নভেল করোনাভাইরাস রাষ্ট্র ও সমাজে নানা সংকট তৈরি করেছে। একদিকে ভাইরাসের কারণে অসুস্থতা এবং মৃত্যুঝুঁকি বেড়েছে, অন্যদিকে সংক্রমণের গতিরোধে অর্থনীতিতে লেগেছে এক বিশাল ধাক্কা। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত স্বাস্থ্যসেবাসহ সব মৌলিক সেবা প্রদান ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থিতিশীল রাখা পৃথিবীর সব রাষ্ট্রের মতো বাংলাদেশের জন্যও একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কভিড-১৯ সৃষ্ট সংকট মোকাবেলায় রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং বিদ্যমান সামাজিক নিরাপত্তাবেষ্টনীর ব্যাপ্তি বাড়ানো হয়েছে। এর আওতায় সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে আরো বিশেষ কিছু সুবিধা প্রদানের অঙ্গীকার করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভিজিএফএর আওতায় দরিদ্র ও চরম দরিদ্র জনগোষ্ঠীকে চাল ও নগদ অর্থসহায়তা প্রদান, বিশেষ করে ওএমএসের (খোলাবাজারে বিক্রি) মাধ্যমে ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষতিগ্রস্ত হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে ১০ টাকা কেজি দরে চাল ও আটা ডিলারদের মাধ্যমে বিক্রয় করা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে স্থানীয়ভাবে শিশুখাদ্য কিনে বিতরণ করা। ভিজিডির পরিধি বাড়ানো, এছাড়া বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের প্রদত্ত ভাতা সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলায় শতভাগে উন্নীত করা হয়েছে এবং মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সরকার ৫০ লাখ পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়ারও ব্যবস্থা নিচ্ছে।
অবশ্যই কভিড-১৯ একটি ভিন্নধর্মী সংকট। এ সংকটের দুটি দিক—একটি অর্থনৈতিক আর অন্যটি জনস্বাস্থ্যের সুরক্ষা। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর ব্যাপ্তি বাড়ানোর ক্ষেত্রে যে দুটি প্রশ্নের উত্তর জানা জরুরি ছিল তা হলো, (এক) সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় ঘোষিত সরকারি সহায়তা কার্যক্রমগুলো কি কভিড-১৯-এর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর চাহিদা পূরণে যথাযথ ভূমিকা রাখতে পারবে? এবং (দুই) এগুলো কভিড প্রতিরোধে বা এ-সংক্রান্ত জনস্বাস্থ্য সুরক্ষায় কী মাত্রায় বা কীভাবে অবদান রাখতে সক্ষম হবে?
কভিড-১৯ পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী ও স্ব-নিয়োজিত জনগোষ্ঠী। এটা খুবই আশার কথা যে ঘোষিত সহায়তা কার্যক্রমে এদের প্রাধান্য দেয়া হয়েছে। কভিড-১৯-এ এই গোষ্ঠী সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, সন্দেহ নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ (২০১৭) অনুযায়ী, শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ ৬ কোটি ৮ লাখ অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অভীষ্ট জনগোষ্ঠী হিসেবে কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ফেরিওয়ালা, ভিক্ষুক, পথশিশু, বিধবা নারী, প্রতিবন্ধী এবং যারা দৈনন্দিন উপার্জনের ওপর নির্ভরশীল, তাদের অগ্রাধিকার দিয়েছে। এ জনগোষ্ঠীর বেশির ভাগ অংশটি অসংগঠিত, বিচ্ছিন্ন এবং তালিকাহীন। এমনকি কতগুলো অপ্রাতিষ্ঠানিক খাত রয়েছে, তারও সঠিক পরিসংখ্যান নেই। এ অবস্থায় বড় সমস্যা হচ্ছে, এ অপ্রাতিষ্ঠানিক খাতের লক্ষিত ব্যক্তিকে চিহ্নিত ও তালিকাভুক্ত করা। অন্যদিকে বিদ্যমান প্রেক্ষাপটে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত করার ক্ষেত্রে দারিদ্র্যপীড়িত জেলা অথবা পেশাভিত্তিক বিপন্নতা, শহর অথবা গ্রামে বসবাস কোনটিকে প্রাধান্য দিতে হবে, সেটাও যথাযথভাবে সুনির্দিষ্ট করা হয়নি। সহায়তা বণ্টনের ক্ষেত্রে ২০১৪ সালে প্রকাশিত (২০১০-এর তথ্য অনুযায়ী) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য ম্যাপিং অনুযায়ী জেলাভিত্তিক দারিদ্র্য হার বিবেচনা করে বরাদ্দ বিভাজন করা হয়েছে। নগরের অপ্রাতিষ্ঠানিক খাতের দরিদ্রদের প্রাধান্য দেয়ার কথা বলে আবার দারিদ্র্য ম্যাপিংয়ের আলোকে সহায়তা পরিকল্পনা করাটা তাই পরস্পরবিরোধী। রাষ্ট্রীয় সম্পদ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার নির্বাচন করার জন্য যে ধরনের শর্ত বিবেচনা করা দরকার ছিল, সেটাও এক্ষেত্রে সম্পূর্ণ অনুপস্থিত। এমনকি রিমোট সেন্সিং ও মেশিন লার্নিং ডাটা ব্যবহার করে এদের প্রাথমিকভাবে চিহ্নিত করা যেত।
আবার লক্ষিত জনগোষ্ঠীর আয়-ক্ষতি পুষিয়ে নিতে যে ধরনের প্যাকেজ দরকার ছিল, সেটাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বিশেষ করে লক্ষিত জনগোষ্ঠীর প্রকৃত চাহিদা নিরূপণ না করে শুধু জরুরি ত্রাণ বিতরণের মতো কিছু সহায়তা বিতরণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম শুরুর আগে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে উদ্ভাবনী চিন্তা ও নতুন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়নের দাবি রাখে।
বাংলাদেশে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় ১৩২ ধরনের কার্যক্রম চলমান। এগুলো মূলত দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, পুষ্টিহীনতা, কর্মসৃজন এসব বিবেচনায় গ্রহণ করা হয়েছিল। কভিড-১৯ মোকাবেলায় গ্রহণ করা সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কার্যক্রমগুলো আপাতদৃষ্টিতে শুধু অর্থনৈতিক সংকটকে লক্ষ করে করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ৩১ দফা নির্দেশনার ৬ নম্বর নির্দেশনায় নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। অথচ নিরাপত্তাবেষ্টনীর কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের কোনো পর্যায়েই জনস্বাস্থ্য বা কভিড-১৯ প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যবিধি মানার কৌশলগুলো সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো কোনো বিবেচনা করেছে বলে মনে হয়নি।
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বিশেষ কার্যক্রম গ্রহণে বিবেচনা করা হয়নি কভিড প্রতিরোধে গুরুত্বপূর্ণ টেস্ট, আইসোলেশন ও হাইজিন আচরণ পরিবর্তনের মতো বিষয়গুলোকে। এমনকি কভিড আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য লক্ষিত জনগোষ্ঠীকে কীভাবে সহায়তা করা হবে, সেটাও সুনির্দিষ্ট করা হয়নি। উল্লেখ করা যেতে পারে যে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা ও শিশুখাদ্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু ভাইরাস মোকাবেলায় সাবান, মাস্ক, ডিটারজেন্ট অতি জরুরি হলেও সেটা প্যাকেজের অন্তর্ভুক্ত এবং সরবরাহ করা হয়নি। যে জনগোষ্ঠীর জন্য ত্রাণসামগ্রী, তাদের আর্থিক অবস্থা বিবেচনায় ২৫-৪৫ টাকায় একটি সাবান, ২০ টাকায় একটি মাস্ক নিয়মিতভাবে কেনাটা তাদের জন্য দুরূহ ব্যাপার। খাদ্যসামগ্রীর সঙ্গে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্যাকেজের অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাস্কটি জেলা পর্যায়ে সহজলভ্য কাপড় দিয়ে বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী তৈরি ও বিতরণ করা যেতে পারে। এ কাজে মৌলিক সেলাইকাজে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের সম্পৃক্ত করা যেতে পারে। এতে তাদের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কার্যক্রমগুলোর আওতায় করোনা আক্রান্ত দরিদ্র পরিবারগুলোকে কোনোভাবেই সম্পৃক্ত করা হয়নি। সাধারণ ছুটি শেষে জনগণ কাজে যোগ দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ থাকলেও সেটা কতটুকু সম্ভব হবে, তা বলা বাহুল্য। এতে আক্রান্ত হওয়ার ভয় তো আছেই। আর আক্রান্ত হলে লক্ষিষ্ট জনগোষ্ঠী নানাভাবে বিপন্ন হবে—অর্থনৈতিক ও শারীরিক এবং সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে সামাজিকভাবে হেনস্থা হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। সেক্ষেত্রে নিরাপত্তাবেষ্টনীর গৃহীত কর্মসূচিতে ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানে ভিজিএফ, ভিজিডি, বিশেষ ওএমএস কভিড-১৯ আক্রান্ত পরিবারকে এখনই অন্তর্ভুক্ত হওয়া উচিত। সামাজিক নিরাপত্তাবেষ্টনী হোক বা অন্য যেকোনোভাবে হোক, কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির অসচ্ছল পরিবারের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণ করতে হবে। এসব পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হবে ‘মানবিক মর্যাদাপূর্ণ ও অনুভূতিশীল’ আচরণ করা এবং আর্থিক বা কর্মসংস্থানগত সহায়তা প্রদান করা। মৃত ব্যক্তিদের তালিকা যেহেতু সরকারের কাছে থাকছে, সেহেতু যথাযথ গোপনীয়তা মেনে বিভিন্ন মেয়াদে সহায়তা পরিকল্পনা করা সম্ভব। এ পরিকল্পনায় পরিবারের মূল উপার্জনকারী সদস্যদের মৃত্যু হলে সে পরিবারের শিশুর শিক্ষা, আয়মূলক কাজে পরিবারের অন্য সদস্যদের সহায়তা ইত্যাদি সংযুক্ত করা যেতে পারে।
মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় চলমান দুই বছর মেয়াদি ভিজিডি কার্যক্রম ২০২০ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। আগামী ভিজিডির উপকারভোগী নির্বাচনে বিদ্যমান ক্রাইটেরিয়া কভিড-১৯ পরিস্থিতির জন্য কতটা কার্যকর, সেটা নতুনভাবে বিশ্লেষণ প্রয়োজন। ভিজিডির আওতায় উপকারভোগীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমগুলো কীভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে করা যাবে, সে বিষয়ে পরিকল্পনা করতে হবে। যাতে আগামী ভিজিডিতে সেগুলো অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। এ প্রশিক্ষণগুলোয় কভিড-১৯ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা কীভাবে করবে, সেটা অন্তর্ভুক্ত করা দরকার। আয়মূলক ট্রেডগুলোয় প্রশিক্ষণের জন্য, বিদ্যমান পরিস্থিতিতে নতুন ট্রেড নির্বাচন করে নারী শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তোলা যেতে পারে। যা কভিডকালীন ও কভিড-পরবতী ‘নিউ-নরমাল’ সময়ে কাজে লাগবে।
সব শেষ যে বিষযটি নিয়ে আলোচনা করতে চাই তা হলো, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সহায়তা বিতরণ প্রক্রিয়া আর এর সঙ্গে যুক্ত ত্রাণ বা সহায়তাসামগ্রী পরিবহন, সংরক্ষণ, প্যাকেজিং এবং তা নির্ধারিত প্রাপ্যজনের কাছে হস্তান্তরের বিষয়টি। এ বিতরণ প্রক্রিয়ার দিকে লক্ষ করলে দেখা যাবে যে এ প্রক্রিয়া নিজেই কভিড-১৯ সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে এবং প্রান্তিক জনগণের সঙ্গে সঙ্গে সম্পৃক্ত সেবা প্রদানকারী ব্যক্তি ও সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করেছে। এরই মধ্যে কয়েকজন জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন, এমনকি মৃত্যুবরণও করেছেন। এর অর্থ হলো, কভিড মোকাবেলায় গৃহীত পদক্ষেপ নিজেই কভিড সংক্রমণের ঝুঁকিকেই বাড়িয়ে দিয়েছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না।
গতানুগতিক ও চিরাচরিত সহায়তা প্রদান প্রক্রিয়ায় অভ্যস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সামাজিক দূরত্বের বিধান লঙ্ঘন করতে দেখা গেছে। সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে ত্রাণ বিতরণকারীদের মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরতে দেখা গেলেও শারীরিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি। অনেকেই জানেন যে অনিয়ম ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলার অভিযোগে খাদ্য মন্ত্রণালয়কে শুরুর দিকে ওএমএস কার্যক্রম শুরু করেও আবার তা বন্ধ করতে হয়েছিল। বিশেষ ওএমএসের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষমাণ ব্যক্তিদের কাউকে কাউকে মাস্ক পরা অবস্থায় দেখা গেলেও সেখানে কোনো হাত ধোয়ার ব্যবস্থা ছিল না। কভিড-১৯ সংক্রমণ রোধ করে বিশেষ ব্যবস্থায় সহায়তা বা ত্রাণ বিতরণ করার জন্য মন্ত্রণালয়গুলো বিশেষ খাতভিত্তিক কোনো বাজেট বরাদ্দ করেছে বলেও আমরা শুনিনি।
আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, তৃণমূল পর্যায়ে নিরাপত্তাবেষ্টনীর সহায়তা বিতরণের সঙ্গে স্থানীয় সরকার কাঠামো ওতপ্রোতভাবে জড়িত। কভিড-১৯-এ নগর ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকারই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বকে পাশ কাটিয়ে গেছে। তাদের দায়িত্ব ছিল নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিশেষ করে মোড়ে মোড়ে হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করা, রাস্তা বা জনবহুল স্থানগুলোয় নিয়মিত জীবাণুনাশক ছিটানো ইত্যাদি। এসব কাজে সেফটিনেট সহায়তাকে সম্প্রসারণ করে করোনা মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো যেত। এছাড়া স্থানীয় সরকারের দায়িত্ব ছিল শারীরিক দূরত্ব বজায় রেখে মার্কেট, হাটবাজার পরিচালনা করা। এগুলোর দিকে নজর না দিয়ে বেশির ভাগ প্রতিনিধি সরকারি সহায়তা বিতরণে বেশি মনোযোগ দিয়েছেন এবং এর মাধ্যমে যে জনাসমাগম বাড়িয়েছেন, তা এ কভিডকালীন অকল্পনীয়।
অবশ্য কেউ কেউ ত্রাণ বিতরণে নতুন উদ্ভাবনী ও ভিন্নধর্মী পদ্ধতির আশ্রয় নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিছু সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য, ইউনিয়ন পরিষদ, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় রেখে বা স্বাস্থ্যবিধি মেনে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন, যা উদাহরণ ও শিক্ষণীয় হিসেবে নিয়ে সারা দেশে পরিচালনা করা যেত।
সামাজিক নিরাপত্তাবেষ্টনী বা সামাজিক সুরক্ষার নানা কর্মসূচি প্রান্তিক মানুষের সর্বশেষ আশ্রয় ও আশার স্থল। এ থেকে ইতিবাচক ফল অর্জনে রাজনৈতিক সদিচ্ছা যেমন প্রয়োজন, তেমনি দরকার রাষ্ট্রের সক্ষমতা ও প্রশাসন বা সরকারের দক্ষতা এবং রাষ্ট্রীয় অঙ্গগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয়। কভিড-১৯ কালীন নতুন বাস্তবতা এবং পরবর্তী নিউ নরমাল জীবনে বাংলাদেশের বেশির ভাগ দরিদ্র মানুষের সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনায় রাষ্ট্রীয়ভাবে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার।
নাজমে সাবিনা: উন্নয়ন অর্থনীতিবিদ ও প্রধান নির্বাহী, ডেভরেসোন্যান্স লি.










