যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানান তিনি। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হেগে আছেন ট্রাম্প। সেখানেই গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।’ তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।’ ১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরান দুপক্ষই ‘ক্লান্ত’ হয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সংঘাত আবারো শুরু হতে পারে।’

ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করলে যুক্তরাষ্ট্র আবারো হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানের ওই উদ্যোগ নেয়ার সম্ভাবনা নেই বলেই মত ট্রাম্পের। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা আবার কখনো এটি করবে।’ তার কথায়, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে, তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন।

যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দেয়া গেছে।

তবে এ দাবি মানছেন না ট্রাম্প। প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা সত্যিই জানেন না।’ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিধ্বংসী হামলা চালিয়েছে বলেই দাবি তার।

ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান, হামলার পর ইরান ঘটনাস্থলে গেছে। তারা বলেছে স্থাপনাগুলো বিধ্বস্ত হয়ে গেছে। আমরা কী করেছি সেটা দেখার পরই তারা স্থির হয়েছে। ট্রাম্প বলেন, ‘ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে। তারা ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবে। তারা পরমাণু বোমা পাবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে, তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন।’

ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, ‘সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না। তবে ঘটনা একই। এর মাধ্যমেই যুদ্ধ থেমেছিল।’

এ সময় ট্রাম্প বলেন, তিনি সেই পাইলটদের সঙ্গে কথা বলেছেন, যারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, পাইলটরা তাকে বলেছেন—হামলাগুলো ছিল পারফেক্ট। সাংবাদিককে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘ওই পাইলটদের নিয়ে তোমরা গর্ব করতে পারো। তাদের ছোট করে দেখানোর চেষ্টা করা উচিত নয়।’