অক্টোবর থেকে জানুয়ারি এসব ব্যবসায় এমনিতেই বেচাকেনা মন্দা থাকে। এখন উৎসবগুলোয় বেচাকেনার মৌসুম সামনে থাকলেও উৎপাদন চালু রাখার যেমন উপায় নেই, তেমনি মৌসুমি উৎসবগুলো জমজমাট হবে কিনা, সেটাও অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, নভেল করোনাভাইরাসের কারণে বহুমাত্রিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এসএমই উদ্যোক্তারা। এ অবস্থায় সরকারের উচিত দেশের সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা। পরিস্থিতি মোকাবেলায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা ধরে রাখতে সরকার ২০ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু জটিলতা বেড়েছে প্রণোদনার অর্থ ছাড় ও পাওয়া নিয়ে। এক্ষেত্রে সহায়তার হাত প্রসারিত করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। দ্রুত অর্থ ছাড় এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তারা যেন এ তহবিলের অর্থ পান, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে ব্যবসায়ী সংগঠন কাজ করতে পারে। ইতিবাচক বিষয় হলো, ঋণখেলাপিরা প্রণোদনার অর্থ পাবেন না। একথা সত্য, প্রণোদনা প্রদান কার্যক্রমে অস্বচ্ছতা থাকলে তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা জোগাবে না। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে প্রথম চ্যালেঞ্জ হলো, প্রকৃত ভুক্তভোগীর কাছে এ সুবিধা পৌঁছানো। কারণ প্যাকেজের বড় অংশ কার্যকর করা হবে ব্যাংকের মাধ্যমে। অনেক ক্ষতিগ্রস্ত আছেন, যাদের সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততা নেই। তাদের কাছে কীভাবে এ সুবিধা পৌঁছানো হবে তা নির্ধারণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, প্যাকেজের পুরো অর্থ সংগ্রহ। চলতি বাজেটে এ প্যাকেজ বাস্তবায়নে কোনো অর্থ বরাদ্দ নেই। তৃতীয় চ্যালেঞ্জ, এত বড় প্যাকেজ কার্যকরে অতীতের অভিজ্ঞতা না থাকা। ফলে এটি স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা কঠিন কাজ। সর্বশেষ হচ্ছে, আমলতান্ত্রিক জটিলতা। এসব প্রতিবন্ধকতা এড়াতে দ্রুতই একটি রূপরেখা প্রণয়ন এবং সে অনুযায়ী সবাই কাজ করছেন কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কীভাবে অর্থ বিতরণ করা হবে, কে পাবেন এবং কীভাবে পাবেন—পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে কার্যকরী হতে হবে। নিশ্চিত করতে হবে যে বিতরণ প্রক্রিয়ায় সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাবেন। এ পুরো প্রক্রিয়ার মধ্যে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত শিল্পগুলো এবং দরিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য খাদ্য ও অর্থ জোগান দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনেক ছোট ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা আছেন, যাদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক কম। ফলে সরকার এসএমই শিল্পের জন্য ঋণ প্যাকেজ ঘোষণা করলেও ব্যাংকগুলো এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শনাক্ত করতে পারবে না। তবে যুব উন্নয়ন, এনজিওসহ অন্যান্য সংস্থা থেকে ঋণ নেয়ার সময় এসব উদ্যোক্তা নিজেকে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা দিলে তার জন্য কম সুদে ঋণ প্রদানের সুযোগ করা যেতে পারে। এ ধরনের নির্দেশনা এলে ছোট থেকে আরো ছোট উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। প্রয়োজনে স্থানীয় এনজিওগুলোর সহায়তাও নেয়া যেতে পারে। ঋণ প্রদানে ব্যাংকের গড়িমসি এবং তাদের উদাসীনতা পরিহারে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করতে হবে। যেসব ব্যাংক অর্থ প্রদানে জটিলতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

এ ধরনের বিশাল পরিমাণের প্রণোদনা প্যাকেজ কার্যকরের অতীত অভিজ্ঞতা নেই। বিশ্বের বেশির ভাগ দেশেরই এ ধরনের অভিজ্ঞতা নেই। বিদ্যমান সংকটের সময়ে এ রকম সাফল্য অনেকটাই নির্ভর করবে সরকারের ব্যবস্থাপনার ওপর। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। যেখানে বিভিন্ন বৈশ্বিক সূচকে আমলাতান্ত্রিক দক্ষতা বা সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। এক্ষেত্রে প্রণোদনা বাস্তবায়নে শুধু বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। সরকার থেকে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া এবং তা বণ্টনে তদারকি জোরদারে কমিটি গঠন করা প্রয়োজন। মনিটরিংয়ের মূল কাজ হবে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা। পাশাপাশি প্যাকেজের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে, যাদের জন্য প্যাকেজ করা হয়েছে, তারা সহায়তা পাচ্ছেন কিনা, কোনো ঋণখেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান এর থেকে কোনো ধরনের সহায়তা পাচ্ছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহারও নিশ্চিত করা জরুরি। ফলে করোনাভাইরাস-পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরিয়ে আনতে এ প্রণোদনা ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত এবং এক্ষেত্রে আগে যারা ঋণখেলাপি ছিলেন, তারা কোনোভাবেই এ প্যাকেজ থেকে সুবিধা পাবেন না, এটিও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহায়তা নেয়া যেতে পারে।

ঋণ প্রদানই মূল উদ্দেশ্য নয়, এটি প্রথম পদক্ষেপ মাত্র। ঋণ দেয়া হবে বিশেষ উদ্দেশ্যে, যেমন উৎপাদনের চাকা চলমান রাখা এবং এ ব্যবসাগুলোয় নিযুক্ত শ্রমিকরা তাদের চাকরি ও আয় যাতে ধরে রাখতে পারেন, তা নিশ্চিত করা। উৎপাদন বা কর্মসংস্থান যে শতভাগ আগের পর্যায়েই থাকবে তা হয়তো আমরা আশা করতে পারি না, অন্তত কিছুদিনের জন্য নয়। প্রণোদনা প্রদানের পরেও উৎপাদন, বিক্রয় ও কর্মসংস্থানের কিছু ক্ষতি হয়তো অনিবার্য। উৎপাদন, বিক্রয় ও কর্মসংস্থান হ্রাস কতটুকু আমরা মেনে নিতে প্রস্তুত, তা ঠিক করতে হবে এবং এর ভিত্তিতে প্রণোদনা প্যাকেজের ফলস্বরূপ ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা খাতে আকাঙ্ক্ষিত উৎপাদন, বিক্রয়, কর্মসংস্থান ও মজুরির লক্ষ্য স্থির করতে হবে।