বিবিসি জানায়, ইঁদুরের সমস্যা মোকাবেলার জন্য একটি বিশেষ দল গঠন করেছে নগর কাউন্সিল। তাদের প্রস্তাব অনুযায়ী, প্রশিক্ষিত বেজি দিয়ে পেশাদার শিকারিরা ইঁদুরদের গর্ত থেকে বের করে এনে ফাঁদের দিকে তাড়িয়ে দেবে। শহরের কর্মকর্তারা বলছেন, যেহেতু ইঁদুর বেজির প্রাকৃতিক শিকার, তাই বেজিরা সহজেই ইঁদুরদের খুঁজে বের করতে পারে। এমনকি বেজির গন্ধ পেলেও ইঁদুররা ভয়ে পালিয়ে যায়।

ব্রাসেলসের একটি এলাকা—ইটারবিক, কিছুকাল ধরে এই পদ্ধতি ব্যবহার করে বেশ ভালো ফল পেয়েছে। যেসব ইঁদুর ফাঁদ থেকে পালিয়ে যায়, তারাও বেজির গন্ধে ভয় পেয়ে কয়েক মাসের জন্য ওই এলাকা থেকে দূরে থাকে।

গত ১০ বছরে ব্রাসেলসে ইঁদুরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে। শীতকালে কম ঠান্ডা পড়া এবং কম্পোস্ট বিনের ব্যবহার বেড়ে যাওয়াকে এর কারণ বলছেন পরিবেশবিদরা।

এই সমস্যা সমাধানের জন্য গঠিত দলটি এ বছর ৬০০টির বেশি বাড়িতে ইঁদুর ধরার কাজ করেছে। ইঁদুরের লক্ষণ দেখা গেলে তারা দ্রুত কাউন্সিলকে জানানোর আহ্বান জানিয়েছে। এদিকে দলটিকে আরো কার্যকর করার জন্য তাদের বাজেট ২০ শতাংশ বাড়িয়ে ৬৫ হাজার ইউরো করা হয়েছে।