ঘর থাকলে যেমন তার জানালা চাই, তেমনি শহর-জনপদের চাই পার্ক, উদ্যান, খেলার মাঠ। চোখ ও মনের খোরাক জোগাতে, ফুসফুসকে কিছুটা সতেজ বায়ু জোগান দিতে, সর্বোপরি একটি জনবহুল শহরের মানুষকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পার্ক ও উদ্যান অত্যাবশ্যকীয় স্থাপনা। কারণ এগুলোর সঙ্গে নগরবাসীর স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। দেশ যেমন এগিয়ে যাচ্ছে, মাথাপিছু উপার্জনও বাড়ছে, ঠিক সেই সঙ্গে পাল্লা দিয়ে নগরের গণপরিসরগুলোও কমে যাচ্ছে। একটি শহরে সাধারণত যে পরিমাণ পার্ক, মাঠ বা খোলা জায়গা থাকার কথা, অত খোলা জায়গা আমাদের রাজধানীতে নেই। এক কথায় কষ্টকর নাগরিক জীবনে অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীবাসী। হাজার গাড়ির গর্জনে ঢাকার মানুষের কাছে নির্মল পরিবেশ এখন দুর্লভ।

১৯৯১ সালে ঢাকায় জনসংখ্যা ছিল ৬৮ লাখ ৪৪ হাজার ১৩১ জন। বর্তমানে প্রায় ২ কোটি। ২৯ বছরে রাজধানীর প্রসার ঘটেছে অনেক। দিনে দিনে এই রাজধানী কনক্রিটের নগরীতে পরিণত হলেও সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান বা রমনা পার্কের মতো আর একটি পার্ক বা উদ্যান তৈরি হয়নি। সুষ্ঠু বিনোদনের অভাব এতটাই যে ফ্লাইওভারকে আমরা এখন বিনোদনের স্থান হিসেবে বেছে নিয়েছি। ইট সিমেন্টের এই শহরে সান্ত্বনা-স্বস্তি ও আনন্দের জন্য যে কয়টা জায়গা এখনও টিকে আছে তার মধ্যে ওসমানী উদ্যান অন্যতম। যেদিকে তাকালে খর- বৈশাখের রৌদ্রদগ্ধ দিনে হঠাৎ নামা একপশলা বৃষ্টির মতোই স্নিগ্ধ শান্তি আমাদের তাপিত দৃষ্টিকে শীতল এবং কোমল করে দিয়ে যায়। 

শহরের ব্যস্ততম জনপদে ছুটে চলা মানুষগুলোর কাছে বিশেষ করে দক্ষিণের নগরবাসীর কাছে এ যেন ‘ফুসফুস’ পার্ক। শুধু তাই নয় উদ্যানটিতে রয়েছে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের নানা স্মৃতি সম্বলিত অজানা অনেক তথ্য। সেইসঙ্গে নানা প্রজাতির ফুল, ফল ও সবুজ বৃক্ষের সমারোহ। রয়েছে স্বচ্ছ পানির লেক। এত সৌন্দর্যের মাঝেও উদ্যানটি তার স্বকীয়তা হারাতে বসেছিল। যত্রতত্র ময়লার ভাগাড়, ছিনতাইকারী, অসামাজিক কার্যকলাপ, প্রবেশপথে নানা প্রতিবন্ধকতা, অস্বাস্থ্যকর পরিবেশসহ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। 

উদ্যানের এ অবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এই উন্নয়ন প্রকল্প একদিকে যেমন আশার অন্যদিকে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে হাজির হয়েছে। উন্নয়ন প্রকল্পে উদ্যানে গোস্যা নির্বারণী পার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে। যার ফলে নগরবাসীর স্মৃতিপটে উদ্যান শব্দের যে বিশালতা ছিল তা ছোট হয়ে পার্কে রূপ নেবে। পাশপাশি উদ্যানের সাথে জড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের মহা সমরনায়ক এম এ জি ওসমানীর নামটাও আমরা ভুলে যাবো। শুধু তাই নয় বর্তমানে ওসমানী উদ্যানের পূর্বপাশের যেখানে সেগুন, মেহগনি, ওক, ইপিল-ইপিল, জারুলসহ বিভিন্ন ধরনের কয়েকশ গাছের সবুজের সমারোহ আছে, সেখানে যানজটের অন্যতম কারণ হিসেবে পরিচিত ব্যক্তিগত গাড়ির জন্য পার্কিং স্পেস তৈরি করা হবে। কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী বিশাল আকৃতির গাছগুলো কেটে ছোট লতাগুল্ম ও ছোট গাছের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কথা শুনে কারো মনে পড়ে যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতাটিতে কাঙালের ধনে রাজার নজর পড়ার কথা। যে শহরের মানুষের একটুখানি সবুজ খোলা জায়গার অভাবে নারী-পুরুষ সবার শ্বাসরুদ্ধকর অবস্থা, যেখানে শিশুদের খেলার মাঠ নেই সেই শহরের সিটি করপোরেশনের এ ধরনের চিন্তা অনাকাঙ্খিত।

একসময় এই ওসমানী উদ্যানের আয়তন ছিল প্রায় ৫০ একর। নানা অবকাঠামো গড়ে উদ্যানটিকে সংকুচিত করে ফেলা হয়েছে। বর্তমানে উদ্যানের জায়গার পরিমাণ ২৩ একর। এই জায়গায় পার্কিং স্পেস তৈরি করে কর্তৃপক্ষ গুলিস্তান এলাকা থেকে কিভাবে যানজট নিরসনের স্বপ্ন দেখছেন তা বোধগম্য নয়। এর আগে সিটি কর্পোরেশন মতিঝিল ও দিলকুশায় দুটি স্বর্ণতুল্য জায়গায় পার্কিং স্পেস নির্মাণ করেছেন। মতিঝিলে ২ বিঘা জায়গার ওপর নির্মিত ৩৭ তলা সিটি সেন্টারের দ্বিতীয় থেকে আটতলা পর্যন্ত পার্কিং স্পেস হিসেবে ৩ বছর আগে বুঝিয়ে দিলেও কর্তৃপক্ষ এখনও পার্কিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেননি। অপরদিকে দিলকুশায় ৯ তলা পর্যন্ত পার্কিংয়ের জন্য গড়ে উঠা ভবনটিতেও ফ্লোরগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দুটি কার পার্কিং স্পেস তৈরির পরও সেটা ব্যবহার না করে নতুন করে উদ্যান ধ্বংস করে পার্কিং স্পেস তৈরির উদ্যোগের যৌক্তিকতা নিয়ে কর্তৃপক্ষের ভাবা উচিত। 

শরীরের অন্যতম প্রধান অঙ্গ ফুসফুস ভালো না থাকলে আমরা যেমন ভালো থাকতে পারি না। ঠিক তেমনি নগর পরিবেশের ফুসফুস হল গণপরিসর। আমরা যতই উন্নয়নের মহাসড়কে থাকি না কেন নগর ফুসফুসে ক্যান্সার বাসা বাঁধলে, আমাদের শ্বাস-প্রশ্বাসের জায়গাগুলো সঙ্কুচিত হতে থাকলে আমরা নগরের অধিবাসীরা ভালো আছি বলে দাবি করতে পারি না। 

সারা দেশের মানুষের কাছেই এই স্থানটির গুরুত্ব অত্যধিক। কাজেই দেরি হয়ে যাওয়ার আগেই সিটি করপোরেশনের উচিত সিদ্ধান্তটি বাতিল করা, কেননা এ সিদ্ধান্ত নিয়ে সিটি করপোরেশন কখনোই প্রশংসিত হবে না। নগরের তত্ত¡াবধায়ক হিসেবে তাদের দায়িত্ব নাগরিক সাধারণের স্বার্থ রক্ষা করা, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকার ফুসফুসকেও তো বাঁচতে দিতে হবে। নগরায়ন, নগরীর সৌন্দর্যবর্ধন কখনোই জীবন ও প্রকৃতিকে নিশ্চিহ্ন করে সম্ভব হতে পারে না। প্রয়োজনীয় সংখ্যক পার্ক ও উদ্যান নির্মান ও সংরক্ষণই সভ্যতার সোপান গড়ার শর্ত। যতদিন  অক্ষুন্ন রাখা হবে প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে গড়ে তোলা এই সৌন্দর্যময়তাকে ততদিন ওসমানী উদ্যান আমাদের শ্যামল রংয়ের প্রেমে পড়া এ দেশের সকল মানুষের।