‘এ ডিকেড অব ওয়েলথ, এ রিভিউ অব দ্য পাস্ট টেন ইয়ার্স ইন ওয়েলথ অ্যান্ড এ লুক ফরোয়ার্ডস টু দ্য ডিকেড টু কাম’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদ দ্রুত বাড়ছে এমন শীর্ষ দশ দেশের মধ্যে এশিয়ার ছয়টি। আঞ্চলিক সরবরাহ চেইন নিবিড়তা এবং বাড়তে থাকা তরুণ কর্মশক্তির সহায়তা নিয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভিয়েতনাম ও বাংলাদেশ। একদিক থেকে বিষয়টি আমাদেরসহ গোটা এশিয়ার জন্য গর্বের। এজন্য যে আমাদের কিছু মানুষ বিলিয়নেয়ার লিগে যুক্ত হবে। আরেক দিক থেকে বিষয়টি উদ্বেগের। আয় ও সম্পদ বণ্টনে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারিনি। গত এক দশকে আয়বণ্টন ছিল খুবই খারাপ, যা সরকারের জন্য চ্যালেঞ্জের। দেশের সবচেয়ে গরিব ৫ শতাংশ মানুষের সম্পদের পরিমাণ ছয় বছরের ব্যবধানে দুই-তৃতীয়াংশ কমেছে। এ সময়ে সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের সম্পদ বেড়েছে ২ শতাংশেরও বেশি। ধনী-গরিবের বৈষম্য বাড়ার এ চিত্রকে ‘প্রমাণিত’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের (এইচআইইএস) প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে ধনীদের সম্পদের ব্যবধান চূড়ান্ত পর্যায়ে গেছে। বাংলাদেশে জিনি সহগ উঠেছে দশমিক ৪৮২-এ। ২০১০ সালে এটি ছিল দশমিক ৪৫৮-এ।
দেশের সবাই শিক্ষা ও স্বাস্থ্যের সমান সুযোগ পাচ্ছে না। গ্রামের গরিব মানুষ চিকিৎসা নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে সুযোগ-সুবিধা নিতান্তই কম। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা করোনার প্রাদুর্ভাবে আরো স্পষ্ট হয়েছে। গ্রাম ও শহরের ব্যবধান বাড়ছে। এ কারণে সারা দেশের মানুষ শহরে থাকতে চায়। সামগ্রিকভাবে সব পর্যায়ের জনগোষ্ঠীর মধ্যে সঠিকভাবে ব্যাংকঋণ বিতরণ হচ্ছে না। এক্ষেত্রে ব্যাংক খাতে অব্যবস্থাপনার একটা প্রতিফলনও দেখা যাচ্ছে। যেমন গ্রাম থেকে যে পরিমাণ আমানত ব্যাংকগুলো সংগ্রহ করছে, সেই পরিমাণে ঋণ গ্রামের মানুষ পাচ্ছে না। আবার ঋণের বড় অংশই বণ্টন হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। এটা সমভাবে করতে পারলে শহর ও গ্রামের সম-উন্নয়ন হয়তো হতো। ঋণ বিতরণে বৈষম্য না থাকলে আয়বৈষম্য কমবে। ধনীরা আমানত কম করে। ঋণ বেশি নেয়। সেই ঋণ থেকে টাকা বাইরে পাচার করছে একটি অংশ। এসব কারণে বৈষম্য বেড়ে অতিধনীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। এটা বন্ধের জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শক্তিশালী করা দরকার। এতে বৈষম্য কমতে পারে। এজন্য প্রগতিশীল কর কাঠামো ও রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। অর্থাৎ সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়াটাও ধনী ও গরিবের বৈষম্য বৃদ্ধির একটা বড় কারণ।
অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মধ্যেই এক ধরনের সমস্যা রয়ে গেছে। মেগা প্রকল্প, সরকারি বিনিয়োগ বৃদ্ধি করে প্রবৃদ্ধির পরিমাণ বাড়ানোর একটা তাড়না চোখে পড়ে। তবে সেই প্রবৃদ্ধি সমন্বিত নয়। যেনতেনভাবে প্রবৃদ্ধি বাড়ানোকেই বড় বিষয় হিসেবে দেখা হচ্ছে। দেশের উন্নয়নের মাপকাঠি ঠিক করতে হলে পিছিয়ে পড়াদের উন্নয়নের চিত্র নির্ধারণ করতে হবে। নয়তো এসডিজি বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে সামাজিক সুরক্ষা কীভাবে মূলধারায় ফিরিয়ে আনা যায়, তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ সামাজিক নিরাপত্তায় ভালো করলেও এখনো কর্মসূচির দ্বৈততা রয়েছে। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তার সুযোগ প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ঘাটতি রয়েছে। প্রকৃত মজুরি না বাড়ায় মানুষ এখনো অতিদরিদ্র অবস্থা থেকে বের হতে পারছে না। সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পদের চাহিদার তুলনায় জোগান কম। তাই রাজস্ব আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। দেশে বৈষম্য কমাতে হলে অর্থনীতিতে ব্যাপক সংস্কার প্রয়োজন এবং এ সংস্কার হতে হবে সামাজিক ন্যায়বিচারের নিরিখেই। তরুণ প্রজন্মকে ঘিরে যে জনসংখ্যাভিত্তিক মুনাফা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড), তা কাজে লাগাতে হবে। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, এটাও কমাতে হবে। দেশে যে হারে কর্মসংস্থান বাড়ার কথা ছিল, তা বাড়েনি। গত ১০ বছরে কিছু ক্ষেত্রে বরং কর্মসংস্থান সংকুচিত হয়েছে। এর মধ্যে কৃষি খাতে কর্মসংস্থান কমেছে ব্যাপক হারে। কর্মসংস্থান না বাড়লে গরিব মানুষের আয় কমবে, এটা স্বাভাবিক। কিন্তু ধনীদের ক্ষেত্রে চিত্র পুরো উল্টো। ফলে আয়বৈষম্য বেড়েই চলছে। এছাড়া মোট দেশজ উৎপাদনের যে হিসাব দেয়া হচ্ছে, বাস্তবতার সঙ্গে তার মিল কম। এর মানে প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয়, প্রশ্ন রয়েছে। গরিব মানুষকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় যা দেয়া হচ্ছে, সেখানে ব্যাপক অনিয়ম রয়েছে। যাদের পাওয়ার কথা, তারা পায় না; দুর্নীতির ফলে এসব সুবিধা অন্যরা পায়। এটাও বৈষম্য বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ।
উন্নয়নের সব ক্ষেত্রে মানবিক প্রগতির বিষয়টি বিবেচনায় না নিলে অর্থনৈতিক উন্নয়নের সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছবে না। দেশের সর্বস্তরের মানুষ অর্থনৈতিক উন্নয়নের সুফল তখনই পেতে পারে, যখন সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে এবং সমাজে ধনী ও দরিদ্রের বৈষম্য কমে যাবে এবং দারিদ্র্য হ্রাস পাবে। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক—এসব স্ক্যান্ডিনেভিয়ান দেশে সেখানে সামাজিক বিভিন্ন ধরনের রাজস্ব ব্যবস্থা ও সরকারি ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে বৈষম্যকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা এ পথে যাচ্ছে, সেখানে দেখছি আয়বৈষম্য, ভোগবৈষম্য ও সম্পদবৈষম্য—এ তিনটিই বৃদ্ধির দিকে। এর একটা বড় কারণ হলো, সেসব দেশে কর ও পুনর্বণ্টনের ব্যবস্থাগুলো অনেক দুর্বল রয়ে গেছে। দেশে মাথাপিছু আয় বাড়ছে, দারিদ্র্য কমছে। কিন্তু কথাটা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে (বৈষম্যের) পার্থক্যটা বাড়ছে। অর্থাৎ যে প্রবৃদ্ধি হচ্ছে, তা যারা বেশি সম্পদের মানুষ, তাদের হাতে বেশির ভাগ যাচ্ছে। যারা কম সম্পদের মালিক, তাদের হাতে তুলনামূলক কম ভাগটা যাচ্ছে। কিন্তু সবাই পাচ্ছে। চরম দরিদ্রের সংখ্যা কমছে। তবে ধনী-গরিবের আয়ের পার্থক্যটা বেড়ে যাওয়াটাই দুশ্চিন্তার বিষয়। একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নিয়ে প্রবৃদ্ধি করতে হলে আমাদের অবশ্যই দুর্নীতি কমানো, কর ফাঁকি, ঋণখেলাপি ইত্যাদি কমাতে হবে। কর ব্যবস্থাপনা, প্রত্যক্ষ করের অংশ বাড়ানো এবং সুশাসনের মাধ্যমে আমাদের এ প্রবণতা রোধ করতে হবে।










