নেপাল হয়ে একদিনে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছেন রেকর্ডসংখ্যক ২৭৪ জন পর্বতারোহী। বুধবার চূড়ায় পৌঁছে নতুন ইতিহাস গড়েন তারা। খবর বিবিসি।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, আবহাওয়ার অনুকূলে থাকায় এদিন ভোর ৩টা থেকে আরোহন শুরু হয়। প্রায় ১১ ঘণ্টা ধরে অভিযান চলে।
এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন, যা এতদিন রেকর্ড ছিল।
আরোহনের পথে বিশাল বরফখণ্ড জমে থাকায় এ বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। তার ওপর চীনের তিব্বত অংশের পথ এ বছর বিদেশীদের জন্য বন্ধ থাকায় সব চাপ পড়েছে নেপাল রুটে। এ বছর প্রায় ৫০০ বিদেশী আরোহীকে অনুমতি দেয়া হয়েছে। এটিও একটি রেকর্ড।
এদিকে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুষারঢাকা ঢালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পর্বতারোহীরা। বিশেষ করে ৮ হাজার মিটারের ওপরে থাকা ডেথ জোন-এ ছিল সবচেয়ে বেশি ভিড়।
এ উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে, এ এলাকায় ২০ ঘণ্টার বেশি থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে অনুমতির ফি বাড়লেও এভারেস্টে আরোহনের আগ্রহ কমেনি। গত সেপ্টেম্বর থেকে অনুমতির ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে। অভিযান পরিচালনাকারীরা বলছেন, পর্যাপ্ত অক্সিজেন থাকলে ভিড় বড় কোনো সমস্যা নয়।










