বিগত বছরগুলোয় ধারাবাহিকভাবে ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ বহির্বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। করোনা সংকট অবশ্য এ অগ্রগতি কিছুটা থমকে দিলেও আমাদের নীতিনির্ধারকদের আকাঙ্ক্ষা দুর্বার। বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রস্তাবিত বাজেট ২০২০-২১ অর্থবছরের জন্য প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। কিন্তু এ প্রবৃদ্ধি হার অর্জন আদৌ সম্ভব কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাদের এ সংশয়ের মূলে রয়েছে আমাদের অর্থনীতিতে বিরাজমান কাঠামোগত দুর্বলতা। এখনো জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির চালকে তেমন কোনো বৈচিত্র্য নেই। প্রায় সাড়ে তিন দশক ধরে প্রধানত তৈরি পোশাক ও রেমিট্যান্স এ দুটি চালকই বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে গেছে। তবে করোনা সংকটের বৈশ্বিক ও আঞ্চলিক মাত্রার প্রেক্ষাপটে এ দুটি খাতে সাফল্যের সম্ভাবনা ম্লান হয়ে পড়ছে। কভিড-১৯ মহামারীতে চাহিদায় ভাটাজনিত কারণে এরই মধ্যে আমাদের পোশাক রফতানিতে ধস নেমেছে। প্রবাসী আয়ও কমতে শুরু করেছে। প্রধান শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যয়সংকোচন নীতি গ্রহণ ও নিজস্ব জনশক্তির কর্মসংস্থান বিবেচনায় বিভিন্ন খাতে অভিবাসী শ্রমিক ছাঁটাই করছে। ফলে বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিকের দেশে ফিরে আসার পটভূমি তৈরি হচ্ছে। সংগত কারণেই তা প্রবাসী আয়প্রবাহে প্রভূত নেতিবাচক প্রভাব ফেলবে। বলা চলে, উভয় চালকেরই সম্ভাবনা এখন ক্ষীণ হয়ে আসছে। সেদিক থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের অর্থনীতিতে উত্তরণ ঘটাতে হলে তৈরি পোশাক শিল্প আর প্রবাসী আয়ের ওপর অধিক নির্ভরশীলতা আমাদের আশাভঙ্গের কারণ হতে পারে। সেজন্য প্রতিকূল বিশ্বে দেশের অর্থনীতিকে প্রতিযোগী সক্ষম রাখতে প্রবৃদ্ধির নতুন নতুন চালক অন্বেষণ করা জরুরি হয়ে পড়েছে।
অনেক দিন ধরে রফতানি খাতে বৈচিত্র্য তথা অর্থনীতির নতুন কিছু চালকের কথা বলে আসছেন অর্থনীতিবিদরা। কিন্তু তাতে খুব একটা উন্নতি ঘটেনি। তবে খবর মিলছে, অর্থনীতির সার্বিক দুঃসময়েও রফতানিতে আশা জাগাচ্ছে পাট খাত। বণিক বার্তায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে পাট ও পাটজাত পণ্যের রফতানি বেড়েছে প্রায় ৪ শতাংশ। এটা প্রত্যাশাজাগানিয়া খবর। বিশ্লেষকদের ভাষ্য, সামনের দিনে আবারো রফতানিতে বড় অবদান রাখতে পারে পাট খাত।
পাট খাতের রফতানিতে সম্ভাবনার একটি বাস্তব ভিত্তিও বিদ্যমান। সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়ন ও শিল্পায়ন চিন্তায় বড় পরিবর্তন এসেছে। উন্নতসহ বিশ্বের অনেক দেশই এখন সবুজ শিল্পে বেশি জোর দিচ্ছে। এক্ষেত্রে একটি রূপান্তরমূলক পদক্ষেপ হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো পলিথিন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ইইউতে বিপুল পরিমাণে পাটের ব্যাগের চাহিদা সৃষ্টি হচ্ছে, হবে। এছাড়া শপিং ব্যাগ, শৌখিন জিনিস ও আসবাব তৈরির কাঁচামাল উৎপাদনেরও সুযোগ বাড়ছে। বলা যায়, পাটের তৈরি পণ্যের বড় ধরনের চাহিদা তৈরি হবে। চাহিদা অনুযায়ী দেশ থেকে বিশ্ববাজারে পাটপণ্যের জোগান নিশ্চিত করা গেলে এটি যেমন রফতানির অন্যতম খাত হতে পারে, তেমনি হতে পারে প্রবৃদ্ধির নতুন চালকও। তবে তার জন্য চাই যথাযথ পরিকল্পনা, সঠিক কৌশল ও পর্যাপ্ত বিনিয়োগ। বিষয়টি আমলে নিয়ে সরকারের সময়োচিত পদক্ষেপ জরুরি।
এটা সত্য, বাংলাদেশে পাট খাতের কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে একটি হলো পণ্যের বহুমুখীনতা ঘাটতি। দেশের কারখানাগুলোয় মাত্র পাঁচ-সাত ধরনের ইয়ার্ন তৈরি করা সম্ভব হচ্ছে। অথচ ভারতের কারখানাগুলো ১১০টির বেশি ইয়ার্ন তৈরি করছে। ফলে সুতাভিত্তিক পণ্য তৈরিতে আমরা প্রতিযোগিতায় টিকতে পারছি না। একসময় পাট দিয়ে শুধু দড়ি, চট, বস্তা তৈরি হলেও এখন শত শত ধরনের ব্যবহার্য জিনিসপত্র তৈরি হচ্ছে। ঘরের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে বিশ্বের নামিদামি গাড়ির ভেতরের কাপড়, বডি কাপড়, বিছানার চাদর, টুপি, ফার্নিচার, শার্ট, প্যান্ট এমনকি জিনসও তৈরি হচ্ছে পাট থেকে। তৈরি হচ্ছে পাটপাতার চা। কিন্তু এক্ষেত্রে আমরা পিছিয়ে। দেশের পাটকলগুলো এখনো সনাতনী কিছু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ। এটা দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। কাজেই এ খাতে বহুমুখীকরণ নিশ্চিত এখন সময়ের দাবি।
এদিকে পাটের উজ্জ্বল সম্ভাবনা সত্ত্বেও দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ধুঁকছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনছে। এই দুর্দশার মূল কারণ সেকেলে ও জরাজীর্ণ যন্ত্রপাতি। দেশের পাটকলগুলো এখনো পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে। এর বদলে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং সার্বিক ব্যবস্থাপনার মান উন্নত করা হলে পাটকলগুলোকে লাভজনক করা কঠিন নয়। সুতরাং বিষয়টি গভীরভাবে আমলে নেয়া প্রয়োজন। বিশ্ববাজারে বহুমুখী পাটপণ্যের ক্রমবর্ধমান চাহিদা আমাদের পাট শিল্পের সামনে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তা অবশ্যই কাজে লাগাতে হবে এবং সেজন্য এ খাতের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।
সরকার কয়েক বছর ধরে পাট খাতে নীতি সহায়তা দিয়ে আসছে। এটা অব্যাহত রাখতে হবে। কিন্তু শুধু রাষ্ট্রীয় উদ্যোগে এ খাতকে এগিয়ে নেয়া যাবে না। বেসরকারি উদ্যোক্তাদেরও এ খাতে অধিকমাত্রায় সম্পৃক্ত করতে হবে। পাট খাতকে জাতীয় প্রবৃদ্ধির অন্যতম চালকে পরিণত করা সম্ভব—এ প্রত্যয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পাট শিল্পের সহায়ক নীতি প্রণয়ন এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এমনটি হলে আলোচ্য শিল্পের হূত গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে বৈকি।










