কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য 'জাতীয় নিরাপত্তা ঝুঁকি' হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির সঙ্গে শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা খুব বেশি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে বর্তমান কিউবান নেতৃত্বের চরিত্র বিবেচনায় সে সম্ভাবনা খুব কম। তার অভিযোগ, কিউবা এ অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদদদাতা।
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের একদিন পরই এ মন্তব্য করলেন মার্কো রুবিও। এরপরই এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি রুবিওকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করে বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না।
রদ্রিগেজ অভিযোগ করেন, রুবিও মূলত সামরিক আগ্রাসনের উসকানি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কিউবার ওপর আক্রমণ চালাচ্ছে। সেই সঙ্গে মার্কিন সরকারের বিরুদ্ধে তার দেশকে নিষ্ঠুর ও পদ্ধতিগতভাবে ক্ষতিগ্রস্ত করারও অভিযোগ করেছেন তিনি।
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার যে অভিযোগ আনা হয়েছে, সেখানে তাকে কীভাবে বিচারের মুখোমুখি করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুবিও বলেছেন, আমরা তাকে কীভাবে এখানে আনব সে বিষয়ে আমি আলোচনা করব না। যদি আমরা তাকে আনার চেষ্টা করি, তবে আমি কেন গণমাধ্যমের কাছে আমাদের পরিকল্পনা ফাঁস করব?
বিশ্লেষকরা বিষয়টিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কঠোর পদক্ষেপের সঙ্গে তুলনা করছেন।










