বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ঢাকা আজ নানা সমস্যায় জর্জরিত। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে ঢাকা বিশ্বের সব থেকে দূষিত বায়ুর শহরে পরিণত হয়েছে। এছাড়া যানজট, জলাবদ্ধতা, নদী দূষণ ও দখল, এডিস মশার প্রাদুর্ভাব ইত্যাদি শহরকে দিন দিন প্রাণহীন করে তুলছে। আয়তনের তুলনায় বেশি জনসংখ্যা ও পরিকল্পনায় সমন্বয়হীনতার কারণে শহরের নাগরিকদের প্রতিনিয়ত ভুগতে হচ্ছে নানা সমস্যায়। 

এরই মধ্যে আমরা জেনেছি সারা পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে করোনা। বাংলাদেশে এখন ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। দেশের ভেতর সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরের মানুষ। ধারণা করা হচ্ছে, ৬০-৭০ ভাগ করোনায় আক্রান্ত রোগী ঢাকা শহরের। করোনা সংক্রমণ রোধ করতে সরকার নানা পদক্ষেপ নিলেও আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে না। ফলে সরকার সারা দেশকে তিনটি জোনে ভাগ করে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। আজ থেকে লকডাউন শুরু করার কথা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে লকডাউন নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। সিটি করপোরেশনের সঙ্গে সরকারের বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা জড়িত। ফলে সিটি করপোরেশনের একার পক্ষে সব ধরনের সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। নকশা না পেলে লকডাউন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। প্রথম আলো রিপোর্ট করেছে লকডাউন নিয়ে অস্পষ্টতা, প্রস্তুতির ঘাটতি নিয়ে। ফলে নগর সরকার থাকলে সিটি করপোরেশনগুলো স্বাবলম্বী থাকত এবং ত্বরিত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারত।

ঢাকা শহরে ৫২টি সরকারি প্রতিষ্ঠান নগরের নাগরিকদের সেবা প্রদান করে থাকে এবং এগুলো ২০টি মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত। ফলে সিটি করপোরেশনকে সেবা প্রদানে অনেক ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। আর সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে। তাই সমন্বয়হীনতা দেখা দেয়। করোনা প্রতিরোধেও কিছু সমন্বয়হীনতার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কাজ করছে; যেগুলোর নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের হাতে নেই। কিন্তু নগর সরকার থাকলে সবকিছু নিয়ন্ত্রণ করত একটি সংস্থা। যেমন জননিরাপত্তা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, গ্যাস, সড়ক, শিক্ষা ইত্যাদি নিয়ন্ত্রণ একটি সংস্থা করত। ফলে জনসাধারণের কোনো ঝামেলা পোহাতে হতো না। ঢাকার সাবেক মেয়র হানিফ নগর সরকারের উদ্যোগ নিলেও তা আর বাস্তবায়ন হয়নি। নগর সরকার থাকলে পুলিশ, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠান নগর সরকারের অধীনে থাকত। ফলে বর্তমানে করোনা প্রতিরোধে সিদ্ধান্তহীনতা দেখা দিত না। লকডাউন বাস্তবায়নে নগর সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারত। তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করতে হতো না।

এছাড়া নগর সরকারের অধীনে থাকত নির্বাহী ও বিচার বিভাগ, ন্যায়পাল। এটি জাতীয় সংসদের আদলে গঠিত হয়ে বিভিন্ন ধরনের সেবা অতিদ্রুত নাগরিকদের মধ্যে পৌঁছে দিত, যেখানে সমন্বয়হীনতা থাকত না। 

ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। বর্তমানে ঢাকার মূল সমস্যা হচ্ছে পরিবেশ ও জনসংখ্যা। বিকেন্দ্রীকরণের ফলে জনসংখ্যার চাপ অনেকটা কমে যাবে। আর কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ঢাকা আবার প্রাণ খুঁজে পাবে।

লেখক:

মো. শাহিন রেজা, শিক্ষক।

মুসফেরা জাহান শর্মি, নগর পরিকল্পনাবিদ