সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা আগে গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড স্কিমের আওতায় ছিলেন বা পেনশনের আওতায় থেকেও ২০-১৫-১০ বছর আগে সে অর্থ সম্পূর্ণ উত্তোলন করেছেন, তারা বেঁচে থাকলেও নতুন বেতন স্কেল ও নতুন পেনশন সুবিধার কিছুই ভোগ করেন না। সদাশয় সরকার সীমিত ক্ষেত্রে বিশেষত যারা অবসরের ১৫ বছর পূরণ করেছেন, তাদের জন্য পেনশন ব্যবস্থা পুনর্বহাল করেছিল। বর্তমান দুর্যোগ-দুর্বিপাকের সময় সে সময়টি কমিয়ে ১০ বছর করে প্রভিডেন্ট ফান্ড বা পেনশন এককালীন উত্তোলনকারী, যাদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে, তাদের সবাইকে পেনশনের আওতাভুক্ত করার অনুরোধ করি। এ রকম কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা মাত্র কয়েক হাজার। এ সংখ্যা প্রতি বছর কমে আসবে এবং একসময় একেবারেই থাকবে না। সরকারের ব্যয় বিবেচনায়ও এটি খুবই নগণ্য, হয়তো বছরের পেনশন বাজেটে অতিরিক্ত ৫-৭ কোটি টাকা যুক্ত হবে। কিন্তু একটি বড় সংখ্যার দুর্ভাগ্যপীড়িত মধ্যবিত্ত এতে উপকৃত হবে।

 

তোফয়েল আহমদ

চট্টগ্রাম