের অধ্যাপক
রব সুবারাম্যান: গ্লোবাল ম্যাক্রো রিসার্চের প্রধান
ভাষান্তর: হুমায়ুন কবির










