নভেল করোনাভাইরাসের প্রতিঘাতে পুরো দেশ পর্যুদস্ত। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখিতায় এরই মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসা না পেয়ে মানুষের মৃত্যুর হার বাড়ছে। একইভাবে সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোয় অধোগতির ছায়া প্রকট। অর্থনীতি বিশেষত ব্যক্তি খাতের আয় সংকুচিত হওয়ায় উল্লেখযোগ্যসংখ্যক কর্মীর কর্মচ্যুতি ঘটছে অনেক প্রতিষ্ঠানে। অনেক প্রতিষ্ঠানই ব্যয়সংকোচনের পথে হাঁটায় কমছে কর্মীদের বেতনও। চায়ের দোকানদারের মতো ক্ষুদে ব্যবসায়ী থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের আয়ের পথ ব্যাপকভাবে দমিত। চাহিদায় ভাটা পড়ায় তারা পারছে না প্রত্যাশানুযায়ী আয় করতে। বাড়ছে বেকারের সংখ্যা। নতুন করে অনেকেই দরিদ্র হয়ে পড়েছে। কেউ কেউ ধারণা করছেন, এ সংখ্যা ছয় কোটির কাছাকাছি হবে। এটা অশুভ লক্ষণ। সন্দেহ নেই, এটি মানুষে মানুষে বিরাজমান আয়, সম্পদ তথা অর্থনৈতিক সম্পদবৈষম্য আরো বাড়াবে। করোনা মহামারী কতদিন চলমান থাকবে, সেটি অজানা। এমন এক বাস্তবতায় এবারের বাজেটে সবচেয়ে গুরুত্ব পাওয়া দরকার ছিল স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থান। তবে ঘোষিত বাজেটে তার পুরোপুরি প্রতিফলন ঘটেনি। সবচেয়ে সংকটে থাকা স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বেড়েছে মাত্র ১৩ দশমিক ৬৩ শতাংশ, জিডিপির হিসাবে তা মাত্র ১ দশমিক ১৩ শতাংশ। অর্থনীতিবিদরা এ খাতে এবার অন্তত জিডিপির ২-৩ শতাংশ বরাদ্দ বৃদ্ধির কথা বলেছিলেন। কভিড-১৯ মোকাবেলায় জরুরি চাহিদা মেটাতে অবশ্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ শেষ পর্যন্ত কীভাবে ব্যয় হবে তার দিকনির্দেশনা অনুপস্থিত। এ খাতে বেড়ে চলা দুর্নীতি মহাবিস্তারের প্রেক্ষাপটে যা ভীষণ প্রয়োজন ছিল। বিপদের মাত্রা অনুপাতে সামজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তাতে হতাশ হওয়া ছাড়া গত্যন্তর নেই। এ খাতে এবার বরাদ্দ জিডিপির মাত্র ৩ দশমিক শূন্য ১ শতাংশ অথচ অর্থনীতিবিদরা বলে আসছিলেন এটি জিডিপির অন্তত ছয় ভাগে উন্নীত করতে। এবার কৃষিতে কিছুটা বরাদ্দ বেড়েছে, অর্থনৈতিক পুনরুদ্ধার কিছুটা গুরুত্ব পেয়েছে, কিন্তু কর্মসংস্থানের দিকনির্দেশনা এ বাজেটে দৃশ্যমান নয়।
অন্যদিকে বিপরীত চিত্র হলো, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও বেতন-ভাতা বাবদ ব্যয় বৃদ্ধির পথে হাঁটছে সরকার। প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার কোটি টাকা। জনপ্রশাসন খাতে এবার মোট বাজেটের ১৯ দশমিক ৯ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। দুর্নীতি কমিয়ে সরকারি সেবায় গতি আনতে ২০১৫ সালেই বেতন দ্বিগুণ বাড়ানো হয়েছিল জনপ্রশাসনে। কিন্তু দুর্নীতি তো কমেইনি, বরং সরকারি চাকরিজীবীদের পেছনে মাত্র চার বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি ব্যয় বেড়েছে সরকারের। এবারো সেই ধারা অব্যাহত রয়েছে বৈকি। এটা অনভিপ্রেত ও হতাশাজনক।
করোনাসৃষ্ট অর্থনৈতিক মন্দায় অনেক উন্নত দেশও সরকারি ব্যয় সংকোচনের পথে হাঁটছে। কমাচ্ছে বাহুল্য ব্যয়, রোধ করছে অপচয়। ব্যয়সাশ্রয়ের জন্য হ্রাস করছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। বণিক বার্তায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনের তথ্যানুযায়ী, তেলসমৃদ্ধ দেশ ওমান সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতও জনপ্রশাসনে ব্যয় হ্রাসের চিন্তাভাবনা করছে। পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এরই মধ্যে কমানোর উদ্যোগ নিয়েছে। পাশের দেশ ভারত ও পাকিস্তানও একই পথে হাঁটার খবর শোনা যাচ্ছে। অথচ বাংলাদেশ যাচ্ছে সে াতের উল্টো দিকে। কভিডসৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকটজনক পরিস্থিতির মধ্যেও জনপ্রশাসনে ব্যয় বৃদ্ধির পথে হাঁটছে সরকার। সাংগঠনিক কাঠামোয় অতিরিক্ত সচিবের পদ না থাকলেও বিভিন্ন মন্ত্রণালয়ে এ পদে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হয়েছে। একইভাবে নিয়োগ দেয়া হয়েছে যুগ্ম সচিবও। চলতি মাসেই পদোন্নতি দেয়া হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাকে। ফলে বাড়ছে ব্যয়, যার প্রত্যক্ষ প্রতিফলন হলো এবারের বাজেটে জনপ্রশাসনে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব। এটি বাস্তবতার সঙ্গে মোটেই সংগতিপূর্ণ নয়।
এদিকে চলতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বড় ধরনের হোঁচট খেয়েছে। আগামী অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্য অর্জনও প্রায় অসম্ভব, যেহেতু চলমান সংকটের মাত্রা ও ব্যাপকতা এখনো অ-উন্মোচিত। রাষ্ট্রীয় পর্যায়ে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি নেই। এ অবস্থায় সরকারি ব্যয়ের লাগাম টানা জরুরি। অর্থনীতিবিদরা বলছেন, নিয়মিত বেতন বৃদ্ধিসহ সরকারি চাকরিজীবীদের আনুষঙ্গিক অন্য সুযোগ-সুবিধা স্থগিত রাখলে কিছুটা ব্যয়সাশ্রয় ঘটছে, যা দিয়ে প্রান্তিক জনগোষ্ঠী ও দরিদ্র মানুষদের সহায়তা জোগান দেয়া যাবে। বেতন-ভাতা স্থিতিশীল রাখা বা অন্য সুযোগ-সুবিধা স্থগিত করার উদ্যোগ কিন্তু একেবারেই নতুন নয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের অংশ হিসেবেই সরকারি কর্মচারীদের বেতনের ঊর্ধ্বসীমা বেঁধে দেয়া হয়েছিল। আর বর্তমান করোনা সংকটে বিশ্বের অনেক দেশই এ ধরনের সংস্কারের দিকে যাচ্ছে। অর্থনৈতিক পুনরুদ্ধার সহজতর করতে আমাদেরও সেদিকেই যাওয়া সমীচীন হবে। বড় বিষয়, ব্যক্তি খাতের চাকরিজীবীদের বেতন-ভাতা কমছে বা কমানো হচ্ছে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। এটি আরো বড় মাত্রায় আয়বৈষম্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। কাজেই জনপ্রশাসন খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা জরুরি।










