নভেল করোনাভাইরাসের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত হুমকি থেকে জনগণকে রক্ষা করার পাশাপাশি মহামারীর ফলে এক রকম অচল বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে অর্থনীতি গতিশীল রাখা সত্যি এক বড় চ্যালেঞ্জ। বিশ্বের প্রতিটি দেশ যেখানে করোনা মোকাবেলাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বাজেট সাজাচ্ছে, বাংলাদেশ সেখানে উচ্চ প্রবৃদ্ধি অর্জনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। করোনা মোকাবেলায় মন্ত্রণালয়ভিত্তিক এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে বাড়তি কিছু অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বটে কিন্তু বাজেট দেখে বোঝার উপায় নেই, এটি মহামারী মোকাবেলার বাজেট। করোনা ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য বাড়তি অর্থের যেমন প্রয়োজন, তেমনি অর্থের ব্যবস্থা করার সক্ষমতাও বাংলাদেশের রয়েছে। প্রয়োজন সুচিন্তিত নীতি গ্রহণ ও তার দক্ষ বাস্তবায়ন। স্বল্পমেয়াদি চ্যালেঞ্জের পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জও বিবেচনায় রাখতে হবে। এ মুহূর্তে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ, ছোট-বড়, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সব খাতে প্রণোদনা, ঝুঁঁকিতে থাকা মানুষদের জন্য নগদ ও খাদ্যসহায়তা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি উদ্যোগ জরুরি। তেমনি দীর্ঘতর মেয়াদে স্থিতিশীল ও সময়োপযোগী রাজস্ব ও মুদ্রানীতি প্রণয়ন, অভ্যন্তরীণ চাহিদা বজায় রাখার মাধ্যমে অর্থনীতি সচল রাখা, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো এবং সব খাতের ডিজিটাল অবকাঠামো মজবুতকরণের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে নীতি প্রণয়ন করতে হবে। করোনাকালে দেশে অনেকেই চাকরি হারিয়েছেন। বেকারত্বের সংখ্যা অনেক বেড়েছে। আরো বাড়বে। নতুন করে অনেক দরিদ্র লোকের সংখ্যা বেড়েছে। এটাও অশনিসংকেত। মানুষে মানুষে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। এসব সমস্যাও আগামীতে আরো প্রকট আকার ধারণ করবে, যা সরকারকে মোকাবেলা করতে হবে।
করোনা মোকাবেলায় বিশেষ তহবিল ঘোষণা করা হলেও প্রকৃত স্বাস্থ্য খাতে অর্থাৎ স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ড সম্প্রসারণ ও উন্নয়নে বরাদ্দ বিশেষ বাড়েনি। ২০১৯-২০ অর্থবছরের তুলনায় মাত্র ৪ হাজার ২৭৩ কোটি টাকা বেড়েছে। কিন্তু দেশে মানুষ চিকিৎসা পাচ্ছে না। করোনাবহির্ভূত স্বাস্থ্যসেবায় বড় সংকট দেখা দিয়েছে। এ ঘাটতি দূর করতে স্বাস্থ্য খাতে সরাসরি বরাদ্দ দরকার ছিল। কিন্তু তা হয়নি। সামাজিক সুরক্ষা খাতে যতটা বরাদ্দ ও উদ্যোগ আশা করা হয়েছিল, ততটা প্রতিফলিত হয়নি—বলছেন অর্থনীতিবিদরা। সমাজকল্যাণ, ত্রাণ ও দুর্যোগ, নারী ও শিশুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের যে সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে, তার তুলনায় বরাদ্দ অপ্রতুল।
সীমিত সম্পদ সর্বোচ্চসংখ্যক নাগরিকের জীবন ও জীবিকা রক্ষার জন্য ব্যয় করতে হলে কৃষি খাতের দিকে মনোনিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল ভর্তুকি কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নতুন বাস্তবতার সঙ্গে কৃষি ব্যবস্থা যাতে খাপ খাইয়ে নিতে পারে, সেজন্য নতুন উদ্ভাবনী কর্মসূচিতে অর্থায়ন দরকার। এগ্রো-ইকোলজিক্যাল জোনে ফসল সংরক্ষণাগার তৈরির কর্মসূচি নিতে হবে, যাতে কৃষক ফসল সংরক্ষণ করে তার যৌক্তিক দাম প্রাপ্তি নিশ্চিত করতে পারেন। খাদ্যশস্যের পাশাপাশি ফল ও সবজি বাজারজাতের ক্ষেত্রেও কৃষককে সহযোগিতা করতে হবে। ভেঙে পড়া সাপ্লাই চেইন নতুন করে টেকসইভাবে চালু করতে হবে। মহামারীতে শিক্ষা খাত যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা মোকাবেলার কোনো সন্ধান বাজেটে মেলেনি।
চীন থেকে বেরিয়ে যেতে ইচ্ছুক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চাইলে আগামী বাজেটে বৃহৎ অবকাঠামো প্রকল্পে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলো বাস্তবায়নে বাড়তি বরাদ্দ দরকার হবে। আর সার্বিকভাবে দেশে বিনিয়োগের পরিবেশ উন্নতকরণে বিশেষ মনোযোগ দিতে হবে। ভিয়েতনামও একই পথে হেঁটে সরাসরি বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে সচেষ্ট হয়েছে। সরকার কোন উৎস থেকে ঋণ নেবে, সে বিষয়ে বাছবিচার দরকার। ব্যক্তি খাতে চাহিদামতো ঋণ সরবরাহ বজায় রাখতে হলে দেশের ব্যাংক ব্যবস্থার ওপর খুব বেশি নির্ভরশীল না হওয়াই সমীচীন হবে। অন্যদিকে বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো করোনার প্রভাব কাটিয়ে ওঠার জন্য সহজ শর্তে ঋণ দিতে শুরু করেছে। সামষ্টিক অর্থনৈতিক শক্তির বিচারে বাংলাদেশ এক্ষেত্রে স্বভাবতই অগ্রাধিকার পাবে। আমরা এখন আর এলডিসি অর্থনীতি না হওয়ায় অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় বেশি সুদ দিতে হতে পারে।
দুর্নীতি কমিয়ে সরকারি সেবা প্রদানে গতি আনতে ২০১৫ সালে বিপুল পরিমাণ বেতন-ভাতা বাড়িয়ে নতুন বেতন কমিশন প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাবে কিছু পর্যায়ে বেতন দ্বিগুণ বাড়ানো হয়েছিল। কিন্তু বেতন বাড়ানো হলেও সেবার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। সেবার মান যা-ই হোক না কেন, সরকারি চাকরিজীবীদের পেছনে সরকারের ব্যয় মাত্র চার বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। মোট বাজেটের আকারের অনুপাতে শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি বিষয়ে আনুপাতিক ব্যয় কমলেও জনপ্রশাসনে ব্যয় বেড়েই চলেছে। করোনা সংকট যথাযথভাবে মোকাবেলায় আইসোলেশন/লকডাউন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য ইন্টারনেট সংযোগ, সেলফোন, অনলাইনে কেনাকাটা ইত্যাদি অত্যাবশ্যকীয়। দুঃখজনক হলো, এগুলোর ওপর সংকটকালীন অতিরিক্ত কর ধার্য করা হয়েছে। তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর কমানোয় তালিকাভুক্তির আগ্রহ কমবে কিনা, সে প্রশ্ন তো রয়েছে। অপ্রদর্শিত অর্থ মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনাপ্রশ্নে প্রদর্শনের সুযোগ অপ্রদর্শিত অর্থনীতিকেই উৎসাহিত করবে। বছরের পর বছর এ সুযোগে কিন্তু সরকার-অর্থনীতি কারোরই লাভ হচ্ছে না।
বাজেট বরাদ্দ যতই বাড়ানো হোক, অপব্যবহার নিয়ন্ত্রণে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সফলতার স্বাক্ষর রাখতে হবে সরকারকে। ডিজিটাল সলিউশনের মাধ্যমে এনআইডিভিত্তিক উপকারভোগী শনাক্ত করা গেলে অপচয় অনেকটাই কমবে। গরিব অসহায় মানুষের তালিকা তৈরি নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, তা তদন্ত করতে হবে। মনে রাখতে হবে বরাদ্দই যথেষ্ট নয়, বাজেট বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রণোদনা প্যাকেজ কার্যকর বাস্তবায়নের জন্য সব অংশীজনের সঙ্গে সর্বক্ষণ আলাপ-আলোচনা চালু রাখতে হবে। এজন্য সরকারের সব বিভাগের পাশাপাশি ব্যক্তি খাত, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে সুসমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন।
ব্যাংকাররা নিরাপত্তা ও সহজ ব্যবস্থাপনা বিবেচনায় সরকারকে ঋণ দিতে আগ্রহী হবেন। তবে এই পরিমাণ অর্থ সরকার নিলে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের প্যাকেজ বাস্তবায়ন কঠিন হবে। এই প্যাকেজ বাস্তবায়নের জন্য ব্যাংকারদের আগ্রহী করে তুলতে হবে। আর ঘাটতি মোকাবেলায় সরকারকে ব্যয়সাশ্রয়ী হতে হবে। যেসব খাতে প্রণোদনা জরুরি নয়, এমন জায়গায় খরচ কমাতে হবে। আর উন্নয়ন বাজেটে প্রাধিকার করে অর্থ সাশ্রয় করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিলে মুদ্রা সরবরাহ বেড়ে সামষ্টিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হওয়ার শঙ্কা কিন্তু রয়েছে। বর্তমানে চাহিদা কম থাকায় মূল্যস্ফীতি কম হলেও তা আর নাও থাকতে পারে। এজন্য আগামী অর্থবছরে বড় ধরনের ঘাটতি মাথায় রেখে রাজস্ব আয়, বৈদেশিক অর্থ ব্যবহারে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় কর্মসূচি নিতে হবে এবং করোনার কারণে সৃষ্টি হওয়া নতুন পরিস্থিতি মোকাবেলায় গুরুত্ব দিতে হবে। আগামী ২০২০-২১ অর্থবছরে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাস্তবতা হচ্ছে, নভেল করোনাভাইরাসের কারণে টালমাটাল দেশের অর্থনীতি। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো। অনেকেই চাকরি হারিয়েছেন। চাকরি হারাতে পারে দেড় কোটি মানুষ। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের সঞ্চয় প্রায় শেষ। এমন দুর্যোগের মধ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের লক্ষ্য একটাই—টিকে থাকা। তাই এবারের বাজেট ঘিরে দেখা দিয়েছে বিপুল জনআকাঙ্ক্ষা আর প্রতীক্ষা। বাজেট যেন জনসাধারণের বোঝা না হয়ে তাদের জন্য কল্যাণকর হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নভেল করোনাভাইরাস-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব দিক মিলিয়ে সরকারের কাজ হচ্ছে মহামারী মোকাবেলায় জনসাধারণের আর্থসামাজিক সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য সুশাসন জরুরি।










