বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতিতে দীর্ঘ সময়ব্যাপী লকডাউন কার্যকর কিনা, এমন আলোচনার মধ্যেই সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। স্পেন, ইতালি, ডেনমার্ক, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানিসহ লকডাউন শিথিল করছে ইউরোপের সাত দেশ। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার খুলেছে বিশ্বের বৃহত্তম শেয়ারবাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ট্রেডিং ফ্লোর। ডোনাল্ড ট্রাম্প চাইছেন লকডাউন তুলে নিতে, যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক রাজ্যে লকডাউন শিথিল হয়ে আসছে। বেশকিছু কড়াকড়ি উঠিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া। করোনার কারণে মুমূর্ষু হয়ে পড়া অর্থনীতির গতি ফেরানোর অংশ হিসেবেই লকডাউনবিষয়ক কড়াকড়ি কমানোর পক্ষে তারা। বাংলাদেশে যেখানে শ্রমজীবীদের প্রায় ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে এবং বর্তমানে দেশের ২০ শতাংশ দরিদ্র পরিবারের পাশাপাশি উপার্জন হারিয়ে নতুন করে দারিদ্র্যের মুখোমুখি হওয়া পরিবারের সংখ্যাও অনেক। এ অবস্থায় অর্থনীতি ও মানুষের জীবিকা বাঁচাতে সাধারণ ছুটি না বাড়ানোর সরকারি সিদ্ধান্তটি বোধকরি প্রাসঙ্গিক।
কয়েক মাস ধরে চলা লকডাউনে ব্যক্তি ও জাতীয় পর্যায়ে আর্থিক ক্ষতির পরিমাণ কম নয়, যা দেশের অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বলছে, লকডাউনে গড়ে প্রতিদিন প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব অনুযায়ী লকডাউনের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ অনুমান করা হচ্ছে প্রায় ১ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলার। বিশ্ব খাদ্য সংস্থা সতর্কবাণী দিয়েছে যে অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে যে নভেল করোনাভাইরাসের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বিশ্বের প্রবৃদ্ধি ৩ শতাংশ হারিয়ে যেতে পারে।
তবে কিছু বিষয় থেকে যায়। গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করলেও আমরা করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারিনি বলেই প্রতীয়মান। পুলিশ, সেনাবাহিনী নামিয়েও সাধারণ জনগণকে বাইরে বের হওয়া থেকে বিরত রাখা যায়নি। এমন অবস্থায় সাধারণ ছুটি না বৃদ্ধির সিদ্ধান্তে কভিড-১৯-এর বিস্তার কতটা ঠেকানো সম্ভব হবে, সে শঙ্কা থেকেই যাচ্ছে। সরকার অবশ্য ভাইরাসের বিস্তার রোধে ও পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। এ অবস্থায় সাধারণ জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি করোনা পরীক্ষা ও আক্রান্তের সঙ্গনিরোধ ও চিকিৎসার দিকে সর্বোচ্চ নজর দিতে হবে। হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে হবে। প্রণয়ন করতে হবে কার্যকর কর্মপরিকল্পনা। কেননা সামান্যতম অবহেলা এখানে জনজীবনের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে।
তাছাড়া আমরা যে যুক্তিতে লকডাউন বাস্তবায়ন করেছিলাম, তার মূলে স্বাস্থ্য ব্যবস্থাকে বহুগুণে প্রস্তুত করার যে মৌলিক শর্ত ছিল, তা পূরণ করতে পারিনি। প্রতিদিনই সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি এবং মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়ে গেছে। যতদিন পর্যন্ত আমরা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি প্রস্তুত করতে না পারব, ততদিন পর্যন্ত ঝুঁকির মাত্রা কমবে না। প্রতিষেধক আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নভেল করোনাভাইরাস শনাক্ত করতে বেশি বেশি টেস্ট এবং শনাক্তকৃত রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করার পাশাপাশি জীবনযাপনে অনেক বেশি স্বাস্থ্যসচেতন হতে হবে। রাস্তাঘাটে, বাজারে, বিপণিবিতানে লোকজনের চলাচল বেড়ে গেছে। এদিকে দীর্ঘ দুই মাস পর আগামী বোরবার থেকে বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস চালুর কথা বলা হয়েছে। এ অবস্থায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে কিনা, তা নিয়ে নতুন করে উদ্বেগ হওয়াই স্বাভাবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা লকডাউন প্রত্যাহার বা শিথিল করার আগে ছয়টি শর্ত পূরণের তাগিদ দিয়েছে, যার মধ্যে রয়েছে রোগ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ; পরীক্ষা, আইসোলেশন, চিকিৎসা, সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তি ও প্রতিটা রোগীকে শনাক্ত করতে সক্ষম হওয়া; দরকারি স্থানে সুরক্ষামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা; বাইরে থেকে আসা নতুন রোগীদের সামলানো; সমাজের বাসিন্দাদের পুরোপুরি সচেতন, সতর্কের জন্য অঙ্গীকারবদ্ধ করা। শর্তগুলো আমরা কতটা পূরণ করতে সফল হয়েছি, তা প্রশ্নবিদ্ধ। অর্থনীতির বিপর্যয় ঠেকানোর উদ্দেশ্যে সাধারণ ছুটি না বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে, কিন্তু তা যেন ভবিষ্যতের জন্য মারাত্মক পরিণতি ডেকে না আনে। কেননা এ সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ; সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। ফলে বেশিসংখ্যক মানুষকে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলোয় সর্বোচ্চ নজর দিতে হবে।










