কভিড-১৯ মহামারীতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত। ছয় মাস ধরে বিশ্ববাণিজ্যও প্রায় স্থবির। বৈশ্বিক সরবরাহ নিগড়ের অংশ হওয়ায় বাংলাদেশও এর ভুক্তভোগী। বৈশ্বিক বড় বড় ব্র্যান্ডের দিক থেকে ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার কারণে পোশাক খাতের অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। চামড়াসহ অন্য রফতানিমুখী শিল্পেরও একই দশা। দেশের অর্থনীতির এ নিষ্প্রভ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার চীন একটি স্বস্তির বার্তা দিয়েছে। তাদের বাজারে আরো ৫ হাজার ১৬১টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত রফতানি সুবিধা পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটিতে মোট শুল্কমুক্ত পণ্যের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৫৬টি। ফলে চীনে বাংলাদেশের মোট রফতানি পণ্যের ৯৭ শতাংশই শুল্কমুক্ত সুবিধার আওতায় এল। আগামী ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। রফতানি খাতকে চাঙ্গা করতে চীনের দেয়া এ সুবিধা কাজে সদ্ব্যবহারে দেশের উদ্যোক্তা-ব্যবসায়ীদের সময়োপযোগী পদক্ষেপই কাম্য।

চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে এ অঞ্চলে চীনের পণ্য আমদানির বড় ক্রেতা বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে চীনে পণ্য রফতানির গতি খুব একটা বাড়ছিল না। এবার চীনের বাজারে বাংলাদেশের পণ্য রফতানির পথ আরো উন্মুক্ত হলো। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার; বিপরীতে দেশটিতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলারের নিচে (৮৩১ মিলিয়ন ডলার)। তার মানে দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান বিপুল। এ ব্যবধান কমানোর এখনই সুযোগ। বিপুল জনসংখ্যার দেশ চীন। সেই বিবেচনায় বাজারও অনেক বড়। বিগত বছরগুলোয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে লক্ষণীয় মাত্রায় ক্রয়ক্ষমতা বাড়ছে দেশটির জনগণের। সৃষ্ট শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে দেশটিতে রফতানি বাড়ানো গেলে তা বাংলাদেশের জন্য বিরাট সুফল বয়ে আনবে। বিশেষত চীনে বাংলাদেশের তৈরি ওষুধ, তৈরি পোশাক, কাঁচা চামড়া, প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কাঠের আসবাব, হিমায়িত খাদ্য, মাছ ও শাকসবজির ব্যাপক চাহিদা রয়েছে। সম্ভাবনাময় এ বাজার কাজে লাগানো গেলে সংশ্লিষ্ট পণ্যগুলোর রফতানি যেমন বাড়বে, তেমনি বিরাজমান বাণিজ্যবৈষম্যও অনেকটা কমে আসবে। কাজেই বিষয়টি আমলে নিয়ে দেশের ব্যক্তি উদ্যোক্তাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ জরুরি।

বিদ্যমান শিল্পনীতিতে চীন শিল্পসংক্রান্ত পরিপালন (কমপ্লায়েন্স) অনেক কঠোর করেছে। ফলে সেখানে উৎপাদন ব্যয় বেড়েছে বিপুলাংশে। এছাড়া দেশটি শিল্প খাতকে ধীরে ধীরে হালকা শিল্প থেকে ভারী শিল্পের দিকে রূপান্তরে মনোযোগ দিয়েছে। এখন তারা সস্তা পণ্যের চেয়ে ব্যয়বহুল পণ্য উৎপাদনে আগ্রহী বেশি। এতে শ্রমব্যয় ও মূলধনি যন্ত্রপাতির ব্যয়ও বাড়ছে। এজন্য দেশটি অন্য দেশে কারখানা স্থানান্তরের পরিকল্পনা করছে এবং যারা বেশি সুযোগ দিচ্ছে, সেখানে বিনিয়োগের সুবিধা গ্রহণ করছে। বিশেষত যেসব দেশে শ্রমব্যয় কম, সেসব দেশকে এক্ষেত্রে তারা প্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ এখনো সস্তা শ্রমের দেশ। একই সঙ্গে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আকর্ষণে সক্রিয় একটি দেশ। বিদেশী বিনিয়োগ আকর্ষণে সরকার অভৌত ও ভৌত অবকাঠামো উন্নয়ন অব্যাহতভাবে করে যাচ্ছে। সেদিক থেকে বাংলাদেশ চীনা বিনিয়োগের একটি লাভজনক গন্তব্য হতে পারে। এখানে কারখানা স্থাপন বা বিনিয়োগ করলে তারা যেমন সস্তা শ্রমের সুবিধা পাবে, তেমনি শূন্য শুল্কের সুবিধার অধীনে আবার এখানকার উৎপাদিত পণ্য দেশটি আমদানি করতে পারবে। এতে পরোক্ষভাবে দেশটিও লাভবান হবে বৈকি। একইভাবে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়লে শিল্প-কারখানায় একদিকে অত্যাধুনিক প্রযুক্তি ও জ্ঞান-অভিজ্ঞতার সম্মিলন ঘটবে, অন্যদিকে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রত্যক্ষভাবে উপকৃত হবে দেশ। অর্থনীতির স্বার্থে চীনা বিনিয়োগ আকর্ষণে সরকারের কূটনৈতিক সক্রিয়তা অব্যাহত থাকুক, এটিই প্রত্যাশা।

চীনের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করতে হবে। প্রয়োজনে সরকারি-বেসরকারি উদ্যোগে বিশেষজ্ঞ কমিটিও গঠন করা যেতে পারে। চীনে কী ধরনের পণ্যের চাহিদা রয়েছে বা বাংলাদেশ তাদের চাহিদা মেটাতে পারে, তা অনুসন্ধান এবং দেশটির প্রটোকল মেনে পণ্য রফতানির উদ্যোগ নিতে হবে। তবে সর্বাগ্রে কভিড-১৯ নিয়ন্ত্রণে আনতে হবে। যুক্তরাষ্ট্র বা ইউরোপে পণ্য রফতানিতে আমাদের যে সমস্যা ছিল বৈচিত্র্যকরণ ও ভ্যালু অ্যাডিশনের অভাব, তা চীনে পণ্য রফতানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ভুলে গেলে চলবে না, আমরা এমন এক দেশে পণ্য রফতানি করতে চাইছি, যারা অধিকাংশ পণ্য নিজেরাই তৈরি করে। সেক্ষেত্রে স্বল্পমূল্যে মানসম্পন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে সবার আগে। এছাড়া চীনের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবেও বাংলাদেশ কাজ করতে পারে কিনা, তা খতিয়ে দেখা যেতে পারে। চীনের বিনিয়োগ এবং চীন থেকে বেরিয়ে যাওয়া বিনিয়োগ আকর্ষণেও আমাদের সচেষ্ট হতে হবে। এতে চীনে রফতানির পরিমাণ বাড়বে বৈকি। চীনের শুল্কমুক্ত সুবিধা প্রদান আমাদের ক্ষতিগ্রস্ত রফতানি খাতকে চাঙা করতে পারে। তবে এ সুযোগ কাজে লাগাতে আমাদের গবেষণা জোরদার, পণ্য বৈচিত্র্য আনয়ন, নতুন পণ্য তৈরি এবং চীনের জনগণের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে দৃষ্টি দিতে হবে। বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে আমরা আর এ সুবিধা পাব না, সেটিও বিবেচনায় রেখে এগোতে হবে।