বাংলাদেশের
ওষুধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল সেক্টরটি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি
খাত। প্রথমত, দেশের বিশাল জনগোষ্ঠীর ওষুধ চাহিদার প্রায় ৯৮
শতাংশ খাতটি পূরণ করে। দ্বিতীয়ত,
খাতটির বার্ষিক গড় প্রবৃদ্ধি ১৫
শতাংশের অধিক। তৃতীয়ত, এ খাতের বেশ কয়েকটি কোম্পানি বিশ্বমানের এবং
তারা বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রফতানি করে। চতুর্থত, বিশ্ব
বাণিজ্য সংস্থার ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (ট্রিপস) চুক্তির
আওতায় স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো পেটেন্টেড
সব ওষুধের জেনেরিক ভার্সন পেটেন্ট ফি ছাড়াই উত্পাদন করতে পারে।
ঢাকা
স্টক এক্সচেঞ্জে বর্তমানে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ক্যামিকেল সেক্টরে মোট ৩২টি
কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। তার মধ্যে আনুমানিক ১৩টি কোম্পানি মানবদেহের জন্য
ওষুধ উত্পাদন ও তা বাজারজাতের সঙ্গে সরাসরি জড়িত। সেসব কোম্পানির সাইজ ও পেইড আপ
ক্যাপিটাল, মার্কেট শেয়ার, ইপিএস, আর্থিক
ভিত্তি, প্রডাক্টস কোয়ালিটি, ম্যানেজমেন্ট
কোয়ালিটি ইত্যাদি সূচক তথা ইন্ডিকেটরেই ব্যাপক পার্থক্য লক্ষণীয়। ফার্মাসিউটিক্যাল
কোম্পানিগুলোর পিই রেশিওতেও রয়েছে ব্যাপক তফাত—বিকন ফার্মার
পিই রেশিও যেখানে ১১৯ দশমিক ২,
সেখানে স্কয়ার ফার্মার ১০ দশমিক ৭৬, সিলকো
ফার্মার ৯ দশমিক ৮২। সব মিলিয়ে বলা যায় যে সার্বিকভাবে খাতটি সম্ভাবনাময় হলেও
কোম্পানিগুলোর মৌলভিত্তির পার্থক্যজনিত কারণে সব কোম্পানি যে লাভজনক হবে, তার
কোনো মানে নেই। তাই বিনিয়োগের জন্য প্রযোজ্য সব ক্রাইটেরিয়া পূরণ হলেই শুধু
ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ক্যামিকেল সেক্টরে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার
বিষয়টি বিবেচিত হওয়া উচিত।
তালিকাভুক্ত ওষুধ কোম্পানিগুলোর মধ্যে কোনটি বিনিয়োগযোগ্য বা যোগ্য নয়, তা নির্ধারণে প্রয়োজন বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যে কোম্পানিগুলোর পারস্পরিক তুলনা। নিচের টেবিলে ফার্মাসিউটিক্যাল খাতের বেশ কয়েকটি উল্লেখযোগ্য কোম্পানির তুলনা দেখা যেতে পারে-
|
কোম্পানি |
পেইড আপ ক্যাপিটাল (কোটি টাকা) |
রিজার্ভ (কোটি টাকা) |
স্পন্সর শেয়ার হোল্ডিং (%) |
ডেট (Debt) -ইকু্ইটি (Equity) রেশিও (%) |
বিগত ৪ বছরে গড় ইপিএস (টাকা) |
বিগত ৪ বছরে গড় ডিভিঃ ইল্ড (%) |
প্রাইস আর্নিংস গ্রোথ (PEG) |
রিটার্ণ অন ইক্যুইটি (ROE) (%) |
শেয়ারপ্রতি ফ্রি ক্যাশ ফ্লো
(টাকা) |
|
স্কয়ার ফার্মা |
৮৪৪ |
৫৭৪৫ |
৩৫ |
0 |
১৫.২০ |
১.১০ |
০.৬৬ |
১৭.৩৭ |
১৪.৫০ |
|
বেক্সিমকো ফার্মা |
৪০৬ |
২০২৬ |
১৩ |
৪৫.১৫ |
৬.৬২ |
১.৫১ |
১.০১ |
১০.১৭ |
-৩.৫৫ |
|
রেনেটা |
৮৯ |
১৭৭১ |
৫১ |
১৪.০১ |
৪৩.৯ |
০.৮৫ |
১.২৯ |
২০.৯১ |
২৯.৬১ |
|
ইবনে সিনা |
৩১ |
১১৭ |
৪৪ |
৪৭ |
১১.২০ |
১.২৩ |
১.০৮ |
২২.৭৫ |
১.৪০ |
|
একমি ল্যাব |
২১৭ |
১১১০ |
৩২ |
৭৬.১৪ |
৬.৬৮ |
৩.৫২ |
২.০৪ |
৭.৮৪ |
-৮.৮২ |
|
গ্ল্যাক্সো স্মিথক্লিন |
১২ |
১১৩ |
৮২ |
০ |
৩১.৩০ |
৩.৩৮ |
৩.৫৭ |
৬১.৯২ |
৮৩.০৮ |
|
বিকন ফার্মা |
২৩১ |
৬৭ |
৩০ |
৫৯.৯২ |
০.৪৫ |
২.৭৩ |
৩.৭২ |
৩.৯০ |
-০.১০ |
|
এসিআই |
৫৭ |
৮৭৪ |
৩৫ |
১১১.৪৩ |
১৬.৭০ |
২.৯৩ |
অহিসাবযোগ্য |
-৭.৮৭ |
-৭১.৯৯ |
|
আইবিপি |
১১২ |
২৬ |
৫১ |
০ |
১.৫৩ |
০.৪২ |
০.৮১ |
১১.২৯ |
০.৮১ |
|
সিলকো ফার্মা |
১০৪ |
১১৪ |
৩৯ |
০ |
১.৬৭ |
০.৮১ |
৩.১৪ |
৮.২৮ |
০.৮৩ |
|
সিলভা ফার্মা |
১৩৬ |
৭৭ |
৫৩ |
০ |
১.০৬ |
৬ |
৮.০৮ |
৬.৭২ |
০.৬০ |
|
অরিয়ন ফার্মা |
২৩৪ |
৭২৫ |
৩২ |
৪৬.৭২ |
৩.৯৬ |
৩.৭৯ |
অহিসাবযোগ্য |
৫.৫২ |
২.৭১ |
|
সেন্ট্রাল ফার্মা |
১২০ |
৫৯ |
২৬ |
১১.৫৩ |
০.৭২ |
০ |
অহিসাবযোগ্য |
৩.২০ |
-০.০১ |
কোম্পানির
সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে রেশিওগুলো ক্যালকুলেশন করা হয়েছে।
উপরের
টেবিলের দ্বিতীয় ও তৃতীয় কলামে প্রদর্শিত পেইড আপ ক্যাপিটাল ও রিজার্ভের পরিমাণ
দেখে সহজেই বোঝা যায় যে পেইড আপ ক্যাপিটালের তুলনায় এসিআই, গ্ল্যাক্সোস্মিথক্লাইন
ও স্কয়ার ফার্মার রিজার্ভের পরিমাণ অনেক বেশি—যথাক্রমে ১৫৩৩
দশমিক ৩৩, ৯৪১ দশমিক ৬৭ ও ৬৮০ দশমিক ৬৯ শতাংশ। পক্ষান্তরে
আইবিপি ও বিকন ফার্মার ক্ষেত্রে তা সবচেয়ে কম—যথাক্রমে মাত্র
৮ দশমিক ৯ ও ২৯ শতাংশ। সবাই জানে যে রিজার্ভের অনুপাত যত বেশি হবে ততই ভালো।
রিজার্ভ বেশি থাকলে কোনো বছরে প্রত্যাশিত নিট আয় কম হলেও কোম্পানি রিজার্ভ থেকে
লভ্যাংশ দিতে সক্ষম হয়।
চতুর্থ
কলামে প্রদর্শিত স্পন্সর শেয়ারহোল্ডিং পজিশনে দেখা যায় সিলভা ফার্মার ৫৩ শতাংশ, রেনেটা
ও আইবিপির ৫১ শতাংশ শেয়ার স্পন্সরদের কাছে রয়েছে। পক্ষান্তরে তা সবচেয়ে কম রয়েছে
বেক্সিমকো ফার্মা ও সেন্ট্রাল ফার্মার স্পন্সরদের কাছে যথাক্রমে মাত্র ১৩ ও ২৬
শতাংশ। এটি কমপক্ষে ৩০ শতাংশ থাকা উচিত। মনে রাখতে হবে যে কম শেয়ার থাকা মানেই হলো
কোম্পানির পেইড আপ ক্যাপিটালে স্পন্সরদের নিজের বিনিয়োগকৃত অর্থের পরিমাণ
তুলনামূলকভাবে কম এবং তার ফলে কোম্পানিতে তাদের ব্যক্তিগত ঝুঁকিও কম। সেক্ষেত্রে
কোম্পানির লাভের অংশও তারা কম পাবে,
ফলে কোম্পানির উন্নয়নে সম্ভবত
স্পন্সরদের কর্তৃক সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ না করার ঝুঁকি থেকে যায়।
পঞ্চম
কলামে প্রদর্শিত ডেট (Debt) ইকুইটি রেশিও
যেকোনো কোম্পানিতে বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূচক। ইকুইটির তুলনায় ঋণের
পরিমাণ যত বাড়বে, কোম্পানির জন্য তা ততই ঝুঁকিপূর্ণ হতে থাকবে।
কারণ ঋণের সুদ দেয়ার ফলে কোম্পানির নিট আয় কমতে থাকবে। আর কোনো কারণে ব্যবসা
ক্ষতিগ্রস্ত হলে অতিরিক্ত সুদ বহনের ফলে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকি থাকে। উচ্চ
ডেট ইকুইটি রেশিও বিবেচনায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এসিআই, একমি
ল্যাব ও বিকন ফার্মা। এসিআইয়ের মোট শেয়ারহোল্ডার ইকুইটির পরিমাণ থেকেও তাদের
ব্যাংকঋণের পরিমাণ বেশি। আর অতিরিক্ত ঋণের ফলে তাদের ইপিএস নেগেটিভ মর্মে লক্ষ করা
যায়। একমি ল্যাব স্বনামধন্য কোম্পানি এবং তাদের ওষুধের মার্কেট শেয়ার ভালো হওয়া
সত্ত্বেও বেশি ঋণের ফলে তাদের ইপিএস তেমন আকর্ষণীয় নয়। এ সূচকের বিবেচনায় সবচেয়ে
ভালো অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা,
গ্ল্যাক্সোস্মিথক্লাইন, আইবিপি, সিলকো
ও সিলভা ফার্মা। কারণ তাদের কোনো ব্যাংকঋণ নেই। আইবিপি, সিলকো
ও সিলভা ফার্মা সম্প্রতি আইপিওতে এসেছে। সম্ভবত তারা আইপিওর অর্থ দিয়ে সব ব্যাংকঋণ
পরিশোধ করে দিয়েছে। আরো কয়েক বছর যাওয়ার পর সত্যিকারভাবে বোঝা যাবে যে ওইসব
কোম্পানি ব্যাংকঋণ ছাড়াই টিকে থাকছে এবং ব্যবসা বাড়াতে পারছে কিনা। ডেট ইকুইটি
রেশিও কত হওয়া উচিত, তার কোনো সুনির্দিষ্ট মাত্রা নেই। তবে
সাধারণভাবে তা ৫০ শতাংশের নিচে থাকলে তাকে নিরাপদ ভাবা যেতে পারে।
ষষ্ঠ
কলামে প্রদর্শিত আর্নিংস পার শেয়ার
(ইপিএস) কোম্পানিগুলোর
সব খরচ শেষে শেয়ারপ্রতি নিট আয় অবস্থানের প্রতিফলন। গত চার বছরের গড় ইপিএসে কলামে
দেখানো হয়েছে। এ সূচকটি বেশ গুরুত্বপূর্ণ। একটি কোম্পানি কতটা লাভজনক এবং তার
ব্যবসার প্রবৃদ্ধি কতটা হচ্ছে,
তা ইপিএস দেখে বোঝা যায়। ইপিএস
বিবেচনায় ভালো অবস্থানে রয়েছে রেনেটা,
গ্ল্যাক্সোস্মিথক্লাইন, এসিআই
ও স্কয়ার ফার্মা। আর সবচেয়ে কম ইপিএস রয়েছে আইবিপি, সিলকো, সিলভা
ও সেন্ট্রাল ফার্মার—সবারই শেয়ারপ্রতি ২ টাকার নিচে।
সপ্তম
কলামে প্রদর্শিত ডিভিডেন্ড ইল্ড গত চার বছরে শেয়ারহোল্ডাররা যে পরিমাণ গড় লভ্যাংশ
হাতে পেয়েছে তা দেখায়। শেয়ারের বিপরীতে ওই হারে অর্থ প্রকৃতপক্ষে শেয়ারহোল্ডারদের
ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। তাই সূচকটি খুবই গুরুত্বপূর্ণ। ইল্ডের পরিমাণ
নির্ভর করে ঘোষণাকৃত লভ্যাংশের হার এবং শেয়ারের ক্রয়দামের ওপর। কোনো কোম্পানির
প্রদত্ত লভ্যাংশ বা ডিভিডেন্ড অনেক ভালো হলেও তার শেয়ার দাম বেশি হলে ইল্ড কমে
যায়। সাধারণভাবে কোম্পানির ইপিএস বা আয় ভালো হলে তারা ভালো ডিভিডেন্ড ঘোষণা করে।
তবে অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি ভালো লাভ হলেও লো পে আউট অর্থাত্
ডিভিডেন্ড কম ঘোষণা করতে পারে। অনেক কোম্পানি আবার ইপিএস কম হলেও রিজার্ভ থেকে
নিয়ে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। আবার কিছু কোম্পানি, যেমন
স্কয়ার ফার্মা, ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে সঙ্গে নিয়মিত স্টক
ডিভিডেন্ডও দেয়। স্টক ডিভিডেন্ডকে ইল্ড বিবেচনায় নেয়া হয় না, কিন্তু
তার ফলে শেয়ারহোল্ডার অতিরিক্ত শেয়ারের মালিক হন। কোম্পানির সার্বিক আর্থিক
অবস্থান, ইপিএস,
শেয়ার প্রাইস, ডিভিডেন্ড
পলিসিসহ নানা ফ্যাক্টর দ্বারা ইল্ড প্রভাবিত হয়ে থাকে। তাই সেসব বিবেচনায় নিয়ে
ডিভিডেন্ড ইল্ডকে দেখতে হবে। ডিভিডেন্ড ইল্ড বিবেচনায় এ খাতের কোম্পানিগুলোর মধ্যে
আকর্ষণীয় হচ্ছে ওরিয়ন ফার্মা,
একমি ল্যাব, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, এসিআই
ও বিকন ফার্মা।
অষ্টম
কলামে প্রদর্শিত প্রাইস আর্নিংস গ্রোথ হচ্ছে কোনো কোম্পানি ভ্যালুয়েশন
ক্যালকুুলেশনের জন্য কিছুটা জটিল একটি সূচক। তাই এর গুরুত্বও বেশি, যদিও
অনেকেই এর ব্যবহার সম্পর্কে তেমন অবহিত নয়। প্রাইস আর্নিং (পিই) রেশিও
দিয়ে একটি কোম্পানির আয়ের কত গুণ দামে শেয়ারটি বাজারে বিক্রি হচ্ছে, তা
বোঝা যায়। যেসব কোম্পানির প্রবৃদ্ধি ভালো অর্থাত্ আগামীতে ভালো আয় হবে, সংগত
কারণেই তাদের পিই রেশিও বেশি হবে। তবে তা ইপিএস প্রবৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ কিনা, এটি
পিই রেশিও দেখে বোঝা যায় না। দেখা গেল একটি কোম্পানির ইপিএসে কোনো প্রবৃদ্ধি নেই
বা প্রবৃদ্ধি হলেও তা বেশ কম। অথচ তার পিই রেশিও অনেক বেশি; যা
কোনোক্রমেই যৌক্তিক হতে পারে না। কারণ বিদ্যমান ইপিএস দিয়ে ওই শেয়ারের উচ্চদাম
আগামীতে পুষিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। সে কারণেই পিই রেশিও জানার প্রয়োজন হয়। এটি
পিই রেশিওর তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য একটি সূচক। বিদ্যমান পিই রেশিওকে ওই
কোম্পানির ইপিএস প্রবৃদ্ধি দিয়ে ভাগ করলে পিইজি পাওয়া যায়। এটির মান কম হলে তা শেয়ারটির
মৌলভিত্তি প্রদর্শন করে। এটির মান ১ হওয়ার অর্থ হচ্ছে পিই রেশিওর সমান হারে ইপিএস
প্রবৃদ্ধি হচ্ছে। পিইজি মান ১-এর নিচে থাকার অর্থ হলো ইপিএসের
প্রবৃদ্ধি পিই রেশিওর চেয়ে বেশি হারে হচ্ছে। অন্যদিকে এটির মান ১-এর চেয়ে বাড়ার
মানে হলো পিই রেশিও হারের তুলনায় ইপিএস প্রবৃদ্ধি কম। এটির মান ১-এর চেয়ে যত বেশি
হবে, শেয়ারটি তত বেশি ঝুঁকিপূর্ণ হবে। উপরের টেবিলের
অষ্টম কলামে বিবেচিত ফার্মা কোম্পানিগুলোর মধ্যে তিনটি কোম্পানির (সেন্ট্রাল
ফার্মা, এসিআই ও ওরিয়ন ফার্মা) পিইজি অহিসাবযোগ্য।
কারণ হয় তাদের ইপিএস নেগেটিভ অথবা আগের সময়ের তুলনায় তাদের ইপিএস না বেড়ে বরং
কমেছে, যে কারণে তাদের পিইজি হিসাব করা
সম্ভব নয় বা হিসাব করলে তা ভুল বার্তা দেবে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পিইজি সংক্রান্ত সে অবস্থা উদ্বেগজনক এবং সেটি তাদের জন্য কোনো
ভালো খবর নয়। আর সিলভা, বিকন ও গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পিইজি মান ১-এর চেয়ে অনেক বেশি, যা
ওইসব শেয়ারের বিদ্যমান মার্কেট প্রাইস সাপোর্ট করে না। কারণ সেগুলোর শেয়ার প্রাইস
খুবই ওভারভ্যালুড। পিইজি মান ১-এর চেয়ে কম আছে মাত্র দুটি কোম্পানির—স্কয়ারের
শূন্য দশমিক ৬৬ এবং আইবিপির শূন্য দশমিক ৮১,
যা কোম্পানিদ্বয়ের আন্ডারভ্যালুড
প্রাইস বোঝায়।
নবম
কলামে প্রদর্শিত রিটার্ন অন ইকুইটি
(আরওই) বছর শেষে
প্রতিটি শেয়ারের বিপরীতে যে পরিমাণ নিট আয় হচ্ছে তা দেখায়। কোম্পানি তার পেইড আপ
ক্যাপিটাল, বিভিন্ন ধরনের প্রভিশন বাবদ রক্ষিত অর্থ, রিজার্ভ
মানি ও ব্যাংকঋণ ব্যবহার করে যে আয় করে,
তা থেকে সব ধরনের খরচ ও ট্যাক্স বাদ
দিয়ে নিট আয় হিসাব করা হয়। তাই এ অনুপাত কোনো কোম্পানির সম্পদ ব্যবহারের দক্ষতা ও
পারদর্শিতাকে ইঙ্গিত করে। একই খাতের আওতাধীন বিভিন্ন কোম্পানিতে সে অনুপাত ভিন্ন
হলে তাদের দক্ষতা ও পারদর্শিতাও তদ্রূপ বিবেচিত হয়। দেখা যাচ্ছে যে শেয়ারপ্রতি
আরওইর ভিত্তিতে সবচেয়ে লাভজনক কোম্পানিগুলো হচ্ছে যথাক্রমে গ্ল্যাক্সোস্মিথকা্লইন, ইবনে
সিনা, রেনেটা,
স্কয়ার ফার্মা ও আইবিপি। অন্যদিকে
এসিআইর আরওই নেগেটিভ। ধারণা করা যায় যে অস্বাভাবিক ঋণের কারণে এসিআই কোম্পানির নিট
আয়ে ঋণাত্মক প্রভাব পড়ছে। আর সেন্ট্রাল ফার্মা, বিকন ও ওরিয়ন ফার্মার
আরওই খুবই অপ্রতুল। শেয়ার মার্কেটে মানুষ বিনিয়োগ করে লাভের আশায়। আর আরওই এত কম
হলে সেস্ট্রাল ফার্মা, বিকন ফার্মা ও ওরিয়ন ফার্মার মতো কোম্পানির
শেয়ারে বিনিয়োগ না করে অন্যত্র টাকা খাটানোই যৌক্তিক।
সর্বশেষ
১০ম কলামে প্রদর্শিত শেয়ারপ্রতি ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে কোম্পানি ভ্যালুয়েশনে
অন্যতম জটিল ও গুরুত্বপূর্ণ একটি সূচক। ফ্রি ক্যাশ ফ্লোর পরিমাণ দিয়ে বোঝা যায়
কোম্পানির বিল্ডিং ও প্লান্ট ইকুইপমেন্ট ঠিক রাখতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ খরচ বাদ
দেয়ার পর কী পরিমাণ ক্যাশ অবশিষ্ট থাকছে। ফ্রি ক্যাশ ফ্লো-ই
হচ্ছে শেয়ারহোল্ডারদের জন্য বিতরণযোগ্য প্রকৃত আয় যা দিয়ে ম্যানেজমেন্ট ডিভিডেন্ড
ঘোষণা করতে পারে কিংবা ব্যাংকঋণ পরিশোধ করতে পারে। ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে কোনো
কোম্পানির আর্থিক সচ্ছলতা ও গতিশীলতার সত্যিকার নির্ণায়ক এবং এটা যত বেশি হবে ততই
ভালো। কোম্পানির আর্থিক প্রতিবেদনের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম অংশের শেষাংশ
অর্থাত্ Net Cash from Operating Activities-এর পরিমাণ যদি পজিটিভ হয়, তবে
তা থেকে Cash Flow from Investments অংশে বর্ণিত প্লান্ট, ইকুইপমেন্ট
অ্যান্ড এস্টাব্লিশমেন্ট (পিপিই)
বাবদ ব্যয় বাদ দিলে ফ্রি ক্যাশ ফ্লো
পাওয়া যায়। তারপর সে পরিমাণকে মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে শেয়ারপ্রতি ফ্রি
ক্যাশ ফ্লো পাওয়া যায়। উল্লিখিত টেবিল থেকে দেখা যাচ্ছে যে শেয়ারপ্রতি সবচেয়ে বেশি
ফ্রি ক্যাশ ফ্লো আছে যথাক্রমে গ্ল্যাক্সোস্মিথক্লাইন, রেনেটা
ও স্কয়ার ফার্মার। অন্যদিকে বাজে অবস্থায় রয়েছে যথাক্রমে এসিআই, একমি
ল্যাব, বেক্সিমকো,
বিকন ও সেন্ট্রাল ফার্মা। সেসব
কোম্পানির শেয়ারপ্রতি ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। সহজেই অনুমান করা যায় যে সেসব
কোম্পানির অতিরিক্ত ব্যাংকঋণ কিংবা ম্যানেজমেন্টের অদক্ষতার কারণে সুষ্ঠু স্বল্প
নিট আয়ের কারণে তাদের শেয়ারপ্রতি ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হচ্ছে।
বিভিন্ন
সূচক বা ইন্ডিকেটরের সাহায্যে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ক্যামিকেল খাতের যে ১৩টি
কোম্পানির মধ্যে পারস্পরিক তুলনা করা হলো,
তাতে দেখা যায় যে কোনো কোম্পানিই সব
সূচকে সর্বোত্তম অবস্থানে নেই। তবে বেশির ভাগ সূচকে সম্ভবত স্কয়ার ফার্মা সবচেয়ে
ভালো অবস্থানে আছে। রেনেটা, ইবনে সিনা,
বেক্সিমকো ফার্মার মতো কোম্পানির
অবস্থানও মোটামুটি গ্রহণযোগ্য। গ্ল্যাক্সোস্মিথক্লাইন ভালো কোম্পানি হলেও তার
প্রাইস বেশি। আইবিপি, সিলভা ও সিলকো ফার্মা নতুন কোম্পানি হিসেবে
ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃতই তারা কেমন করবে, সেটা
সময়ই বলে দেবে।
পরিশেষে
বলতে হয় যে শেয়ার মার্কেটে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ বিধায় এখানে টিকে থাকতে হলে
যথাযথভাবে যাচাই-বাছাই ও গবেষণার বিকল্প নেই। যথার্থ যাচাই-বাছাই
করার পর বিভিন্ন সূচকের ভিত্তিতে কোনো কোম্পানি ফিজিবল হলেই শুধু সেখানে বিনিয়োগ
করা নিজ স্বার্থেই জরুরি।










