নভেল করোনাভাইরাস দিন দিন কল্পনাতীত পরিস্থিতি ও সংকট তৈরি করছে। এ সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। এ অবস্থায় ১১ জুন সংসদে বাজেট ধারাবাহিকতা রক্ষা করার সর্বকালের সবচেয়ে বড় বাজেট ঘোষণা দেয়া হয়েছে। এমন দুর্যোগে এমন বাজেট দরকারও আছে। কারণ দেশের বর্তমান করোনা সংকট উত্তরণে সর্ববৃহৎ কল্যাণমুখী বাজেট প্রকৃতার্থে দেশের সার্বিক কল্যাণ বয়ে আনবে বলে আশা করি।

এ মুহূর্তে জীবন আর জীবিকার দ্বিমুখী টানাপড়েনে আছি আমরা। নভেল করোনাভাইরাসের প্রকোপ ও সংক্রমণ এখনো চলছে। চলমান ২০১৯-২০ অর্থবছরের শেষ তিন মাসে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও বিপণন, সেই সঙ্গে রফতানি ও প্রবাসী আয়—সব দিকেই করোনাভাইরাসের বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে নভেল করোনাভাইরাসের প্রভাবজনিত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাকেই প্রাধান্য দেয়া হয়েছে।

কারণ করোনা দুর্যোগে স্বাস্থ্য, খাদ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা খাতে সরকারি ব্যয় বেড়েছে। বিনা মূল্যে চাল বিতরণ, ১০ টাকা দামে গরিব মানুষকে চাল সরবরাহ করা, করোনাকালীন কর্মহীন মানুষকে নগদ টাকা দেয়া, অর্থনীতি পুনরুজ্জীবিত করতে প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ নানা আর্থিক সুবিধা দেয়ায় ভর্তুকির চাপ বেড়ে গেছে। এজন্য বাড়তি অর্থ জোগান দিতে হবে। এছাড়া বেশি ব্যয় করলে অভ্যন্তরীণ চাহিদা চাঙ্গা থাকবে। এতে অর্থনীতি চাঙ্গা হবে। এসব বিবেচনা করে করোনাকালীন সংকট মোকাবেলায় বিশাল অংকের বাজেট করছে সরকার।

বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি। আবাস পাওয়া গেছে, এবারের বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পের সুরক্ষায় শর্তসাপেক্ষে কিছুটা কর ছাড় দেয়া হতে পারে। করোনার কারণে যারা সময়মতো প্রযোজ্য কর দিতে পারেনি, তাদের দণ্ড সুদ মওকুফ করে দেয়া হবে। মূল্য সংযোজন করে একই সুবিধা দেয়া হচ্ছে। আমদানি ক্ষেত্রে বিলাস ও অপ্রয়োজনীয় পণ্যে আমদানি নিরুৎসাহিত করতে কিছু পণ্যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে সিগারেট ও তামাকে শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে।

অবশ্য বাজেট ঘোষণার আগেই নভেল করোনাভাইরাসে দেশের অর্থনীতিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কয়েকটি প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সহায়তা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো, সরকারি ব্যয় ও মুদ্রা সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও বৃহৎ শিল্প খাতের কার্যক্রম চালু রাখা।

আমরা দেখেছি বাংলাদেশে নভেল করোনাভাইরাসের আকস্মিক আক্রমণের পর তার বিস্তার ক্রমেই বাড়ছে। দেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব এবং লাভ-ক্ষতির চুলচেরা বিশ্লেষণে নানান হিসাব মেলাতে ব্যস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা। পিছিয়ে নেই বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোও।

আমি মনে করছি, শিল্পায়নের ধারা বেগবান করার জন্য রফতানিমুখী শিল্পপণ্য উৎপাদন বাড়াতে ও রফতানি বহুমুখীকরণকে উৎসাহিত করতে শিল্পপণ্য উৎপাদনে সব প্রকার কাঁচামাল, ওষুধ শিল্পের কাঁচামাল ও মেশিনারিজের ওপর অগ্রিম কর প্রত্যাহার করা দরকার। পাশাপাশি তৈরি পোশাক খাতের ডিজাইন এবং ডামি সেন্টার, স্যাম্পল, ইটিপি, জ্বালানি দক্ষতা এবং পরিবেশবান্ধব পণ্য ও সেবার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা দরকার।

এছাড়া এসএমই উদ্যোক্তাদের জন্য বার্ষিক টার্নওভারের লিমিট ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা নির্ধারণ করার প্রস্তাব বিবেচনায় আনা জরুরি বলে মনে করছি এবং পণ্যের ভ্যালু এডিশন বা মুনাফা অনুপাতে ৪ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করছি।

আমি মনে করছি, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে এ বছরের বাজেট প্রণয়নে যুক্ত করা যেত, এতে সরকার, সাধারণ জনগণ এবং বেসরকারি খাত এ অবস্থা থেকে উত্তরণে সহায়ক নীতিমালা ও রাজস্ব ব্যবস্থাপনার সুফল পেত।

একটু লক্ষ করলে দেখবেন, মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়েছে। কিন্তু সেই হারে দেশের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারত একলাফে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে। মূলত কর ছাড় দিয়ে নাগরিকদের ক্রয়ক্ষমতা বাড়ানোর মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করতেই করমুক্ত আয়সীমা একলাফে দ্বিগুণ করেছে ভারত। আমাদেরও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত সীমা বাড়ানো উচিত।

আমরা এরই মধ্যে জেনেছি, প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের প্রায় সব দেশই নভেল করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা বা ক্ষতি মোকাবেলায় এমন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। কেননা এ মুহূর্তে পৃথিবীর সব দেশকেই একদিকে যেমন নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, অন্যদিকে অর্থনীতির চাকা সঠিকভাবে চালু রাখতেও লড়তে হচ্ছে। যে লড়াই প্রতিটা দেশের কাছেই বিরাট এক চ্যালেঞ্জ। যার একটায়ও হারা যাবে না। হারলেই সব শেষ! তাই আমাদের সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এতে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে।

 

রাইসুল উদ্দিন সৈকত: চেয়ারম্যান, এলবিয়ন গ্রুপ