বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে একদিনে সর্বোচ্চ সংখ্যক আরোহীর চূড়ায় পৌঁছানোর নতুন রেকর্ড গড়েছে নেপাল। বুধবার শুধু নেপালের দিক থেকেই ২৭৪ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির অভিযাত্রী সংগঠনের কর্মকর্তারা। ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টে একদিনে নেপাল দিক থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক আরোহনের ঘটনা।

নেপাল ও চীনের তিব্বত সীমান্তজুড়ে অবস্থিত এভারেস্ট সাধারণত দুই দিক থেকেই আরোহন করা যায়। তবে এ বছর চীনা কর্তৃপক্ষ কোনো আরোহন অনুমতি না দেয়ায় তিব্বত দিক থেকে অভিযান হয়নি বলে জানিয়েছেন অভিযাত্রা সংশ্লিষ্টরা। ফলে এ মৌসুমে সব আরোহন কার্যক্রমই নেপাল অংশে কেন্দ্রীভূত হয়েছে।

নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারি আজ বৃহস্পতিবার জানান, এর আগে নেপাল দিক থেকে একদিনে সর্বোচ্চ ২২৩ জন এভারেস্ট জয় করেছিলেন ২০১৯ সালের ২২ মে। তবে উভয় দিক মিলিয়ে একদিনে সবচেয়ে বেশি ৩৫৪ জন আরোহীর চূড়ায় ওঠার রেকর্ড হয়েছিল ২০১৯ সালের ২৩ মে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত রয়েছে।

ভান্ডারি বলেন, এটাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক আরোহনের ঘটনা। তবে সংখ্যাটি আরো বাড়তে পারে। কারণ অনেকে চূড়ায় পৌঁছানোর পরও এখনো বেস ক্যাম্পে তথ্য পাঠাননি।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা ২৫০ জনের বেশি আরোহীর শীর্ষে পৌঁছানোর তথ্য পেয়েছেন। তবে চূড়ান্তভাবে বিষয়টি নিশ্চিত করতে আরোহীদের ফিরে এসে ছবি ও প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে হবে। এরপরই তাদের আনুষ্ঠানিক সনদ দেয়া হবে।

এ বছর এভারেস্ট আরোহনের জন্য ৪৯৪টি অনুমতিপত্র দিয়েছে নেপাল সরকার। প্রতিটি পারমিটের মূল্য ১৫ হাজার ডলার। প্রতি বছর এপ্রিল ও মে মাসে এভারেস্টে আরোহনের মূল মৌসুমে শত শত বিদেশী পর্বতারোহী নেপালে ভিড় জমান। পর্যটন খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করায় নেপালের অর্থনীতিতে এভারেস্ট অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে বিপুলসংখ্যক আরোহীকে অনুমতি দেয়ার কারণে নেপাল দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে। পর্বতারোহী বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ভিড়ের কারণে প্রায়ই এভারেস্টের ‘ডেথ জোনে’ দীর্ঘ সারি তৈরি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যন্ত উচ্চতায় অবস্থিত এ অংশে অক্সিজেনের মাত্রা এত কম থাকে যে মানুষের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস মারাত্মক ঝুঁকিতে পড়ে। ফলে যানজটের মতো পরিস্থিতি তৈরি হলে দুর্ঘটনা ও মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

এ পরিস্থিতি মোকাবেলায় নেপাল সরকার সাম্প্রতিক বছরগুলোতে আরো কঠোর নিয়ন্ত্রণ ও উচ্চ ফি আরোপ করেছে। একই সঙ্গে অভিজ্ঞতাহীন আরোহীদের বিষয়ে নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রিয়ার অভিযাত্রা প্রতিষ্ঠান ফুর্টেনবাখ অ্যাডভেঞ্চার্সের আয়োজক লুকাস ফুর্টেনবাখ অবশ্য বলছেন, যথাযথ ব্যবস্থাপনা থাকলে বড় সংখ্যক আরোহী কোনো বড় সমস্যা নয়। বর্তমানে তার প্রতিষ্ঠানের ৪০ জন আরোহী বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন।

তিনি বলেন, যদি দলগুলো পর্যাপ্ত অক্সিজেন বহন করে, তাহলে এটি বড় কোনো সমস্যা নয়। আল্পস পর্বতমালার জুগশপিৎসে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ ওঠেন। সেই তুলনায় এভারেস্টে ২৭৪ জন খুব বড় সংখ্যা নয়, বিশেষ করে এই পর্বতটি অনেক বেশি বিশাল।