প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। বাংলাদেশ ব্যাংক ৩০ হাজার কোটি টাকার নোট ছাপানোর অনুমতি পেয়েছে। পৃথিবীর সবক’টি দেশ একযোগে একসঙ্গে অর্থনৈতিক মন্দার দিকে ধাবমান। পৃথিবী এমন অবস্থা ইতিপূর্বে আর কখনো দেখেনি, এবারই প্রথম। ১৯৩০ সালে আমেরিকায় যে মহামন্দা শুরু হয়েছিল তার স্থায়িত্বকাল ছিল দশ বছর এবং সীমাবদ্ধ ছিল কেবল আমেরিকাতে। অর্থনীতিবিদ জেএম কেইন্সের মন্ত্রণায় সেবারে আমেরিকা রক্ষা পেয়েছিল। কেইন্সকে বলা হয় সমষ্টিক অর্থনীতির জনক। এবার বিশ্বব্যাপী দেখা দেবে মহামন্দা। কে দেবে মন্ত্রণা! সবগুলো দেশের সামনে এবার বিশাল চ্যালেঞ্জ!
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত সাহসী এবং সিদ্ধহস্ত। ২০০৯ সালে শেখ হাসিনা দ্বিতীয়বার যখন ক্ষমতায় বসলেন, বিশ্বের আর্থিক সংকটের ঢেউ তখনো থামেনি। চলছে অর্থনৈতিক শিথিলতা, প্রবৃদ্ধি নিম্নগামী। এসময় বিশ্বের বাঘা বাঘা দেশ যখন সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশকে তার আঁচড় লাগতে দেননি। কৃষি খাতে প্রচণ্ড জোর দিয়ে খাদ্য ঘাটতির দেশকে করলেন খাদ্য উদ্বৃত্তের দেশ। দেশের মানুষ বুঝতেই পারেনি কত বড় সংকট, কত বড় ধাক্কা থেকে বেঁচে গিয়েছিল তারা।
তারপর থেকে শেখ হাসিনার উন্নয়ন চিন্তা আর গতিশীল নেতৃত্বে দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে মুগ্ধ হয়ে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন মন্তব্য করেছিলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’। ওয়াল্ট হুইটম্যান রস্টো উন্নয়ন অর্থনীতির যে পাঁচটি স্তরের কথা বলেছেন, বাংলাদেশ বোধ করি তৃতীয় স্তর ‘টেক-অফ’-এ সবে পা দিয়েছিল। আর সে সময়েই আক্রমণ করলো করোনাভাইরাস, কভিড-১৯। এই আক্রমনকে শেখ হাসিনা যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। জনগণের জীবন ও জীবিকা রক্ষার জন্য তিনি প্রায় প্রতিদিন তৃণমূল মানুষের সঙ্গে কথা বলছেন, উপদেশ দিয়ে যাচ্ছেন, প্রসাশনের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন, নির্দেশনা দিচ্ছেন। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে নানা রণনীতি বাস্তবায়ন করছেন এবং প্রণোদনা কাজও শুরু করে দিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, তার যে উন্নয়ন দর্শন এবং গতিশীল নেতৃত্ব, ২০০৯ সালের আর্থিক সংকটকালীণ শেষ সময়ে তিনি যেভাবে অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছিলেন, এবারও কি আমরা আশা করতে পারি, শেখ হাসিনা অর্থনৈতিক মন্দা কাউকে আঁচ লাগতে দেবেন না!
অর্থনৈতিক মন্দায় যে ঘটনাটি ঘটে তা হলো ‘চাহিদার পতন’। এ সময় মানুষ কাজ হারায়। মানুষের কাজ নেই তো আয় নেই, আর আয় নেই তো ক্রয়ক্ষমতা নেই । ক্রয় ক্ষমতা নেই তো উৎপাদিত দ্রব্যের চাহিদা নেই। উৎপাদিত দ্রব্যের চাহিদা না থাকলে উৎপাদনকারীরা উৎপাদন হ্রাস করে, আর শ্রমিক ছাঁটাই করে। ফলে সমাজে কাজ হারানো মানুষ বৃদ্ধি পায়। যতই কাজ হারানো মানুষ বৃদ্ধি পায়, ততই চাহিদা কমে যায়। পরিণামে আবার উৎপাদন হ্রাস পায়, আবার শ্রমিক ছাঁটাই হয়। একবার কোনো কারণে চাহিদার পতন ঘটলে উৎপাদন হ্রাস এবং শ্রমিক ছাঁটাই পর্যায়ক্রমে দুষ্ট-চক্রাকারে ঘুরতে থাকে। ফলে সমাজে নেমে আসে বিপর্যয়।
প্রশ্ন হলো, এখান থেকে পরিত্রাণের উপায় কী? উপায় একটাই, তা হলো ‘চাহিদা সৃষ্টি’। কে করবে ‘চাহিদা সৃষ্টি’? প্রখ্যাত অর্থনীতিবিদ কেইন্স যিনি আমেরিকাকে ১৯৩০ দশকের মহামন্দা থেকে রক্ষা করেছিলেন, তিনি বলেছেন, একমাত্র সরকারই পারে ‘চাহিদা সৃষ্টি’ করতে। কীভাবে? নানা উপায় বাতলে দিয়েছিলেন কেইন্স। তারমধ্যে সরকারের খরচ বৃদ্ধি এবং সেই সঙ্গে গরীব মানুষের আয় সৃষ্টি অন্যতম। যেমন গ্রামীণ ভৌত অবকাঠামো বা রাস্তাঘাট উন্নয়নে সরকারের খরচ বৃদ্ধি। এতে দ্বিমুখী চাহিদা সৃষ্টি হবে। রাস্তাঘাট উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক শ্রেণির আয় বাড়বে, চাহিদা সৃষ্টি হবে। সেই সঙ্গে যোগাযোগ উন্নয়নের ফলে গ্রামীণ কৃষি দ্রব্যের চাহিদা শহরেও বৃদ্ধি পাবে । এতে গ্রামীণ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আয় বাড়বে। গ্রামের আয় বৃদ্ধির ফলে শহরের উৎপাদিত শিল্প দ্রব্যের চাহিদাও গ্রামে বৃদ্ধি পাবে।
কেইন্স গরীব মানুষের একটি সংজ্ঞা দিয়েছেন। তার মতে, গরীব মানুষ তারাই যারা তাদের আয়ের পুরোটাই খরচ করে। তিনি আরো বলেছেন, গরীবেরা উন্নয়নের চাবিকাঠি। কারণ, ধনী মানুষের আয় বাড়লে চাহিদা আগের মতই থেকে যায়, চাহিদা বাড়ে না। ফলে উৎপাদন বাড়ে না। অপর পক্ষে গরীব মানুষের আয় বাড়লে চাহিদা বেড়ে যায়। ফলে চক্রাকারে উৎপাদনের বৃদ্ধি ঘটে।
যেমন, ধরা যাক, সরকার গ্রামীণ রাস্তা উন্নয়নে ৫০০ কোটি টাকা খরচ করবে। এখান থেকে শ্রমিক যে মজুরি পাবে, তা দিয়ে সে চাল কিনবে। চালের দোকানদারের যে আয় বাড়বে, তা থেকে সে একটা মোবাইল ফোন কিনবে। মোবাইল ফোন বিক্রেতার যে আয় বাড়বে, তা থেকে সে তার কলেজ পড়ুয়া ছেলেটির জন্য একটা কম্পিউটার কিনবে। কম্পিউটার বিক্রেতার যে আয় বাড়বে, তা থেকে সে তার পরিবারের বহুদিনের সাধ একটি রঙ্গীন টেলিভিশন কিনবে। রঙ্গীন টেলিভিশন বিক্রেতার যে আয় বাড়লে তা থেকে, তার ব্যক্তিগত চলাফেরার জন্য একটা প্রাইভেট কার কিনবে। এই ভাবে চক্রাকারে সব সেক্টরে উৎপাদন বেড়ে যাবে।
এই ৫০০ কোটি টাকার রাস্তাঘাট না করে এই টাকা যদি কোনো ধনী ব্যক্তি বা বিনিয়োগকারীকে দেয়া হতো, তা হলে কি উৎপাদন বাড়তো? না । কারণ, নতুন চাহিদার সৃষ্টি না হলে উৎপাদনকারীরা উৎপাদন বাড়ায় না। আর এই নতুন চাহিদা সৃষ্টির ভিত্তি হলো গরীব বা শ্রমিকের আয়। গরীব বা শ্রমিকের হাতে টাকা দিলে চক্রাকারে সব সেক্টরে নতুন চাহিদার সৃষ্টি হয়।
আবার দেখা যায়, এনজিওরা গরীব মানুষকে শর্ত সাপেক্ষে অর্থ প্রদান করে বহুগুণে চাহিদার বৃদ্ধি ঘটায়। একজন হতদরিদ্র ১০০ টাকা ঋণ নিয়ে একটি ছাগলের বাচ্চা কিনে লালন পালন করে তা যখন কোরবানির ঈদের আগে ৫ হাজার টাকায় বিক্রি করে, তখন তার ১০০ টাকার চাহিদা থাকলে ৫ হাজার টারার চাহিদা অর্থাৎ ৫০ গুণ চাহিদার সৃষ্টি হয়।
অনেক উন্নত দেশে, বিশেষত যুক্তরাজ্যে কর্মহীন মানুষকে বেকার ভাতা দেয়া হয়। শুধু তাই নয়, সরকার থেকে এসব বেকারদের কর্মে উৎসাহিত করা হয়, কাজ খুঁজে দেয়া হয়। একজন নিম্নবিত্ত মানুষ কাজ পেলে মজুরি এবং বেকার ভাতা দু’টোই পেতে পারে যদি না মোট আয় সরকার কর্তৃক বেঁধে দেয়া উর্ধ্বসীমা অতিক্রম করে। উর্ধ্বসীমার মাত্রাটা এমন যার দ্বারা সঞ্চয় সম্ভব নয়, পুরোটাই খরচ করতে হয়। ফলে চাহিদা বাড়ে, উৎপাদন বৃদ্ধি পায়। অন্যদিকে সুইডেনে একজন কর্মজীবী চাকরি হারালে তার বেকার ভাতা হয় পূর্বোক্ত চাকরির বেতনের সমান। ফলে চাকরি হারালেও চাহিদার ঘাটতি হয় না। চাহিদা পূর্বের মতই থাকে এবং উৎপাদন কখনই নিম্নমুখী হয় না। সুইডেন তার কোনো নাগরিকের জীবনযাত্রার মান কখনই নিম্নমুখী হতে দেয় না, সে সকার হোক আর বেকার হোক। তাই তাদের বেকার ভাতা হারানো চাকরির বেতনের সমান। সুইডেনকে বলা হয় ’কল্যাণ রাষ্ট্র’।
পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বিভিন্নভাবে নিম্নবিত্ত এবং গরীব মানুষদেরকে অর্থের যোগান দিয়ে চাহিদাকে ধরে রেখে অর্থনীতিকে চাঙা করে রেখেছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের সরকার কতটুকুই বা অর্থের যোগান দিতে পারে! মন্দার সময়তো অবস্থা আরও ভয়ংকর রূপ ধারণ করে। এ সময় শিল্পকারখানা বন্ধ হয়ে যায় বা উৎপাদন কমে যায়। ফলে সরকারের রাজস্ব আয় কমে যায়। এই বিপৎকালীন শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এবং বাংলাদেশ ব্যাংক ৩০ হাজার কোটি টাকার নোট ছাপানোর ঘোষণা দিয়েছে। বাংলদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার মুদ্রা ছাপানোর কথা শুনে মুদ্রাস্ফীতির ভয়ে অনেকে আঁতকে উঠেছেন। এখানে জেনে রাখা ভালো, মুদ্রাস্ফীতি দু’টো কারণে ঘটে থাকে। যদি উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ে, তাকে বলা হয় ‘খরচ-ধাক্কা মুদ্রাস্ফীতি’। ‘খরচ-ধাক্কা মুদ্রাস্ফীতি’ হলে ক্রেতার আয় বাড়ে না, কিন্তু জিনিসের দাম বেড়ে যায়। ফলে ক্রেতা আগের মত জিনিস কিনতে পারে না, কম পরিমাণ দ্রব্য ক্রয় করে। পরিণামে উৎপাদন কমে যায়, কর্মী ছাঁটাই হয়। ‘খরচ-ধাক্কা মুদ্রাস্ফীতি’ তাই অর্থনীতির জন্য ক্ষতিকর।
অপরপক্ষে মানুষের আয় বাড়লে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে দাম বাড়ে, যাকে বলে ’চাহিদামুখী মুদ্রাস্ফীতি’। ‘চাহিদামুখী মুদ্রাম্ফীতি’ উৎপাদন বাড়ায়, এবং সেই সঙ্গে কর্মসংস্থান বাড়ায়। একমাত্র কেইন্স ছাড়া পৃথিবীর সব অর্থনীতিবিদ জিনিসের দাম বাড়া বা টাকার মান কমে যাওয়াকে মুদ্রাস্ফীতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন । চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়লে একে মুদ্রাস্ফীতি বলতে নারাজ কেইন্স। কেননা চাহিদা বৃদ্ধিই তো উৎপাদন বাড়ায় এবং কর্মসংস্থান বৃদ্ধি করে, যা অর্থনীতির জন্য আশীর্বাদ। কাজেই অর্থনেতিক মন্দা মোকাবিলায় শেখ হাসিনার প্রণোদনা এবং মুদ্রানীতি মডেল কতটুকু উৎপাদন বৃদ্ধিতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে সেটাই বড় কথ, মুদ্রাস্ফীতি বড় কথা নয়।
শেখ হাসিনা তার প্রণোদনা এবং মুদ্রানীতি মডেল নিজের মত করে বাস্তবায়ন করছেন। নিম্নলিখিত পরামর্শ তার উন্নয়ন চিন্তাকে আরও প্রখর করতে পারে:
(১) প্রথমত, সবাইকে কাজে ফিরিয়ে আনতে হবে, এটাই হবে সরকারের প্রথম এবং প্রধান কাজ। নোবেল পুরস্কার বিজয়ী অভিজিত ও এসথার ৩ এপ্রিল আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে সেই তাগিদ-ই দিয়েছেন। সবাই কাজে ফিরলে নিম্নবিত্ত ও শ্রমিকের আয় সৃষ্টি হবে, আয় চাহিদা সৃষ্টি করবে, আর চাহিদা উৎপাদন বৃদ্ধির ওপর প্রভাব ফেলবে। এটা করতে গেলে প্রণোদনা প্যাকেজের সঙ্গে শর্ত জুড়ে দিতে হবে। যেমন, (ক) যারা প্রথম ধাপেই শতভাগ শ্রমিক-কর্মচারীদের কাজে ফিরিয়ে আনতে পারবে, তারা প্রণোদনার শতভাগ-ই পাবে এবং সঙ্গে থাকবে সরকার কর্তৃক ঘোষিত পুরস্কার। (খ) যে যত ভাগ শ্রমিক-কর্মচারী কাজে ফিরিয়ে আনতে পারবে, সে তত ভাগ প্রণোদনা পাবে, এবং পর্যায়ক্রমে শত ভাগ শ্রমিক-কর্মচারী যখন কাজে ফিরবে তখন প্রণোদনা শত ভাগে উন্নীত হবে। সরকার যদি এই নীতি গ্রহণ করেন যে প্রথম ধাপেই শত ভাগ শ্রমিক-কর্মচারী কাজে ফিরাতে না পারলে কোনো প্রণোদনা পাবে না, তা হলে এটা হবে আত্মঘাতী। (গ)অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, ঋণ খেলাপিরা কোনো প্রণোদনা পাবে না। এ নীতিও বর্তমান প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। এখন প্রয়োজন সবাইকে কাজে ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করা। এ সময়ে একটার সংগে আর একটার প্যাঁচ লাগিয়ে অর্থনীতির গতিকে শ্লথ করা সমীচিন হবে না।
(২) দারিদ্র্যপীড়িত এবং নিম্নবিত্ত মানুষের হাতে প্রচুর নগদ অর্থ পৌঁছাতে হবে, সেটা কাজের বিনিময়ে হোক কিংবা দান হোক, যেটাই হোক না কেন। তারাই চাহিদা সৃষ্টির প্রধান চালিকাশক্তি। প্রধানমনত্রী শেখ হাসিনা এরই মধ্যে এই খাতে ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন যার উপকারভোগী হবে দুই কোটি মানুষ। বলা চলে শেখ হাসিনা কেইন্সীয় পথেই হাঁটছেন।
(৩) বিভিন্ন এনজিও এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হতদরিদ্র, দারিদ্র্যপীড়িত এবং নিম্নবিত্ত মানুষকে আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃত্ত করতে হবে, যাতে এরা বহুগুণে চাহিদা বৃদ্ধি করে উৎপাদনের গতিশীলতা ত্বরান্বিত করতে পারে।
(৪) অনেক সংস্থাকে রাস্তার মানুষকে খাবার দিতে দেখা যায়। এই প্রবণতা অর্থনীতিতে কোনো অবদান রাখে না। খাবারের পরিবর্তে নগদ সহায়তা দিতে হবে, অথবা খাবার ও অর্থ দু’টোই সমান তালে দিতে হবে, নইলে চাহিদা সৃষ্টি হবে না।
(৫) সরকার কর্তৃক চাল, গম সরাসরি না দিয়ে এগুলো মনেটাইজ্ড করে নগদ অর্থ প্রদান করতে হবে। এই অর্থ চাহিদা সৃষ্টিতে অবদান রাখবে। ১৯৮০ দশকে বিশ^খাদ্য সংস্থা এভাবে দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে চাহিদা সৃষ্টিতে সহায়তা করতো।
(৬) প্রণোদনার অর্থ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালাহউদ্দিন আহমেদ সেই কথাটিই বলেছেন। বাংলাদেশে ১৭ কোটি মানুষের জন্য প্রণোদনা ৭২ হাজার ৭৫০ কোটি যা মাথাপিছু দাঁড়ায় টাকা ৪ হাজার ২৮০ টাকা আর ভারতে ১৩০ কোটি মানুষের দেশে প্রণোদনা ২০ লাখ কোটি রুপি। বাংলাদেশী টাকায় ভারতের মাথাপিছু প্রণোদনা বাংলাদেশের তুলনায় প্রায় ৫ গুণ বেশি । দরকার হলে বাংলাদেশে প্রণোদনা আরও বাড়াতে হবে।
(৭) ‘কেন্দ্রীয় মনিটরিং সেল’ গঠন করতে হবে যার প্রধান কাজ হবে, যে সমস্ত সেক্টরে সরকার প্রণোদনা দিচ্ছেন, সে সমস্ত সেক্টরে মানুষ কতটুকু কাজে ফিরে আসছে তার তদারকি করা। প্রধানমন্ত্রী প্রত্যেকদিন যেমন করোনা ভাইরাস নিয়ে কথা বলছেন, তেমনি সংশ্লিষ্টদের সঙ্গে কর্মসংস্থান নিয়ে কথা বলবেন। সেলের কর্মকর্তারা সংশ্লিষ্ট সংস্থার তথ্য দিবেন। মনে রাখতে হবে, কর্মসংস্থানই চাহিদার সৃষ্টি করবে, উৎপাদন বাড়াবে, অর্থনীতি চাঙ্গা করবে।
(৮) জীবন আগে, না জীবিকা আগে! নোবেল বিজয়ী অভিজিৎ, যিনি দারিদ্র্য নিয়ে কাজ করেছেন, তার মতে, দারিদ্র্যপীড়িত কর্মজীবী মানুষকে এক সপ্তাহও ঘরে আটকে রাখা যায় না। দীর্ঘ মেয়াদে এরা ঘর ভেঙ্গে বেরিয়ে পড়বে। তখন না থাকবে কাজ, না থাকবে খাবার। সবকিছুই তখন আয়ত্তের বাইরে চলে যাবে। তার মতে, কিছু লোককে মারা যেতে দিতে হবে, উপায় নেই, কিন্তু কর্মক্ষেত্র খোলা রাখতে হবে।। তবে অবশ্যই কর্মক্ষেত্রে কঠোর সাবধানতা আবলম্বন করতে হবে।
আমেরিকার লেবার ডিপার্টমেন্ট ৮ মে যে রিপোর্ট করেছে তাতে বলা হয়েছে, লকডাউনের কারণে আমেরিকায় গত মাসে বেকারত্ব বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশ হয়েছে, যেটা ছেড়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী (১০ দশমিক ৮ শতাংশ) হারকেও। ট্রাম্প প্রশাসন সবকিছু খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। বিলাতেও ধীরে ধীরে কর্মক্ষেত্রের দুয়ার খুলে দিচ্ছেন বরিস জনসন। পাকিস্তান বাড়তি করোনায় মৃত্যুর হারের মধ্যেও শিল্প-কারখানা খুলে দিয়েছে। ভারতের স্বাস্থ্যমন্ত্র্রী বলেছেন, করোনার মধ্যেই বাঁচতে শিখতে হবে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা যে বার্তা দিয়েছে, তাতে কভিড-১৯ পৃথিবী থেকে চিরতরে কখনো নির্মূল হবে না। এই যদি হয় বাস্তবতা, আর কি কালক্ষেপণ করা উচিত? নোবেল বিজয়ী অভিজিতের আশংকা, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে সামাল দেয়া কঠিন হবে। এখন উচিত কাজের দুয়ার খুলে দেয়া, এবং সেই সঙ্গে কঠিন নিয়ম বেঁধে দেয়া। পথ চলতে এবং কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ হাত গ্লভস এবং মাস্ক আবশ্যিক করা। না মানলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই কঠিন জরিমানা করা। মানুষ বারবার জরিমানা দিবে না, বরং নিজের সুরক্ষার জন্যে এবং জরিমানার ভয়ে হাতে গ্লভস এবং মাস্ক পরেই পথ চলবে এবং কর্মক্ষেত্রে কাজ করবে ।
এখন প্রয়োজন সমগ্র বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা। যে সমস্ত এলাকায় করোনা ভাইরাস নেই সে সমস্ত এলাকা ‘গ্রিন জোন’ হিসেবে ঘোষণা করা, এবং এলাকাবাসীদের অবাধে কাজ করার সুযোগ করে দেয়া। যে সমস্ত এলাকায় করোনাভাইরাস ধরা পড়েছে অথচ কেউ মারা যায়নি, সে সমস্ত এলাকা ’ইয়েলো জোন’ হিসেবে ঘোষণা করা। আক্রান্ত লোকদের কঠোর ‘হোম লকডাউনে’ রেখে বাকিদের হাতে গ্লভস এবং মাস্ক পরে কাজ করার সুযোগ করে দেয়া। ব্যাপক আক্রান্ত এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষনা করা। রেড জোন এলাকাবাসীদের সবার জন্য ‘হোম লকডাউন’ প্রযোজ্য। অনুরূপভাবে শিল্প-কারখানা তিন ভাগে ভাগ করে কার্যকরী ব্যবস্থা নেয়া যায় কিনা সেটাও চিন্তা করে দেখা যেতে পারে। কাজ থেকে বিরত রাখলে দেশকে দেখতে হবে পঙ্গু অর্থনীতি, ভয়ংকর অরাজকতা, এবং পথে-প্রন্তরে লাশের সারি।
লেখক: উপাচার্য, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়










