গত ১০০ দিনের হিসাবে শনাক্ত ও মৃতের সংখ্যা বাংলাদেশে কিছুটা কম; যদিও গড় হিসাবে বিশ্বে নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বগতির ২০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। যদিও এজন্য বিশেষজ্ঞরা পরীক্ষার নিম্ন হারকে দায়ী করছেন। সংক্রমণের ধারা বিবেচনায় নিলে বাংলাদেশ কোন অবস্থায় আছে, সেটিই এখন মূল পর্যালোচনার বিষয়। সাধারণ মানুষের মনে প্রশ্ন, আমরা কি সংক্রমণের চূড়ায় উঠছি, নাকি এরই মধ্যে চূড়ায় অবস্থান করছি? আবার এটিও ঠিক যে সংক্রমণের চূড়া নিয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা সূচক তৈরি হয়নি দেশে। ওদিকে আতঙ্কের খবর হচ্ছে, ফ্লোরিডার একদল গবেষক মনে করছেন, তারা দেখাতে পেরেছেন যে নভেল করোনাভাইরাস এমনভাবে পরিবর্তিত হয়েছে, যাতে এটি আরো সহজে মানুষকে সংক্রমিত করতে পারে। বিজ্ঞানীরা ভাইরাসটির পরিবর্তিত হওয়া নিয়ে অনেক আগে থেকেই আশঙ্কা করছিলেন। আরেকটি গবেষণায় সেপ্টেম্বর ও অক্টোবরে অবস্থা আরো ভয়াবহ হবে বলে জানা যাচ্ছে। সংক্রমণের সংখ্যা ও মৃত্যু যখন বাড়ছে, ঠিক সে সময়েই সরকার সবকিছুই খুলে দিয়েছে। নিজ উদ্যোগে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা নিলেও দেশব্যাপী একক কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। জোনভিত্তিক লকডাউনের ঘোষণা দিয়েও বাস্তবায়ন করা যাচ্ছে না সমন্বয়ের অভাবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আগামীতে আরো ভয়াবহ অবস্থা বিরাজ করবে বলেই প্রতীয়মান হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে, সংক্রমণের মাত্রা যদি ১০ ভাগে নেমে আসে তাহলে বোঝা যাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই বিবেচনায় সবকিছু শিথিলের পথে হাঁটতে পারে যেকোনো দেশ। তাছাড়া সংক্রমণ বাড়তি থাকলে কোনো অবস্থায় লকডাউন শিথিল করা যাবে না। যদিও বিপরীত পথে হেঁটেছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ। যারা আক্রান্ত হয়ে গুরুতর স্বাস্থ্য সংকটের ভেতর পতিত হয়েছে, তাদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য যেকোনো মূল্যে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে কভিড-১৯ টেস্টের হার। দেশে একটি কার্যকর জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা স্বাস্থ্যসংশ্লিষ্ট দপ্তর, সংস্থাগুলোর একার পক্ষে সম্ভব নয়। এজন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাইকে নিয়ে একটি ডাটাবেজ প্রস্তুত এবং একটি ন্যাশনাল হেলথ কমান্ড তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে। কভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার চরম উদাহরণ দেখা গেছে। হাসপাতাল ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে চিকিৎসা না পেয়ে সাধারণ রোগীদের মৃত্যুর ঘটনাও বাড়ছে।
অর্থনৈতিক সক্ষমতায় মোটামুটি আমাদের সমপর্যায়ের দেশ ভিয়েতনাম। চীনের সঙ্গে তাদের কয়েকশত মাইলের বিস্তৃর্ণ সীমান্তরেখা রয়েছে। ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারও চীন। অথচ করোনা ভাইরাসের আঁঁতুড়ঘর চীনের প্রতিবেশী এই দেশটিতেই এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যায়নি। আরও চমত্কার বিষয় হচ্ছে, প্রায় মাসখানেক আগেই দেশটি করোনা সংক্রমণের হার শুন্যে নামিয়ে এনেছে। এরই মধ্যে তাদের অর্থনীতি প্রায় পুরোদমে চালু হয়ে গেছে, আমদানি-রফতানি বাড়ছে। সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে, যেসব বহুজাতিক কোম্পানি চীন থেকে তাদের উৎপাদন ইউনিট সরিয়ে বিকল্প কোন দেশে স্থানান্তরের চিন্তা করছে তাদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে ভিয়েতনাম। ফলে বিশাল অংকের বিদেশি বিনিয়োগ এখন দেশটির দরজায় কড়া নাড়ছে যা আসতে পারতো বাংলাদেশের মত দেশগুলোতেও। শুধু ভিয়েতনামই নয়, আন্তঃযোগাযোগ ও ভৌগোলিকভাবে চীনের নিকটবর্তী দেশসমূহ যেমন দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, হংকং, তাইওয়ান ও ইন্দোনেশিয়ার মত দেশগুলোও করোনা ভাইরাস মোকাবেলায় যথেষ্ট দক্ষতা দেখিয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেহেতু এখন বৈশ্বিক মহামারী আকার ধারণ করেছে সেহেতু এর ঢেউ বাংলাদেশেও এসে পড়েছে। সারা বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও এর বিরুদ্ধে লড়াই করছে। তবে এই সংকট মোকাবিলা নিয়ে দেশে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মূলত অপরিকল্পিত নীতিমালা ও বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ভাষ্য। সবচেয়ে আশংকাজনক ব্যাপার হচ্ছে, প্রতিদিন যা টেস্ট হচ্ছে এর ২৫-৩০ শতাংশ হারে রোগী সনাক্ত হচ্ছে। এ হিসেবে, প্রতিদিন যে লাখ লাখ মানুষ করোনা টেস্ট করানোর জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ধর্ণা দিচ্ছে তাদের সবাই যদি পরীক্ষার আওতায় আসে তাহলে রোগীর সংখ্যা কয়েক লাখ ছাড়াবে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।
আমাদের স্বাস্থ্যসেবা খাত এরই মধ্যে প্রায় ভেঙে পড়েছে। অনেক হাসপাতাল রোগীদের চিকিৎসা দিতে অপারগতা জানাচ্ছে। চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, মারা যাচ্ছে। এমন খবরাখবর প্রায়শই পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। করোনা আক্রান্ত রোগীদের প্রায় ৯০ ভাগই হাসপাতালের চিকিৎসাসেবার বাহিরে রয়েছে। অর্থাৎ, সরকার মাত্র দশ ভাগ করোনা রোগীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে। যদিও করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর চিকিৎসার মান নিয়ে প্রশ্ন রয়েছে। আরও রয়েছে ডাক্তার-নার্সদের পর্যাপ্ত প্রোটেকশন ইকুইপমেন্টের অভাব, স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ।
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো করোনা সংকট কাটিয়ে উঠছে। বাংলাদেশের বড় বাণিজ্য অংশীদার দেশগুলোর করোনা পরিস্থিতিও উন্নতির দিকে রয়েছে। তারা খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা এখনো এই সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছি এবং সহসায় এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে আমরা যদি সময়মত এই ভাইরাস নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে বাংলাদেশকে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে থাকতে হবে। অর্থনীতি সংকটের মুখে পড়বে। বিশ্বের কোন দেশ আমাদের শ্রমিকদের ঢুকতে দিবে না, ব্যবসায়ীদের ঢুকতে দিবে না, পর্যটক ঢুকতে দিবে না। আমাদের দেশেও বহির্বিশ্ব থেকে কেউ আসবে না। যে রফতানি খাত বাঁচানোর জন্য গার্মেন্টস কারখানা খুলে দেয়া হয়েছে সেই রফতানি খাতেও ধ্বস নামতে পারে। করোনা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করবে। তখন হয়ত বাংলাদেশ বিশ্বের বুকে একটি অসুস্থ জাতি হিসেবে পরিচিত হবে এবং বিচ্ছিন্ন অর্থনীতির পথে এগিয়ে যাবে।










