নভেল করোনাভাইরাস চলতি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার অনেক অসংগতি সবার সামনে উন্মুক্ত করেছে। পৃথিবীর অধিকাংশ মানুষ বুঝতে পারল তারা নিজেদের যতটা অসহায় মনে করত, তারা তার চেয়েও অনেক বেশি অসহায় এবং প্রতিনিয়ত ধোঁকার শিকার। জীবন বাঁচানোর ব্যবস্থার চেয়ে পৃথিবীতে জীবননাশ করার ব্যবস্থা গড়ে তোলার পেছনে বেশি ব্যয় হয়েছে এতদিন। বিনোদনের পেছনে যে ব্যয় হয়েছে, বিজ্ঞানের পেছনেও সে ব্যয় হয়নি। আর প্রযুক্তি খাত হয়ে উঠেছে ব্যবসায়ীদের মুনাফা আয়ের হাতিয়ার, তাই মানুষের কল্যাণের প্রযুক্তির চেয়ে মুনাফা বাড়াতে পারার প্রযুক্তিতেই চারদিক ভরপুর। অর্থনীতিবিদরাও বেশি সমাদৃত ও পরিচিত হয়েছেন মুনাফা বাড়ানোর উপদেষ্টা হিসেবে। অথচ আমরা যদি অর্থশাস্ত্রের মূল কাজ অনুসন্ধান করি, তাহলে দেখব সেটি হলো মানুষকে ভালো রাখা। অর্থাৎ দেশের সর্বজনের ভালো থাকা নিয়েই কাজ করে অর্থনীতি। কিন্তু বাস্তবে কি আসলেই সর্বজন ভালো থাকে বা ভালোভাবে চলতে পারে? আর সর্বজনের এই ভালো থাকা পরিমাপ করার মাপকাঠিই বা কোনটি?
পুঁজিবাদী অনেক রাষ্ট্রের সরকারের কাছেই বিগত দশকগুলোয় জনগণকে উন্নয়ন দেখানোর একটা অনেক বড় হাতিয়ায় ছিল জিডিপির প্রবৃদ্ধি ও জিডিপির পরিমাণ। জিডিপি বৃদ্ধি পাওয়া মানেই যেন উন্নয়ন। আর সাধারণ মানুষও অনেক সময় এই তথাকথিত উন্নয়নের ভ্রম বুঝতে না পেরে তা নিয়েই যাপন করে গেছে জীবন। ভেবেছে শুধু নিজেকে নিয়ে। ভেবেছে নিজের জন্য পর্যাপ্ত সম্পদ মজুদ করতে পারলেই পৃথিবীতে টিকে থাকতে আর কিছু লাগবে না। আর সরকারগুলোর কাছে ক্ষমতায় টিকে থাকার অন্যতম পথ ছিল সবসময় শুধু জিডিপি বাড়ানো এবং এই জিডিপি বাড়াতে পারার গল্প জনগণের কাছে ফলাও করে প্রচার করা। কিন্তু এই জিডিপি পরিমাপের রয়েছে কিছু বড় ধরনের সমস্যা, যেমন—
্ব জিডিপি গুণগত উন্নয়ন বিচার করতে পারে না অনেক সময়। ধরা যাক একটি দেশে গুণগত মানসম্পন্ন একটি বাল্ব তৈরি হয়, যা ১০ বছরেও নষ্ট হবে না। আরেকটি দেশ এমন একটি বাল্ব তৈরি করল, যেটি ছয় মাসেই নষ্ট হয়ে যাবে। এখন জিডিপির হিসাবে প্রথম দেশটির তুলনায় দ্বিতীয় দেশটির প্রবৃদ্ধি কিন্তু টানা ১০ বছরই বেশি থাকবে (যখন অন্য সবকিছু অপরিবর্তিত থাকবে) কারণ বাল্ব নষ্ট হওয়ায় দরুণ প্রতি বছরই সে দেশে বেশি বেশি বাল্ব উৎপাদন ও বিক্রি হবে এবং জিডিপি বাড়বে। কিন্তু এভাবে জিডিপি বাড়লে কি সাধারণ মানুষের ভালো থাকা প্রকাশ পাবে?
্ব জিডিপির একটা বড় সমস্যা হলো, একে নানাভাবেই বাড়ানো যায়, কিন্তু একে বাড়াতে গিয়ে সমাজের বা দেশের কতটুকু ক্ষতি হলো, তা পরিমাপ করা হয় না। যেমন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে গাছ, দরকার বনভূমি। কিন্তু গাছ বা বনভূমি কেটে যদি নানা ধরনের আসবাব তৈরি করে বাজারে বিক্রি করা হয়, তাহলে জিডিপি বাড়ে। কয়লা পুড়িয়ে বায়ু দূষিত করে দূষিত বায়ু থেকে মুক্তির জন্য মাস্ক উৎপাদন বাড়ালে জিডিপি বাড়বে, দূষিত বাতাসে ভালোভাবে নিঃশ্বাস নিতে না পেরে যদি বাতাস বা অক্সিজেন কেনা লাগে, তাহলেও জিডিপি বাড়বে। নদী মেরে এবং নদীর চরের ভূমি দখল করে আবাসন প্রকল্প হলে জিডিপি বাড়বে। মাছ ও মুরগিকে নানা ধরনের অ্যান্টিবায়োটিক ও বাজে ফিড খাওয়ানো হবে, তাহলেও জিডিপি বাড়বে। আবার বাজে ফিড ও অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক দেয়া মাছ ও মাংস খেয়ে মানুষের নানা ধরনের জটিল রোগ হবে এবং এসব রোগের চিকিৎসার জন্য বহু কষ্টে উপার্জিত ও সঞ্চিত অর্থ মানুষ ব্যয় করবে, জিডিপি বাড়বে। শাকসবজিতে কীটনাশক, হরমোন ও খাদ্যে ভেজাল দেয়া হবে, জিডিপি বাড়বে। ১ কোটি টাকার রাস্তা ৫ কোটি টাকা দিয়ে বানালেও জিডিপি বাড়ে। আবার দেশ অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রসর হলেই প্রচুর অস্ত্র তৈরি করবে, সাময়িক ব্যয় বাড়াবে, মানুষকে মারার জন্য পৃথিবী ধ্বংস করার জন্য বিভিন্ন মারণাস্ত্র তৈরি করবে, জিডিপি বাড়বে। এভাবে নানা উপায়ে একটি দেশের জিডিপি বাড়ানো যায়। সুতরাং জিডিপি কীভাবে বাড়ছে তা গুরুত্বপূর্ণ।
্ব জিডিপির একটি সমস্যা হলো, এটি পরিমাপের সময় সব দ্রব্য সমমর্যাদা পেয়ে থাকে, যদি তাদের বাজারমূল্য সমান হয়। যেমন জীবন রক্ষাকারী একটি ওষুধের দাম হয়তো ২০০ টাকা, আবার জীবন হুমকির মুখে ফেলা এক প্যাকেট সিগারেটের দামও ২০০ টাকা। এখন জিডিপি পরিমাপের সময় যেহেতু এই দুটি পণ্যের দাম এক, সেহেতু তারা সমমর্যাদা (ইকুয়াল ওয়েট) পাবে। সেজন্য একটি দেশ জীবন রক্ষাকারী ওষুধ আবিষ্কার করে বা ভ্যাকসিন আবিষ্কার করে বা হাসপাতালে উন্নত চিকিৎসা যন্ত্র বসিয়ে জিডিপি বাড়াল, নাকি মানুষকে মারার জন্য অস্ত্র গোলাবারুদ তৈরি করে জিডিপি বাড়াল, না শুধু বিনোদনের জিনিস উৎপাদন করে জিডিপি বাড়াল, সেটা গুরুত্বপূর্ণ।
্ব জিডিপির আরেকটি বড় সমস্যা হলো, এটি দ্রব্যসামগ্রীর উৎপাদন বুঝে কিন্তু পরিবেশের ক্ষতি বোঝে না। প্রতিনিয়ত নানা ধরনের দ্রব্যসামগ্রী উৎপাদনের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণ কিন্তু দ্রব্যসামগ্রীর দামে অন্তর্ভুক্ত হয় না। ফলে বেড়েই চলেছে পরিবেশ দূষণ। বর্তমানে নভেল করোনাভাইরাসের কারণে পৃথিবী যতটা না অচল, তার চেয়ে বেশি অচলাবস্থা ও ক্ষতি হতে পারে জলবায়ু পরিবর্তন নিয়ে যদি এখনই সরকারগুলো সচেতন না হয়।
্ব মানুষের ভালো থাকার জন্য অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে, যেগুলোর কোনো বাজারমূল্য হয় না এবং জিডিপি তাদের পরিমাপের আওতায় আনতে পারে না। যেমন আইনের অনুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, বাক্স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, যৌন হয়রানি রোধ, নিরাপদ সড়ক ব্যবস্থা, মানুষে মানুষে আন্তরিকতা ও সৌহার্দ, মানুষের নৈতিকতা, সাংস্কৃতিক চর্চা ও সংরক্ষণ, দূষণমুক্ত পরিবেশ, ভেজালমুক্ত খাবার, ভালো ও সহজলভ্য শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি। এগুলোর নিশ্চয়তা ছাড়া শুধু জিডিপি বেড়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হলেও সাধারণ মানুষের আর ভালো থাকা হবে না।
জিডিপির এত সমস্যা থাকার পরও প্রচলিত অর্থ ব্যবস্থার প্রাণকেন্দ্রে রয়েছে জিডিপি। জিডিপি বৃদ্ধি পাওয়াকেই উন্নয়ন বলতে আমরা উন্নয়নের শিখরে আরোহণ করে ফেলি। জিডিপি ৮ শতাংশ হারে বাড়ছে, ১০ শতাংশ হারে বাড়বে—এগুলো বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলি বা এটাই উন্নয়ন বলে চাপিয়ে দিই।
কিন্তু ভালো থাকার বাকি মাপকাঠিগুলো নিয়ে কথা বলি না। যেমন বাংলাদেশের কথাই ধরা যাক। আমরা জিডিপি বৃদ্ধি পাওয়া নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু ভালো থাকার বাকি মাপকাঠিগুলো সামনে আনিনি তেমন। যেমন বায়ুদূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন প্রথম সারিতেই। এই দূষিত বায়ুর কারণে প্রতি বছর কত মানুষের ফুসফুস যে নষ্ট হচ্ছে, তার হিসাব নেই। বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণের কারণে ঢাকা শহর এরই মধ্যে বসবাসের অযোগ্য নগরীগুলোর শীর্ষভাগে চলে এসেছে। দূষণের মাঝে কি আর ভালো থাকা যায়? এছাড়া মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ বিশ্বের ১৮৪টি দেশের মধ্যে ১৩১তম। পৃথিবীর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৫৩টি দেশের মধ্যে ১২৩তম, দুর্নীতি নিয়ন্ত্রণ সূচক অনুযায়ী দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ ১৯৩টি দেশের মধ্যে ১৫৯তম, উন্নয়নবৈষম্য প্রকাশ করে যে ‘আনইভেন ইকোনমিক ডেভেলপমেন্ট ইনডেক্স’, সেখানে অবস্থান ১৭৬টি দেশের মধ্যে ১০৩তম, আইনের অনুশাসন ও মানুষের অধিকার সংরক্ষণ করা বিষয়ে গঠিত হিউম্যান রাইটস অ্যান্ড রুল অব ল ইনডেক্সে অবস্থান খারাপের দিক থেকে ১৭৬টি দেশের মাঝে ৫৩তম এবং রুল অব ল ইনডেক্সে ভালোর দিক থেকে ১৯৩টি দেশের মাঝে ১৩৭তম, বাক্স্বাধীনতার দিক থেকে ভয়েজ অ্যাকাউন্টাবিলিটি ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১৯৪টি দেশের মাঝে ১৩৯তম, রাজনৈতিক অধিকার ও স্বাধীনতাবিষয়ক সূচক পলিটিক্যাল রাইটস ইনডেক্সে ১৯০টি দেশের মধ্যে ১৪৩তম, সিভিল লিবার্টিস ইনডেক্সে ১৯০টি দেশের মধ্যে ১৫৩তম, সংবাদমাধ্যমের স্বাধীনতার দিক থেকে প্রেস ফ্রিডম ইনডেক্স অনুসারে ১৮০টি দেশের মধ্যে ১৫০তম, রেগুলেটরি কোয়ালিটি ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে ১৫৫তম, গভর্নমেন্ট ইফেক্টিভনেস ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে ১৫১তম এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৭তম। এছাড়া মাথাপিছু স্বাস্থ্য ব্যয়ের দিক থেকে বাংলাদেশ ১৮১টি দেশের মধ্যে ১৬৮তম, জিডিপির অনুপাতে স্বাস্থ্য ব্যয়ের হিসাবে ১৮২টি দেশের মধ্যে ১৭৮তম এবং স্বাস্থ্য খাতে মাথাপিছু সরকারি ব্যয়ের হিসাবে ৭২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭০তম। এ রকম অনেক খাতেই আমাদের অবস্থা অনেক শোচনীয়। তার পরও নীতিনির্ধারকরা সবসময় জিডিপি নিয়েই পড়ে থাকেন, যেকোনো মূল্যেই তা বাড়াতে হবে এবং বাড়াতে গিয়ে দূষিত বায়ুর কারণে ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে কতজন, ভেজাল খাবার খেয়ে লিভার ও পাকস্থলীর ক্যান্সারে বা নানা রোগে আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে কতজন, স্ট্রোক আর হূদরোগে আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে কতজন, ডায়াবেটিস বৃদ্ধি পাওয়ায় রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হচ্ছে কতজনের, সে হিসাব কখনো করা হয় না এবং নির্মূল হয় না দুর্নীতি, ঋণখেলাপি আর অর্থ পাচারকারীদের দৌরাত্ম্য। সাধারণ মানুষ মৃত্যুকে মেনে নেয় নিয়তি হিসেবে, আর রাষ্ট্র জিডিপি বাড়ার গল্প করে যায় উন্নয়ন হিসেবে। করোনাকালের পরেও এভাবেই কি চলতে থাকবে?
ইসতিয়াক রায়হান: অর্থনীতির শিক্ষক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ










