মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র অপারেশন পিবিসাকসেস’র আওতায় ১৯৫৪ সালের ১৮ জুন দুপুর থেকে নিকারাগুয়া ও হনডুরাস সীমান্ত দিয়ে গুয়াতেমালার নিরীহ মানুষদের উপর বিমান থেকে বোমা আর মেশিনগানের গুলিবর্ষণ শুরু হয়। এক সপ্তাহের তাণ্ডবে গুয়াতেমালা পরিণত হয় মৃত্যুর উপত্যকায়। ১৯৫৪ সালের ২৭ জুন শ্রমিক বান্ধব জুয়ান জ্যাকোবো আরবেনজ গুজমান পদত্যাগ করলে সিআইয়ের ডানহাত কার্লোস ক্যাস্তিলো আরমাসকে ৭ জুলাই গুয়াতেমালার রাষ্ট্রক্ষমতায় বসানো হয়। ডা. আর্নেস্তো গুয়েভারার পেরুভিয়ান বন্ধু হিলদা গাদেয়া গ্রেফতার হন এবং আর্নেস্তো গুয়াতেমালাস্থ আর্জেন্টিনা দূতাবাসে আশ্রয় নেন। দূতাবাসে কয়েক সপ্তাহের যন্ত্রনাদায়ক বন্দী জীবন শেষে মাতৃভূমি আর্জেন্টিনায় ফেরত না এসে একজন নির্বাসিত হিসেবে মেক্সিকোতে পা রাখেন ২১ সেপ্টেম্বর ১৯৫৪ সালে। ভবঘুরে ডাক্তার হয়েও গুয়াতেমালায় সংঘঠিত শ্রমিক হত্যার বিরুদ্ধে আর্নেস্তো গুয়েভারার সর্বাত্মক প্রতিশোধমুখী প্রচেষ্টা অভ্যুত্থান সমর্থক ও সিআইয়ের নজর কাড়ে ফলে গুয়াতেমালা ছাড়ার আগেই তাকে একজন দুর্ধর্ষ হিসেবে চিহ্নিত করেন।
মেক্সিকোর সাথে গুয়াতেমালার সীমান্ত প্রদেশ চিয়াপাশ হয়ে ডাক্তার আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা ট্রেনযাত্রী হয়ে আসেন সমুদ্রগামী শহর তাপাচুলায়। মেক্সিকোর সীমান্ত স্পর্শ করার আগে নিরীহ শ্রমিকদের রক্তেভেজা গুয়াতেমালায় আর্জেন্টাইন তরুণ চিকিৎসক একটি শিক্ষা অর্জন করেছিলেন তা হলো, লুটেরাদের সাথে মধ্যস্থতা মানে বিশ্বাসঘাতকতা। স্বপ্নকে বাঁচিয়ে রাখার একটাই পথ- লড়াই করা। এটাই বিশ্বাস এবং লড়াইয়ে জিততে পারাটা সে বিশ্বাসের বিজয়।
ডাক্তার আর্নেস্তো এমন একটা সময় মেক্সিকোতে আসলেন যখন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা রাজনৈতিক নির্বাসিতদের মেক্সিকো সরকার সাদরে গ্রহণ করতেন। ইতোমধ্যেই চে নামে পরিচিত আজেন্টাইন চিকিৎসকের মেক্সিকো জীবন শুরু হয়েছিলো চরম দৈন্যদশার মধ্য দিয়ে। মেক্সিকো শহরের রাস্তায় ভবঘুরে এল চে যার কোন কাজ নেই, পকেটে পেসো নেই, আছে ক্ষুধার জ্বালা। এভাবেই কেটে গেল মেক্সিকো জীবনের প্রথম মাস। গুয়াতেমালা থেকে চিয়াপাশ হয়ে তাপাচুলায় আসার সময় চে’র সঙ্গী হয়েছিলেন ভেনেজুয়েলার জুলিও রবার্তো কাসিরেস যার ডাক নাম ছিলো এল পাতোজো। বন্ধু এল পাতোজোর হাতেও কোন পেসো নাই। এ যেন অভাবের বন্ধু অভাব। জীবিকার তাগিদে চে তার পকেটে জমানো সর্বশেষ পেসো দিয়ে একটি সাধারণ ক্যামেরা কিনলেন এবং এল পাতোজোকে সাথে নিয়ে সারাদিন পার্ক ঘুরে দর্শনার্থীদের ছবি তোলার কাজ করতেন।
সারাদিনকার ছবি প্রিন্ট করা হতো একজন স্থানীয় মেক্সিকানের স্টুডিওতে। এবার বন্ধু পাতোজোকে সাথে নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে চলতো সরবরাহের কাজ। একজন স্ট্রিট ফটোগ্রাফার হিসেবে চে রোজগারের পাশাপাশি খুব কম সময়ে মেক্সিকো সম্পর্কে একটা সহজ ধারণা পেয়ে যান। তৎসময়কার মেক্সিকো সম্পর্কে ডা. আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনার অভিব্যক্তি ছিলো -‘মেক্সিকোকে পুরোপুরি ইয়াঙ্কিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম কিছুই বলছে না। অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ, পণ্যের দাম উদ্বেগজনকহারে বাড়ছে। সকল শ্রমিক নেতাদের কিনে ফেলা হয়েছে এবং শ্রমিক ধর্মঘট দমনের বিনিময়ে ইয়াঙ্কি কোম্পানিগুলোর সাথে অনৈতিক চুক্তি করা হয়েছে। এখানে কোন স্বাধীন শিল্প নেই, কম খরচে করা যায় এমন কোন স্বাধীন বাণিজ্যও।’
নভেম্বর মাসে ডাক্তার আর্নেস্তো মেক্সিকো জেনারেল হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে যোগ দেন। এখানে তিনি অ্যালার্জি ও শিশু ওয়ার্ডে দায়িত্ব পালন ছাড়াও ১৫৫৩ সালে প্রতিষ্ঠিত মেক্সিকো জাতীয় স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের একজন প্রভাষক হিসেবে কাজ করতেন। চে যখন মেক্সিকো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রভাষক তখন এর অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন মেক্সিকোর প্রখ্যাত অর্থনীতিবিদ ও ইতিহাস বিশেষজ্ঞ জোসেস সিলভা হারজগ। আর্জেন্টাইন ডাক্তার আর্নেস্তো চে গুয়েভারা দে লা সেরনা ছিলেন জোসেস সিলভা হারজগের বিশেষ অনুরক্ত তাই নিজের শিক্ষার্থীদের পড়ানো শেষে একজন শ্রোতা হিসেবে হারজগের ক্লাসে উপস্থিত হতেন।
একদিন চিলিয়ান শীতার্ত রাতে মরু শ্রমিকের আর্তনাথ যার রক্তে মিশে গেছে তিনি ডাক্তার হলেও ছিলেন সর্বহারা মানুষের কমরেড। একজন ডাক্তার হয়েও চিকিৎসাকে চে কখনই নিতান্ত পেশা হিসেবে মানতে পারেননি, মেনে নিয়েছিলেন সেবার মাধ্যম করে। মেক্সিকো জেনারেল হাসপাতালের অ্যালার্জি ওয়ার্ডে ডাক্তার আর্নেস্তোর রোগী ছিলেন বৃদ্ধ মারিয়া। অ্যালার্জির কাছে পরাজিত বৃদ্ধা মারিয়ার করুণ মৃত্য তরুণ আর্জেন্টাইন ডাক্তারকে বেদনা হত করে। চে অসহায় বৃদ্ধা মারিয়াকে দেখেছেন ‘সবচেয়ে ভুলে যাওয়া ও শোষিত শ্রেণির একজন প্রতিনিধি’ হিসেবে। কষ্টে চৌচির ডা. আর্নেস্তো চে গুয়েভারা অসহায় মারিয়ার জন্য ‘তুমি নিঃশেষ হয়ে যাচ্ছ’ শিরোনামে একটি দীর্ঘ কবিতা লেখেন। যা মূল প্রতিপাদ্য ছিলো- উন্নত বিশ্বের জন্য লড়াই, গরীব ও শোষিত মানুষদের সুন্দর জীবনের জন্য লড়াই অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি।
১৯৫৫ সালের ১২ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত মেক্সিকোতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্যান আমেরিকান গেমস। তৎকালে মেক্সিকোর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন এই বৃহৎ আয়োজনে ২২টি দেশ থেকে দু’হাজার ৫৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। আর্জেন্টিনা থেকে নির্বাসিত ডাক্তার আলফোনসো পেরেজ ভিজকাওনো ছিলেন লাতিন আমেরিকা সংবাদ সংস্থা প্রেনসা লাতিনার ফটোগ্রাফি বিভাগের প্রধান। কয়েকদিন আগে ডাক্তার আর্নেস্তো চে গুয়েভারার সাথে পেরেজ ভিজকাওনোর কথা হয়েছিলো এবং তিনি ডাক্তার আর্নেস্তোকে ১২ মার্চ থেকে অনুষ্ঠিতব্য প্যান আমেরিকান গেমসে একজন ফটোগ্রাফার হিসেবে কাজ করার প্রস্তাব করেন। মেক্সিকোতে এসে পেটের দায়ে স্ট্রিট ফটোগ্রাফি ছাড়াও চে স্বদেশে থাকার সময় তাসি নামে একটি ম্যাগাজিনে চিত্রগ্রাহকের কাজ করেছিলেন। অভিজ্ঞতার আলোকে চে তার ভেনেজুয়েলার বন্ধু জুলিও রবার্তো কাসিরেস এবং কিউবান বন্ধু সেভেরিনো রোজেলকে সাথে নিয়ে খেলার ছবি ও খবর প্রেনসা লাতিনাকে সরবরাহ করেন। একজন স্পোর্টস ফটোগ্রাফারের কাজ ছাড়াও প্যান আমেরিকান গেম চলাকালীন সময় বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী অতিথি এবং সাংবাদিকদের প্রদর্শক হিসেবেও কাজ করেন।
পরিতাপের বিষয় হলো মার্চের শেষে কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই লাতিন আমেরিকা সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা মেক্সিকোতে তাদের কার্যক্রম স্থগিত করেন। ১৯৫৫ সালের ৯ এপ্রিল আর্জেন্টিনায় ফুফু বিয়োত্রিজকে পাঠানো চে’র চিঠি বিশ্লেষণ করলে দেখা যায় সেসময় প্রেনসা লাতিনা ফটোগ্রাফার ডাক্তার আর্নেস্তো চে গুয়েভারার পাশ্রিমিক পরিশোধ করেননি।
ডাক্তার আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা ছিলেন তৎকালে লাতিন আমেরিকার সেরা এ্যালার্জি বিশেষজ্ঞ ডা. সালভাদোর পিসানির প্রিয় ছাত্রদের একজন। ১৯৫০ সালে আর্নেস্তো পিসানির খুব কাছে থেকে তাঁর গবেষণাগারে কাজ করেছিলেন। বন্ধু আলবার্তো গ্রানাদোকে সাথে করে লা পোদারোসা মোটর সাইকেলে দক্ষিণ আমেরিকা ভ্রমনের সময় ভবঘুরে ডাক্তার আর্নেস্তো ১৯৫২ সালের ৮ জুন আসেন আমাজানের পাড়ে গহীন গ্রাম সান পাবলো কুষ্ঠকলোনীতে। কলোনির পরিচালক ডাক্তার হুগো পেসোসের সাথে তিনি পুরো কলোনী ঘুরে দেখেন। এসময় তিনি প্রতিটি কুষ্ঠরোগীর কাছে যান এবং কুষ্ঠরোগীদের সাথে মিশে খালি হাতে হাত মেলান। সেদিন আমাজানের গহীন জঙ্গলের কুষ্ঠকলোনীতে ডাক্তার আর্নেস্তো একটি মেয়ের সাথে কথা বলেন, কুষ্ঠযন্ত্রনায় মৃত্যুর জন্য ছটফট করা মেয়েটি নিজেকে ক্রশবিদ্ধ যিশুর সাথে তুলনা করেন। এসব কিছুই চে’র মানবিক বোধ ও বিশ্বাসকে শাণিত করেছে। মেক্সিকোর জেনারেল হাসপাতালে চে চিকিৎসা সেবার বাইরে গবেষণায় মনোনিবেশ করেন।
তিনি অ্যালার্জি নিয়ে ব্যাপক পড়াশুনা ও গবেষণার মাধ্যমে আবিস্কৃত তথ্যগুলো ১৯৫৫ সালের মে মাসে মেক্সিকোর বন্দর নগরী ভেরাক্রুজে অনুষ্ঠিত অ্যালার্জি বিষয়ক ডাক্তারদের কংগ্রেসে উপস্থাপন করেন। ডাক্তার আর্নেস্তোর অ্যালার্জি বিষয়ক গবেষণা সাদরে গৃহীত হয় এবং তিনি বিশেষ বৃত্তি লাভ করেন। এলার্জি নিয়ে চে’র তথ্যবহুল গবেষণাটি মেক্সিকোর এলার্জি বিষয়ক জার্নাল রেবিস্তা দে অ্যালারগোলোজিয়া-এলার্জিয়াতে ছাপা হয় এবং ডাক্তার আর্নেস্তো গুয়েভারার কর্মস্থল মেক্সিকোর জেনারেল হাসপাতাল লাইব্রেরি কর্তৃপক্ষ তা সংরক্ষণ করে।
মেক্সিকো জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে চাকরি করার সময় চে তখনকার প্রখ্যাত ডাক্তার প্রফেসর মারিও সালজার ম্যালেনের অধীনে কার্ডিওলজি ইনিস্টিটিউটে গবেষণার কাজ করতেন। গবেষক আর্নেস্তে গুয়েভারা দে ল সেরনা প্রায় ডাক্তার মারিও সালজার ম্যালেনের বাসায় আসতেন এবং গবেষণা বিষয়ক নানা আলোচনা ছাড়াও খুঁনসুটিতে ব্যস্ত থাকতেন সালজারের শিশু কন্যার সাথে। কিউবার প্রবীণ লেখক ও সাংবাদিক মারতা রোজা রদরিগুয়েজ মেক্সিকোতে এলে প্রফেসর মারিও সালজার ম্যালেনের স্ত্রী ওলভিদা তাপিয়া এবং চে’র কাছের বন্ধু ডাক্তার ডেভিড মিতরানির সাথে কথা বলেন যা প্রকাশ করে কিউবার গ্রানমা।
ওলভিদা তাপিয়ার ভাষ্যমতে, গবেষণাকালে আর্নেস্তো গুয়েভারার থাকার মতো কোন জায়গা ছিল না। প্রফেসর সালজার তাকে বাসায় এসে একসাথে থাকার অনুরোধ করলে সংকোচের সাথে তা প্রত্যাখান করেন কারণ তিনি তার শিক্ষককে সম্মান করতেন। যতদিন না আর্নেস্তো থাকার জায়গার ব্যস্থা করতে পারলেন ততদিন পর্যন্ত গবেষণাগারের টেবিলে ঘুমাতেন। প্রফেসর সালজারের ছাত্র ও আর্নেস্তো চে গুয়েভারা কাছের বন্ধু ডাক্তার ডেভিড মিতরানি সেসব দিনের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই রাস্তায় টাকুয়ার খেতাম। অনেক সময় ছিলো যখন আর্নেস্তো এবং আমার প্রধান খাবারই ছিলো রাস্তার টাকুয়ার। পরবর্তীতে আমি আসবাবপত্রের ব্যবসা করে আর্থিক স্বচ্ছলতা আনি কিন্ত মেডিসিন শাস্ত্রকে আমি কখনও ত্যাগ করতে পারিনি’।
প্রফেসর সালজারের অধীনে গবেষণার সময় মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব কাডিওলজিতে আর্নেস্তো চে গুয়েভারার সাথে দেখা হয়েছিলো লিওন বেসোদের সাথে যার সহায়তায় চে জীবন্ত অগ্নিগিরি পপোকাতেপতেল এবং মেক্সিকোর সর্বোচ্চ পর্বত পিকো দে ওরিজাবার চূড়ায় উঠেন। সম্প্রতি লিওন বেসোদের এক সাক্ষাতকারে বলেন, ‘পপোকাতেপতেলের শীর্ষে ভ্রমণের সময় গুয়েভারা দুর্দান্ত ইচ্ছা শক্তি দেখিয়েছিলেন। কোন প্রকার সমস্যা ছাড়াই তিনি শীর্ষে পৌঁছলেন এবং গুয়েভারা ভুলেই গিয়েছিলেন যে তিনি হাঁপানিতে আক্রান্ত’। চে গুয়েভারা অগ্নেয়গিরির চূড়ায় পৌঁছার পর একটি আর্জেন্টিনার পতাকা ওড়ান যা তিনি নিজেই নকশা করেছিলেন। মূলত এটি ছিলো তৎসময়ে আজেন্টাইন শাসন ব্যবস্থার প্রতি একটি তাৎক্ষণিক প্রতিবাদ।
মেক্সিকোর দিনগুলোতে অনেকটা গোছানো ডাক্তার আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা ১৯৫৫ সালের জানুয়ারিতে পেরুভিয়ান নির্বাসিত বন্ধু হিলদা বেনিতা গাদেয়া আকোস্তাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। ১৯৫৫ সালের ১৮ আগস্ট বৃহস্পতিবার আর্জেন্টিনার ডা. আর্নেস্তো গুয়েভারার সাথে পেরুর নির্বাসিত অর্থনীতিবিদ হিলদা গাদেয়ার বিয়ে হয়। এসময় ডাক্তার আর্নেস্তোর বয়স ছিলো ২৭ বছর এবং হিলদার বয়স ৩০ বছর। তেপোতজতলান পাবলিক অফিসে বিবাহ নিবন্ধনের পর বিপ্লবী সঙ্গীদ্বয় হানিমুনে যান যান মায়া সভ্যতার স্মৃতিচিহ্ন মেক্সিকোর ইউকতান রাজ্যের চিচেন ইতজায়। বিয়ের সময় হিলদা গর্ভবতী ছিলেন এবং বুধবার ১৫ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে জন্ম নেয় হিলদা চে দম্পতির প্রথম কন্যা সন্তান হিলদিতা। দু’জন নির্বাসিত মানুষের নয়নমনি হিলদিতাকে চে আদর করে ‘ছোট মা’ বলে ডাকতেন। ভবঘুরে ডাক্তার পিতা আর্নেস্তোর সূত্রে হিলদিতা আর্জেন্টাইন, নির্বাসিত মাতার হিসেবে পেরুভিয়ান। জন্মসূত্রে মেক্সিকান মেয়েটি মৃত্যুর অমোঘ ঠিকানায় কিউবান। এভাভাইে মেক্সিকো শহর চে হিলদার ভাগ্যচিত্র এঁকেছেন দেয়ালঠাসা নির্মমতা দিয়ে।
মেক্সিকো শহরে জুয়ারেজ কলোনির নেপলেস রোডের ৪০ নম্বর বাড়িতে ১৯৫৬ সালে হিলদা বেনিতা গাদেয়া আকোস্তা, ডাক্তার আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা এবং আর্নেস্তোর কোলে তাঁদের একমাত্র মেয়ে হিলদা বিয়োত্রিজ গুয়েভারা গাদেয়া হিলদিতা। হিলদিতাকে আর্নেস্তো গুয়েভারা আদর করে ‘ছোট মা’ বলে ডাকতেন।
নিকরাগুয়া, এল সালভাদর, হনডুরাস, কোস্তারিকা, কিবউবা, বলিভিয়া, গুয়াতেমালা, মেক্সিকো, পেরু, ভেনেজুয়েলাসহ নানা দেশ থেকে নির্বাসিত কমিউনিস্ট বিপ্লবীদের সাথে হিলদার মাধ্যমে চে’র যোগাযোগ গড়ে উঠে। কিউবা থেকে নির্বাসিত বিপ্লবী যোদ্ধা নিকো লোপেজের সাথে মেক্সিকোতে এসে চে’র পুনরায় দেখা হয়। নিকো লোপেজ একজন রোগি হিসেবে মেক্সিকো জেনারেল হাসপাতালের এলার্জি ওয়ার্ডে ডা. আর্নেস্তোর সাথে দেখা করতেন। নিকোর মাধ্যমে পরিচয় হয় মোনকদা ব্যারাক আক্রমনকারী আরেক যোদ্ধা ফিদেলের ছোট ভাই রাউল কাস্ত্রোর সাথে।
মূলত এই নিকো লোপেজের হাতেই ছিলো তৎসময় মেক্সিকোর নেপলস কলোনির বাসিন্দা ডাক্তার আর্নেস্তোর ভেতর বাস করা চে’র আসল মানচিত্র।
কুয়াহিতামোক অঞ্চলের একটি পাড়া তাবাকালেরা কলোনি। পাবলো নেরুদার স্মৃতিবাহী বোহেমিয়ান খ্যাত তাবাকালেরা ১৯৫০’র দশেকে বহুদেশ থেকে আসা নির্বাসিতদের জন্য ছিলো সহজ ঠিকানা। তাবাকালেরার জোসে দে এমপারান রোডের ৪৯তম বাড়ির এ্যাপার্টমেন্ট সি’তে বসবাস করতেন কিউবা থেকে নির্বাসিত মারিয়া এ্যান্তোনিয়া গনজালেজ রদরিগুয়েজ। ১৯৫৫ সালে ৮ জুলাইয়ের শীতার্থ রাত। মারিয়া এ্যান্তোনিয়ার বাসায় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সাথে আর্জেন্টিনার ডাক্তার আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনার প্রথম দেখা। সেদিনকার শপথ ছিলো সাম্রারাজ্যবাদ বিরোধী যুদ্ধের প্রথম উচ্চারণ। মারিয়ার বাসা ছাড়াও ডাক্তার চে ও ফিদেল জুয়ারেজ কলোনির লা হাভানা ক্যাফেতে বিপ্লবের নানা দিক নিয়ে কথা বলতেন। এখানে তাদের সাথে নিকো লোপেজসহ অন্যান্য বিপ্লবীদের যোগাযোগ হতো।
গেরিলা যুদ্ধের প্রস্তুতিকালে গুপ্তচরদের বিশ্বাসঘাতকতায় ১৯৫৬ সালের ২২ জুন মেক্সিকোর রাস্তা থেকে ফিদেল এবং ২৪ জুন সান্তারোজা গ্রামের খামার বাড়ি থেকে চে ও অন্যান্য গেরিলাদের গ্রেফতার করেন। মেক্সিকান পুলিশ এসময় তাবাকালেরার এমপারান রোডে অবস্থিত মারিয়া এ্যান্তোনিয়ার বাড়িতে তল্লাশি চালায় এবং কিউবা বিপ্লবের পরিকল্পনা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে। মেক্সিকোর মিগুয়েল শুলজ কারাগারে বন্দী চে’র ভাষায় এ ছিলো প্রথম অধ্যায়ের বিলম্বিত শেষ। সাতান্ন দিন কারাভোগের পর মুক্ত চে ১৯৫৬ সালের ৬ জুলাই কারাগার থেকে পাঠানো চিঠিতে বাবাকে বলেছিলেন, আমি যদি তোমাকে আর লিখতে না পারি তবে ভাববে চিরদিনের জন্য হারিয়ে গেছি তাই এই কথাগুলোকে বিদায়ী কথা হিসেবে নিও। আমি সারা জীবন একটা সত্যের সন্ধানে ছিলাম, সে পথ আমি খুঁজে পেয়েছি। আমার বংশধারা অব্যাহত রাখতে রয়েছে আমার কন্যা; যার মাধ্যমে আমি চক্র সমাপ্ত করলাম। এখন থেকে আমি আর মৃত্যু নিয়ে হতাশ হবো না।
আচমকা গ্রেফতার সব কিছু তচনছ করে দিলেও শেষ হয়ে যায়নি কিউবা বিপ্লবের স্বপ্ন। আবারও শুরু হলো কিউবা দ্বীপ আক্রমণের রণ প্রস্তুতি। স্পেনিশ গৃহযুদ্ধের নির্বাসিত জেনারেল আলবার্তো বায়োকে কমরেডদের যুদ্ধ প্রশিক্ষণে নিয়োগ করা হলো। জেনারেল আলবার্তো প্রথমে প্রশিক্ষণ বাবদ বিশাল অংকের মায়না দাবী করলেও গেরিলাদের জীবনবাজি রাখা স্বদেশ প্রেমে মুগ্ধ হয়ে কোন অর্থকড়ি নেননি। আলবার্তো বায়ের ভাষায় চে গুয়েভারা ছিলেন তার পুরস্কৃত শিক্ষার্থী এবং একজন সেরা গেরিলা যোদ্ধা।
অবশেষ ১৯৫৬ সালের ২৫ নভেম্বর। ক্ষুব্দঝড়ের মধ্যরাতে মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশের টাক্সপান বন্দর থেকে গেরিলাবাহী গ্রানমা ক্যারাবিয়ান সমুদ্রের বুক ছিঁড়ে আছড়ে পড়লো কিউবার পূর্ব উপকূল ওরিয়েন্তি প্রদেশের গহীন চর লাস কলোরাডাসে।
১৯৫৫ সালের ১০ এপ্রিল প্রিয় বন্ধু তিতার চিঠির উত্তরে লেখা চে’র চিঠিতে ছিলো বন্ধুকে নিয়ে বাউলিয়ানার এক বুক হাহার। যেখানে চে স্বপ্ন দেখতেন তিতার সাথে তাঁর খুব তাড়াতাড়ি দেখা হবে ইউরোপের কোন এক শহরে। আবার একসাথে চলবেন নিরুদ্দেশ পথ। খুব সাদামাটা দিনযাপন। ১৯৫৪ সালের ১২ ফেব্রুয়ারি আর্জেন্টিনায় ফুফু বিয়োত্রিজকে লেখা চিঠিতে আর্নেস্তো গুয়াতেমালায় ছয় মাস অথবা দু’বছর থাকার কথা বলেছেন। যদি এর মধ্যে জীবন যাপন করার মতো অর্থ জোগাড় না হয় তবে জীবিকার সন্ধানে চলে যাবেন অন্য কোন দেশে। সেটা হতে পারে ভেনেজুয়েলা, মেক্সিকো, কিউবা, যুক্তরাষ্ট্র। কাজের সন্ধানে আর্নেস্তো তার লক্ষস্থল হিসেবে ক্যারাবিয়ান অঞ্চলের দেশ হাইতি এবং ডোমিনিকার কথাও উল্লেখ করেছেন। গুপ্ত হত্যার প্রতিশোধ যুদ্ধে অংশ নিতে এ বছর মে মাসে ভিসার মেয়াদ বাড়াতে গিয়েছিলেন সালভাদর কিন্তু আরবেনজ গুজমানের পরাজয় সব কিছু বদলে দেয়। জুলাই মাসে জুয়ান পেরন বিশেষ বিমানে দূতাবাসে আশ্রিতদের আর্জেন্টিনা ফেরতৎ নেন কিন্তু বিমানে সিট থাকা সত্তেও ডাক্তার আর্নেস্তো মাতৃভূমিতে ফেরত না গিয়ে অন্যান্য নির্বাসিত বিপ্লবীদের সাথে মিশে পা বাড়ান মেক্সিকোর পথে। মেক্সিকো এসে ১৯৫৪ সালের ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনায় বাবাকে লেখা চিঠিতে বলেছিলেন তিনি যুক্তরাষ্টের জন্য ভিসার আবেদন করেছেন। ১৯৫৫ সালের ৯ মে লেখা চিঠিতে চে’র তাঁর মাকে বলেছিলেন মেক্সিকো থেকে আমেরিকা যাওয়া একটু দুরূহ হলেও তিনি ভেনেজুয়েলা অথবা কিউবাকে পরবর্তী গন্তব্য করবেন তবে তার প্রবল ইচ্ছা প্যারিসে থিতু হওয়া। চে’র ভাষায় প্যারিসে থিতু হওয়ার জন্য প্রয়োজনে আর্টলান্টিক মহাসাগর সাঁতরে পার হবেন। বাস্তবেই তিনি পাড়ি দিয়েছেন তবে সেটা অগ্নি সাগর। ওই দূর কলোরাডাসের পাড়ে সীমান্তহারা যুদ্ধের এক রক্ত নিশান।










