রমজান ও ঈদের সময় ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষত দোকানিরা বড় ধরনের পণ্য কেনাবেচা করেন। এ সময়ে পাওয়া মুনাফার ওপর নির্ভর করে বছরের বাকি সময় টিকে থাকেন অনেকে। এমন ভরা মৌসুমেই ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন না। দীর্ঘ সময় ছুটি থাকা ও দোকান বন্ধ রাখায় বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এতে অনেকেই পুঁজি হারিয়ে ফেলতে পারেন বলেও শঙ্কা রয়েছে। বছরের বাকি সময় কীভাবে অতিবাহিত করবেন দোকানিরা, তা নিয়েও সংশয় রয়েছে। এমন অবস্থায় বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে অচলাবস্থায় ৮৬ শতাংশ দোকানি সক্ষমতা হারাবেন, যা খুবই আশঙ্কার কথা। একথা সর্বজনস্বীকৃত, ছোট ব্যবসা দেশের সম্প্রদায়ের মধ্যে খুব ভালো আর্থিক ভিত্তি তৈরি করে, যদি আমরা এই ছোট ব্যবসাগুলো হারাই, তবে আমাদের খুব আলাদা দেখাবে এবং আমরা যে ব্যবসাগুলো হারাব, তা ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে। তাই এই কঠিন সময়ে দিনগুলো মোকাবেলা করতে পারলেই টিকে যেতে পারে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো, যার ওপর দাঁড়িয়ে আছে দেশের বৃহৎ স্বার্থ, সামষ্টিক অর্থনীতি। করোনার প্রেক্ষাপটে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়তা সবচেয়ে বেশি জরুরি। এ খাতের সঙ্গে যারা জড়িত, তারা অতি অল্প পুঁজিতে ব্যবসা করেন। তাদের টিকে থাকার সক্ষমতাও কম।

এ মুহূর্তে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ অর্থপ্রবাহ বাড়িয়ে দিতে সহায়তা করা জরুরি। কারণ নগদ প্রবাহ হলে তাদের জীবনপ্রবাহ স্বাভাবিক থাকবে। যুক্তরাষ্ট্রের মতো নির্দিষ্ট ‘ঋণ প্যাকেজ’ থাকতে পারে। যেখান থেকে একটি নির্ধারিত পরিমাণ পর্যন্ত স্বল্প সুদে উদ্যোক্তারা ধার নিতে পারবেন। ভারত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করেছে। এক্ষেত্রে তারা কাগজপত্রে ছাড় দেয়ার কথাও বলেছে। আমাদের এখানেও ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে কমপক্ষে ছয় মাসের ব্যাংকঋণের সুদ, কর, বিদ্যুৎ বিল, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর দোকান ভাড়া মওকুফ করতে হবে। বেসরকারি ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে চায় না। তাই রাষ্ট্রীয় ব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন—পিকেএসএফের সক্ষমতা কাজে লাগিয়ে সরকার ঘোষিত প্রণোদনার টাকা প্রকৃত ক্ষুদ্র, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রদানের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। সরকারের প্রদান করা বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা সত্ত্বেও দোকানিদের ঋণপ্রাপ্তি সহজতর না-ও হতে পারে। বেশির ভাগ নগদ লেনদেননির্ভর ব্যবসাগুলো ঋণপ্রাপ্তির আবশ্যকীয়তা পূরণের অভাবে অথবা বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মতো ব্যাংকের সঙ্গে খুব একটা ভালো সুসম্পর্ক থাকে না। ফলে প্রণোদনার টাকা থেকে ঋণপ্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হতে পারেন ক্ষুদ্র এসব ব্যবসায়ী। এক্ষেত্রে নতুন উদ্যোক্তা, যাদের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা সর্বোচ্চ দুই বছর বা তারও কম, তাদের ব্যবসার পুনর্নিবন্ধন ফি, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল, ব্যাংকসংক্রান্ত অন্যান্য চার্জ এবং আমদানি-রফতানিসংক্রান্ত বন্দরের চার্জ মওকুফ করা যেতে পারে। এ ব্যবসায়ীদের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে চলতি মূলধন হিসেবে ‘ব্যবসায় পুনরুদ্ধার তহবিল’ প্রদান করা যেতে পারে। বড় সমস্যা হলো, এ ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের এখন প্রণোদনা পাওয়াটা খুবই জরুরি হলেও তাদের কাছে সেবা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কোনো ডাটাবেজ নেই। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কীভাবে সহায়তা দেয়া হবে এবং কীভাবে তাদের বাছাই করা হবে, তা এক জটিল প্রশ্ন বটে। এক্ষেত্রে সিটি করপোরেশন বা পৌরসভায় রক্ষিত তালিকা অনুযায়ী সহায়তা দেয়া যেতে পারে। 

জীবন নাকি জীবিকা, এমন প্রশ্নে বিশ্বজুড়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হাঁটছে দুটোকে প্রাধান্য দিয়েই। অর্থনীতির ধরন কিছুটা আলাদা হওয়ায় দ্বিমুখী এ সংকট মোকাবেলার পথ খুঁজছে বাংলাদেশও। এমন বাস্তবতায় আসছে ঈদকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সরকার। যদিও লকডাউনের শুরু থেকেই সীমিত আকারে চালু রাখা হয়েছে ব্যাংকিং কার্যক্রমও। এদিকে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সীমিত আকারে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে। কিন্তু আমাদের মনে রাখতে হবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে চলমান অঘোষিত লকডাউনের মধ্যে দেশের অর্থনীতি স্থবির হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান হারানোর শঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ বন্ধ থাকায় উপার্জনহীন বহু মানুষ। আমরা আশা করব সামনে আসা সংকট মোকাবেলায় কৌশলী হবে সরকার। একই সঙ্গে খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। তার পরে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা মনে করি, জনস্বাস্থ্য সুরক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করেই অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক করা যাবে। আশার খবর, জীবন ও জীবিকা বাঁচাতে এরই মধ্যে সরকার দরিদ্রদের নগদ প্রণোদনা প্রদান, ত্রাণ বিতরণ ও অর্থনীতির বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। আমরা আশা করি, এ প্যাকেজগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এবং একই সঙ্গে সামনের দিনে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অনানুষ্ঠানিক ব্যবসায়িক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের পুঁজি ও চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় পুঁজি ও চাকরি হারানো ব্যবসায়ী ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার উদ্যোগও নেয়া যেতে পারে।