ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিটি পছন্দ না হলে কিংবা তেহরান ভালো আচরণ না করলে আবারও তাদের ওপর বোমা হামলা শুরু হতে পারে। গতকাল মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ট্রাম্প বলেন, এটি একটি সমঝোতা স্মারক মাত্র। যদি এটি আমার পছন্দ না হয়, তবে আমরা আবারও তাদের ওপর গুলি চালাব এবং বোমাবর্ষণ শুরু করব। তারা ভালো আচরণ না করলে আমরা সরাসরি তাদের মাথার ঠিক মাঝ বরাবর বোমা ফেলা শুরু করব, ঠিক আছে?
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও স্পষ্ট করেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে হওয়া এ সমঝোতা স্মারকে দেশটির ওপর থেকে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।
তবে নিজের প্রশাসনের মধ্যস্থতায় হওয়া এ চুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, এটি অত্যন্ত শক্তিশালী একটি চুক্তি। চুক্তিটি আসলে কী, তা কেউ জানে না; তবে এটি খুবই শক্তিশালী এবং বেশিরভাগ মানুষই এতে বেশ সন্তুষ্ট বলে মনে হচ্ছে।
এ চুক্তি বৈশ্বিক বাজারের জন্য ইতিবাচক হবে উল্লেখ করে তিনি বলেন, বাজারের চেয়ে বুদ্ধিমান আর কিছু নেই। বাজার এটিকে যেভাবে গ্রহণ করেছে, তেমনটি আমি আগে কখনো দেখিনি। এর বিকল্প কিছু হলে তা বিশ্বব্যাপী মহামন্দা ডেকে আনত।









