যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজারো কোটি ডলার (২৫ বিলিয়ন ডলার) ব্যয় করেছে মার্কিন সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা। আজ বুধবার কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে এ তথ্য তুলে ধরেন জুলস জে হার্স্ট।
তিনি জানান, এই বিপুল ব্যয়ের বেশিরভাগই গেছে অস্ত্র ও গোলাবারুদে। এছাড়া সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত বা ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপনেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে।
যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় নিয়ে এতদিন স্পষ্ট কোনো হিসাব না থাকায় বিষয়টি আইনপ্রণেতাদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ২০২৭ অর্থবছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা চলার সময় এ প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শুনানিতে ডেমোক্র্যাট সদস্য এডাম স্মিথ বলেন, এই প্রশ্নের উত্তর পেয়ে আমি খুশি, কারণ আমরা অনেকদিন ধরেই এই তথ্য জানতে চাইছিলাম, কিন্তু কেউ নির্দিষ্ট সংখ্যা দিচ্ছিল না।
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। বর্তমানে সংঘাতটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে রয়েছে।










