সিরিয়ার বর্তমান শাসক আহমেদ আল-শারআ বলেছেন, দীর্ঘ যুদ্ধের পর দেশটি ক্লান্ত, এটি প্রতিবেশী বা পশ্চিমা বিশ্বের জন্য কোনো হুমকি নয়। দামেস্কে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার ওপর থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। খবর বিবিসি।
আহমেদ আল-শারআ বলেন, নিষেধাজ্ঞা আগের শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে আরোপিত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। দুই সপ্তাহ আগে এক অভিযানে বাশার আল-আসাদের শাসন উৎখাত করেন শারআ। তিনি বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা ছিলেন, যা আগে আল-কায়েদার অংশ ছিল। তবে ২০১৬ সালে এ দলটি আল-কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
শারআ দাবি করেন, এইচটিএস সন্ত্রাসী সংগঠন নয়। তারা কখনোই বেসামরিক নাগরিক বা এলাকাকে লক্ষ্য করেনি। বরং তারাই আসাদ সরকারের অপরাধের শিকার। তিনি বলেন, সিরিয়াকে আফগানিস্তানের মতো বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এছাড়া সিরিয়ার ঐতিহ্য আফগানিস্তান থেকে একেবারেই ভিন্ন বলেও জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, ইদলিব প্রদেশের বিশ্ববিদ্যালয়ে ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী নারী। সংবিধান নিয়ে শারআ বলেন, আইন বিশেষজ্ঞদের একটি কমিটি এটি নির্ধারণ করবে। আইন যা বলবে, শাসক তা মেনে চলবে।
সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা তাদের কার্যক্রমে স্পষ্ট হবে বলে তিনি জানান।










