করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি বর্তমান বিশ্বের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সামনের দিনগুলোতে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশও এর বাইরে থাকবে না। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে করোনাভাইরাস। আর করোনা সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতিকে ব্যাংকিং খাতের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে। এ অবস্থায় দেশের সাধারণ মানুষের আর্থ- সামাজিক গতিশীলতা আনয়ন এবং সেই সাথে দেশের বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য সরকার ইতোমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে রপ্তানীমুখী শিল্পকলকারখানার শ্রমিক কর্মচারীদের জন্য ৫ হাজার কোটি টাকার আপৎকালীন প্রণোদনা সহায়তা প্যাকেজও অন্তর্ভুক্ত রয়েছে।
ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহকে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ৯ শতাংশ সুদে ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা প্রদান করা হবে। যার ৪.৫০ শতাংশ ঋণ গ্রহিতা অবশিষ্ট ৪.৫০ শতাংশ ভর্তুকি হিসেবে সরকার সংশ্লিষ্ট ব্যাংককে দিবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ৯ শতাংশ সুদে ২০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা প্রদান করা হবে। যার ৪ শতাংশ ঋণ গ্রহিতা অবশিষ্ট ৫ শতাংশ ভর্তুকি হিসেবে সরকার সংশ্লিষ্ট ব্যাংককে দিবে। এসবকিছুই করা হচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের পদক্ষেপ হিসেবে।
ব্যাংক খাত দেশের অর্থনীতির মুল কান্ডারী। দেশের মুদ্রা সঞ্চালনের ধারক বাহক। অর্থনীতি উন্নয়নের চালিকাশক্তি। অদৃশ্য এক শক্তি করোনাভাইরাসের দাপটে টালমাটাল দেশের অর্থনৈতিক বাজার ব্যবস্থা। দেশের ব্যবসায়িক খাত সব বন্ধ। বন্ধ প্রায় দেশের সব শিল্প কলকারখানার উৎপাদন ব্যবস্থা। বিপনন খাত। যোগান খাত। পরিবহন খাত। বন্ধ প্রায় দেশের বৈদেশিক বাণিজ্যও। বাংলাদেশে ৮ মার্চ থেকে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। কবে মরণঘাতী এ ভাইরাসের থাবা শেষ হবে বলা মুশকিল। সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলছে। নতুন করে কোন ঋণ ডিজবার্স করা যাচ্ছেনা। বলতে গেলে প্রতিটি ব্যাংকের ক্রেডিট আর ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের কাজে শ্লথ গতি। ইতোমধ্যেই ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে বর্তমানে সব সেক্টর বন্ধ রয়েছে। আর বিভিন্ন সেক্টর বন্ধ হয়ে গেলে ব্যাংকিং খাতে তার নেতিবাচক প্রভাব পড়বে এটাই স্বাভাবিক’।
ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উপকরণসমুহকে সমন্বিত করে, আর্থিক সহায়তা দিয়ে, পরিচর্যা করে, উপদেশ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে উদ্যোক্তার ভবিষ্যত স্বপ্নের কাঠামোগত উন্নয়ন সাধন করে। দেশের অর্থনীতির প্রসার ঘটিয়ে উন্নয়নে বিরাট অবদান রাখে। আবার বৈদেশিক বাণিজ্যের (আমদানি-রপ্তানি) ক্ষেত্রে মূল্য পরিশোধের নিশ্চয়তা কিংবা অভয় দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিচিতি দান করে। দেশের ব্যবসা খাতসমূহকে সমৃদ্ধ করে। বলা চলে দেশের শিল্প ব্যবসায় খাত আর দেশের ব্যাংক খাত ওতপ্রোতভাবে জড়িত।
দেশের ব্যাংক খাত ভাল না থাকলে অন্যান্য ব্যবসায় খাত বা গার্মেন্টস ব্যবসা ও টিকে থাকবেনা। ব্যাংক খাতে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলে দেশের সামগ্রিক ব্যবসায় পরিবেশও ভাল থাকবে। এদেশের ব্যাংক খাত বিভিন্ন সময়ে নানা ঘাত-প্রতিঘাতে পর্যুদস্ত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ব্যাংকিং খাত করোনাভাইরাস সংক্রমণের আগে থেকেই বিপর্যস্ত অবস্থায় ছিল। নতুন করে এই সংকট তৈরি হওয়ায় অবস্থা আরও খারাপ হবে’। গেল কয়েক মাস আগে ইলেকট্রনিক মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাহর হয়েছিল যে- কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে গ্রাহকের কোটি টাকা আমানত থাকলেও মাত্র ১ লাখ টাকা পাবে গ্রাহক। এতে করে গ্রাহকদের মাঝে দেখা যায় চরম আতংক। উপায়ন্তর না দেখে অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যায়। “আচ্ছা, ব্যাংক নাকি টাকা নিয়া চলে যাবে বা টাকা মেরে দিবে”?- এমন প্রশ্নের সম্মুখীন কোন ব্যাংক কর্মকর্তা হননি খুঁজে পাওয়া যাবেনা।
এরপর এ আতংক শেষ না হতেই আবার এলো সরকারের “নয় ছয় এর গোলকধাঁধা সিদ্ধান্ত। বলা হচ্ছে ব্যাংক ৬ শতাংশ হারে গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহন করবে। আর ৯ শতাংশ হারে বিনিয়োগ করবে। যেখানে বেসরকারি ব্যাংক সাধারণ ঋণে ১২ থেকে ১৪ শতাংশ হার পর্যন্ত বিনিয়োগ করত। সেখানে গত ১ এপ্রিল থেকে সকল ব্যাংককে ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনতে বাধ্য করা হয়েছে।
যার ফলে ব্যাংক খাত চরম চাপের মধ্যে পড়ে গেছে। আবার যেখানে কোন কোন ব্যাংক বিগত বছর ধরে চলমান ৮ শতাংশ থেকে ১২ শতাংশ হার সুদে ৩ বছর থেকে ১৫ বছর মেয়াদি বিভিন্ন সঞ্চয় প্রকল্প যেমন দেড়গুণ বেনিফিট, ডাবল বেনিফিট, ত্রিপল বেনিফিট, মিলিনিয়র প্লাস, কোটিপতি প্লাস ইত্যাদি নানা প্রলুব্ধকারী স্কিমের সুদের হার এখনও কমাতে পারছেনা। সেখানে ৯ শতাংশ হার সুদে ঋণ বিনিয়োগ গোটা ব্যাংক খাতকে অস্বস্তিতে ফেলে দেয়া হয়েছে। অনেক ব্যাংকের মাসিক গড় আয় কমে গেছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) আশঙ্কা করছে যে, প্রতিটি ব্যাংকের বাৎসরিক আয় গড়ে ১৫০ কোটি টাকার মত করে কমে যাবে”। এ হিসাবে দেশের এ বছরে পুরো ব্যাংক খাতের আয় প্রায় ৯ হাজার কোটি টাকার মতো কমে যাবে। শুধু তাই নয়। করোনাভাইরাসের কারনে সরকার (এপ্রিল, মে) ২ মাসের সকল ঋণের উপর থেকে সুদ স্থগিত করায় আরো কঠিন চাপের মধ্যে পড়েছে ব্যাংকগুলো। তবে সুদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক পরবর্তিতে সিদ্ধান্ত দিবে।
যদিও অনেকে মনে করতেছে সুদ মওকুফ করা হয়েছে! যদি তাই করা হয় তবে ব্যাংক খাত আরও ১৪ হাজার কোটি টাকার আয় থেকে বঞ্চিত হবে বলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) আশঙ্কা। সব মিলিয়ে চলতি বছরে ব্যাংক খাতে প্রায় ২০ হাজার কোটি টাকার বেশি আয় কমে যাবে বলে অনেকে মনে করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ব্যাংকগুলোকে যেখানে সর্বোচ্চ ৬ শতাংশ হার সুদে আমানত গ্রহণের কথা বলা হচ্ছে সেখানে সরকারি সঞ্চয় পত্রের সুদ সাড়ে ১১ শতাংশেরও উপরে। এতে করে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখার ব্যাপারে অনুৎসাহিত হয়ে সঞ্চয় পত্রের দিকে ঝুঁকছে। যার প্রভাব এসে পড়ছে ব্যাংক খাতের তারল্যের উপর। ব্যাংক আমানতের উপর।
ঘটনার শেষ এখানেই নয়- ব্যাংক খাতের আমানতের সুদের হার কমে যাওয়ায় দেশে গড়ে উঠবে অতীতের মতো মহাজনী ব্যবসা। নামে বেনামে নানা হায়হায় কোম্পানী। অধিক লাভের আশায় সাধারণ গ্রাহক এখানে অর্থ বিনিয়োগ করবে। এ সুযোগে প্রতারনার ফাঁদে ফেলে ফটকা কারবারিরা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিবে। এভাবে দেশের টাকা বিদেশে পাচাঁর হয়ে যাবে। এতে করে আর্থিক তারল্য সংকটে পড়বে দেশের পুরো ব্যাংকিং খাত। আন্তর্জাতিক নীতিমালার আলোকে ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমান মূলধন সংরক্ষণ করতে হয়। বাংলাদেশে বর্তমানে ব্যাসেল-৩ নীতিমালার আলোকে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ মূলধন রাখতে হচ্ছে। কোনো ব্যাংক এ পরিমাণ অর্থ সংরক্ষণে ব্যর্থ হলে মূলধন ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মূলধন ঘাটতি মেটাতে ব্যর্থ হয়েছে দেশের ১০টি ব্যাংক। করোনার প্রাদুর্ভাবের কারনে দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানসমুহের প্রণোদনার প্যাকেজ পরিকল্পনা বলতে গেলে সরকার ব্যাংক খাতের ঘাড়েই চাঁপিয়ে দিয়েছে। দেশের বর্তমান বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলার জন্য নতুন চ্যালেঞ্জ ন্যস্ত করা হয়েছে ব্যাংক খাতের উপড়। যেখানে করোনা পরিস্থিতিতে ব্যাংক খাত নিজেই আর্থিক টানাপোড়েনের মধ্যে আছে। সেখানে ক্ষতিগ্রস্ত দেশের শিল্প, ব্যবসা, কৃষিকে ঋণ আকারে সরকার ঘোষিত পুরো প্রণোদনা প্যাকেজের বিশাল দায়িত্ব ব্যাংক খাতকেই বহন করতে হচ্ছে।
প্রণোদনা পরিকল্পনার পুরো অর্থই ছাড় করা হবে ব্যাংকগুলোর মাধ্যমে। প্রাথমিকভাবে ব্যাংককে তার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করতে হবে। এক্ষেত্রে সরকার প্রণোদনার অংশ হিসাবে ভর্তুকি দিবে এবং পরে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকেকে পুনঃঅর্থায়ন করবে। কিন্তু কথা হচ্ছে, যে ব্যাংক দেশের ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসা ও কৃষি খাতকে সরকারি প্রণোদনা বিতরন কাজে নিয়োজিত থাকবে। দেশের বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার মহান দায়িত্ব নিবে। সে ব্যাংক খাতের নিজের প্রণোদনা কোথায়? ব্যাংকও তো একটি ব্যবসায়ি খাত। দেশের অন্যান্য ব্যবসায়ের মতো ব্যাংক খাতও সমানভাবে ক্ষতিগ্রস্ত। অন্যান্য ব্যবসায় খাত টিকিয়ে রাখতে হলে ব্যাংক খাতকেও টিকিয়ে রাখতে হবে। ব্যাংক খাতের স্বার্থকে বিবেচনায় না রেখে অন্যান্য ব্যবসার স্বার্থকে বেশি অগ্রাধিকার দিলে ব্যাংক খাত গভীর সংকটে ডুবে যাবে। এমনিতেই অনেক ব্যাংক তার কর্মীদের বাৎসরিক প্রফিট বোনাস বা ইনসেন্টিভ, ঈদ বোনাস ইত্যাদি প্রদানে হিমশিম খাচ্ছে।
করোনা পরবর্তি সময়ে কর্মীদের বেতন প্রদনেও হিমশিম খেতে হবে। যেখানে একটি মাঝারি মানের ব্যাংকের মাসে বেতনভাতাই আসে ১২থেকে ১৫ কোটি টাকা। অথচ এসময় দেশের বেশির ভাগ ব্যাংকেরই লোকসান গুনতে হচ্ছে। যার ফলে ব্যাংকগুলো করোনা পরবর্তী মন্দায় লোকসানের ধকল সামাল দিতে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ব্যয় কমানোর চিন্তা ভাবনা করছে। যেমন বেতন ভাতা কমানো, নতুন জনবল নিয়োগ না করা, বাধ্যতামূলেক অবসরে দেওয়া এমনকি কর্মী ছাঁটাই করা। ইতোমধ্যেই ব্যাংক কর্মীদের মনে দেখা দিচ্ছে নানা শঙ্কা, চরম হতাশা। চাকরি হারানোর আতংকে দিন কাটাচ্ছেন তারা। এর পরিনতি নিশ্চয়ই অন্যান্য ব্যবসায় খাত বা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবেনা। অন্যান্য ব্যবসায়ি খাত ভাল থাকলে ব্যাংক খাতও ভাল থাকবে।
আর ব্যাংক বা ব্যাংকারা দুশ্চিন্তায় থাকলে ব্যাংক খাতটিও গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। তাই সরকার ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসায় খাত ও কৃষিকে যেভাবে প্রণোদনার আওতায় নিয়ে এসেছে তেমনি করে দেশের ব্যাংক খাতকেও প্রণোদনার আওতায় নিয়ে আসা উচিত। নতুবা বাধাগ্রস্ত হবে সরকার ঘোষিত বিশাল আকারের প্রণোদনা প্যাকেজ পরিকল্পনা। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘করোনার কারণে দেশের অর্থনীতির নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে ব্যাংকিংখাতে। আবার ব্যাংকের বিপর্যয় প্রভাব দেশের অর্থনীতিতেও পড়বে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে বড় ধরনের প্রণোদনা দিতে হবে’। অতএব, অর্থনীতির ত্রাণকর্তা হিসেবে দেশের ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে গিয়ে ব্যাংকের নিজের মেরুদন্ড যদি ভেঙে যায়, তাহলে ব্যাংক খাত এবং দেশের ব্যবসায় খাত এমনকি সরকারে ঘোষিত আর্থিক প্রণোদনা পরিকল্পনা ভেস্তে যাবে।
তাই করোনাকালীন ও করোনা পরবর্তি সময়ে দেশ এবং দেশের অর্থনীতির কঠিন সংকটজনক অবস্থায় ব্যাংক খাতের জন্য প্রণোদনা ঘোষণা করে পুরো ব্যাংক খাতকে প্রণোদনার আওতায় আনার জন্য সরকারের সুনিবন্ধ দৃষ্টি কামনা করছি। যা কিনা দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতির উত্তরণ কার্যক্রমকে আরও বেগবান করবে। আরও ফলপ্রসূ করবে।
লেখকঃ ব্যাংকার ও কলামিস্ট










