করোনা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে চলা ‘জীবন না জীবিকা’—এ বিতর্কে অবশেষে জীবিকারই জয় হলো। কিছুটা আগে পোশাক কারখানাগুলো খুলে দেয়া হলেও গত ৩১ মে সবকিছু উন্মুক্ত করে দেয়া হলো। কিন্তু তার আগে দুই মাসের একটু বেশি সময়ের জন্য নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির আদলে অঘোষিত লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিছু জেলা ও উপজেলায় আবার জেলা প্রশাসনের উদ্যোগে পুরোপুরি লকডাউনও ঘোষণা করা হয়েছিল। এই ঘোষিত-অঘোষিত লকডাউনে ঘরে আটকা পড়েছিল বিপুলসংখ্যক মানুষ। কাজ করতে পারেনি তারা। এর বৃহত্তর অর্থনৈতিক প্রভাব তো সন্দেহাতীতভাবে বিপুল। তবে এক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিকশাচালক ও দিনমজুরের মতো দৈনিক মজুরির ওপর নির্ভরশীল জনগোষ্ঠী। সম্প্রতি লকডাউনকালীন মানুষের উপার্জনের ক্ষতিবিষয়ক একটি ডিজিটাল জরিপের ফল প্রকাশ করেছে ব্র্যাক। ওই জরিপে দেখা গেছে, সাধারণ ছুটির মধ্যে ৯৫ শতাংশ মানুষ উপার্জনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫১ শতাংশ পরিবারে কোনো আয়ই হয়নি। এতে আরো দেখা গেছে, আয়হীন পরিবারের সংখ্যা গ্রামের চেয়ে শহরে বেশি। পুরুষের তুলনায় নারীর উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারের আয় কমেছে বেশি। এটা নিম্ন আয়ের মানুষের বড় ধরনের আর্থিক নাজুকতা ও অনিশ্চয়তারই ইঙ্গিত দেয়।

কাজ ও উপার্জন হারিয়ে খেটে খাওয়া মানুষগুলো পরিবারের জন্য খাবারের সন্ধানে বিভিন্ন দিকে ছোটাছুটির দৃশ্য দেখা গেছে। অনেকেই টিসিবির ট্রাকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেছে কম দামে খাদ্যপণ্য কেনার জন্য। অনেকে ফুটপাতে ভিক্ষার থালা মেলে ধরেছে, এখনো ধরছে। আরেকটি শ্রেণী আবার পরিবারের খাদ্য জোগানোর উদ্দেশ্যে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এরই মধ্যে এ ধরনের ঘটনা বৃদ্ধির খবর সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। কাজেই এসব মানুষের ন্যূনতম আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা জরুরি।

সরকার অবশ্য কয়েক দফায় খাদ্যসহায়তা দিয়েছে। নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য, ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। তবে এক্ষেত্রে দুর্নীতি হয়েছে বিস্তর। বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি ত্রাণের চাল চুরি হয়েছে। সেগুলো খোলাবাজারে বিক্রির ঘটনাও দেখা গেছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা এ ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে বেশি। ফলে প্রকৃত ভুক্তভোগীদের অনেকেই অনেক ক্ষেত্রে সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। তালিকা প্রণয়নে অনিয়মের কারণে অনেক সচ্ছল পরিবারও ত্রাণ পেয়েছে। আবার ব্যবস্থাপনাগত দুর্বলতায় অনেক পরিবার একাধিকবার ত্রাণ পেলেও কিছু পরিবার একবারও পায়নি। এ ধরনের মিশ্র ঘটনা ঘটেছে। অর্থনীতিবিদরা দুর্নীতি প্রতিরোধে অবশ্য আগে থেকেই নগদ অর্থসহায়তার কথা বলে আসছিলেন, যাতে আয়হীন পরিবারগুলো খাদ্য কিনে খেতে পারে। সরকার পরে বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদের আগে থেকে নগদ অর্থসহায়তা শুরু করেছে। তবে এক্ষেত্রেও তালিকায় নানা অসংগতির অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনেক জায়গায় একজনের মোবাইল নাম্বারের বিপরীতে অনেকের নাম সংযোজনের খবর উঠে এসেছে। তাছাড়া তালিকায় জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনের নাম এবং তুলনামূলক সচ্ছল প্রিয়ভাজন পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্তিরও অভিযোগ মিলেছে। বাদ পড়েছে অনেক আয়হীন পরিবার। বলতে গেলে, খাদ্য ও নগদ অর্থসহায়তা দুটো কর্মসূচিতেই অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা। সামনের দিনে এ ধরনের অসংগতি ও অনিয়ম কঠোরভাবে রোধ করতে হবে বৈকি।

এটা সত্য, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার পর নিম্ন আয়ের দৈনিক মজুরির ওপর নিভর্রশীল মানুষ ধীরে ধীরে জীবিকা নির্বাহের পথে ফিরে আসছে। কিন্তু এসব পরিবার এখনো পর্যাপ্ত আয় করতে পারছে না। ফলে দৈনন্দিন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবারের অনেকের অন্তত আগামী তিন মাসের জন্য ধারাবাহিক খাদ্য বা আর্থিক সহায়তার প্রয়োজন হবে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের যথাযথ পদক্ষেপ কাম্য।

এদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণের ধারা ঊর্ধ্বমুখী। এ বাস্তবতায় সরকার জোনভিত্তিক কঠোর লকডাউনের পরিকল্পনা করছে। কক্সবাজার সদর পৌরসভা, টেকনাফ উপজেলা এবং রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় স্থানীয় প্রশাসনের তরফে এরই মধ্যে কঠোর লকডাউন কার্যকর করা হয়েছে। ১৪ দিন বা তারও বেশি সময় পর্যন্ত ওইসব এলাকায় খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থেকে কেউ প্রবেশ এবং ভেতর থেকে কেউ বাইরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে অনেক দিনমজুর, রিকশাচালকসহ দৈনিক মজুরিভিত্তিক কর্মী আটকা পড়েছে। এতে তাদের আয়ের পথ বন্ধ। তাই তাদের প্রয়োজনীয় খাদ্য বা পণ্য কেনার জন্য সরকারিভাবে নগদ অর্থসহায়তা দিতে হবে, যাতে কেউ খাদ্যাভাবে না পড়ে। এক্ষেত্রে একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত সর্বাগ্রে প্রয়োজন। সামনে এ ধরনের লকডাউন আরো বাড়বে। সুতরাং বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশাসনের আগাম প্রস্তুতি নিতে হবে। নিম্ন আয়ের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে তালিকা প্রণয়নের কাজে এনজিও ও স্থানীয় সমাজভিত্তিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা যেতে পারে। এতে কাজে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি সরকারি প্রশাসনের চাপও অনেকাংশে কমে আসবে বৈকি। সম্মিলিত প্রয়াসে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা অব্যাহত থাকুক, এটিই প্রত্যাশা।