জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) টোকিওর কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কয়েকটি মলোটোভ ককটেল বা আগুনবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি এবং সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় আজ শনিবার (১৯ অক্টোবর) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকেসহ দেশটির অন্যান্য গণমাধ্যম জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আতসুনোবু উসুদা (৪৯)। তিনি তার ভ্যান দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরের নিরাপত্তা বেষ্টনীতে আঘাত করেন, যা নাগাতাচোতে অবস্থিত এলডিপি সদর দপ্তরের কাছে। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে একটি আগুনবোমার মতো বস্তু নিক্ষেপ করেন।

হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সন্দেহজনক তহবিল এবং কর ফাঁকির সঙ্গে জড়িত একটি ঋণের কিস্তির অর্থ কেলেঙ্কারির কারণে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জনগণের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে।

শনিবারের হামলার বিষয়ে দলটি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে পুলিশের কাছে সব প্রশ্নের জবাব নেয়ার পরামর্শ দিয়েছে।

আগামী ২৭ অক্টোবর পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট অনুষ্ঠিত হবে। আর্থিক কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন রাজনীতিবিদ ক্ষমতাসীন দলের আনুষ্ঠানিক সমর্থন হারালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।