যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তাকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়াল্টজকে মনোনীত করার কথা জানিয়েছেন প্রসিডেন্ট। খবর বিবিসির।
বৃহস্পতিবার (১ মে) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ওয়াল্টজকে তার কাজের ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, আপাতত তার পদের দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও।
ট্রাম্প আরো বলেন, বাহিনীর পোশাকে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে, কংগ্রেস এবং তারপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমাদের জাতীর স্বার্থকে শীর্ষে রাখতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। আমার বিশ্বাস, নতুন দায়িত্বও তিনি একইভাবে পালন করবেন।
মার্কিন প্রেসিডেন্টের এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এক্সে (সাবেক টুইটার) ওয়াল্টজ লেখেন, আমাদের মহান দেশ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি গভীরভাবে সম্মানিত।
ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত হোয়াইট হাউজ থেকে চলে যাওয়া প্রথম প্রশাসনিক জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি। সম্প্রতি রাষ্ট্রের অতি সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, এমন একটি চ্যাট গ্রুপে ভুল করে একজন সাংবাদিককে যুক্ত করে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন।















