করোনায় ব্যবসা ও মুনাফার সুযোগ সীমিত হয়ে আসায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি কর্মকর্তাদের বেতন-ভাতা কমানোসহ কয়েক দফা সুপারিশ করে একটি চিঠি দেশের সব বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে রোববার। এ সম্পাদকীয় লেখার সময় তাদের চিঠির এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় তারা অবস্থান বদল করেছে বলে জানা যাচ্ছে। করোনার কারণে সব প্রতিষ্ঠানের আয় কমে গেছে। ভারসাম্য বজায় রেখে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে বিভিন্ন খাতে কর্মচ্যুতি ও বেতন-ভাতা কাটার খবর মিলছে। ব্যাংকিং ব্যবসা লাভজনক একটি ব্যবসা, স্বভাবতই করোনার কারণে মুনাফা কমবে। কিন্তু ব্যাংক পরিচালনায় বেশকিছু দুর্বলতা থাকায় পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছে। খেলাপি ঋণ, অযাচিত ও মাত্রাতিরিক্ত ব্যয়, ব্যাংকের বিলাসী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে শুধু কর্মীদের বেতন-ভাতা কেটে পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে না। স্টেশনারি ব্যয়, ইউটিলিটি ব্যয়, কর্মীদের টিএ-ডিএ, বড় অনুষ্ঠান আয়োজনের ব্যয়সহ কিছু খাতের ব্যয় ব্যাংক কর্তৃপক্ষ চাইলে কমানো সম্ভব। প্রতিটি ব্যাংকের ব্যবস্থাপনা খরচ অনেক বেশি। অনেক ব্যাংকে প্রয়োজনের অতিরিক্ত লোকবল রয়েছে। বিশেষ করে সব শেষে অনুমোদনপ্রাপ্ত ব্যাংকগুলোয় বাড়তি লোকবল থাকার অভিযোগ উঠেছে। প্রাতিষ্ঠানিক দক্ষতার বিচারে সরকারি-বেসরকারি সব ব্যাংকই এ রোগে আক্রান্ত। তাছাড়া শাখা খোলার ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে একটি গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেয়া হয় এবং ভাড়ার পরিমাণ বাজারদরের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়।

খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের বড় শক্তি ব্যয় করতে হবে। নতুন ব্যবসা বাড়ানোর সঙ্গে সঙ্গে খেলাপি ঋণ আদায় হতে হবে প্রধান লক্ষ্য। আইনের প্রয়োগসহ সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। দেখা যায়, প্রভাবশালী কেউ হলে ব্যাংক বেশি তাগাদা দেয় না। রাষ্ট্রের পক্ষ থেকে ঋণখেলাপিদের বয়কট করতে হবে। একজন স্বতঃপ্রণোদিত ঋণখেলাপিকে বর্জন না করলে সমাজে অপরাধ কমবে কীভাবে? সামাজিকভাবে তাদের চিহ্নিত করে রাখা, সামাজিক ও রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা থেকে তাদের দূরে রাখা, আর যেসব ঋণখেলাপি পরিস্থিতির শিকার, তাদের প্রণোদনা এবং আর্থিক ও ব্যবস্থাপনা সাপোর্ট দিয়ে বাঁচিয়ে তোলা দরকার।

ব্যাংকিং সেক্টর ভালো করতে হলে অনেক ক্ষেত্রেই যথাযথ ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। গড়পড়তা বেতন কমিয়ে আনা অযৌক্তিক সিদ্ধান্ত হবে। যারা সত্যিকারের যোগ্য, তাদের পুরস্কৃত করতে হবে। অযোগ্যদের যোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে এবং যদি তারা তা না পারেন, তখন বাদ দেয়ার চিন্তা করা যেতে পারে। ব্যবস্থাপনা বিজ্ঞান এটি বলে। প্রযুক্তিগত উন্নয়ন ও বিশ্বায়নের কারণে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। তার সঙ্গে টিকে থাকতে হলে মানবসম্পদের গুণগত পরিবর্ধন অতিজরুরি। দুঃখের বিষয়, আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো কর্মীদের পেশাদারিত্ব উন্নয়নের জন্য প্রশিক্ষণের পেছনে পয়সা খরচ করতে খুব অনিচ্ছুক। প্রতিদিন যদি একজন ব্যাংককর্মী তার নিজের উন্নতির জন্য একটু কাজ না করেন এবং প্রতিষ্ঠান সেই দক্ষতা উন্নয়নে সহায়তা না করে, তাহলে ওই কর্মী পেছনে পড়ে যাবেন, এটাই স্বাভাবিক।

বেসিক ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেডসহ বেশকিছু ব্যাংক ধুঁকে ধুঁকে বেঁচে আছে। সরকারের বিশেষ সুরক্ষায় বেঁচে থাকতে পেরেছে বেসিক ও পদ্মা; অন্যথায় অস্তিত্ব টিকে থাকা সম্ভব হতো বলে বিশ্বাস করা কঠিন। এটি সরকারের সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না। ভেন্টিলেটরের সাহায্যে মৃতপ্রায় কোনো ব্যাংক বাঁচিয়ে রেখে অযথা চাপ তৈরি করে লাভ নেই। বাজার অর্থনীতিতে যোগ্যরাই টিকবে, অযোগ্যরা টিকবে না।

ব্যাংকিং খাতের চলমান সমস্যা নিরসনকল্পে ব্যাংকের মাঠ পর্যায়ে অভিজ্ঞতা রয়েছে, সঙ্গে সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে—এমন ব্যক্তিকে প্রধান করে একটি শক্তিশালী ব্যাংক কমিশন গঠন করা যেতে পারে এই মর্মে যে সেই কমিশনের সাজেশন সরকার গ্রহণ ও বাস্তবায়ন করবে। ব্যাংকের চলমান সংকট ও নভেল করোনাভাইরাস-পরবর্তী যে অভিঘাত আসছে, তার ফলে বেশকিছু ব্যাংকের অবস্থা টিকে থাকার মতো থাকবে কিনা, সন্দেহের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে শক্ত ব্যাংকিং খাত নিশ্চিত করার জন্য সরকারের উচিত হবে মার্জার বা অ্যাকুইজিশনের উদ্যোগ নেয়া।

ব্যাংকিং খাত আজ সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যার নাম সুশাসনের ঘাটতি। ব্যাংকিং খাতে কারসাজি, খেলাপি ঋণ বৃদ্ধি, পরিচালকদের মধ্যে আন্তঃব্যাংক ঋণ আদান-প্রদান, ব্যাংক পরিচালনা থেকে শুরু করে নানা চ্যালেঞ্জ রয়েছে ব্যাংকিং খাতে। এসব সমস্যা সমাধানে ব্যাংক মালিকদের সংগঠনের আরো সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে সবাই। ব্যাংকিং খাতের জন্য যেসব নীতিমালা, আইনকানুন, আন্তর্জাতিক রীতি আছে, সেগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে না। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকি খাত জড়িত। এ খাতের উন্নয়ন না হলে প্রবৃদ্ধি টেকসই হবে না। আর্থিক কাঠামো দুর্বল হবে। ব্যাংকিং খাতের এই দুর্দশা একদিনে সৃষ্টি হয়নি। সঠিক একটি ব্যবস্থাপনার মধ্যে এ সেক্টরকে নিয়ে আসা এখন খুবই জরুরি।

বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো সংগঠনের এ ধরনের সুপারিশ ব্যাংকিং ব্যবস্থায় কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠবে বৈকি। মালিকদের সংগঠন থেকে এ ধরনের সুপারিশ ব্যাংকিং খাতের জন্য এক ধরনের চাপ সৃষ্টি করবে। এতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রম পরিহার করে ব্যাংকের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার মাধ্যমে এ খাতকে আরো দক্ষ ও সক্ষম করে তুলতে বিএবির কার্যকর উদ্যোগই সবাই প্রত্যাশা করে।