সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক ও অ্যাপলের প্রধান টিম কুকও। খবর বিবিসি।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়া এ আনুষ্ঠানিক নৈশভোজে রোনালদোর উপস্থিতি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেন। তবে তিনি যুবরাজের আনুষ্ঠানিক প্রতিনিধিদলে ছিলেন কি না, তা এখনো জানা যায়নি।

d214ec27-c464-4908-bb29-22492a4c17af

একই নৈশভোজে উপস্থিত ছিলেন প্রযুক্তি জায়ান্ট ইলোন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজে রোনালদোকে স্বাগত জানিয়ে বলেন, তাকে আতিথেয়তা দিতে পেরে তিনি খুব খুশি। এ সময় ট্রাম্প আরো জানিয়েছেন, তার ছেলে ব্যারন, রোনালদোর বড় ভক্ত।

সৌদি যুবরাজ দেশের অর্থনীতি বহুমুখীকরণে খেলাধুলা ও পর্যটন খাতে বড় বিনিয়োগ করছেন। সমালোচকদের দাবি, এসব বিনিয়োগের মাধ্যমে দেশটি মানবাধিকার বিতর্ক থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে চায়। রোনালদো সৌদি ফুটবল লিগে যোগ দেয়ার পর দেশটির নতুন ভাবমূর্তি তুলে ধরার মুখ হয়ে ওঠেন।

গত এপ্রিলে ইলোন মাস্ক সরকারি দক্ষতা দপ্তরের প্রধান পদ ছাড়ার পর প্রথমবার হোয়াইট হাউসে এলেন। তার সঙ্গে ট্রাম্পের বিরোধ সাম্প্রতিক মাসগুলোতে আলোচনায় ছিল। মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

২০১৬ সালের পর রোনালদোর এ সফর যুক্তরাষ্ট্রে তার অন্যতম উল্লেখযোগ্য উপস্থিতি। ২০০৯ সালে তার বিরুদ্ধে লাস ভেগাসে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল, যা তিনি অস্বীকার করেন। ২০১৯ সালে প্রমাণ না পাওয়ায় মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয়।

এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, ২০২৩ সালে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাবটি দেশের সার্বভৌম তহবিলের মালিকানাধীন। শুরুতে তার বার্ষিক পারিশ্রমিক ছিল ২০০ মিলিয়ন ডলার। পরের চুক্তিতে তা বেড়ে ৪০০ মিলিয়ন ডলারে পৌঁছায়। এখন তার নিট সম্পদ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।