কভিড-১৯ এর প্রভাবে ম্যানুফ্যাকচার, ট্রেডিং, ট্রান্সপোর্ট ও লজিস্টিক, সাপ্লাই সকল ক্ষেত্রে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কোনরকম আগাম সতর্কতা ছাড়া এমন স্থবিরতায় সারা বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে। স্বাস্থ্য খাতে যে আতঙ্ক ও অনিশ্চিয়তা বিরাজ করছে সেটা হয়তো খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে যে মানবিক বিপর্যয় ঘটছে, সেটার কারণে ব্যবসা কার্যক্রম থেকে শুরু করে সামাজিক, পারিবারিক ও মানসিকভাবেও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা অনেক।

ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে শুরু করে ট্রেডিং, ডিস্ট্রিবিউশন ব্যবস্থা, সাপ্লায়ার সবারই ব্যাবসা কার্যক্রম বন্ধ থাকলেও দৈনন্দিন ও মাসিক নির্ধারিত ব্যয় বহন করতেই হচ্ছে। তার উপর ব্যাংকের সুদ ও কিস্তি পরিশোধ করে যাচ্ছে। তবে এসব ব্যয় নির্বাহের ক্ষমতা হাতেগোনা কিছু প্রতিষ্ঠানের আছে তাও খুব স্বল্প সময়ের জন্য হয়তো তারা এটা ম্যানেজ করতে পারবে। দীর্ঘ মেয়াদে যা অসম্ভব হয়ে পড়বে। আর্থিক ক্ষতির পাশাপাশি, চাকরিচ্যুতি, বেতন বকেয়া, সামাজিক অসংগতি, সেই সাথে মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে, যেখান থেকে উত্তরোণের জন্য যত  দ্রতসম্ভব যুতসই প্রণোদনা প্যাকেজ সহ টেকসই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিত।

কভিড ১৯ প্রভাবে করপোরেট ম্যানুফ্যাকচারার ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালের বড় অংশ কাচামাল ক্রয়, তৃতীয় পক্ষ থেকে সেবা ক্রয় প্রভৃতি কাজে ব্যায় হয়। কাঁচামাল বা সেবাগুলোর  সরবরাহ বা যোগান নিশ্চিত করতে ভেন্ডর বা সাপ্লায়ার বা সেবা সরবরাহকারীদের পেমেন্ট নিশ্চিত ও নিয়মিত করতে হবে। আবার বেশীরভাগ প্রতিষ্ঠান এই মুহূর্তে নেট ওয়ার্কিং ক্যাপিটাল এর বেশী জোর দেবে, এতে করে সবার আগে সাপ্লায়ার বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানকে তাদের পেমেন্ট এর ক্রেডিট পিরিয়ড বৃদ্ধি করতে হতে পারে। এইভাবে প্রতিষ্ঠানের পেয়েবল বা প্রদেয় বিলের টাকা স্বল্প সময়ের জন্য অন্য কাজে ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে কাচামাল বা সেবাগুলো সরবরাহ মূল্য বৃদ্ধি পাবে। এমনকি অনেক সাপ্লায়ার বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান এমন শর্তে সাপ্লাই বা সেবা সরবরাহ করতে ব্যর্থ হয়ে পড়বে। এর ফলে ডিমান্ড-সাপ্লাই এর বড় ব্যাঘাত ঘটবে। যা এই সংকট মোকাবেলায় বড় চ্যালেঞ্জ আকারে দেখা দেবে। 

ব্যাংকের গতানুগতিক ঋণের পাশাপাশি সাপ্লাই চেইন ফাইন্যান্স একটি সময়োপযোগী ও যুৎসই ঋণসেবা হিসাবে করপোরেট কোম্পানি, সাপ্লায়ার বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনায় ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহ সচল রাখতে  অনন্য ভুমিকা রাখতে পারে। 

করপোরেট কোম্পানিগুলো তাদের পেয়েবল সময়মত পেমেন্ট করার জন্য রিভার্স ফ্যাক্টরিং এর আওতায় সহজ শর্তে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংক যারা এই ঋণসেবা দিয়ে যাচ্ছে, তাদের মাধ্যমে ঋণ নিয়ে সাপ্লায়ার বা সেবা সরবরাহকারীদের নিদিষ্ট সময়ে পেমেন্ট করতে পারে। যার মাধ্যমে সাপ্লায়ারদের সাথে কমিটমেন্ট যথাযথ রক্ষা করে ডিমান্ড -সাপ্লাই প্রক্রিয়া সচল ও মজবুত করা সম্ভব। রিভার্স ফ্যাক্টরিং এ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট কোম্পানিগুলোর পেমেন্ট এজেন্ট হিসাবে কাজ করে, এর মাধ্যমে পেয়েবলসমুহ কর্পোরেট কোম্পানিগুলোর নির্দেশনা অনুযায়ী চেক বা ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে সাপ্লায়ার বা সেবা সরবরাহকারীকে পেমেন্ট করে। এর মাধ্যমে কর্পোরেট কোম্পানিগুলোর ট্রেজারী ম্যানেজমেন্ট অনেক সহজ হয়ে যায়। 

অপরদিকে সাপ্লায়ার বা সেবা সরবরাহকারীরাও ঋণ বা বিলের বিপরীতে ঋণ গ্রহণ করে ব্যাবসায় ওয়ার্কিং ক্যাপিটাল সচল রাখতে পারে। যার মাধ্যমে নতুন নতুন ওয়ার্ক অর্ডার গ্রহণ ও কাস্টমার এর চাহিদা ও সময়সীমার মধ্যে সাপ্লাই ও সেবা সরবরাহ নিশ্চিত করতে পারে। 

ডিস্ট্রিবিউটরদের ওয়ার্কিং ক্যাপিটাল সরবারহের জন্য আছে ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স, যার মাধ্যমে তারা কোন প্রডাক্ট বা গুডস লিফটিং করার সময় ব্যাবহার করতে পারে।

কভিড-১৯ এর প্রভাবে অর্থনীতির গতি প্রবাহে যে অশনিসংকেত দেখা যাচ্ছে তা মোকাবেলায় রাষ্ট্র -সরকার এর পাশাপাশি ইকোসিস্টেম তথা আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমুহকে সরকারের গৃহীত প্রণোদনা প্যাকেজের আওতার পাশাপাশি সাপ্লাই চেইন ফাইন্যান্স এর মাধ্যমে ম্যানুফ্যাক্চারার, সাপ্লায়ার ও ডিস্ট্রিবিউটরদের সহজ শর্তে জামানতবিহীন ঋণসুবিধা দিতে পারে। 

বাংলাদেশে বর্তমানে আইপিডিসি, ইউনাইটেড ফাইন্যান্স, আইডিএলসি, লংকা বাংলাসহ কয়েকটি ব্যাংক দি সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাঙ্ক এই সাপ্লাই চেইন ফাইন্যান্স সেবা দিয়ে যাচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় অনেক স্বল্প পরিসরে এই সেবা চালু আছে। সাপ্লাই চেইন সোসাইটি, সিএফও ফোরাম, ব্যবসায়িক সংগঠন, সাপ্লায়ার ও ম্যানুফ্যাক্চারার সোসাইটি সেই সাথে সাপ্লাইচেইন ফাইন্যান্স পেশাজীবী একসাথে কাজ করতে হবে। 

লেখক: হেড অব সাপ্লাই চেইন ফাইন্যান্স
আইপিডিসি ফাইন্যান্স