সদ্য সমাপ্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতা ঘিরে এখন আইনি নাটক তুঙ্গে। এই সৌন্দর্য প্রতিযোগিতার দুই মালিকের বিরুদ্ধে থাইল্যান্ডে জালিয়াতির অভিযোগ এবং মেক্সিকোতে মাদক ও অস্ত্র পাচারের তদন্ত শুরু হওয়ায় বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। খবর আল জাজিরা।
২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রতিযোগিতাটির মালিকানা নেন থাই ব্যবসায়ী অ্যান জাকাফং জাকরাজুতাতিপ ও তার প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল। বর্তমানে সেই মালিকই থাইল্যান্ডে আইনি জটিলতার মুখে।
জে কে এন গ্লোবালের একজন বিনিয়োগকারীর সঙ্গে ৩০ মিলিয়ন বাট বা ৯ লাখ ৩০ হাজার ডলারের আইনি বিরোধের শুনানিতে এই সপ্তাহে ব্যাংককের আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় জাকরাজুতাতিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার ব্যাংকক সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট জানায়, জাকরাজুতাতিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং থাই গণমাধ্যম অনুসারে বর্তমানে তার অবস্থান অজ্ঞাত।
জানা গেছে, ২০২৩ সাল থেকে জাকরাজুতাতিপ এবং জে কে এন গ্লোবাল বড় ধরনের আর্থিক সংকটে ভুগছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে ব্যর্থ হতে শুরু করে এবং ২০২৪ সালে একটি থাই দেউলিয়া আদালতে ঋণ পুনর্বাসনের জন্য আবেদন করে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, কোম্পানিটির প্রায় ৩ বিলিয়ন বাট বা ৯২ দশমিক ৬৩ মিলিয়ন দেনা জমেছে।
এর আগে চলতি বছর, কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য’ প্রকাশের জন্য থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃক জাকরাজুতাতিপ এবং জে কে এন গ্লোবালকে ৪ মিলিয়ন বাহট বা ১ লাখ ২৪ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
এসইসি আরো জানিয়েছিল যে, জে কে এন গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে পুরো তথ্য গোপন করে মেক্সিকান ব্যবসায়ী রাউল রোচা ক্যান্টু এবং তার কোম্পানি লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ ইনকরপোরেশনের কাছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৫০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল। এ নিষেধাজ্ঞার পর জাকরাজুতাতিপ কোম্পানি থেকে পদত্যাগ করলেও তিনি এখনো একজন শেয়ারহোল্ডার।
এদিকে, মেক্সিকান ব্যবসায়ী ও মিস ইউনিভার্সের সহ-মালিক রাউল রোচা ক্যান্টু মেক্সিকোতে আলাদা আইনি ঝামেলায় পড়েছেন। মেক্সিকান প্রসিকিউটররা বুধবার জানান, মেক্সিকো এবং গুয়াতেমালার মধ্যে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
এপি জানিয়েছে, এ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তবে ক্যান্টুকে আনুষ্ঠানিকভাবে এখনো অভিযুক্ত করা হয়নি।
সাম্প্রতিক প্রতিযোগিতাটি ঘিরে ফলাফলে কারচুপির অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর ২১ নভেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হয়। কিন্তু এই আইনি জটিলতায় প্রতিযোগিতাটিকে ঘিরে বিতর্ক এখনো শেষ হয়নি।











