প্রকৃতির সুশোভিত এবং পল্লবিত রূপ ফিরে এসেছে করোনা মহামারীর পথ বেয়ে। একদিকে মানুষ বিপর্যস্ত, অন্যদিকে প্রকৃতি উদ্ভাসিত। এ পৃথিবী এখন পাখপাখালির পৃথিবী, পোকামাকড়ের পৃথিবী, সবুজ বৃক্ষলতার পৃথিবী। আর মাস্ক, গ্লাভস ও পিপিই অসহায় মানুষের নিত্যসঙ্গী। করোনা ভাইরাস থেকে বাঁচতে এখন প্রয়োজন মাস্ক-গ্লাভ্স-স্যানিটাইজার। বিশ্বব্যাপী কোটি কোটি মাস্ক-গ্লাভ্স-পিপিই’র উৎপাদন চলছে। স্যানিটাইজারও উৎপাদিত হচ্ছে টনে টনে। কিন্তু ব্যবহারের পর এসব বর্জ্যের গন্তব্য কোথায়? নিঃসন্দেহে পরিবেশ ঝুঁকির এ এক নতুন মাত্রা। এ মুহূর্তে প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক দিকনির্দেশনা। এসব পুরোপুরি জৈব-বর্জ্য নয়, যা পরিশোধন বা পুনর্চক্রায়ন করে রূপান্তর যোগ্য। ক্লিনিক্যাল বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং পুনর্চক্রয়ান বা বিনষ্টের লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট আইন আছে। বাংলাদেশ মেডিকেল বর্জ্য বিধিমালা-২০০৮’ এ  এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা আছে। প্রথমে বর্জ্য চিহ্নিত, অতঃপর বর্জ্যরে শ্রেণি বিন্যাস এবং সবশেষে কোন প্রক্রিয়ায় বর্জ্য ডিসপোজাল অর্থাৎ ধ্বংস, পোড়ানো বা পুঁতে ফেলা হবে, তা নিশ্চিতকল্পে প্রতিটি জেলা ও বিভাগ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি আছে। এ কমিটিতে সিভিল সার্জনসহ বিশেষজ্ঞ এবং প্রশাসনের প্রতিনিধি রয়েছেন। বর্জ্যের বিষয়ে বাংলাদেশ পরিবেশ নীতিতে থ্রি আর (Reduce, Reuse & Recycle) অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানের অভিজ্ঞতায় দেখেছি, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় আমরা কত উদাসীন এবং দায়িত্বহীন! 

একসময় রাজধানীর টনে টনে বর্জ্য পলিথিনের গন্তব্য ছিল বুড়িগঙ্গা। ড্রেজিং করে বুড়িগঙ্গার তলদেশ থেকে ২০৬ কোটি টাকা ব্যয়ে  ৭/৮ ফুট  স্তর  পলিথিনের বর্জ্য  উত্তোলন করে নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল। এর অর্থনৈতিক মূল্য বোঝার ক্ষমতা আমাদের নেই। কিন্তু নদী তার হৃত প্রবাহ ফিরে পায়নি। করোনা মহামারী শিক্ষা দিয়েছে, মানুষের অর্থ লোলুপতা এবং সীমাহীন ভোগবাদীতার করুণ পরিণতি কী হতে পারে। প্রকৃতিকে নিঃস্ব, রিক্ত ও বিপর্যস্ত করে আজ স্বয়ং মানুষই ক্লান্ত, নিঃস্ব, অশ্রুসিক্ত। কী মর্মান্তিক বাস্তবতা! করোনা প্রমাণ করেছে, মানুষ এ বিশাল প্রকৃতির মালিক নয়, প্রকৃতির একটি অংশ মাত্র। আটশ’ কোটি জনসংখ্যার এ পৃথিবীতে সম্পূর্ণ বায়োমাস’ এর হিসেবে মানুষের অংশ মাত্র ০.০১% অর্থাৎ আমাদের অংশ কত ক্ষুদ্র! মেরু অঞ্চল এবং মরুভূমি ব্যতীত মহান স্রষ্টা আল্লাহ পৃথিবীর অবশিষ্ট অংশ সবুজে আবৃত করে সৃষ্টির প্রতিটি অংশকে মানুষের জন্য কল্যাণময় করে দিয়েছেন। বাংলাদেশে আমরা পেয়েছি সবুজ প্রান্তর, নদ-নদী, পাহাড়-টিলা এবং হাওড় বাওড়। পৃথিবী জুড়ে জীবন-জীবিকার যোগান নদী-কেন্দ্রীক। বাংলাদেশের শিরা উপশিরা নদীর পানি দিয়ে। অথচ নদীমাতৃক বলে আমাদের যে অহংকার ছিল, তা’ এখন অতীত স্মৃতি। ৬০’ এর দশকের সাড়ে ৭শ’ নদী কমে বর্তমানে দাঁড়িয়েছে ২৩০টিতে। দূষণে-দূষণে বিষাক্ত এবং দখলে-দখলে ক্ষতবিক্ষত করেছি নদীগুলোকে। হৃৎপিন্ডের মতই নদীগুলোর রক্তনালীতে সৃষ্টি করেছি অসংখ্য ব্লক।

সম্প্রতি সরকারের নদী উদ্ধার অভিযান বেশ সাড়া জাগিয়েছিল। হাইকোর্ট ফেব্রুয়ারি, ২০১৯ সালে নদীকে জীবন্ত সত্ত্বা হিসেবে ঘোষণা দেয় অর্থাৎ যে কোন ক্ষতি থেকে রক্ষায় নদীর আইনগত অধিকার স্বীকৃত হয়েছে। কিন্তু এখন করোনা সৃষ্ট কোটি কোটি মাস্কের বর্জ্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে। এসডো’র গবেষণায় জানা গেছে, গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শুধু ১ মাসে ১৫৯২ টন সার্জিক্যাল মাস্কের বর্জ্য উৎপন্ন হয়েছে। এমনিতে কভিড-১৯ সারা বিশ্বে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। অর্থনৈতিক ক্ষতি, মানসিক চাপ ও মৃত্যুর মিছিলে আতংকিত বিশ্ববাসী। এর মধ্যে মাস্ক-গ্লাভ্স বর্জ্য পরিবেশ সংকটকে ঘনীভূত করছে। কোটি কোটি মানুষের ব্যবহার করা মাস্কগুলো বর্জ্য হিসেবে অবক্ষেপণ করা হবে কীভাবে? তবে কি ডাস্টবিন, নালা-নর্দমা পেরিয়ে অবশেষে সঞ্চিত হবে নদীগর্ভে? এদেশে নদ-নদীই আমাদের সবচেয়ে নিরাপদ বর্জ্যাগার (!)।


বর্জ্য মাস্ক নিয়ে কী সমস্যা হতে পারে,  Polypropylene দিয়ে তৈরি মাস্কের বর্জ্য ব্যবস্থাপনা কেমন হবে, তার তথ্য-উপাত্ত নিয়ে এর সমাধান  আমাদের বের করতে হবে। বর্জ্য লুকিয়ে রাখা যায় না, দূষণ কোন ভৌগোলিক সীমারেখা মানে না। এর প্রভাব ও অভিঘাত পরিবেশে পড়বেই। নাগরিকরা যত্রতত্র বর্জ্য ফেলবে এবং  ব্ল্যাকহোলের মত সেগুলো নদীতে হারিয়ে যাবে, এটিই বাংলাদেশের পরিবেশগত বাস্তবতা। জাতি হিসেবে Use & Throw আমাদের প্রাত্যাহিক জীবনের অনুষঙ্গ, এ নিয়ে আমাদের অপরাধবোধ শূণ্য।  এ মুহূর্তে  মাস্কের গতিবিধি পর্যবেক্ষণ করলে দেখা যাবে, নগরী-মহানগরীর অলিগলি, ভবনের কোনা, নালা-নর্দমা মাস্কের বর্জ্যে একাকার হয়ে আছে। যেখানে রাজধানীর  অধিকাংশ ড্রেন পলিথিন ব্যাগে জমাট বেঁধে থাকে, সেখানে বর্জ্য মাস্ক-গ্লাভ্স যোগ হয়ে কী বিপর্যয় সৃষ্টি করবে, তা’ অকল্পনীয়। 


যে ভাইরাস সংক্রমন থেকে রক্ষার জন্য আমরা সুরক্ষিত মাস্ক, গ্লাভ্স ও পিপিই ব্যবহার করছি, সেসব উপাদানের কঠিন বর্জ্য যদি নদী, মাটি বা পানি দূষণের কারণ হয়, তবে তা’ অত্যন্ত দূর্ভাগ্যের! তথ্যানুসন্ধানে জেনেছি, ইংল্যান্ডে ব্যবহৃত মাস্ক পৃথক হলুদ বর্ণের চিহ্নিত বিনে ভরে  Incinerator এ নিয়ে পুড়িয়ে ফেলা হয়। তবে স্যানিটাইজারে ব্যবহৃত কেমিক্যাল মূলত উদ্বায়ী Isopropyl alcohol বিধায় এর দূষণের প্রভাব খুব নগণ্য। প্রতিটি উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্যরে পুনর্ব্যবহার, পুনর্চক্রায়ন এবং বিকল্প ব্যবহার পরিবেশ সুশাসনের অংশ। বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানত অনুশাসন ৩টি- বর্জ্য সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ এবং বর্জ্য নিস্পত্তি করণ। বর্জ্য নিস্পত্তিতে No open dumping এবং No open Burning নীতি প্রতিপালনীয়। এক্ষেত্রে WHO’ র নির্দেশিত পন্থায় নিরাপদ উপায়ে নিস্পত্তিকরণই যথার্থ। হাসপাতালে ব্যবহৃত সংক্রামক-বর্জ্য হাসপাতালের নিজস্ব বর্জ্যাগারে রেখে বিনষ্ট করা উচিত। হাসপাতালের বাইরে নেয়া ঝুঁকিপূর্ণ। যেহেতু মানুষের ব্যবহৃত মাস্ক-গ্লাভস প্রকৃতই বিপজ্জনক, তাই বিশেষজ্ঞ মতামত নিয়ে Incinerator এ পুড়িয়ে ফেলার বিকল্প নেই। এক্ষেত্রে সাধারণ বর্জ্য থেকে এ বর্জ্যকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পৃথকীকরণ (Separation) করতে হবেই।এমনকি ডাস্টবিনে বা ডাম্পিং স্টেশনে বেশীদিন রাখাও অনিরাপদ। এসব বর্জ্য টোকাইরা কুড়িয়ে নিলে আরো ভয়ংকর বিপদ।  তবে Incinerator ’এর অবস্থান থাকতে  হবে লোকালয় থেকে অনেক দূরে।  বাংলাদেশে প্রিজম নামক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের বর্জ্যগারে Incinerator রয়েছে। সেখানে এসবের Incinerator যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে কী না, তার কঠোর নজরদারী প্রয়োজন। এ দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের একার নয়। প্রতিদিন নিক্ষিপ্ত এবং সংগৃহীত বর্জ্যের সঠিক পরিসংখ্যান রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে অবশ্যই চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে হবে। সিটি করপোরেশন বা পৌরসভাগুলো বর্জ্য মাস্ক-পিপিই’র রাখার জন্য পৃথক স্থান  নির্ধারণ করবে। বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এনে প্রনোদনার ব্যবস্থা রাখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর’ এর অর্থ বর্জ্য-ব্যবস্থাপনায় সদ্ব্যবহার করা উচিৎ। তবেই আক্ষরিক ও নৈতিক বিবেচনায়  সিএসআর এ অর্থ ব্যয়  সার্থক হবে। বাংলাদেশে একমাত্র বিজ্ঞান সম্মত প্রক্রিয়ায় মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার অনুসরনীয় প্রতিষ্ঠান ICCDRB।

বাংলাদেশে মাস্ক-গ্লাভ্স ব্যবসায় জড়িত উদ্যোক্তাদের অনুরোধ করবো, এসব পন্য উৎপাদনে  বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রয়োগ করুন। পণ্যের ভোক্তাদের বোঝার উপায় নেই, কোন্টি পরিবেশ -বান্ধব এবং কোন্টি পরিবেশ-ঘাতক । কারণ,  মুনাফার উম্মাদনায় পৃথিবী এখন কর্পোরেট সা¤্রাজ্যের শেকলে বন্দী। উৎপাদনের  লক্ষ্যই এখন ব্যবসায়িক,  কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সামাজিক-মানবিক হয়ে উঠতে পারেনি। এ যূগ বিজ্ঞান ও প্রযুক্তির।  বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা এবং পরিবেশ রক্ষা হতে হবে একসূত্রে গাঁথা। যে প্রকৃতি থেকে আহরণ করি আমরা এত সম্পদ, রস ও রসদ, সে প্রকৃতির প্রতি আমাদের কত নিষ্ঠুরতা ও আক্রোশ! পরিবেশের সবচেয়ে বড় শত্রু মানুষ। হাজার হাজার টেক্সটাইল এবং ডায়িং এর বিষাক্ত বর্জ্যে  আমাদের নদীগুলোর অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে যায়। সাম্প্রতিক সাধারণ ছুটিতে পরিবেশ অধিদপ্তরের অভিযান বন্ধ ছিল। 

অথচ লকডাউনে শিল্প-বর্জ্য নির্গমন হ্রাস পাওয়ায় বুড়িগঙ্গায় অক্সিজেনের মাত্রা প্রায় ৫ মি. গ্রা. এ পৌছেছে। (প্রতি লিটারে প্রয়োজন ৬ মি. গ্রা. দ্রবীভূত অক্সিজেন)। সরকারের পরিবেশ আইন সফল করতে হলে নাগরিকদের মননে ও চেতনায় পরিবেশ বান্ধব হবে। জাতি হিসেবে আমাদের মনোভাব এবং আচরণে পরিবেশকে আমরা অবজ্ঞা করি অবলীলায়। জাতিগতভাবে আমাদের মননে ও মগজে আইন অমান্যতা রন্ধ্রে রন্ধ্রে।। ব্যক্তি বা সামাজিক জীবনে আমরা এখনো পরিবেশ শিষ্টাচার আয়ত্ত করতে পারিনি। জরিমানা বা শাস্তি না দেয়া পর্যন্ত মানুষ আইন মানতে চায় না।

সমস্যাটি আমাদের মানসিক এবং নৈতিক,  কিন্তু অভিঘাতে জর্জরিত হচ্ছে পরিবেশ। একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজের সূচকের পরিমাপে পরিবেশ রক্ষা অপরিহার্য-অনুষঙ্গ। প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে, কিন্তু আমরা পরিবেশের প্রতি সংবেদনশীল হতে পারিনি। চলমান করোনা মহামারীতে যদি যুক্ত হয় বর্জ্যরে মহামারী, তাহলে আমাদের পরিবেশ-অবক্ষয় পূর্ণ হবে ষোলকলায়।  ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও বড় বিপর্যয় বয়ে আনতে পারে নতুন এ বর্জ্যরে স্রোতে। সুতরাং পরিবেশ আইন ও নির্দেশনা এবং জনগণের আইন মান্যতা একই বিন্দুতে আনতে হবে।

- মোহাম্মাদ মুনীর চৌধুরী
মহাপরিচালক
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর