বৈশ্বিক অর্থনীতির চাকা থামিয়ে দেয়া করোনাভাইরাস পরবর্তী বিশ্ব কেমন হতে পারে? এরই মধ্যে চার লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই প্রাণহানি ও আতঙ্কের কারণে অনেকটাই বদলে যেতে পারে পৃথিবী। বাংলাদেশও এর বাইরে নয়। করোনা পরবর্তী বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্য ও গণপরিবহন।
স্বাস্থ্যসেবা ও গণপরিবহন বেসরকারি খাত নির্ভর হওয়ায় খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। গণপরিবহন সরকারিভাবে ঢেলে সাজালে সাধারণ মানুষকে কেউ জিম্মি করতে পারবে না। আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে সাধারণ মানুষ চিকিৎসাবঞ্চিত হবে না। করোনাভাইরাস না এলে হয়তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতাগুলো সকলের অগোচরেই থেকে যেত।
সংক্রমণের শঙ্কায় যখন পুরো দেশবাসী তখন বিশেষায়িত হাসপাতালগুলোতেও ভিআইপিদের জন্য জায়গা হচ্ছে না একই মুহূর্তে বিদেশ যাত্রাও বন্ধ। তাই আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। পৃথিবীর সব জায়গাতেই ভাইরাস সংক্রমণে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি দরকার করোনাভাইরাস আমাদের তা উপলদ্ধি করাচ্ছে।
বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক, উপজেলা, থানা, জেলা পর্যায়ে হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল, মেডিক্যাল কলেজ, বিশেষায়িত হাসপাতাল থাকার পরেও যে সমস্ত রোগীর প্রাথমিক চিকিৎসা উপজেলা অথবা থানা পর্যায়েই সম্ভব সেই রোগীগুলোকে সেখান থেকে ডাক্তার সংকট, বিভিন্ন কারণে চলে আসতে হচ্ছে ঢাকায়। এতে করে মূল স্বাস্থ্য ব্যবস্থায় বিশাল চাপ তৈরি হচ্ছে। যা আমরা চট্টগ্রাম স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতায় প্রমাণ পেয়েছি।
ডাক্তারদের আবাসন ব্যবস্থা, রোগীদের চিকিৎসা সেবা সব জায়গাতেই দুর্বলতা প্রকাশ পেয়েছে। ডাক্তারদের আবাসনের সুব্যবস্থা, নাগরিক সুবিধার অভাবে পরিবার নিয়ে না থাকতে পারায় উপজেলা এবং গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা দেয়া থেকে ডাক্তাররা আগ্রহ হারাচ্ছেন।
সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও করোনা মহামারীর সময় কর্তব্যে অটল ছিলেন একজন ডাক্তার। এমন ত্যাগী এবং অনেক দক্ষ ডাক্তার বাংলাদেশে থাকা সত্ত্বেও আর্থিক সুবিধা, উপকরণ, নিরাপত্তা না থাকার কারণে হয় বাংলাদেশ থেকে বিদেশে চলে যাচ্ছেন অথবা প্রাইভেট চেম্বার, ক্লিনিকের উপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য বাজেট অনুযায়ী আইসিইউ কি আরো আগে করা যেত না? স্বাস্থ্য খাতের বিশাল বরাদ্দ, কিন্তু বাৎসরিক বরাদ্দ অনুযায়ী মানুষ সেবা পায় না বলেই প্রতীয়মান হয়- যা কভিড-১৯ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
অবস্থাসম্পন্ন থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়ার চিন্তা করে। রাষ্ট্রীয় পর্যায়ে কোনদিন কি ভাবা হয়নি, বেসরকারি হাসপাতালগুলোর মতো সরকারি পর্যায়েও হাসপাতাল নির্মাণ করা যেতে পারে? এরই মধ্যে স্বাস্থ্য সেবায় ওষুধ এবং বিভিন্ন হাসপাতালের সরঞ্জামাদি, ডাক্তারদের নিরাপত্তা সামগ্রী, অক্সিজেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে যা সামাল দিতে বেগ পেতে হয়েছে।
দেশের পুরো বাজেট যদি স্বাস্থ্য খাতে খরচ করা হয় আর সামগ্রী ক্রয় প্রক্রিয়া যদি এমন হয় তাহলে কী সেবার লেশমাত্র পৌঁছাবে স্বাস্থ্যকর্মী ও জনসাধারণের কাছে? মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী থাকা সত্ত্বেও জেলা সদরে আইসিইউ স্থাপনের নির্দেশনা সরকার প্রধানকেই দিতে হচ্ছে। ডাক্তারদের মাস্কের মান নিয়েও প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হয়েছে।
একদিন হয়তো করোনাভাইরাসের প্রকোপ থাকবে না। কিন্তু সাভারে ভবন ধস, বনানী ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনা এরই মধ্যেই ঘটেছে। এমন দুর্যোগকালীন অবস্থার মোকাবেলার জন্য ঘনবসতিপূর্ণ এলাকায় কি হাসপাতাল তৈরি করা যায় না?
গাজীপুর একটি গার্মেন্টস পল্লী। শিল্প প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে কয়েকটি শিল্প কারখানা মিলে বেসরকারি পর্যায়ে একটি হাসপাতাল করার শর্ত জুড়ে দেয়া নিশ্চয়ই অযৌক্তিক হবে না। যেখানে ওই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ও সেখানকার স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা পাবে। ভবিষ্যতে ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার কথা মাথায় রেখে হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তৈরি করা দরকার।
জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে প্রত্যেক উপজেলা, জেলায় হাসপাতাল নির্মাণ করা যেমন উচিৎ তেমনিভাবে স্বাস্থ্য ক্যাডারদের সুযোগ-সুবিধা বাড়িয়ে তাদেরকে রাষ্ট্রের স্বাস্থ্যের জন্যই অধিক মূল্যায়িত করে আর্থিক, সামাজিক ও বাসস্থানের সুযোগ-সুবিধা এবং নিরাপাত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই যত বেশি সম্ভব ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ দিয়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে হবে।
করোনাভাইরাসের টিকা আবিষ্কার হবে এবং ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্য হবে। কিন্তু আমাদের এখন ভাবার সময় এসেছে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা কতটুকু গুরুত্ব দিবো! নিশ্চয়ই আগামীতে বাজেট এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত হতে হবে স্বাস্থ্য। রাষ্ট্র যদি চিন্তুা করে আগামী পাঁচ বছর হবে স্বাস্থ্য সেবার উন্নয়নের পাঁচসালা তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে। তাই প্রতিটি জেলা সদরে একটি করে বিশেষায়িত হাসপাতাল ও অধিক সংখ্যার শয্যার বহুমাত্রিক হাসপাতাল নির্মাণ করা অত্যাবশ্যক।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের বেশ কিছুদিন পর প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে লাইভে এসে ঘোষণা দিলেন যে, তারা তাদের সকল প্রতিষ্ঠান খুলে দেবেন। তাহলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো কি বন্ধ রাখার কথা ছিল? জরুরি পরিস্থিতিতে যেখানে একটি ফার্মেসিও বন্ধ রাখা যাবে না, সেখানে হাসপাতাল কেনো খুলে দেয়ার ঘোষণা দিতে হবে!
দেশে পরিবহন সংক্রান্ত কোন পরিস্থিতির উদ্ভব হলেই সরকারের দায়িত্বশীলদের পরিবহন মালিকদের সঙ্গে সভা করতে হয়। সভায় সরকার ও সাধারণ মানুষদের কথা উপেক্ষিত থাকে এবং তাদের কাছে একরকম হার মানতে হয়। যেখানে পাশের রাজ্য কলকাতা তাদের সুদৃঢ় অবস্থান নিয়েছে।
প্রয়াত একজন মেয়র পরিকল্পনা করেছিলেন ঢাকা শহরের গণপরিবহনকে কোম্পানিতে রূপান্তরিত করবেন। যেখানে প্রতিযোগিতামূলকভাবে কোনো বাস চলবে না। এতে করে সড়কে প্রাণহানির সংখ্যাও কমবে, শৃঙ্খলাবদ্ধভাবে গাড়ি চলাচল করবে, কোম্পানির মধ্যে হার অনুযায়ী মুনাফা বণ্টন হবে। কিন্তু সেটার কি আমরা বাস্তবায়ন দেখেছি?
বিআরটিসি অথবা সরকারি বাসের সংখ্যা এবং রুট বাড়িয়ে শক্ত হাতে পরিচালনা করাই হতে পারে জিম্মিদশা থেকে বের হয়ে আসার বিকল্প উপায়। বাংলাদেশে প্রত্যেকটি জেলা পর্যায়ে ট্রেনের বগি ও লাইন বাড়িয়ে রেল যোগাযোগে অধিক বিনিয়োগ বাসের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারে।
করোনাকালীন যে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে- সেখানে দেখা গেছে চট্টগ্রামে বাস ভাড়া থেকে উড়োজাহাজ ভাড়া কম। এই বিষয়টি মানুষের দৃষ্টিগোচর হয়েছে। অন্যদিকে চাল, মৌসুমী ফল এবং বিভিন্ন ভোগ্য পণ্য পরিবহনে রেল যোগাযোগকে কাজে লাগানো গেলে বেসরকারি পরিবহনগুলোর হঠাৎ করে ভাড়া বৃদ্ধির প্রকোপ থেকে বের হয়ে আসতে পারবে দেশের মৌসুমী ফল উৎপাদনকারীরা এবং সাধারণ মানুষের ওপর থেকে মূল্যের বোঝাও কমবে।
বাংলাদেশে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি, রোববার সারা বিশ্বে ছুটি। প্রত্যেক সপ্তাহ থেকে আমরা তিনদিন বঞ্চিত হচ্ছি। শনিবারে অন্যান্য বেসরকারি অফিসগুলো খোলা থাকে এবং সরকারিগুলো বন্ধ থাকে। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি গ্রামের বাড়ি যায় দুটি উৎসবে। সারা বছর শনিবার দিন কার্যদিবস বহাল রেখে ২টি ঈদের ছুটি লম্বা করে দিলে পালাক্রমে গ্রামের বাড়িতে যেতে এবং আসতে পারবে। এতে করে পরিবহন সেক্টরের চাপ কমবে, ভাড়ার অংক কমবে এবং দুর্ঘটনার হারও কমবে বলে মনে হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন সরকারের সকল মহল কৃষি খাতের বিষয়ে চিন্তা করে একটি সমাধান বের করলো, হারভেস্টার মেশিনে ভর্তুকি দেয়া হলো, উৎপাদন স্বাভাবিক থাকলো, ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ঘোষণা করা হলো ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্য ও গণপরিবহন সেক্টরের দুর্বলতাগুলো প্রকট আকারে দেখা দিয়েছে। তাই করোনা পরবর্তী বাংলাদেশের উন্নয়নে সরকারের অন্যতম লক্ষ্য হওয়ায় উচিত স্বাস্থ্য ও গণপরিবহন।
লেখক: সাবেক পরিচালক, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি










