বুদ্ধিজীবী হিসেবে রাষ্ট্রীয় ও সামাজিক-সাংস্কৃতিক এলাকায় প্রভূত লিপ্ততা এবং সাফল্যের কারণে একাডেমিক গবেষণায় অধ্যাপক আনিসুজ্জামানের অবদান বেশ কতকটা আড়ালে পড়ে গেছে। অথচ গবেষণা-নিবন্ধ রচনায় তাঁর একটা সহজ সিদ্ধি ছিল। বাংলা ও ইংরেজিতে প্রকাশিত তাঁর এ ধরনের প্রবন্ধের সংখ্যা অনেক। রচনা ও সম্পাদনা করেছেন বেশকিছু ইংরেজি গ্রন্থ। বিপুলসংখ্যক আন্তর্জাতিক সভা-সেমিনারে দেশের প্রতিনিধিত্ব করেছেন। আনিসুজ্জামান সম্ভবত আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।

তাঁর নিয়মানুবর্তিতা আর সুশৃঙ্খল জীবনযাপন ঢাকায় বেশ কিংবদন্তি হয়ে উঠেছিল। এ স্বভাবের সঙ্গে তাঁর গবেষণায় সিদ্ধির একটা অন্তরঙ্গ যোগ আছে। মাত্র ২৫ বছর বয়সে পিএইচডি সম্পন্ন করেছেন। কাজটা তিনি ভালোভাবে যোগ্যতার সঙ্গেই করেছিলেন। তারপর গেছেন বিদেশে—ইংরেজি ভাষার একাডেমিক গবেষণার অভিজাত এলাকায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে। সে ১৯৬৪-৬৫ সালের কথা। আজ বেশ কতকটা সময় উজিয়ে এসে পেছন ফিরে তাকালে মনে হয়, অধ্যাপক আনিসুজ্জামান যে ঢাকার বাস্তবতার মধ্যে ঢাকার বিষয় নিয়ে গবেষণা শুরু করেছিলেন, তা তাঁর জন্য কল্যাণকর হয়েছে। আমাদের কৃতবিদ্য বহু ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে উল্টো। তাঁরা বিদেশে, বিদেশী একাডেমির ধারা অনুসারে গবেষণায় প্রশিক্ষণ পেয়েছেন। অনেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট কৃতিত্বেরও পরিচয় দিয়েছেন। কিন্তু চেষ্টা করেও দেশীয় কাজের আবহে ঢুকতে পারেননি। বাংলা অঞ্চলের গবেষণাধারার সঙ্গে যোগাযোগ ও পরিচয় নিবিড় হওয়ার পর তিনি গেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাঁর ভাষাগত এবং পদ্ধতিগত প্রশিক্ষণ বড় মাত্রা পেয়েছে। তাঁর পরবর্তী কর্মধারা নিশ্চিতভাবে সে সাক্ষ্য দেয়। সারা জীবন তিনি যথাসম্ভব এ দুই ধারায় কাজ করেছেন—একদিকে দেশের স্বরূপ উন্মোচন, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ। বাংলাবিদ্যা বলে যদি একটা একটু বৃহত্তর একাডেমিক পরিসর সাব্যস্ত করা যায়, তবে সে এলাকায় তাঁকে নিশ্চিতভাবেই বাংলাদেশের প্রধান পণ্ডিত-গবেষকদের খুব ছোট তালিকায় স্থান দিতে হবে।

একজন নিপুণ গবেষক হিসেবে তিনি আসলে সুনাম কুড়িয়েছিলেন তরুণ বয়সেই। অন্য অনেকের মধ্যে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক তাঁর গবেষণাকর্মের গোছগাছ আর সাফল্যের বিশেষ প্রশংসা করেছিলেন। তাঁর গবেষণা-প্রকল্পগুলোর মধ্যে দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হলো বাংলা সাহিত্যের ও বাঙালির ইতিহাসের ধারাক্রমের মধ্যে বাঙালি মুসলমানের অবস্থান ও অবদানের প্রকৃতি নির্ধারণ। মুসলিম মানস ও বাংলা সাহিত্য ছাড়াও এ বিষয়ে তাঁর আরো কিছু কাজ আছে। দ্বিতীয় প্রকল্পকে তাঁর বইয়ের নাম অনুসরণে বলতে পারি ‘পুরোনো বাংলা গদ্য’ প্রকল্প। নতুন উপকরণ আবিষ্কার, উপকরণগুলোর পাঠযোগ্য সংস্করণ প্রস্তুত ও তাত্পর্য নির্ণয় এবং ধারাবিবরণী নির্মাণের ক্ষেত্রে আনিসুজ্জামান বাংলা সাহিত্যের ইতিহাসের এই এলাকায় মৌলিক অবদান রেখেছেন। আমরা এ লেখায় স্বল্প পরিসরে এদিকেই আলোকপাত করব।

পুরনো বাংলা গদ্য বলতে বোঝানো হচ্ছে ‘১৮০০ খ্রিস্টাব্দের পূর্ববর্তী বাংলা গদ্য’। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের যে সমবায়ী চর্চা হয়েছিল এবং এর ফলে গদ্যের আকার-প্রকার যেভাবে বদলে গিয়েছিল, তার সাপেক্ষেই সাধারণত বিভাজনটা করা হয়। উনিশ শতকের ছাপা হরফে বাংলা গদ্যের বিপুলতা আর বৈচিত্র্য এমন চোখ-ধাঁধানো রূপ পেয়েছে যে আগের গদ্য নিবিড়ভাবে পাঠ করার অবকাশ ঐতিহাসিকেরা বিশেষ পাননি। এর গভীর কারণ নির্দেশ করেছেন আনিসুজ্জামান: ‘যে-তত্ত্বজ্ঞান ও যুক্তিবোধ, যে-পরিশীলন ও মননশীলতা থাকলে গদ্যের আবির্ভাব ঘটে, অনেকেই ধরে নিয়েছিলেন যে, পাশ্চাত্য প্রভাবের আগে আমাদের দেশে তার বিকাশ হওয়া সম্ভবপর ছিল না।’ বলা যায়, ঔপনিবেশিকতা কেবল বাংলা ভাষা-সম্পর্কিত ধারণা আর গদ্যকেই গ্রাস করেনি, বাংলা গদ্যের ইতিহাসকেও প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণ করেছে। ফলে পুরনো বাংলা গদ্যের প্রাপ্ত উপাদানগুলো বহুদিন ধরে চর্চিত হলেও গদ্যের ইতিহাসের ধারাবাহিকতায় সেগুলো কার্যকরভাবে বিবৃত হয়নি।

হাতেগোনা দু-চারটা বাদ দিলে বাংলা সাহিত্যের অধিকাংশ ইতিহাসের ক্ষেত্রে এ কথা খাটে। যাঁরা উনিশ শতকের আগের গদ্য নিয়ে আলোচনা করেছেন, তাঁদের আলোচনার ভঙ্গি থেকে পুরনো গদ্যের অনুপস্থিতি আরো বেশি করে প্রতিষ্ঠিত হয়েছে। সজনীকান্ত দাস ১৭৪৩ সাল পর্যন্ত বাংলা গদ্যের এক অন্ধকার যুগ কল্পনা করেছেন। এর পরের কয়েক দশকের গদ্য সম্পর্কেও তাঁর অবিমিশ্র অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। সুশীলকুমার দে লিখেছেন: ‘Before 1800, it may be doubted whether, in spite of the large number of old philosophical and religious prose-works now discovered, there is a single Bengali prose-work of any importance .’

আনিসুজ্জামানের পুরনো বাংলা গদ্যচর্চা এই প্রেক্ষাপটেই বিবেচ্য।

পুরনো গদ্যের প্রমাণসূচক উপকরণ আবিষ্কার বা নতুনভাবে উপস্থাপনের দিক থেকে আনিসুজ্জামানের লেখালেখির মধ্যে আছে স্বরোদয় নামক পুঁথি নিয়ে আলোচনা, যার মধ্য দিয়ে ‘ষোড়শ শতাব্দীর রচনা বলে নিঃসংশয়ে গণ্য হতে পারে, এমন একটি গ্রন্থের সন্ধান’ পাওয়া গেছে। এরপর তাঁর গবেষণাকর্ম ফ্যাক্টরি কোরিসপনডানস ইন্ডিয়া অফিস লাইব্রেরির বাংলা নথিপত্রের ব্যবহারযোগ্য সুশৃঙ্খল তালিকা করে অন্য অনেক গবেষণার পথনির্দেশ করেছে। তবে তাঁর সংগৃহীত উপাদানরাশির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একরাশ বাণিজ্যিক চিঠির সংকলন। ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রক্ষিত দুই হাজারের বেশি বাণিজ্যিক পত্র খুঁজে পেয়েছিলেন আনিসুজ্জামান। সেখান থেকে নির্বাচিত চিঠি গ্রন্থরূপে প্রকাশ করেছিলেন আঠারো শতকের বাংলা চিঠি নামে।

অধ্যাপক আনিসুজ্জামান পুরনো বাংলা গদ্য নিয়ে গবেষণা করেছেন, তাঁর ভাষায়, ‘সবিরাম প্রায় দশ বছর’। এর মধ্যে তাঁর নিজের উপকরণগত সংযোজন সম্পর্কে উপরে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন ১৯৮৪ সালে। বাংলা একাডেমি বক্তৃতামালার প্রথম বক্তারূপে আহূত হয়ে তিনি ১৬, ১৭ ও ১৮ জানুয়ারিতে তিনটি লিখিত বক্তৃতা দিয়েছেন। ওই বছরই বাংলা একাডেমি থেকে এগুলো বই আকারে প্রকাশিত হয়েছে পুরোনো বাংলা গদ্য নামে। নিজের আবিষ্কৃত উপকরণের সঙ্গে অন্যদের বিপুল তথ্য-উপাত্ত মিলিয়ে তিনি একদিকে পুরনো গদ্যের ধারাবিবরণী তৈরি করেছেন, অন্যদিকে বিবেচনা ও মূল্যায়নের এমন কিছু পথনির্দেশ করেছেন, যা আগে অতটা সুলভ ছিল না। শ-খানেক পৃষ্ঠার বইটিতে ‘প্রস্তাব’, ‘উপকরণ’, ‘বিকাশ’ ও ‘বিস্তার’ নামের চারটি অধ্যায় আছে। প্রস্তাব অংশের শেষ বাক্যগুলো এ রকম: ‘নতুন দিনের সমারোহ পুরোনোকে সহজেই ভুলিয়ে দিল। এমন করে ভুলিয়ে দিল যে, নতুন দিন যে প্রথম দিন নয়, সেকথা এখন নতুন করে মনে করিয়ে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।’ কাজটা বইয়ের বাকি অংশে ভালোভাবেই সম্পন্ন হয়েছে।

এ বইয়ের এক গুরুত্বপূর্ণ দিক নিশ্চয়ই ধারাবিবরণী তৈরি। আনিসুজ্জামান ঐতিহাসিক গবেষণায় নিরাসক্ত থাকতে পারেন, যথেষ্ট প্রমাণ না মিললে আবেগতাড়িত সিদ্ধান্ত নেন না, প্রায় সর্বার্থেই অতিশয়োক্তি পরিহার করে চলেন। নিপুণ তথ্যবিন্যাস এবং বলিষ্ঠ বিবৃতির মধ্য দিয়ে এভাবে পুরোনো বাংলা গদ্য বইয়ে বাংলা গদ্যের এমন এক দৃঢ় ভিত্তির খবর প্রতিষ্ঠিত হয়ে যায়, যার ভিত্তিতে যেকোনো নতুন অভিযান সম্ভব ছিল। কিন্তু ইতিহাস বলছে, ঘটনা সে রকম ঘটেনি। উপনিবেশ আমলে নতুন কর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুন গদ্য তৈরি হয়েছিল। তাতে অবশ্য এই গ্রন্থকার বিশেষ উদ্বিগ্ন নন। তিনি নতুন গদ্যের দিগ্বিজয় সম্পর্কে জানেন। ফলে সংবাদটি সবিস্তার পরিবেশন করার দায়িত্বই তিনি পালন করেন: সে ‘যাত্রায় অনেক বিত্ত সংগৃহীত হয়েছিল সন্দেহ নেই, কিন্তু ঘরের অনেকদিনের সঞ্চয়ও হারিয়ে গিয়েছিল।’ আনিসুজ্জামানের বইটি আসলে এই ‘ঘরের সঞ্চয়ে’র নির্ভরযোগ্য পরিচয়।

পুরোনো বাংলা গদ্য বইয়ের ‘নিবেদন’ অংশটি বিশেষভাবে কৌতূহলোদ্দীপক। এখানে বেশ কয়েকটি দেশীয়-আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম আছে, দেশী-বিদেশী বহুজনের কাছে কৃতজ্ঞতার স্বীকৃতি আছে। এ তালিকা একটি সজীব প্রাতিষ্ঠানিক গবেষণাধারার প্রমাণ দেয়। বোঝা যায়, গবেষণাক্ষেত্র হিসেবে প্রাচীন বাংলা গদ্যের একটা প্রবহমানতা ছিল। আনিসুজ্জামান তাতে অংশ নিয়েছেন এবং একজন কুশলী গবেষক হিসেবে নিজের অবদান রাখতে সক্ষম হয়েছেন। একাধিক ভাষায় পাণ্ডিত্য, বাংলার পুরনো ইতিহাসে দখল এবং গবেষকের নিষ্ঠা ছিল তাঁর মূলধন। এ পুঁজি নিয়ে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গবেষণাপ্রবাহে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন এবং কালক্রমে উপকরণ সংগ্রহ ও সামগ্রিক মূল্যায়নের দিক থেকে সাফল্য পেয়েছেন। দুনিয়াজুড়ে এবং এমনকি কলকাতায়ও বহু বইয়ের শুরুতে আমরা এ ধরনের উৎপাদন পদ্ধতি দেখে থাকি। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক চর্চার এ ধরনের দৃষ্টান্ত খুব সুলভ নয়।

ভাবাদর্শিকভাবে স্পর্শকাতর কোনো কোনো সূক্ষ্ম ব্যাপার বাদ দিলে অধ্যাপক আনিসুজ্জামানের পুরোনো বাংলা গদ্য প্রকল্পটিকে আমরা সুলিখিত-সুসম্পাদিত প্রকল্প হিসেবেই পাব। বিবরণীর নির্ভরযোগ্যতা প্রাতিষ্ঠানিক গবেষণার দিক থেকে এর সবচেয়ে প্রশংসাযোগ্য দিক। একটি উদাহরণ দেয়া যাক। ষোলো শতকের গদ্য-নমুনার পরিচয় দিতে গিয়ে তিনি লিখেছেন: ‘সতেরো শতকে লিপিকৃত বৈষ্ণব নিবন্ধের যেসব পাণ্ডুলিপি আমরা পাই, তার কিছু-কিছু ষোড়শ শতাব্দীতে লিখিত হয়ে থাকবে। তবে তার কোনো প্রমাণ আমাদের হাতে না থাকায় এ-বিষয়ে আমরা কিছু বলব না। কিন্তু ষোড়শ শতাব্দীর রচনা বলে নিঃসংশয়ে গণ্য হতে পারে, এমন একটি গ্রন্থের সন্ধান আমরা পেয়েছি।’ এই যে প্রমাণের ব্যাপারে নিঃসংশয় হওয়া এবং তারপর তা উপস্থাপন করা, পুরো বিবরণীতে এ ধারা রক্ষিত হয়েছে। ফলে এ আলোচনা শিথিল মন্তব্য এবং আরোপিত সিদ্ধান্ত থেকে মোটামুটি মুক্ত।

আনিসুজ্জামানের সংশ্লিষ্ট রচনাগুলোর বড় বৈশিষ্ট্য গদ্যের পরিচ্ছন্নতা এবং সুমিতি। পরিচ্ছন্নতা আসে চিন্তার স্পষ্টতা থেকে। আর সুমিতি আসলে সুরুচি ও সুবোধের সহোদর। পরিমিতি, স্পষ্টতা ও যথার্থতার জন্য বক্তা ও লেখক আনিসুজ্জামানের খ্যাতি ছিল। এ লেখাগুলোয় সে খ্যাতি পূর্ণমাত্রায় রক্ষিত হয়েছে।

 

মোহাম্মদ আজম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক