কভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ব্যবস্থার নাজুকতা দেখিয়ে দিয়েছে। বাংলাদেশেও এ চিত্র ভিন্নতর নয়। ক্রমবর্ধমান সংক্রমণের চাপে এরই মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না; হাসপাতালগুলোয় অনেক জটিল করোনা রোগীরই জায়গা সংকুলান হচ্ছে না। এর বাইরে অন্য রোগে ভোগা রোগীদের চিকিৎসাও চরমভাবে ব্যাহত হচ্ছে। বলতে গেলে, স্বাস্থ্য খাতের বিরাজমান দুর্বলতাগুলো স্পষ্টভাবে বেরিয়ে এসেছে চলমান এ করোনা সংকটে। বড় ধরনের সংস্কার কার্যক্রম সম্পন্ন করা না হলে স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা থেকে উত্তরণ সম্ভব নয়। তবে তার জন্য চাই পর্যাপ্ত অর্থ। বর্তমানে জাতীয় বাজেটে দেশের মোট জিডিপির শূন্য দশমিক ৭ শতাংশ বরাদ্দ রয়েছে স্বাস্থ্য খাতে। চলমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় একে জিডিপির ১ দশমিক ৬ শতাংশে উন্নীত করার প্রস্তাব ছিল। কিন্তু চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। করোনার কারণে এ খাতে বরাদ্দ জিডিপির দেড় থেকে ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। সেই হিসাবে ২০২০-২১ অর্থবছরের উন্নয়ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক। শুধু বরাদ্দ বাড়ালে হবে না, এর সুষম ব্যবহার নিশ্চিত করতে হবে।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় শক্তির দিক হলো, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো বিদ্যমান। অনেক দেশেই তা বিরল। এখানে বিভাগভিত্তিক বড় হাসপাতাল থেকে শুরু করে জেলা পর্যায়ে জেলা হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এমনকি ইউনিয়ন পর্যায়ে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, তদুপরি প্রত্যন্ত অঞ্চলে আছে কমিউনিটি ক্লিনিক। এত সুন্দর অবকাঠামো থাকা সত্ত্বেও স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের বরাবরই অবকাঠামো নির্মাণের দিকেই বেশি ঝোঁক। স্বাস্থ্য খাতে প্রতি বছর যা বরাদ্দ দেয়া হয়, তার একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করা হয় অবকাঠামো নির্মাণে। অবকাঠামো নির্মাণ মানে অধিক বরাদ্দ। আর অধিক বরাদ্দ মানেই অনিয়ম-দুর্নীতির বেশি সুযোগ। এ প্রবণতার কারণে প্রায় ক্ষেত্রে স্বাস্থ্য খাতের অন্য গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হয়েছে, যার প্রত্যক্ষ পরিণাম আমরা করোনা সংকটে দেখতে পাচ্ছি। অনেক সুন্দর অবকাঠামো আছে। তার সমানুপাতে নেই চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্য স্বাস্থ্যকর্মী। অনেক বড় হাসপাতাল নির্মাণ করা হয়েছে। অথচ সেখানে নেই সুসজ্জিত পর্যাপ্ত আইসিইউ শয্যা, যথেষ্ট পরিমাণ জরুরি অক্সিজেন সরবরাহ এবং ভেন্টিলেটরের মতো জীবন বাঁচানোর অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম। ফলে অবকাঠামো থাকলেও অন্য জরুরি চিকিৎসাসামগ্রীর অভাবে মানুষ যথাযথ সেবা পাচ্ছে না। এই করোনাকালে বিষয়টি আরো পরিষ্কার হয়েছে। হয়তো একটু অক্সিজেন পেলে কিংবা ভেন্টিলেটরের ব্যবস্থা থাকলে অনেক রোগী বেঁচে যেত। কিন্তু তার সুব্যবস্থা না থাকায় অনেকেরই বেঘোরে প্রাণ যাচ্ছে। কাজেই বরাদ্দ যে বাড়ানো হচ্ছে, তার সদ্ব্যবহারও নিশ্চিত করতে হবে। কেবল অবকাঠামোয় ব্যয়ের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে জরুরি চিকিৎসাসামগ্রী ও দক্ষ স্বাস্থ্য পেশাজীবী তৈরির বিষয়টিতে।
এদিকে স্বাস্থ্য খাতে বাস্তবায়ন সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তথ্যমতে, চলতি অর্থবছরে যেখানে বাস্তবায়নের জাতীয় গড় প্রায় ৪৫ শতাংশের ওপরে, সেখানে এ খাতের প্রধান দুটি বিভাগ ও মন্ত্রণালয়ের অগ্রগতি মাত্র ২৬ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত সংশ্লিষ্টদের অদক্ষতারই ফল। তাদের মতে, স্বাস্থ্য খাতে এখনো অনেক জরুরি কাজ রয়ে গেছে। কিন্তু সেসব বিষয়ে সংশ্লিষ্টদের তেমন মনোযোগ নেই, তাদের নজর বড় প্রকল্পে-অবকাঠামোয়। মূলত এ কারণেই স্বাস্থ্য খাতে বাস্তবায়নের অগ্রগতি হতাশাজনক। এখন এ ধরনের শৈথিল্যমূলক প্রবণতা থেকে স্বাস্থ্য খাতের নেতৃত্বকে বেরিয়ে আসতে হবে। এখানে বিনিয়োগের জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিতপূর্বক বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুবিবেচনাপ্রসূত পরিকল্পনা হাতে নিতে হবে। আলোচ্য পরিকল্পনা বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করা যেতে পারে। মনে রাখতে হবে, স্বাস্থ্থ্য ব্যবস্থার উন্নয়ন সাময়িক দাওয়াই দিয়ে সম্ভব নয়। সময় এসেছে এটিকে পুরোপুরি ঢেলে সাজানোর। নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেবেন, এটিই প্রত্যাশা।










