বিগত বছরগুলোয় দেশে বিদ্যুৎ উৎপাদনে লক্ষণীয় উন্নতি ঘটেছে। বর্তমানে সার্বিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। এটি নিঃসন্দেহে বর্তমান সরকারের বড় সাফল্য। তবে এই দৃশ্যমান সাফল্যের বিপরীতে বিদ্যুৎ খাতে মোটা দাগে তিনটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের অভিঘাত বিদ্যমান। প্রথমটি হলো, চাহিদা না থাকা সত্ত্বেও বিশেষ গোষ্ঠীর স্বার্থে বারবার উচ্চমূল্যের কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নবায়ন। দ্বিতীয়টি হলো, জ্বালানি খরচের বিপরীতে অদক্ষ বহুসংখ্যক ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন। তৃতীয়টি হলো, তৃতীয় পক্ষের যাচাই-বাছাইহীন চুক্তিতে উৎপাদন না করেই বিশেষ বিশেষ কোম্পানিকে উচ্চহারে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাওয়া। কয়েক বছর ধরে বেসরকারি খাতে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়ে যাচ্ছে সরকার। পাশাপাশি কয়েকটি মেয়াদোত্তীর্ণ রেন্টাল-কুইক রেন্টাল কেন্দ্রের চুক্তি নবায়ন করা হয়েছে। অন্যদিকে বড় অবকাঠামোসম্পন্ন সরকারি বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলো বসিয়ে রাখা হয়েছে। ফলে সংগত কারণেই বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি খাতের ওপর নির্ভরশীলতা বাড়ছে। আর ব্যক্তি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বেশি দামে বিদ্যুৎ কেনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) লোকসানের বোঝা স্ফীত হচ্ছে। পরিচালন ব্যয় মেটাতে সংস্থাটির দ্বারস্থ হতে হচ্ছে সরকারের কাছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত আট বছরে সরকারের কাছ থেকে নেয়া বিপিডিপির ঋণের পরিমাণ অর্ধলাখ কোটি টাকা ছুঁই ছুঁই। সামনে এ ঋণ আরো বাড়বে। কাজেই বিদ্যুৎ খাতের সামগ্রিক পরিকল্পনার পুনর্মূল্যায়ন জরুরি।
মূলত চাহিদা ও উৎপাদন সক্ষমতার মধ্যকার অসংগতির কারণে বিদ্যুৎ খাতে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় ২৪ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিপরীতে চাহিদার ভিত্তিতে উৎপাদন হচ্ছে এর অর্ধেক। বর্তমান করোনা পরিস্থিতিতে চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কমেছে। এতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বড় অংশই অলস থাকছে। এসব বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে গুনতে হচ্ছে মোটা অংকের ক্যাপাসিটি চার্জ। কেবল সর্বশেষ অর্থবছর ক্যাপাসিটি চার্জ বাবদ পিডিবির গুনতে হয়েছে ৯ হাজার কোটি টাকা, যা বছর বছর বেড়েই চলেছে।
বৈশ্বিক নিয়ম অনুযায়ী, বাড়তি কিছু বিদ্যুৎকেন্দ্র রাখতে হয়। বিশ্বের বহু দেশই এটা করে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা বড়জোর ১০ শতাংশ হতে পারে। এর বেশি নয়। তিন-চার হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র বসে থাকতে পারে, যাতে চাহিদা বাড়লে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খাতের মাস্টারপ্ল্যানে মোট স্থাপিত সক্ষমতার ২০ থেকে ২৫ শতাংশের বেশি বিদ্যুৎকেন্দ্রকে অলস বসিয়ে না রাখার নির্দেশনা রয়েছে। অথচ এখন প্রায় ৫০ শতাংশই বসে আছে। তার মানে বসে থাকলেও চুক্তি অনুযায়ী বিপুল অংকের কেন্দ্র ভাড়া (ক্যাপাসিটি চার্জ) ঠিকই গুনতে হচ্ছে। এ বাস্তবতায় ব্যয় সাশ্রয়ের জন্য যেখানে অপ্রয়োজনীয় কেন্দ্রগুলোর অনুমোদন বাতিল কিংবা তাদের সঙ্গে চুক্তি বাতিল প্রয়োজন, সেখানে সরকার বরং উল্টো পথে হাঁটছে, দিয়ে যাচ্ছে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন। এরই মধ্যে ঘোষিত হলো ২০২০-২১ অর্থবছরের বাজেট। এতে বিদ্যুৎ খাতে মোট ২৪ হাজার ৮৫৩ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সন্দেহ নেই, এর বড় অংশই যাবে ব্যক্তি খাতের ভর্তুকিতে। ১০ বছর ধরে আক্ষরিক অর্থে তা-ই হয়ে আসছে। এতে একদিকে আর্থিক সক্ষমতা কমে রাষ্ট্রায়ত্ত বিপিডিবি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, অন্যদিকে লাভের গুড় খাচ্ছেন বেসরকারি উদ্যোক্তারা। এভাবে আর চলতে দেয়া যায় না। বাস্তবে বাংলাদেশের কতটুকু বিদ্যুৎ দরকার, সেটা নির্ধারণ করা অগ্রাধিকার ভিত্তিতেই জরুরি। নইলে বিদ্যুৎ খাতের এ লোকসান গোটা জাতীয় অর্থনীতিতে শুধু বিরূপ প্রভাব ফেলবে না, তদুপরি জনদুর্ভোগের কারণও হবে বৈকি।
এদিকে ক্রমবর্ধমান ভর্তুকির লোকসান কমাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এমনকি বর্তমান সরকার এক্ষেত্রে রেকর্ড করেছে। বছরে শুধু একবার নয়, বরং একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দামে পরিবর্তনের বিধান রেখে সংশোধন করা হয়েছে এনার্জি রেগুলেটরি আইন। সরকারের দাবি, ভর্তুকির চাপ কমাতে দাম বাড়ানোর বিকল্প কোনো পথ নেই। তবে সংশ্লিষ্টদের মতে, উৎপাদন ও বিতরণে যে অযৌক্তিক ব্যয় বিদ্যমান, তা দিয়ে ঘাটতি মেটানো সম্ভব। তেমনটি হলে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রয়োজন পড়ত না। কিন্তু সে ধরনের বিবেচনা সরকারের দিক থেকে দৃশ্যমান নয়।
আরেকটি বিষয়, দেশের বিদ্যুৎ খাতের ব্যাপক লোকসানের ক্ষেত্রে সিস্টেম লসকেও কিছুটা দায়ী করা হয়। কিন্তু বিদ্যুৎ খাত কারিগরি খাত হওয়ায় বিদ্যুৎ পরিবাহী তারের সঞ্চালন লস ছাড়া কোনো ধরনের সিস্টেম লস থাকার যৌক্তিকতা গ্রহণযোগ্য নয়। উন্নত দেশগুলোয় সর্বোচ্চ ৩-৫ শতাংশ সিস্টেম লস মেনে নেয়ার বিধান রয়েছে, অথচ আমাদের মতো ছোট দেশে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে প্রায় ৮-১০ শতাংশ সিস্টেম লস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সর্বাগ্রে বিদ্যুৎ চুরি বন্ধ হওয়া দরকার। এছাড়া সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা কাজে লাগানো, সঞ্চালন ও বিতরণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা, মানসম্পন্ন কারিগরি নকশা তৈরি এবং ব্যবস্থাপনা উন্নত করে বিদ্যুৎ খাতকে সাশ্রয়ী করা এখন সময়ের দাবি।
বতর্মানে বিদ্যুৎ খাতে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে গোষ্ঠী স্বার্থকেই গুরুত্ব দেয়া হচ্ছে। ফলে এ খাতে শৃঙ্খলা ফিরছে না। সরকার ভর্তুকি ও সিস্টেম লসের কথা বলে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের অপরিকল্পনায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান লোকসানে পড়ছে, পোয়োবারো হচ্ছে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ দুর্বৃত্তায়ণ চক্র থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসা জরুরি।










