পুরো বিশ্বই এখন কভিড-১৯ মহামারী দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত। এই মাত্রার প্রাদুর্ভাব মানুষের প্রয়োজনীয় দক্ষতার অভাবে অথবা স্বর্গীয় ইচ্ছার কারণে হতে পারে। যেহেতু স্বর্গীয় ইচ্ছা প্রত্যয় ও বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত, সেহেতু মানুষের দক্ষতার বিষয়টি আলোচনার অগ্রভাগে রয়েছে। এক্ষেত্রে শ্রীলংকার একজন সাংবাদিকের সাম্প্রতিক একটি মন্তব্য বেশ প্রণিধানযোগ্য। তার জিজ্ঞাসা ছিল, কীভাবে আমাদের প্রিয়তম গ্রহ পৃথিবীর অধিকাংশ অংশে ভাইরাসটি এত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ল!  

কভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যু ছাড়াও অর্থনীতি ও আর্থিক খাতের তারল্য নিয়ে সম্ভাব্য পদক্ষেপগুলোর ওপর আলোচনা প্রয়োজন। কভিড-১৯ প্রায় নিশ্চিতভাবে বৈশ্বিক মন্দা ঘটাতে পারে এবং ভয়াবহ পরিস্থিতিতে এটি মহামন্দার রূপও নিতে পারে। অন্য অনেক অর্থনীতির মতো বাংলাদেশের অর্থনীতিও খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের জিডিপি ২-৩ শতাংশ সংকুচিত হতে পারে। তবে ভয়াবহতার মাত্রা এবং পুনরুদ্ধার প্রধানত নির্ভর করে কভিড-১৯ মহামারীর স্থায়িত্বের ওপর। উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশের বাণিজ্য-জিডিপি অনুপাত ছিল ৩৮ দশমিক ২৪ শতাংশ। এ অবস্থায় করোনা-পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিগুলো কীভাবে আচরণ করবে, তার ওপরও নির্ভর করে আমাদের অর্থনীতির পুনরুদ্ধারের সম্ভাবনা।

এই শঙ্কাকুল পরিস্থিতিতে কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব কভিড-১৯-এর আঘাত প্রতিরোধে সক্ষমতার ব্যাপারে আশ্বস্ত করা; যা সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রশংসনীয়ভাবে করে যাচ্ছে। কর্তৃপক্ষ সাধারণ জনগণ, অর্থনীতি ও আর্থিক খাতের প্রয়োজনে বেশ কয়েকটি প্রণোদনা প্যাকেজ এরই মধ্যে গ্রহণ করেছে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার পতন এড়াতে গৃহীত সিদ্ধান্তগুলো সংশ্লিষ্টদের মধ্যে আস্থা সৃষ্টি করতে সমর্থ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ১৯৯৪-৯৫ সালে মেক্সিকান সংকটের সময় করা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) তত্কালীন ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যামডেসুসের একটি মন্তব্য নীতিনির্ধারকদের জন্য শিক্ষণীয় হতে পারে। তিনি বলেছিলেন, ‘এটি একটি সংকট এবং সংকটে আতঙ্কিত হওয়া প্রত্যাশিত নয়।’ কর্তৃপক্ষ এরই মধ্যে প্রথম ধাপে ৭৭ হাজার ২৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে ৫০ হাজার কোটি টাকা ছাড়া বাকিটা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ)-সহ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে অর্থায়িত হওয়ার কথা। পরবর্তীতে তাত্ক্ষণিক, স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে বাস্তবায়নের জন্য সরকার আরো ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। উল্লেখ্য, সব প্রণোদনা প্যাকেজের সুদহারের একটি নির্দিষ্ট অংশ সরকার বহন করার প্রতিশ্রুতি দিয়েছে। অধিকন্তু, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কিছু প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

প্রণোদনা প্যাকেজ অর্থায়নের জন্য সরকারের বিপুল অর্থ প্রয়োজন। এক্ষেত্রে সরকার ব্যাংকিং সেক্টরের পাশাপাশি অর্থায়নের জন্য নতুন মাধ্যম ও উৎস খোঁজার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে অর্থনীতির চাকা সচল রাখার জন্য বেসরকারি খাতের প্রয়োজনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হাতে পর্যাপ্ত তহবিল থাকা দরকার। অগ্রাধিকার ভিত্তিতে কর অঞ্চলের বিস্তৃতীকরণ এবং করদাতার সংখ্যা বাড়ানোসহ কিছু পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে কালো অর্থকে বাজারে আনা, প্রণোদনা প্রদানের মাধ্যমে রেমিট্যান্সের আন্তঃপ্রবাহ বজায় রাখা, লাভজনক দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুবিধা প্রদানের মাধ্যমে দেশের জন্য অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধ করা, আরো অধিক আর্থিক সহযোগিতা প্রদানে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে অনুরোধ জানানো, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ করা, সব পর্যায়ে কৃচ্ছ্রসাধন করা ইত্যাদি। আমরা জানি যে প্রতিটি চ্যালেঞ্জই কিছু সুযোগ নিয়ে আসে। অন্য দেশের তুলনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য আমাদের এসব সুযোগ দ্রুত চিহ্নিত করে অর্থনীতির পুনরুজ্জীবনের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। এই বৈশ্বিক সংকটে আমাদের জন্য স্বস্তির খবর হলো, কৃষক সফলভাবে বোরো ধান ঘরে ওঠাতে সমর্থ হয়েছেন এবং যথাযথ সময়ে আউশ ধানও বপন হতে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের সময়োপযোগী পদক্ষেপগুলো কার্যকরী ভূমিকা পালন করেছে। বহিঃস্থ খাতের দিক থেকে তেলের নিম্নমুখী দাম অব্যাহত আছে, যা আমাদের জন্য একটি সুখবর।

পরিস্থিতি বিবেচনায় আশা করা যায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনীতির তারল্য বজায় রাখতে বড় ধরনের সমস্যায় পড়বে না। এরই মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক একগুচ্ছ প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। বাজারে পর্যাপ্ত অর্থ জোগাতে নিয়ন্ত্রক সংস্থাটি যথাক্রমে ক্যাশ রিভার্স রেশিও (সিআরআর) ও রেপো হার ১৫০ ও ৭৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ব্যাংকগুলোর কাছে রক্ষিত স্টেটুটরি লিকুইডিটি রেশিওর (এসএলআর) অতিরিক্ত ট্রেজারি বিল ও বন্ডগুলো কেনার ঘোষণা দিয়েছে। এই কোয়ান্টিটেটিভ ইজিং কৌশল সংকটপূর্ণ সময়ে আর্থিক বাজারে তারল্য সহায়তা প্রদানে খুব সহায়ক হতে পারে। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ ও সাংবাদিক ওয়াল্টার বেগহট এ ধরনের পদক্ষেপের কথা বলেছিলেন। অন্যদিকে ব্যাংকগুলোর অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) ৮৫ থেকে ৮৭ শতাংশ (ইসলামী ব্যাংকগুলোর আইডিআর ৯০ থেকে ৯২ শতাংশ) বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থনীতিতে অধিক অর্থঋণ প্রদানে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য সুযোগ সৃষ্টি করেছে। তারল্য সমস্যা মোকাবেলা করতে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক রিভার্স রেপো হার কমানো এবং রক্ষিত এসএলআরের বিপরীতে ব্যাংকগুলোকে ধার করার অনুমতিসহ আরো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। 

অধিকন্তু, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজস্ব মূলধনের বাফার অংশ ব্যবহার করে, মুনাফার ওপর লভ্যাংশ প্রদান স্থগিতকরণের মাধ্যমে এবং মূলধনি ব্যয় কমানোসহ করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ব্যয় যৌক্তিকীকরণের মাধ্যমে নিজস্ব প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত তহবিল জোগাড় করতে পারে। ২০১৯ সালের জুন শেষে ব্যাংকগুলোর ক্যাপিটাল কনজারভেশন বাফার (সিসিবি) দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৪ দশমিক ৫৪ কোটি টাকায়, যা ১ লাখ ২ হাজার ৫৬০ কোটি টাকার মোট রেগুলেটরি ক্যাপিটালের ১ দশমিক ৭৪ শতাংশ। ৩১টি ব্যাংক এরই মধ্যে সিসিবির শর্ত পূরণ করেছে। এসব ব্যাংক অর্থায়নের বাড়তি উৎস হিসেবে সিসিবি ব্যবহার করতে পারে। ২০১৮ সালে কর-পরবর্তী ব্যাংকগুলোর মোট মুনাফা হয়েছিল ৪ হাজার ৪০ কোটি টাকা এবং ২০১৭ সালে তা ছিল ৯ হাজার ৫০১ কোটি টাকা। আইন অনুযায়ী ব্যাংকের মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয়। স্বাভাবিক অবস্থায় ফেরত আসা পর্যন্ত ব্যাংকগুলো লভ্যাংশ হিসেবে মুনাফা বণ্টন বন্ধ করে ওই অর্থ তহবিলের উৎস হিসেবে ব্যবহার করতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে। মূলধন ব্যয় সংকোচনের মাধ্যমেও বাংকগুলো বাড়তি তহবিল সংগ্রহ করতে পারে। ২০১৭ সালে ব্যাংকগুলোর মূলধন ব্যয় ছিল প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকা, যা ২০১৮ সালে ছিল ১৫ হাজার ৮০০ কোটি টাকা। তবে ব্যাংকভেদে এ ব্যয়ের তারতম্য লক্ষণীয় ছিল। ব্যাংকগুলো কেবল অত্যাবশ্যকীয় আইটেমের জন্য মূলধনি ব্যয় সর্বনিম্ন মাত্রায় বজায় রেখে তারল্যের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করতে পারে। গত কয়েক বছরে ব্যাংকগুলোর সিএসআরের ব্যয় বেড়েছে। ২০১৯ অর্থবছরে সিএসআরের ব্যয় ছিল ৫২০ দশমিক ৩৫ কোটি টাকা, যা ২০১৮ সালে ছিল ১ হাজার ৪১ দশমিক ১৩ কোটি এবং ২০১৭ সালে ৫৪৪ দশমিক ৫৪ কোটি টাকা। বেশি না হলেও এ অর্থ ব্যাংকগুলোর তহবিলের একটি বাড়তি উৎস হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রযোজ্য সিএসআরের ব্যয়ের সীমাগুলো (শিক্ষায় ৩০ শতাংশ, স্বাস্থ্যে ২০ শতাংশ, জলবায়ু ঝুঁকি বা দুর্যোগপ্রবণ শিল্পগুলো/কর্মকাণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ শতাংশের মতো) পুনর্নির্ধারণ করতে পারে।

বাস্তবতা হলো, আমরা চলতি সংকট অবসানের সময়সীমা কেউ সঠিকভাবে জানি না। সংকটকাল প্রত্যাশার চেয়ে যদি বেশি দীর্ঘায়িত হয়, তাহলে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি তারল্য সমস্যা দেউলিয়াত্বের সমস্যায় পরিণত হতে পারে; যা কারো প্রত্যাশিত নয়। এক্ষেত্রে বিদ্যমান ম্যাক্রো প্রুডেন্সিয়াল পলিসিগুলোর ভিত্তিতে সুচারুভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধান করার কাজটি গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশ ব্যাংক সবসময় দক্ষতার সঙ্গে সম্পাদন করে চলছে। তবে বিদ্যমান পলিসিগুলো এ ধরনের অপরিচিত সংকট মোকাবেলায় যথেষ্ট না-ও হতে পারে। এ অবস্থায় অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংককেও প্রয়োজনে আরো নতুন ম্যাক্রো প্রুডেন্সিয়াল পলিসি তৈরি করতে হতে পারে। এক্ষেত্রে নতুন ম্যাক্রো প্রুডেন্সিয়াল পলিসিসংক্রান্ত জ্যাকব ব্রাউডির একটি উক্তি নীতিনির্ধারকদের জন্য ভাবনার বিষয় হতে পারে। তার মতে, ২০০৭-০৮ ফিন্যান্সিয়াল ক্রাইসিসের পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো কার্যকরী ম্যাক্রো প্রুডেন্সিয়াল পলিসি নির্ধারণের জন্য অবিরত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের সে চেষ্টা খুব সফল হয়েছে বলে প্রতীয়মান হয় না। কাজেই সম্ভাব্য ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবেলার উপযোগী ম্যাক্রো প্রুডেন্সিয়াল পলিসি উদ্ভাবন, প্রণয়ন এবং বাস্তবায়নে বিশ্বজুড়ে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমন্ব্বিত প্রচেষ্টা গ্রহণ জরুরি।

 

ড. প্রশান্ত কুমার ব্যানার্জি: অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালট্যান্সি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)