ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার জেরে আকাশপথে নজিরবিহীন সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সেইসঙ্গে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রেখেছে। খবর বিবিসি।
বিশ্বব্যাপী ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী, বর্তমানে উল্লিখিত চারটি দেশের আকাশে কোনো বাণিজ্যিক বিমান চলাচল করছে না।
এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা তেল আবিবগামী ও তেল আবিব থেকে ছেড়ে আসা সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে। লেবাননও একের পর এক ফ্লাইট বাতিল করছে।
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কায় এয়ার ইন্ডিয়ার অন্তত ১৬টি বিমান হয় ফিরে গেছে অথবা গতিপথ বদল করেছে। ভারতের বিমান পরিবহন সংস্থাটি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতেই তাদের এই সিদ্ধান্ত।
যেসব বিমানকে ফিরতে হয়েছে অথবা পথ বদল করতে হয়েছে, সেগুলির বেশিরভাগই ইউরোপ ও উত্তর আমেরিকার দিকে যাচ্ছিল অথবা সেদিক থেকে আসছিল।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ওইসব বিমানের যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আকাশপথ ব্যবহার এড়াতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে একযোগে সতর্কতা দেখা যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় অন্যান্য বিমান সংস্থাও অঞ্চলটি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।









