গত ডিসেম্বরে চীনের উহান শহরে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা দেয়। অতিঅল্প সময়ে প্রাণঘাতী এই ভাইরাসটি সারা বিশ্বে ক্রমবর্ধমান হারে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বাংলাদেশে প্রথম করোনারোগী শনাক্ত হয় ৮ মার্চ, ২০২০। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ। করোনা সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। ঢিলেঢালা সেই লকডাউনে সংক্রমণ তো কমেইনি; উল্টো আরও বেড়েছে বহুগুণ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত সরকারি হিসাবে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৫২ জন আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৯ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সংক্রমণের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় ২০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংক্রমণের ভিত্তিতে সারা দেশকে রেড, ইয়েলো, ও গ্রিন এই তিন জোনে ভাগ করার কথা বলা হয়েছে সরকারের গৃহীত কৌশলপত্রে। এরই অংশ হিসেবে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার রাত থেকে লকডাউন করা হয়েছে । এর ফলাফল কী দাঁড়ায় সেটি দেখে জোনিং পদ্ধতিতে পর্যায়ক্রমে সংক্রমিত অন্যান্য এলাকাকেও লকডাউনের আওতায় নিয়ে আসার কথা ভাবছে সরকার। 

করোনা সংক্রমণ রোধে লকডাউনের কোনো বিকল্প নেই শুরু থেকেই এমন সতর্কবাণী উচ্চারণ করে আসছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। যেসব দেশ ও অঞ্চল পুরোপুরি লকডাউন কার্যকর করতে পেরেছে সেসব দেশে এ ভাইরাসটি অপেক্ষাকৃত কম ছড়িয়েছে। শুরুরদিকেই যদি বাংলাদেশে লকডাউন কার্যকর করা যেতো তবে বাংলাদেশ আজকের এই পরিস্থিতির শিকার হতো না। অর্থনীতির চাকা সচল রাখার কথা বলে শিল্পকলকারখানা খুলে দেয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। জীবিকা ও অর্থনীতির দোহাই দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার মাধ্যমে মানুষকে স্রেফ উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে যা অনৈতিক।  উল্লেখ্য যে, মানুষের জন্যই জীবিকা; জীবিকার জন্য মানুষ নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি কেনইবা সরকারের নিকট জীবন ও জনস্বাস্থ্যের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তা আমার কাছে বোধগম্য নয়। যা-ই হোক এখন জোনভিত্তিক লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার যেকোন মূল্যে সরকারকে এটি বাস্তবায়ন করতে হবে। কোনো একটি পলিসি বা কৌশলপত্রের সফলতা স্রেফ ঘোষণা দেয়া কিংবা প্রজ্ঞাপন জারির উপর নির্ভর করে না; বরং কর্মকৌশলটি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে কি না এর উপরই নির্ভর করে। ইতোমধ্যে যেসব এলাকাকে  রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় লকডাউন বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য দাবি। যে কোনমূল্যে শতভাগ লকডাউন কার্যকর করতেই হবে। জনসচেতনতা তৈরির মাধ্যমে এক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। কেননা জনগণের কাছ থেকে পূর্ণসহযোগিতা না পেলে সরকারের গৃহীত এই উদ্যোগ কোনো কাজে আসবে না। 

বাংলাদেশে ঠিক এখনই লকডাউন বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এর আগে সরকারের ঘোষিত লকডাউন ছিল অনেকটা এরকম যে ‘কাজীর গরু কিতাবে আছে; কিন্তু গোয়ালে নেই।‘ তাই এবার কোনোভাবেই সেই ভুলের পূণরাবৃত্তি হতে দেয়া যাবে না। এবারও এর পূণরাবৃত্তি হলে এর পরিণতি যে খুবই ভয়াবহ হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি অফিস আদালত, বিপনী বিতান খুলে দেয়া ও গণপরিবহন চালু করার পর গত কয়েকদিনে হু হু করে বেড়েছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। পরিস্থিতি এখন এমন যে, যতবেশি পরীক্ষা ততবেশি শণাক্ত। ব্যাপকভাবে পরীক্ষা করার বিষয়টিকে তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। এক্ষেত্রে নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে পরীক্ষার ফলাফল দেয়া এই পুরো প্রক্রিয়াটিকে হয়রানিমুক্ত করতে হবে। পরীক্ষায় যাদের করোনা শণাক্ত হবে তাদেরকে আইসোলেশনে রেখে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এমনিতেই দেশের স্বাস্থ্যসেবার বেহাল দশা এর উপরে আবার করোনার বাড়তি চাপ সেইসাথে করোনা সংক্রমণ প্রতিরোধে গঠিত কমিটিতে সমন্বয়হীনতা এই সবদিক বিবেচনায় করোনা মোকাবেলায় বাংলাদেশ এখন এক কঠিন সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য লকডাউন কার্যকরের পাশাপাশি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতে এবং করোনা মোকাবেলায় আলাদাভাবে বাজেট বরাদ্দ বাড়ানোসহ জনগুরুত্বপূর্ণ এইখাতকে দুর্নীতিমুক্ত করতে হবে। স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার ও সেবা গ্রহীতার অনুপাত কমিয়ে আনতে হবে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সর্বোপরি, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে হবে ।

লকডাউন কার্যকরের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান যাতে স্বাভাবিক থাকে সেটিও নিশ্চিত করতে হবে। লকডাউন এলাকায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঔষধপত্র মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণাই দিয়েছেন, তিনি একদিকে করোনা মোকাবেলা করবেন, পাশাপাশি মানুষের জীবন-যাপনটা যাতে চলে তারা যেন কষ্ট না পায় তাদের জন্য যা করণীয় সেটা তিনি করে যাবেন। এখন প্রয়োজন সদিচ্ছার ও এর যথাযথ বাস্তবায়ন। আর এটি বাস্তবায়নের জন্য এই প্রক্রিয়ার সাথে জড়িত স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, এনজিও ও স্বেচ্ছাসেবী সদস্যদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

লেখক: শিক্ষক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)