নভেল করোনাভাইরাসের বিস্তার রুখতে দেশে চলছে সাধারণ ছুটির আদলে অঘোষিত লকডাউন। এ অবস্থায় অর্থনীতির চাকা সচলের স্বার্থে সীমিত পরিসরে কাজ যাতে অব্যাহত রাখা যায়, সেজন্য স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করেছে একগুচ্ছ নির্দেশনা। এসব নির্দেশনার আলোকে কর্মস্থলে প্রয়োজনীয় শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত, পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বনসহ কিছু শর্তের ভিত্তিতে পরিচালিত হচ্ছে প্রাতিষ্ঠানিক জরুরি কার্যক্রম। যথারীতি অন্য বেসরকারি প্রতিষ্ঠানের মতো দেশে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করা এনজিওগুলোও সীমিত মাত্রায় চালু করেছে নিজস্ব কার্যক্রম। স্থবিরতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক গতিসঞ্চারে গ্রাহকদের বাড়ি বাড়ি ছুটছেন প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা এসব প্রতিষ্ঠানের কর্মীরা; সংগ্রহ করছেন ঋণ চাহিদার তথ্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সীমিত পরিসরে কাজ শুরুর এক সপ্তাহ পেরোলেও এখনো তাদের জন্য কোনো সুরক্ষা উপকরণ নিশ্চিত করা হয়নি; নেয়া হয়নি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা। ফলে প্রতিষ্ঠানগুলোর কর্মীরা যেমন সংক্রমণের ঝুঁকিতে থাকছেন, তেমনি গ্রাহক পর্যায়েও শঙ্কার কারণ হচ্ছেন তারা। এভাবে চলতে থাকলে তা জনস্বাস্থ্যকে আরো বড় হুমকিতে ফেলবে বৈকি। সুতরাং পরিণামের ভয়াবহতা বিবেচনায় তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষা উপকরণ সরবরাহ করতে হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের ন্যূনতম শৈথিল্যও কাম্য নয়।

নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) হিসাবে বর্তমানে দেশে সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে ৭২৪টি। এর বাইরে কাজ করছে ছোট-বড় আরো কয়েক হাজার প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত তিন লাখের বেশি কর্মী। দেশের প্রান্তিক অঞ্চলগুলোর সাড়ে তিন কোটি সদস্যকে নিয়ে কাজ করছেন এসব কর্মী। গ্রাহকদের সঙ্গে নিত্য যোগাযোগ হচ্ছে তাদের। অধিকন্তু, সারা দিন কাজ শেষে তারা ফিরছেন নিজেদের বাড়িতে, সেখানে আছে পরিবারের অন্য সদস্যরা। তার মানে বিপুলসংখ্যক মানুষ প্রতিদিনই তাদের সংস্পর্শে আসছে। সেই বিবেচনায় তারা স্থানীয় বিরাট জনগোষ্ঠীর জন্য কতটা যে বিপর্যয়মূলক ভূমিকা রাখছেন, তা সহজেই অনুমেয়। কাজেই এনজিওকর্মীদের মাধ্যমে জনগোষ্ঠীতে সংক্রমণ এড়াতে তাদের সুরক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি যথেষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, এনজিওগুলোর মাঠ পর্যায়ের কর্মীদের সুরক্ষা উপকরণ দূরে থাক, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে নিজেদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করা যায়, জনগোষ্ঠীর মধ্যে কীভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সংক্রমণের ঝুঁকি এড়ানো এবং তা মোকাবেলায় কী করতে হবে, সেই বিষয়ে পর্যাপ্ত ধারণা দেয়া হয়নি। প্রাতিষ্ঠানিক উদ্যোগে তাদের মধ্যে গড়ে তোলা হয়নি পর্যাপ্ত সচেতনতা। এটা দুঃখজনক। কার্যক্রম চালু করার আগে নিজেদের কর্মীদের সার্বিকভাবে প্রস্তুত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কর্তৃপক্ষের তরফে দরকার ছিল। এখনো সময় ফুরিয়ে যায়নি। জরুরি ভিত্তিতে এ ধরনের কার্যক্রম হাতে নেয়ার পাশাপাশি সুরক্ষা উপকরণে সজ্জিত করে মাঠ পর্যায়ের কর্মীদের সুরক্ষিত করতে হবে। নইলে একদিকে নিজেরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে স্থানীয় কমিউনিটিকেও ঝুঁকিতে ফেলবেন বৈকি। 

নিয়ন্ত্রক সংস্থা অবশ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে। প্রয়োজন অনুসারে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের আহ্বানও জানিয়েছে। তবে মাঠের বাস্তবতা ভিন্ন। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করে এনজিওগুলো। এসব গ্রাহকের অধিকাংশের মধ্যেই কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার নেই। বিশেষত পার্বত্য এলাকার কিছু অঞ্চলের চিত্র এক্ষেত্রে আরো নাজুক। অনেক গ্রাহকের সেলফোন নেই, স্বাভাবিকভাবেই নেই এমএফএস সুবিধাও। ওইসব অঞ্চলে দ্রুত ডিজিটাল প্লাটফর্ম তৈরি ও এর সুবিধা গ্রাহক পর্যায়ে নিশ্চিত করাও সহজ কাজ নয়। তাই সরাসরি মাঠে না গিয়ে তাদের পক্ষে কাজ করা অসম্ভব।

লক্ষণীয় বিষয় হলো, সরকার করোনা সংকটে অভাবগ্রস্ত পরিবার এবং কাজ হারানো মানুষের দুর্ভোগ লাঘবে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদানের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে। তবে সরকারি সহায়তার তালিকার বাইরেও রয়ে গেছে বিপুলসংখ্যক মানুষ। তারা মূলত প্রান্তিক এলাকার মানুষ। সেখানে অনেক সময় সরকারি প্রশাসনের তত্পরতাও দৃশ্যমান নয়। অথচ সেসব পিছিয়ে থাকা অঞ্চলের মানুষের মধ্যে নানা ধরনের পৃষ্ঠপোষকতামূলক কার্যক্রম চালু রয়েছে এনজিওগুলোর, নীরবে কাজ করছে এসব প্রতিষ্ঠান। করোনা সংকটে তারাও নিশ্চয়ই একটি অনিশ্চয়তাময় আপত্কাল পার করছে। সেখানে সরকারি সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে না, অর্ধাহারে-অনাহারে-অর্থাভাবে কাটছে তাদের জীবন। এই কঠিন সময়ে তাদের জন্য বড় সহায় এনজিওগুলো। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় ঋণ পেলে ওই প্রান্তিক মানুষগুলোর অভাব ঘুচবে, বাঁচবে জীবন, পার হবে দুঃসময়। তাই এনজিওগুলোর কার্যক্রম শিথিল করা সমীচীন হবে না। বরং কীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে এনজিওকর্মীদের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীতে সংক্রমণের ঝুঁকি রোধ করা যায়, সেটি নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ এক্ষেত্রে দ্রুত উদ্যোগী ভূমিকা নেবে, এটিই প্রত্যাশা।